সংকটে বাংলাদেশের অর্থনীতি: জাপান কি পারবে ঢাকাকে উদ্ধার করতে?
ছবি: জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়, ২৭ অক্টোবর ২০২৬
টোকিওর চিওদা ওয়ার্ডে ইয়াসুকুনি শ্রাইনের চত্বরে একটি নাম খোদাই করা আছে। প্রাচীন রাজধানী কিয়োটোর রিয়োজেন কানন মন্দিরেও আরেকটি। নামটি কোনো সমরনায়কের নয়, কোনো কূটনীতিকের নয়। নামটি একজন বাঙালি আইনবিদের। বিচারপতি রাধা বিনোদ পাল।
আটাত্তর বছর ধরে ওই নামটি ওখানেই আছে। জাপানের পাঠ্যপুস্তকে আছে, যাদুঘরে আছে, রাজনৈতিক নেতাদের ভাষণে আছে। অথচ যে মাটির সন্তান হয়ে তিনি একদিন আন্তর্জাতিক আইনের গতিপথ বদলে দিয়েছিলেন, সেই বাংলাদেশ তাঁকে রাষ্ট্র হিসেবে কখনো নিজের বলে দাবি করেনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ কি অবস্থায় দাঁড়িয়ে আছে এখন? ডলারের দাম বাড়ছে। জ্বালানির বিল মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। ব্যাংক খাতের ভেতরটা ফাঁপা। তার ওপর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর নতুন এক দুনিয়ায় ঢুকতে হবে, যেখানে কোনো বাণিজ্য সুবিধা বিনা শর্তে আসে না।
এমন সময়ে টোকিও থেকে আসছে একটি ঋণপ্যাকেজ আর একটি বিনিয়োগের প্রতিশ্রুতি। সংখ্যাগুলো আসবে পরে। আগে প্রশ্নটা দাঁড় করানো দরকার।
প্রশ্নটা এই — যে দেশ এক বাঙালি বিচারকের নাম আটাত্তর বছর ধরে মনে রেখেছে, যে দেশ এত বড় ঋণ দিতে রাজি, যে দেশ এত বিনিয়োগ আনতে চাইছে, তার সঙ্গে সম্পর্কটা কেন এখনো শুধু সেতু আর বিদ্যুৎকেন্দ্রের হিসাবে আটকে আছে।
আর দ্বিতীয় প্রশ্নটা আরও অস্বস্তিকর। এই সহযোগিতার কতটা সত্যিই সহযোগিতা, আর কতটা ঋণদাতার নিজের ব্যবসা। এই লেখায় দুটি হিসাব পাশাপাশি রাখা হবে। একটি সম্মানের — যে মানুষটিকে জাপান ভোলেনি। আরেকটি টাকার — কে দেয়, কত দেয়, কী শর্তে দেয়, আর তার কতটা আবার ফিরে যায়।
যে নামটা জাপান ভোলেনি, বাংলাদেশ মনে রাখেনি
১৮৮৬ সালের ২৭ জানুয়ারি। এখনকার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সলিমপুর গ্রাম। এক দরিদ্র ঘরে জন্ম নিলেন একটি ছেলে। নাম রাখা হলো রাধা বিনোদ পাল।
শৈশবটা সহজ ছিল না। বাবার সামর্থ্য নেই, ছেলেকে স্কুলে ভর্তি করাবেন কী দিয়ে। রাধা বিনোদ তখন গরু চরান। খালি পায়ে মাঠে মাঠে ঘোরেন। কিন্তু পড়ার টানটা ছিল প্রবল। তাই গ্রামের স্কুলের জানালার বাইরে মাটিতে বসে ভেতরের পাঠ শুনতেন। ভেতরে শিক্ষক পড়াচ্ছেন, বাইরে মাটিতে বসে একটি ছেলে মন দিয়ে শুনছে — ছবিটা গল্পের মতো শোনালেও তখন সেটি ছিল বঞ্চনার ছবি।
একদিন স্কুল পরিদর্শনে এলেন একজন পরিদর্শক। শ্রেণিকক্ষে একটি প্রশ্ন করলেন। ভেতরের কোনো ছাত্র উত্তর দিতে পারল না। তখন জানালার বাইরে থেকে একটি গলা শোনা গেল, আমি জানি।
পরিদর্শক থমকে গেলেন। ছেলেটিকে ডেকে পাঠালেন। মেধা দেখে মুগ্ধ হলেন। সেই মুগ্ধতা থেকেই এল একটি বৃত্তি। যে বৃত্তি একটি দরিদ্র রাখাল বালকের জীবনের পুরো গতিপথ বদলে দিল।
পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে পড়াশোনা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে উচ্চশিক্ষা। ১৯২২ সালের ভারতীয় আয়কর আইন প্রণয়নে তিনি ছিলেন অন্যতম প্রধান স্থপতি। সেই আইনের কাঠামো আজও উপমহাদেশের কর ব্যবস্থার ভিত্তি। ১৯৪১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি, ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এখানেই তাঁর জীবন শেষ হলে তিনি একজন ভালো আইনজ্ঞ হিসেবেই ইতিহাসে থাকতেন। কিন্তু ইতিহাস তাঁকে আরও বড় এক দায়িত্বের জন্য বেছে নিয়েছিল।
এক হাজার দুইশ পঁয়ত্রিশ পাতা, আর এক দেশের কৃতজ্ঞতা
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। ইউরোপে নাৎসি নেতাদের বিচারের জন্য বসেছিল নুরেমবার্গ ট্রায়াল। এশিয়ায় জাপানের যুদ্ধকালীন নেতাদের বিচারের জন্য মিত্রশক্তি গঠন করল ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট। ইতিহাসে যেটি টোকিও ট্রায়াল নামে পরিচিত।
১৯৪৬ সালে ব্রিটিশ ভারত সরকার এই ট্রাইব্যুনালে বিচারক হিসেবে ড. রাধা বিনোদ পালকে মনোনীত করল। সভাপতি অস্ট্রেলিয়ার বিচারপতি উইলিয়াম ওয়েব। এগারোটি বিজয়ী দেশের এগারো জন বিচারক আসনে বসলেন। অভিযুক্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোসহ ২৮ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা। অভিযোগের নাম দেওয়া হলো ক্লাস-এ যুদ্ধাপরাধ।
বিচার চলল দুই বছরেরও বেশি। মোট ৮১৬টি অধিবেশন। ৪১৯ জন সাক্ষীর সাক্ষ্য। ট্রান্সক্রিপ্ট মিলে ৪৮,৪১২ পৃষ্ঠা। এত কাগজ, এত সাক্ষী, এত স্মৃতি — এত বড় বিচার পৃথিবীতে আগে হয়নি।
১৯৪৮ সালের নভেম্বরে রায়ের সময় এল। এগারো জন বিচারকের মধ্যে দশ জন প্রসিকিউশনের অভিযোগ মেনে নিলেন। তোজোসহ সাতজনকে মৃত্যুদণ্ড, বাকিদের দীর্ঘ কারাদণ্ড। সেই দশ জনের স্রোতের বিপরীতে দাঁড়ালেন একজন।
বিচারপতি পাল একাই লিখলেন ১,২৩৫ পৃষ্ঠার একটি ভিন্নমতাবলম্বী রায়। এবং তাতে তিনি অভিযুক্ত সবাইকে সব অভিযোগ থেকে নির্দোষ বললেন।
এই জায়গায় একটা ভুল বোঝাবুঝি প্রায়ই তৈরি হয়। বিচারপতি পাল জাপানের সামরিকবাদকে সমর্থন করেননি। জাপানি সেনাবাহিনী কোনো নৃশংসতা ঘটায়নি, এ কথাও তিনি বলেননি। তাঁর বিদ্রোহ ছিল ট্রাইব্যুনালের আইনি ভিত্তি এবং নৈতিক ভণ্ডামির বিরুদ্ধে। তিনটি ভিত্তির ওপর দাঁড়ানো ছিল সেই বিদ্রোহ।
প্রথমত, ঘটনার পরে আইন বানিয়ে অতীতের কাজের বিচার করা। আইনের ভাষায় ভূতাপেক্ষ আইন। যুদ্ধ শুরু হওয়ার সময় আন্তর্জাতিক আইনে একটি সার্বভৌম রাষ্ট্রের যুদ্ধে যাওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে লেখা ছিল না। যুদ্ধ জেতার পরে মিত্রশক্তি নতুন সনদ বানিয়ে শান্তির বিরুদ্ধে অপরাধ ও আগ্রাসী যুদ্ধ নামের ধারণা তৈরি করল, তারপর সেটি পেছনের দিকে প্রয়োগ করল। বিচারপতি পালের প্রশ্ন ছিল সরল — কে দিল এই অধিকার।
দ্বিতীয়ত, উপনিবেশবাদের নৈতিক ভণ্ডামি। টোকিওতে বসে যখন ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের বিচারকরা জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিচার করছিলেন, তখন এশিয়ার বিশাল অংশ সেই একই পশ্চিমা শক্তির উপনিবেশ। শতাব্দীর পর শতাব্দী সহিংসতা, বর্ণবাদ আর বৈষম্যের ওপর দাঁড়ানো সেই শাসন তখনো চলছে। বিচারপতি পাল প্রশ্ন তুললেন — নিজের উপনিবেশ ধরে রেখে অন্যের সাম্রাজ্যবাদ বিচারের নৈতিক অধিকার কোথায়।
তৃতীয়ত, বিজয়ীর প্রতিশোধ বনাম নিরপেক্ষ বিচার। এখানেই তাঁর রায়ের সবচেয়ে সাহসী অংশ। তিনি প্রশ্ন করলেন, হিরোশিমা আর নাগাসাকিতে যেখানে মুহূর্তে লাখো নিরীহ মানুষ পুড়ে মরল, সেই বোমা হামলা কেন এই ট্রাইব্যুনালের আইনি পরীক্ষার বাইরে রইল। পরাজিত শক্তি যদি এমন অস্ত্র ব্যবহার করত, তবে তাকেও কি ছাড় দেওয়া হতো।
তাঁর সতর্কবাণীটি ছিল এই — বিচার যদি বিজয়ী ও পরাজিত দুজনের জন্য সমানভাবে প্রযোজ্য না হয়, তবে সেটি বিচার থাকে না, সেটি হয়ে যায় প্রতিশোধের হাতিয়ার।
এই অবস্থানের জন্য পরবর্তীকালে আন্তর্জাতিক আইনে একটি সম্পূর্ণ ধারা জন্ম নেয়, যার নাম দেওয়া হয় তৃতীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি।
মিত্রশক্তির দখলদারিত্ব চলার সময় জাপানে বিচারপতি পালের রায় প্রকাশ নিষিদ্ধ ছিল। দখলদারিত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই রায় জাপানজুড়ে ছড়িয়ে পড়ে। একটি পরাজিত দেশের কাছে তিনি হয়ে ওঠেন নৈতিক আশ্রয়।
১৯৬৬ সালে জাপান সম্রাট তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন। নাম অর্ডার অব দ্য স্যাক্রেড ট্রেজার, প্রথম শ্রেণি। ১৯৬৭ সালের ১০ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর কিয়োটোর রিয়োজেন কানন মন্দিরে এবং টোকিওর ইয়াসুকুনি শ্রাইনে তাঁর স্মৃতিতে স্তম্ভ ও ভাস্কর্য স্থাপিত হয়।
জাপানের যুদ্ধ-পরবর্তী নেতৃত্বে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি, তাঁর দৌহিত্র শিনজো আবে — দুজনেই পালকে সম্মানের আসনে বসিয়েছেন।
২০০৭ সালের আগস্ট। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতের পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন। ভাষণের নাম দুই সাগরের মিলন। তিনি সেখানে বিচারপতি পালের নাম উচ্চারণ করলেন এবং বললেন, টোকিও ট্রাইব্যুনালে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তার জন্য আজও অসংখ্য জাপানি তাঁকে শ্রদ্ধা করেন।
শুধু ভাষণ নয়। ব্যস্ত সফরের সূচি থেকে সময় বের করে আবে কলকাতায় গেলেন। দেখা করলেন বিচারপতি পালের অশীতিপর পুত্রের সঙ্গে।
এদিকে দেশভাগের পর বিচারপতি পাল কলকাতাতেই থেকে গেলেন। ১৯৫৯ সালে ভারত তাঁকে পদ্মবিভূষণ দিল।
এখানেই ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর অংশটি লুকিয়ে আছে। জন্ম, শৈশব, বেড়ে ওঠা — সব এই বাংলার মাটিতে। কুষ্টিয়ার সলিমপুর থেকে সেই জানালার বাইরে বসে পড়া শেখা ছেলেটি। অথচ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাঁকে কখনো নিজের বলে ঘোষণা করেনি।
ভারত আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে এককভাবে ভারতীয় বিচারপতি হিসেবে উপস্থাপন করেছে। জাপানের সঙ্গে সম্পর্কে সেই উপস্থাপনাই এক মনস্তাত্ত্বিক বন্ধন তৈরি করেছে, আর তার সুফল পুরোটাই গেছে নয়াদিল্লির ঝুলিতে।
বিশ্লেষকদের একটি অংশ এটিকে শুধু বিস্মৃতি বলেন না। বলেন কৌশলগত অদূরদর্শিতা। কারণটা বোঝা সহজ। জাপান বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। কিন্তু সম্পর্কটা মূলত লেনদেনের। বন্দর, সেতু, বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, টার্মিনাল। হিসাব মিললে কাজ হয়, হিসাব না মিললে থেমে যায়। সম্পর্কের ভেতরে একটি আবেগের স্তর তৈরি হয়নি, যা রাষ্ট্রের বাইরে গিয়ে মানুষের মনে পৌঁছায়।
কুষ্টিয়ার সলিমপুরে পৈতৃক ভিটা সংস্কার করে জাপানের সহযোগিতায় একটি স্মৃতি কমপ্লেক্স ও গবেষণা গ্রন্থাগার গড়া যায়। সেখানে সেই ঐতিহাসিক রায় প্রথমবারের মতো বাংলায় অনুবাদ করে রাখা যায়। টোকিওর স্মৃতিস্তম্ভের একটি ব্রোঞ্জ প্রতিকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বসানো যায়। জাপানের সহায়তায় সেখানে একটি আন্তর্জাতিক আইন চেয়ার প্রতিষ্ঠা করা যায়। প্রতি বছর পাঁচজন আইন শিক্ষার্থীকে জাপানে পড়ার সুযোগ দেওয়া যায়।
সবচেয়ে বড় কাজটি রাষ্ট্রীয় স্বীকৃতি। মৃত্যুর পরেও যদি বাংলাদেশ তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেয়, তবে সেই ঘোষণাটি জাপানের রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের মনে যে প্রতিক্রিয়া তৈরি করবে, তা কোনো ঋণচুক্তি তৈরি করতে পারে না।
বিচারপতি পাল আন্তর্জাতিক আইনের বাছাইকৃত প্রয়োগের বিরোধিতা করেছিলেন। আজ আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচারের প্রশ্নে বাংলাদেশের অবস্থানও একই নৈতিক ভিত্তির ওপর দাঁড়ানো। টোকিওতে এই দার্শনিক যোগসূত্রটি তুলে ধরলে বাংলাদেশ শুধু সাহায্যগ্রহীতা থাকে না, বৈশ্বিক ন্যায়বিচারের একটি নৈতিক অংশীদার হয়ে ওঠে।
গল্পটা আরেকটু পেছনে গেলে একটি প্রশ্নের উত্তর মেলে। জাপান কেন বারবার বাংলাদেশের পাশে দাঁড়ায়।
এই প্রশ্নের সঙ্গে একটি জনপ্রিয় ধারণা জড়িয়ে আছে। অনেকে বলেন, জাপানের সংবিধানেই নাকি লেখা আছে বাংলাদেশকে সহায়তা করতে হবে। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু সত্যি নয়।
জাপানের বর্তমান সংবিধান কার্যকর হয় ১৯৪৭ সালের ৩ মে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম তার প্রায় চব্বিশ বছর পরে। কাজেই সেই সংবিধানে বাংলাদেশ নামে কোনো দেশের উল্লেখ থাকার প্রশ্নই ওঠে না।
তবে এই জনশ্রুতির পেছনে একটি সত্যি জিনিস আছে। সংবিধানের প্রস্তাবনায় জাপানি জাতি একটি প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে লেখা আছে, পৃথিবীর সব মানুষের ভয় ও অভাব থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাসের অধিকার আছে। আর সংবিধানের নবম অনুচ্ছেদে জাপান চিরতরে যুদ্ধ এবং আন্তর্জাতিক বিরোধ মেটাতে সামরিক শক্তির হুমকি বা প্রয়োগ বর্জনের কথা বলে।
এই দুটি বাক্য জাপানের রাষ্ট্রনীতির গায়ে একটা দিক নির্দেশ করে দিয়েছে। দেশটি সামরিক ব্যয়ে নয়, অর্থনৈতিক শক্তিতে বড় হবে। সেই পথের নাম দেওয়া হয়েছে ইউশিদা নীতি। নিরাপত্তার ভার আমেরিকার ওপর রেখে জাপান তার সব শক্তি ঢেলেছে অর্থনৈতিক পুনর্গঠনে।
যখন জাপান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেল, তখন এই নৈতিক প্রতিশ্রুতির জায়গা থেকে জন্ম নিল এক নতুন রাষ্ট্রনীতি। নাম ওডিএ, মানে সরকারি উন্নয়ন সহায়তা। যুদ্ধ নয়, অর্থনৈতিক শক্তি দিয়ে বিশ্বে প্রভাব তৈরির হাতিয়ার।
এই হাতিয়ারই ১৯৭১ সালে বাংলাদেশের দিকে এগিয়ে আসে।
মুক্তিযুদ্ধ চলছে। সীমান্তের ওপারে শরণার্থী শিবিরে লাখে লাখে মানুষ। তখন জাপানের স্কুলে স্কুলে শুরু হলো এক কর্মসূচি, যার নাম দেওয়া হয় এক বেলা খাবার বাদ দেওয়ার অভিযান। জাপানি শিশুরা নিজেদের দুপুরের টিফিনের পয়সা জমিয়ে পাঠিয়েছে সেই শিবিরে। শিল্পীরা খোলা মাঠে কনসার্ট করে তহবিল তুলেছেন। জাপানের পার্লামেন্টের প্রভাবশালী সদস্য তাকাশি হায়াকাওয়া আর টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক সুয়োশি নারা জাপান ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গড়েছেন।
এই সমর্থনের পাশে একটি হিসাবও ছিল, যা সে সময়ের নীতি-নথিতে স্পষ্ট। যুদ্ধবিধ্বস্ত এশিয়ায় স্থিতিশীলতা ও ক্রয়ক্ষম বাজার জাপানের নিজের রপ্তানি ও শিল্পের জন্য দরকার — এই যুক্তি তখনকার জাপানি পরিকল্পনায় বারবার ফিরে আসে। মানবিক সমর্থন আর বাণিজ্যিক হিসাব একসঙ্গে চলেছে, একটির জন্য অন্যটি থামেনি।
মুক্তিযুদ্ধের বিজয়ের দেড় মাস পর, ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি, জাপান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সেই বছরই ৩ মিলিয়ন ডলারের জরুরি অনুদান এল যুদ্ধবিধ্বস্ত দেশের হাতে।
১৯৭৩ সালের মার্চে ঢাকায় জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ার্সের কার্যালয় খুলল। শুরুতে স্বেচ্ছাসেবক মাত্র তিনজন। ১৯৭৪ সালে এল জাপানের নিজস্ব মুদ্রার প্রথম ইয়েন ঋণ। সেই তিনজন স্বেচ্ছাসেবক থেকে শুরু হওয়া পথ আজ পঞ্চাশ বছরের বেশি লম্বা।
এই পথটাকে চারটি ধাপে ভাগ করা যায়।
প্রথম ধাপ শুরু স্বীকৃতির বছর থেকেই, চলল ১৯৮৫ পর্যন্ত। যুদ্ধবিধ্বস্ত দেশের ত্রাণ, পুনর্বাসন। প্রথম তিন বছর ত্রাণ সহায়তা, এরপর খাদ্য ও পণ্য সহায়তা। ওই সময়ে জাপান ১,৬৮০.৩০ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেয়, ছাড় হয় ১,৩৬১.৯০ মিলিয়ন। এর মধ্যে ৫৬.৪৬ শতাংশ ছিল পণ্য সহায়তা, ২৫.০১ শতাংশ প্রকল্প সহায়তা, ১৮.৫৩ শতাংশ খাদ্য সহায়তা।
দ্বিতীয় ও তৃতীয় ধাপ ১৯৮৬ থেকে ২০০৬। এবার মনোযোগ গ্রামীণ ও শহুরে অবকাঠামোয়। সেতু, সেচ, কৃষি। ৪৮৯ জন জাপানি বিশেষজ্ঞের কারিগরি সহায়তায় দেশে ধানের উৎপাদন প্রায় দ্বিগুণ হলো। পোলিও নির্মূল আর ফাইলেরিয়া প্রতিরোধে কাজ হলো। ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের অধীনে ৩৯ হাজার কমিউনিটি সাপোর্ট গ্রুপকে প্রশিক্ষণ দেওয়া হলো।
ওই ধাপ শেষে বাংলাদেশ জাপানের কাছ থেকে পেয়েছে মোট ৬,৭৩৬.০৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ৩,২৩৩.৩৮ মিলিয়ন ছিল সম্পূর্ণ ফেরতযোগ্য নয়, মানে অনুদান। বাকি ৩,৫০২.৬৭ মিলিয়ন ছিল নমনীয় ঋণ।
এই ধাপের সবচেয়ে বড় সিদ্ধান্তটি আসে ২০০৩ সালের এপ্রিলে। জাপান ঘোষণা দিল, ১৯৮৭ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের নেওয়া ১৫৮.০৯ বিলিয়ন ইয়েন ঋণ, মানে প্রায় ১.৫ বিলিয়ন ডলার, তারা সম্পূর্ণ মাফ করে দিচ্ছে।ভাবুন এই সিদ্ধান্তের ওজন। ঋণদাতা দেশ নিজে থেকে ঋণ মাফ করে দেওয়ার উদাহরণ খুব কম। বাংলাদেশের ক্ষেত্রে সেটি ঘটেছিল। এই একটি সিদ্ধান্তই জাপানের সহযোগিতাকে শুধু হিসাবের খাতায় ফেলে দেওয়া কঠিন করে তোলে।
চতুর্থ ধাপ শুরু হয় এরপর থেকে, যা চলছে এখন পর্যন্ত। দেশের সক্ষমতা বেড়েছে, তাই অনুদান কমে এসেছেে। এই সময়ে সহায়তার ধরনও বদলেছে। জাপানের বৈদেশিক সহায়তা কঠোরভাবে অসামরিক থাকলেও ২০২৩ সালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক টানের মুখে টোকিওর জাতীয় নিরাপত্তা কৌশল বদলেছে। সেই বদলের ফল বাংলাদেশের হাতেও পৌঁছেছে, যার বিস্তারিত পরে বর্ণনা করা হবে।
জাপানের এই টাকায় কী তৈরি হলো, সেটা গুনলে বোঝা যায় আকারটা। যমুনা বহুমুখী সেতু। পাকশী, রূপসা, গোমতী, করুণা — মোট ১৩৪টি সেতু। সোনারগাঁও হোটেল। চট্টগ্রামের সার কারখানা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ২৪ শতাংশ, মানে ২,৩৭০ মেগাওয়াট, আর ২৫ হাজার কিলোমিটার বিতরণ লাইন। সাম্প্রতিক বছরগুলোয় ঢাকার মেট্রোরেলের তিনটি লাইন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যমুনা রেলসেতু, চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন প্রকল্প, আর মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
এই তালিকা দেখলে একটা কথা স্পষ্ট হয়। জাপানের সহায়তা কাগজে থাকা প্রতিশ্রুতি নয়, মাটিতে দাঁড়ানো ইট-পাথর, দৃশ্যমান অবকাঠামো। কিন্তু তালিকাটা আরেকটি প্রশ্নও তোলে, যা সাধারণত তোলা হয় না। এই ইট-পাথরের টাকা কোথায় খরচ হয়, ঠিকাদারি কে পায়, আর সুদ গুনে শোধ করে কে। সেটা দেখতে হলে আগে দেখতে হবে টোকিওর টেবিলে এবার কী রাখা হয়েছে।
টোকিওর টেবিলে যা আছে
এবার সফরের হিসাবটা খোলা যাক। প্রথম দিন, ২৬ অক্টোবর। টোকিওতে পৌঁছেই জাপান-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক — জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্টের সঙ্গে, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যানের সঙ্গে, আর জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে। সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যানের দেওয়া নৈশভোজ।
দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক, তারপর আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ। এখানেই ৫ থেকে ৮টি সমঝোতা স্মারক ও সহযোগিতা স্মারক স্বাক্ষরের কথা, আর সম্পর্ককে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করার ঘোষণাপত্রের সঙ্গে যৌথ বিবৃতি। একই দিনে চিবা প্রিফেকচারের ফুত্তসু শহরে জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরার এলএনজি টার্মিনাল ও পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন, ইচিকাওয়া শহরে নিপ্পন এক্সপ্রেসের লজিস্টিকস হাব পরিদর্শন।
তৃতীয় দিন, ২৮ অক্টোবর। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের গভর্নরের সঙ্গে বৈঠক। এরপর আরিয়াকে ইউনিক্লোর কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা। জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, মিৎসুই, সুমিতোমো ও জেরার করপোরেট নির্বাহীদের সঙ্গে মতবিনিময়, আর জেট্রো আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ।
চতুর্থ দিন, ২৯ অক্টোবর। ঢাকায় ফেরার আগে টয়োটার একটি গাড়ি উৎপাদন কারখানা পরিদর্শন।
সূচিটা দেখলেই বোঝা যায়, এটি সৌজন্যমূলক সফর নয়। এটি একটি বিক্রয় সফর। এক দিকে সরকারি ঋণ চাওয়া, অন্য দিকে বেসরকারি বিনিয়োগের জন্য দরজা খোলা।
প্রথম সংখ্যা, ২ বিলিয়ন ডলারের প্যাকেজ। এর বড় অংশ জ্বালানি, লজিস্টিকস আর গভীর সমুদ্রবন্দর খাতের প্রকল্পে। ভেতরে ৩০০ মিলিয়ন ডলার সরাসরি বাজেট সহায়তা। অবকাঠামো প্রকল্পের টাকা কিস্তিতে আসে, কাজের অগ্রগতির ভিত্তিতে। তাই সেই টাকা তাৎক্ষণিকভাবে রিজার্ভে যোগ হয় না। কিন্তু বাজেট সহায়তার চুক্তি স্বাক্ষরের পর এককালীন বৈদেশিক মুদ্রা হিসেবে সেটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ঢোকে।
এই টাকার ব্যবহার কী। সরকারের জ্বালানি ও সার আমদানির বকেয়া দায় শোধ, আর বিনিময় হারের অস্থিরতা কমানো। ছোট মনে হতে পারে, কিন্তু রিজার্ভের ওপর চাপের সময় এই ধরনের এককালীন প্রবাহই সবচেয়ে বড় স্বস্তি দেয়।
পাশে আরেকটি হিসাব আছে। চলতি অর্থবছরের জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে ৩ বিলিয়ন ডলার বাজেট ও প্রকল্প সহায়তা প্রত্যাশা করা হচ্ছে, তার মধ্যে বিশ্বব্যাংক ১.২ বিলিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক ১ বিলিয়ন, আর জাইকা ৫০০ মিলিয়ন ডলার দেবে। বাকি ১.৭ বিলিয়ন যাবে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে, জ্বালানি খাতের অবকাঠামোয়, বেসামরিক বিমান পরিবহনে, কৃষিতে আর উপজেলা পর্যায়ের প্রকল্পে।
দ্বিতীয় সংখ্যা, ১ ট্রিলিয়ন ইয়েন, মানে প্রায় ৬.৩৬ বিলিয়ন ডলার, টাকার হিসাবে ৭৭৪.৭ বিলিয়ন। টোকিওর চায়না প্লাস ওয়ান নীতির আওতায় জাপানি কোম্পানিগুলো চীনের বাইরে উৎপাদন ঘাঁটি খুঁজছে। জেট্রোর বাংলাদেশ প্রধানের ভাষায়, এই বিনিয়োগের বড় অংশ যেতে পারে স্থানীয়ভাবে গাড়ি সংযোজন আর খুচরা যন্ত্রাংশ তৈরিতে। তাই টয়োটা কারখানা পরিদর্শনটি শুধু সৌজন্য নয়।
সঙ্গে আছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে ওঠা জাপানি অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী এলাকায় জেরার এলএনজি ও জ্বালানি খাতের অবকাঠামো, নিপ্পন এক্সপ্রেসের আঞ্চলিক লজিস্টিকস হাব।
এর পাশে তৃতীয় একটি জিনিস আছে, যা সংখ্যায় কম দেখালেও অর্থনীতির জন্য সবচেয়ে জরুরি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। সংক্ষেপে ইপিএ। এই চুক্তির দ্রুত বাস্তবায়ন এই সফরের অন্যতম বড় এজেন্ডা।
২০১৫-১৬ অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি প্রথমবার ১ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০২১-২২ অর্থবছরে তা ২.৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের বাণিজ্য ৩.৩২ থেকে ৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যেখানে বাংলাদেশের রপ্তানি প্রায় ১.৪ থেকে ১.৯ বিলিয়ন ডলার, মূলত তৈরি পোশাক।
এই বাজারে বাংলাদেশের অবস্থান ছোট নয়। এশিয়ায় জাপান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, আর বিশ্বে নবম। কিন্তু বিপদটা আসছে সামনে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে জাপানের বাজারে পোশাকের শুল্কমুক্ত সুবিধা স্বয়ংক্রিয়ভাবে থাকে না। সেই সুবিধা ধরে রাখার একমাত্র কাঠামো হলো এই ইপিএ।
আরেকটি ক্ষেত্র আছে, যেখানে বাংলাদেশ প্রায় শূন্য থেকে শুরু করছে। শ্রমবাজার। বিএমইটির হিসাবে গত পাঁচ দশকে বাংলাদেশ থেকে ১ কোটি ৩০ লাখের বেশি কর্মী কাজের সন্ধানে বিদেশে গেছেন। সেই বিশাল সংখ্যার মধ্যে জাপানে গেছেন মাত্র ০.০২ শতাংশ।
অথচ জাপানের অবস্থাটা উল্টো। বয়স্ক জনসংখ্যার দেশটিতে তীব্র শ্রমিক সংকট চলছে। ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপান নতুন কাঠামোয় বিদেশি কর্মী নিয়োগ শুরু করবে। এই সফরে জেট্রো ফোরামে শিক্ষা ও মানবসম্পদ নিয়ে যে সমঝোতা হবে, তার মাধ্যমে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতার পথ তৈরি হলে বাংলাদেশের তরুণদের সামনে এক নতুন দরজা খুলবে।
এখানেই একটা তুলনা দরকার। বাংলাদেশ অনেক ঋণ নেয় — চীন থেকে, ভারত থেকে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক থেকে, জাপান থেকে। কিন্তু সব ঋণ সমান নয়। শর্তগুলো একবার পাশাপাশি রাখলে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। জাপানের ঋণে সুদের হার ০.০১ থেকে ১.৫ শতাংশের নিচে ছিল। গ্রেস পিরিয়ড ১০ বছর, পরিশোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর। বেশিরভাগ সাধারণ প্রকল্পে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র হয়, কেবল বিশেষ প্রযুক্তির ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠান লাগে।
চীনের ঋণে সুদ ২ থেকে ৪ শতাংশ বা তার বেশি, অনেক সময় আন্তর্জাতিক বাজার-সুদের সঙ্গে যুক্ত। গ্রেস ৫ থেকে ৭ বছর, মেয়াদ ১৫ থেকে ২০ বছর। আর চীনা ঠিকাদার ও উপকরণ ব্যবহার বাধ্যতামূলক।
ভারতের ঋণে সুদ ১ থেকে ২ শতাংশ, গ্রেস ৫ বছর, মেয়াদ ২০ বছর। শর্ত হলো ৬৫ থেকে ৭৫ শতাংশ পণ্য ও সেবা ভারত থেকে নিতে হবে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে সুদ ১.২৫ থেকে ৩.৫ শতাংশ, গ্রেস ৫ থেকে ১০ বছর, মেয়াদ ২৫ থেকে ৩৮ বছর। তবে তাদের নীতি সংস্কার ও পরিবেশগত শর্ত কঠোর।
এই তুলনায় জাপানের ঋণই বাংলাদেশের জন্য সবচেয়ে নরম। মেয়াদ এত দীর্ঘ যে প্রকল্পটি একবার আয় দিতে শুরু করলে তারপর কিস্তি শোধ করতে হয়। বড় ঋণ নেওয়ার সময় এই মেয়াদই সবচেয়ে বড় সুরক্ষা। তবে এই তুলনা দিয়ে একটা ভুল করা যাবে না। নরম ঋণও ঋণ। প্রতিটি কিস্তি ফেরত দিতে হয়। আর এই জায়গা থেকেই পরের হিসাবটা শুরু।
কতটা সহযোগিতা, কতটা নিজের স্বার্থ
প্রথম প্রশ্নটা সরল। জাপান বাংলাদেশকে যা দেয়, তার কতটা দান আর কতটা ঋণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসাবে প্রথম ইয়েন ঋণ থেকে ২০২০ সালের মধ্যে জাপান বাংলাদেশকে দিয়েছে ২,৩৯৫.২৮ বিলিয়ন ইয়েন ঋণ, ১৩৯.০৮ বিলিয়ন ইয়েন অনুদান আর ৯৬.০৫ বিলিয়ন ইয়েন কারিগরি সহায়তা। অর্থাৎ ঋণের অঙ্ক অনুদানের প্রায় সতেরো গুণ। ২০২৬ সাল নাগাদ পুঞ্জীভূত প্রতিশ্রুতি ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, আর তার প্রায় পুরোটাই ফেরতযোগ্য।
এতেই বোঝা যায়, এই সম্পর্কের ভিত্তি দান নয়, ঋণ। আর ঋণদাতার একটি সুবিধা থাকে, যা ঋণগ্রহিতার থাকে না — সুদ। দ্বিতীয় প্রশ্ন, সুদের হার কত। উত্তরটা গত কয়েক বছরে বদলে গেছে। ২০২২ সালে জাপানি ঋণের সুদ ১ শতাংশের নিচে ছিল। ২০২৫-২৬ অর্থবছরে ধারাবাহিকভাবে হার বেড়েছে — প্রথম ঋণে ১.৭, তারপর ১.৮৫, তারপর ১.৯৫, আর জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইনের ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তিতে ২ শতাংশ। বাংলাদেশ জাপানের কাছ থেকে আগে কখনো এই হারের সুদে ঋন নেয়নি। পরামর্শক ঋণের হারও বেড়ে ০.৬৫ শতাংশে ঠেকেছে।
জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদের ব্যাখ্যা হলো, সুদের হার প্রতি ছয় মাসে বিশ্ববাজারের ঋণব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হয়।
তৃতীয় প্রশ্ন, ঋণের টাকা কোথায় খরচ হয়।
জাইকার প্রকল্প ঋণ কাগজেকলমে উন্মুক্ত দরপত্রভিত্তিক। ঢাকার মেট্রোরেলের পঞ্চম কিস্তির চুক্তিতে সুদ ০.৭০ শতাংশ, মেয়াদ তিন দশক, আর দীর্ঘ গ্রেস পিরিয়ড; দরপত্রের ধরন লেখা আছে উন্মুক্ত। কিন্তু অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসাব বলছে, জাপানি অর্থায়নে চলা প্রকল্পে সাধারণত জাপানি পরামর্শক নিয়োগ বাধ্যতামূলক। আর জাপানের বিশেষ প্রযুক্তি সহায়তা কাঠামোর আওতায় ঋণ নিলে মূল ঠিকাদারকে জাপানি প্রতিষ্ঠান হতে হয়, আর চুক্তির কমপক্ষে ৩০ শতাংশ পণ্য বা সেবা জাপান থেকে আসতে হয়।
এর অর্থ পরিষ্কার। ঋণের টাকা বাংলাদেশে ঢোকে, কিন্তু তার একটি বড় অংশ ফিরে যায় জাপানি পরামর্শক, জাপানি ঠিকাদার, জাপানি যন্ত্রপাতি আর জাপানি রেলকোচের মূল্যে। যেটা থেকে যায়, সেটি অবকাঠামো, আর যেটা ফিরে যায়, সেটি জাপানের ব্যবসা।
এর অর্থ পরিষ্কার। ঋণের টাকা বাংলাদেশে ঢোকে, কিন্তু তার একটি বড় অংশ ফিরে যায় জাপানি পরামর্শক, জাপানি ঠিকাদার, জাপানি যন্ত্রপাতি আর জাপানি রেলকোচের মূল্যে। যেটা থেকে যায়, সেটি অবকাঠামো, আর যেটা ফিরে যায়, সেটি জাপানের ব্যবসা।
এর অর্থ পরিষ্কার। ঋণের টাকা বাংলাদেশে ঢোকে, কিন্তু তার একটি বড় অংশ ফিরে যায় জাপানি পরামর্শক, জাপানি ঠিকাদার, জাপানি যন্ত্রপাতি আর জাপানি রেলকোচের মূল্যে। যেটা থেকে যায়, সেটি অবকাঠামো, আর যেটা ফিরে যায়, সেটি জাপানের ব্যবসা।
চতুর্থ প্রশ্ন, এই অবকাঠামোর দাম কত। এখানে একটি সংখ্যা দেখা দরকার, যা কোনো চুক্তিপত্রে থাকে না।
অক্টোবরে দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি সম্পাদকীয়তে নতুন দুই মেট্রোরেল প্রকল্পের হিসাব দিয়েছে। ২০১৯ সালে চুক্তির সময় দুটি লাইনের ব্যয় ধরা হয়েছিল ৯৩৭.৯৯ বিলিয়ন টাকা, যা এখন ২ ট্রিলিয়ন টাকা ছাড়িয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, কিলোমিটারপ্রতি ব্যয়ের হিসেবে ঢাকার মেট্রোরেল ভারতের দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই বা পাটনার চেয়ে পাঁচ গুণ বেশি — বাংলাদেশে কিলোমিটারপ্রতি ২২৬.৭৪ থেকে ২৫৩.৬৩ মিলিয়ন ডলার, ভারতে ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। সম্পাদকীয়তে এর একটি কারণ হিসেবে জাপানি অর্থায়নের শর্ত, মানে সীমিত দরপত্রের সুযোগকেই চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সুদের হার ০.৯ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৫ শতাংশ করা হয়েছে।
এই হিসাব সম্পাদকীয়ের, সরকারি নয়। সেটি বিতর্কিতও হতে পারে। কিন্তু প্রশ্নটা বৈধ, আর সেটি এই — ঋণ যদি সস্তা হয়, অথচ নির্মাণব্যয় কয়েকগুণ বেশি হয়, তাহলে লাভটা কার।
পঞ্চম প্রশ্ন, বাণিজ্যের পাল্লা কোন দিকে ঝুঁকে। ২০২৬ সালের জুলাই মাসে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ২০.৪ বিলিয়ন ইয়েন, আর জাপান থেকে আমদানি ৪১.৬ বিলিয়ন ইয়েন। অর্থাৎ জাপান বাংলাদেশের কাছে প্রায় দ্বিগুণ পণ্য বিক্রি করে। বিক্রিটা কী — যন্ত্রপাতি, গাড়ি, ইস্পাত, রাসায়নিক, রেলের যন্ত্রাংশ। অর্থাৎ ঋণ দিয়ে জাপান নিজের পণ্যের বাজারও তৈরি করে নিচ্ছে। এটি ষড়যন্ত্র নয়, রপ্তানি-ঋণের পুরোনো কৌশল; বহু দাতা দেশ এটিই করে। কিন্তু গ্রহীতা-দেশের হিসাবের খাতায় এটি একটি খরচ, যা কেউ দান হিসেবে গোনে না।
ষষ্ঠ প্রশ্ন, বেসরকারি বিনিয়োগের প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে জাপানি বিনিয়োগের মোট জমা (স্টক) ছিল ৪৯.৮ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে জাপান থেকে এসেছে ৪.৭৮ কোটি ডলার। ২০০১ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মোট জাপানি বিনিয়োগ ৫০.৭১ কোটি ডলার, যা দেশে আসা সব বিদেশি বিনিয়োগের ২.৭ শতাংশ।
এই সংখ্যাটা মনে রাখতে হবে। কারণ টোকিওতে ঘোষিত পাঁচ বছরের প্রতিশ্রুতিটি জাপানের এতদিনের সমগ্র বিনিয়োগের কয়েকগুণ বড়। এত বড় অঙ্কের বিনিয়োগ সরকারি ঘোষণায় আসে না, আসে কোম্পানির বোর্ডের সিদ্ধান্তে। প্রধানমন্ত্রীর সফর দরজা খুলে দিতে পারে, কিন্তু কারখানা দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় টয়োটা, ইউনিক্লো কিংবা জেরার বোর্ড। সেটি না হলে পাঁচ বছর পরে ঘোষণাটি একটি সংখ্যা হয়েই থাকবে।
সপ্তম প্রশ্ন, এই ঋণের বোঝা কে বইবে।
বৈদেশিক ঋণ ও অনুদান প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বকেয়া বহিঃঋণ ছিল ৭৭.২৮ বিলিয়ন ডলার। তার ১৮ শতাংশ জাপানের, মানে প্রায় ১৪ বিলিয়ন ডলার। জাপানই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা। আর ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ মিলিয়ে শোধ করতে হয়েছে ৪ বিলিয়ন ডলারের বেশি, যা দেশের ইতিহাসে প্রথম।
এই টাকা বাজেট থেকেই যায়। প্রতিটি নতুন ঋণ শোধের একটি লাইন যোগ করে, আর সেই লাইন কয়েক দশক ধরে বাজেটের সঙ্গে থাকে। সরকার বদলায়, লাইনটা বদলায় না।
অষ্টম প্রশ্ন, টোকিও কেন এত দিচ্ছে।
উত্তরটা আর লুকোনো নয়। ২০২৩ সালে সংশোধিত জাপানের উন্নয়ন সহযোগিতা সনদে স্পষ্ট লেখা আছে, ওডিএ হবে জাপানের জাতীয় স্বার্থ, নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কূটনীতির হাতিয়ার। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নে সহায়তা ব্যবহারের কথাও সেখানে আছে। জাপানের সহায়তা এখন নিরাপত্তা নীতির সঙ্গে যুক্ত।
এটিকে অন্যায় বলা যায় না। কোনো দেশই তার নিজের করদাতার টাকায় অন্যের স্বার্থ বাস্তবায়নে বাধ্য নয়। জাপানের নাগরিক তথা করদাতারাও জানতে চান, তাঁর টাকা কোথায় কাজে লাগছে। সমস্যা তখন তৈরি হয়, যখন গ্রহীতার দেশটি ভাবে সে করুণা পাচ্ছে, আর দাতার দেশ জানে সে বিনিয়োগ করছে।
নবম প্রশ্ন, ইপিএ-তে দুই পক্ষের চাওয়া কি এক।
না। জাপান নিজের কৃষি বাজারে কঠোর সুরক্ষা রাখে, চালের আমদানিতে শুল্ক ৭৭৮ শতাংশ পর্যন্ত। বাণিজ্য চুক্তিতে তারা চায় শিল্পপণ্যে, বিশেষ করে গাড়ি ও যন্ত্রপাতিতে শুল্ক কমানো। বাংলাদেশ চায় তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশ, আর নিজের শিল্প রক্ষা। দুই পক্ষের স্বার্থ দুই ধরনের। চুক্তির চূড়ান্ত ভার নির্ভর করবে দর-কষাকষিতে, আর সেখানে যে পক্ষ বেশি প্রস্তুত, সে বেশি পায়।
আবার এসব বলে জাপানকে প্রতারক বলার সুযোগ নেই। বাংলাদেশকে ঋণ মাফ করার ঘটনা সত্য, দীর্ঘ মেয়াদ সত্য, মেট্রোরেল আর মাতারবাড়ী সত্য। কিন্তু সত্য এটাও — এই সহযোগিতা করুণা নয়, লেনদেন। ঋণদাতা, ঠিকাদার আর রপ্তানিকারক হিসেবে জাপান প্রতিটি প্রকল্পে কিছু পায়।
আর সবচেয়ে বড় সত্যটি হলো, বাংলাদেশের ক্ষতিটা জাপানের শর্তে নয়, নিজের অক্ষমতায়। কাস্টমসে যে সময় নষ্ট হয়, গ্যাসের যে অনিশ্চয়তা, কর প্রশাসনের যে খামখেয়াল — সেগুলো কোনো চুক্তিতে জাপান চাপায়নি। সেগুলো আমাদের নিজেদের ব্যর্থতা।
এত টাকা জাপান কেন দিতে চায়। উত্তরটা অর্থনীতির বইয়ে নেই, মানচিত্রে আছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়নে বাংলাদেশের অবস্থানটি আলাদা। দেশটি চীন, ভারত আর আসিয়ানের সংযোগস্থলে। জাপানের মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশন বাস্তবায়নে এই অবস্থানকে তারা গুরুত্বপূর্ণ মনে করে।
২০১৪ সালে জাপান বাংলাদেশে শুরু করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট নামের একটি পরিকল্পনা। সংক্ষেপে বিগ-বি। লক্ষ্য একটাই — ঢাকা, চট্টগ্রাম আর কক্সবাজারের অর্থনৈতিক করিডোরকে শিল্প ও লজিস্টিকস হাবে বদলে দেওয়া। এই পরিকল্পনার কেন্দ্রে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উদ্যোগ এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
২০২৩ সালে টোকিও এই পরিকল্পনায় একটি নতুন মোড় যোগ করে। তারা প্রস্তাব দেয়, বিগ-বি-কে শুধু বাংলাদেশের সীমানায় আটকে না রেখে বঙ্গোপসাগর-উত্তর-পূর্ব ভারত শিল্প মূল্য শৃঙ্খল (ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন) নামে সম্প্রসারণ করা হোক। সহজ কথায়, মাতারবাড়ী বন্দর দিয়ে বাংলাদেশের কারখানা আর ভারতের স্থলবেষ্টিত সাতটি উত্তর-পূর্ব রাজ্যকে বিশ্ববাজারের সঙ্গে জুড়ে দেওয়া।
এখানেই রাজনীতি ঢুকে পড়ে।
এই সফরের আগে কূটনৈতিক অঙ্গনে একটি সংবেদনশীল বিষয় উঠে এসেছে। জাপান নাকি শীর্ষ বৈঠকে তার ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বিগ-বি উদ্যোগে ভারতকে আবার যুক্ত করার অনুরোধ করবে ঢাকাকে।
কেন এই অনুরোধ। কারণ টোকিও ও নয়াদিল্লির যৌথ হিসাব এক। বঙ্গোপসাগরে চীনের রেশমপথ প্রকল্পের প্রভাব ঠেকানো, আর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সমুদ্রপথের সংযোগ তৈরি করা। এই হিসাবে বাংলাদেশের লাভটা গৌণ, বাংলাদেশের ভূগোলটা মুখ্য।
কিন্তু ঢাকা এখানে খুব স্পষ্ট একটি অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষায়, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের মূল উদ্দেশ্য প্রথমে বাংলাদেশের নিজের ক্রমবর্ধমান আমদানি ও রপ্তানির সক্ষমতা মেটানো। নিজের চাহিদা মিটিয়ে যদি বন্দরের অতিরিক্ত সক্ষমতা থাকে, তবেই আঞ্চলিক ট্রানজিট বা অন্য দেশের ব্যবহারের কথা ভাবা হবে।
এই অবস্থানটি বুদ্ধিমানের, কারণ এতে বাংলাদেশ কোনো পক্ষের বিরুদ্ধে দাঁড়ায় না। মাঝখানের দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এই ভারসাম্যটাই।
জাপান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, এটা সত্য। কিন্তু বাংলাদেশের চীন ও ভারতের সঙ্গেও বড় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আছে। তাই এক অংশীদারের সঙ্গে সহযোগিতা যেন অন্য অংশীদারের সঙ্গে বৈরিতা না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
২০২৩ সালের পর জাপানের সহায়তার ধরনেই এই টানাটানির প্রমাণ মেলে। সাত দশক ধরে জাপানের বৈদেশিক সহায়তা কঠোরভাবে অসামরিক ছিল। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক টান বাড়তে থাকায় টোকিও নতুন এক কাঠামো চালু করে, নাম অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স। সংক্ষেপে ওএসএ।
প্রথম পর্যায়ে জাপান সারা পৃথিবী থেকে মাত্র চারটি দেশ বেছে নেয়। ফিলিপাইন, মালয়েশিয়া, ফিজি — আর চতুর্থ দেশটি বাংলাদেশ।
এর ফল পাওয়া গেল ২০২৬ সালের ২ জুলাই। চট্টগ্রামের বানৌজা নির্ভীক ঘাঁটিতে জাপানের পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিমাদা তোমাকির উপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি হাই-স্পিড পেট্রোল বোট হস্তান্তর ও কমিশন করা হলো। আর এই অক্টোবরের সফরে দ্বিতীয় প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৩৫ ফুটের একটি জলযান দেওয়ার সমঝোতা হতে যাচ্ছে।
ওএসএ-র অঙ্ক ছোট। কয়েকটি জলযান, কয়েক কোটি ডলার। কিন্তু এর রাজনৈতিক বার্তা বড়। জাপান এই কাঠামোতে ঢুকলে সহজে বেরোয় না, আর প্রতিটি সরঞ্জামের সঙ্গে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ আর পরবর্তী ক্রয়ের একটি শৃঙ্খল যুক্ত হয়।
সেই জায়গা থেকে দেখা হলে সফরের দুই সংখ্যার অর্থ বদলে যায়। ঋণ তখন আর দান নয়, বিনিয়োগ। সহযোগিতা তখন আর করুণা নয়, স্বার্থের মিল। জাপানের চোখে বাংলাদেশ আর কেবল সহায়তা নেওয়া দেশ নয়। বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিকের সমুদ্র নিরাপত্তা, নজরদারি আর দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন একটি প্রয়োজনীয় অংশীদার।
তাই ওএসএ-এর আওতায় পাওয়া জলযান আর নিরাপত্তা সহযোগিতা সমুদ্র নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের ভেতরেই সীমিত রাখা দরকার। তাতে সক্ষমতা বাড়ে, আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারও অটুট থাকে।
নামটির প্রতিটি শব্দ তাৎপর্যপূর্ণ। কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শব্দটিতে অর্থনীতির সঙ্গে নিরাপত্তা ও কৌশল যুক্ত হয়ে যায়। এই ধাপটির কাজ শুরু হয় ২০২৬ সালের ১২ আগস্ট ঢাকায় সপ্তম বাংলাদেশ-জাপান পররাষ্ট্র কার্যালয় পরামর্শ বৈঠকের পর।
একটি মানবিক বিষয়ও এখানে জড়িয়ে আছে। রোহিঙ্গা সংকট। ২০২৬ সালের মার্চে জাপান রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ২.৫৭ বিলিয়ন ইয়েন মানবিক সহায়তা ঘোষণা করেছে। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে টোকিওর কূটনৈতিক যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে নিরাপদ প্রত্যাবাসন ও স্থায়ী সমাধানে জাপানের সক্রিয় ভূমিকা আদায় করা ঢাকার জন্য বড় সুযোগ।
টোকিওতে বসে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া সহজ। বাংলাদেশের মাটিতে সেই টাকা নিয়ে কারখানা দাঁড় করানো তার চেয়ে অনেক কঠিন।
কারণটা জাপানি কোম্পানিগুলোর নিজের অভিজ্ঞতায় লেখা আছে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, সংক্ষেপে জেট্রো, এশিয়া ও ওশেনিয়ায় কর্মরত জাপানি কোম্পানিদের নিয়ে প্রতি বছর একটি জরিপ করে। বাংলাদেশে কর্মরত প্রায় ৩৫০টি জাপানি কোম্পানির উত্তর মিলিয়ে যে ছবি তৈরি হয়েছে, সেটি একই সঙ্গে উৎসাহ আর সতর্কবার্তা।
প্রথম সংখ্যাটি কষ্টের। কোম্পানিগুলোর তিন-চতুর্থাংশ, মানে ৭৫ শতাংশ, কাস্টমস ছাড়ানোর জটিলতা আর দীর্ঘসূত্রতাকে তাদের ব্যবসার সবচেয়ে বড় বাধা বলেছে। আর সামগ্রিকভাবে ৭১ শতাংশ প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছে।
কী কী কারণে এই অসন্তোষ। কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার সংকট। অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠানোর নীতির জটিলতা। কর ও ভ্যাট প্রশাসনের সময়সাপেক্ষ এবং অস্পষ্ট প্রক্রিয়া। ঘন ঘন কর নীতির পরিবর্তন। এর সঙ্গে যোগ হয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি। ফলে এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর্মরত কোম্পানিগুলোর মুনাফা প্রত্যাশার হার নেমে এসেছিল সবচেয়ে নিচের দিকে।
এত কিছুর পরেও দ্বিতীয় সংখ্যাটি অবাক করার মতো। এত বাধা সত্ত্বেও একটি জাপানি কোম্পানিও বাংলাদেশ থেকে বিনিয়োগ তুলে নেয়নি। বরং ৭২ শতাংশ কোম্পানি আগামী এক থেকে দুই বছরের মধ্যে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে।
এই দুই সংখ্যার মাঝখানে যে সত্যটি আছে, সেটি হলো — জাপানি বিনিয়োগকারীরা আসতে চায়, ব্যবসা বাড়াতে চায়। আটকে রাখছে কেবল আমাদের নিজেদের ব্যবস্থাপনা। এই জায়গায় দর কষাকষির সুযোগ নেই, কারণ এখানে দাতা নয়, নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী।
এখানেই সফরের সবচেয়ে বাস্তব পরীক্ষাটি অপেক্ষা করছে। টোকিওতে যে সমঝোতা হবে, সেটি কাগজে থাকলে কিছুই বদলাবে না। বদলাবে তখন, যখন একটি কারখানা জমি পাবে, গ্যাসের লাইন পাবে, ব্যাংক থেকে এলসি খুলতে পারবে, আর মুনাফা পাঠানোর অনুমতি পাবে।
ব্যবসায়ী নেতা ও জেট্রোর প্রস্তাব হলো একটি যৌথ বাংলাদেশ-জাপান বিনিয়োগ কাঠামো গড়া। এর অধীনে নির্দিষ্ট বিনিয়োগকারী আর লাভজনক প্রকল্প চিহ্নিত করে অনুমোদন, জমি বরাদ্দ, গ্যাস-বিদ্যুৎ সংযোগ আর অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।
শোনা সহজ, করা কঠিন। কারণ এতে একাধিক মন্ত্রণালয়ের কাজ এক সুতোয় গাঁথতে হবে, আর প্রতিটি ধাপে জবাবদিহি থাকতে হবে। কিন্তু এই কাঠামো না থাকলে পাঁচ বছর পরে হিসাব মিলবে শুধু কাগজের সংখ্যায়, কারখানার সংখ্যায় নয়।
শেষ কথা: ঋণগ্রহীতা থেকে অংশীদার
এই সফরের সবচেয়ে সহজ পড়াটি হলো এটি একটি অর্থনৈতিক উদ্ধার অভিযান। ঋণ, বাজেট সহায়তা, বিনিয়োগের প্রতিশ্রুতি — সংখ্যাগুলো সাজালে ছবিটা পরিষ্কার। রিজার্ভে চাপ কমবে, কিছু প্রকল্প এগিয়ে যাবে, কয়েকটি কারখানা দাঁড়াবে।
কিন্তু এই পড়াটি অসম্পূর্ণ, কারণ এটি একটি বন্ধুত্বের পঞ্চাশ বছরের ইতিহাসকে শুধু ব্যাংকের হিসাবে নামিয়ে আনে।
জাপান কখনো সামরিক শর্ত চাপায়নি, কখনো ঋণ বন্ধ রেখে রাজনৈতিক দাবি আদায় করেনি — এটুকু সত্যি। কিন্তু এই লেখার হিসাব বলছে, শর্তহীনও নয়। ঠিকাদার, পরামর্শক, রপ্তানি আর কূটনৈতিক সমর্থন — প্রতিটি প্রকল্পে জাপানের নিজের একটি অংশ থাকে। যেটি স্বাভাবিক, যেটি অন্যায় নয়, কিন্তু যেটি জানা দরকার।
সেই সূত্রটাই এই সফরে ব্যবহার করা যায়। সেটি ব্যবহার করতে হলে তিনটি কাজ করতে হবে, আর তিনটিই কঠিন।
প্রথম কাজ, ইতিহাসের ঋণ শোধ। বিচারপতি রাধা বিনোদ পালকে রাষ্ট্রীয়ভাবে নিজের বলে ঘোষণা করা। এর জন্য চাই মৃত্যুর পরেও সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, কুষ্টিয়ার সলিমপুরে স্মৃতি কমপ্লেক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়ার, বাংলায় অনূদিত রায়, আর প্রতি বছর পাঁচজন শিক্ষার্থীর জন্য বৃত্তি। এই ঘোষণাটি টোকিওর শীর্ষ বৈঠকে দাঁড়িয়ে দেওয়া হলে সেটি একটি বাক্যের বদলে একটি যুগের কথা হয়ে যায়।
দ্বিতীয় কাজ, ভেতরের সংস্কার। ইপিএ বাস্তবায়ন, কাস্টমস অটোমেশন, মুনাফা ফেরত পাঠানোর প্রক্রিয়া সরল করা, কর প্রশাসনের অনিশ্চয়তা কমানো। এই কাজগুলোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তদারকিতে একটি দ্রুতগতির টাস্কফোর্স দরকার, যেখানে সময়সীমা লেখা থাকবে আর প্রতি মাসে অগ্রগতি প্রকাশ হবে।
তৃতীয় কাজ, শেখার ইচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জাপান কীভাবে শিক্ষা, প্রাতিষ্ঠানিক সততা, শৃঙ্খলা আর সমষ্টিগত দায়িত্ববোধের মাধ্যমে বিশ্বসেরা অর্থনীতিতে দাঁড়াল, সেটি বাংলাদেশের শেখা দরকার। দশ বছরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আর কারিগরি শিক্ষার আধুনিকায়নে জাপানের সহযোগিতা নিলে তা বাংলাদেশের জনশক্তিকে চতুর্থ শিল্পবিপ্লব এবং জাপানের নিজের শ্রমবাজারের উপযোগী করে তুলবে।
এই তিনটি কাজের বাইরে আরেকটি জিনিস দরকার, যেটি কোনো চুক্তিতে লেখা যায় না। সেটি হলো আত্মবিশ্বাস।
এখনো আমরা নিজেদের দেখি ঋণগ্রহীতা হিসেবে। জাপানও অনেক সময় আমাদের দেখে সহায়তা গ্রহীতার চোখে। এই চোখটা বদলাতে হবে দুই দিক থেকেই। যে দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় অংশীদার, যে দেশ আন্তর্জাতিক বিচারের প্রশ্নে নৈতিক অবস্থানে দাঁড়ায়, যে দেশ নিজের শ্রমশক্তিকে জাপানের বয়স্ক সমাজের চাহিদার সঙ্গে মিলিয়ে দিতে পারে — সেই দেশ আর করুণার পাত্র নয়।
টোকিওতে এই অক্টোবরে যে কাগজগুলোতে সই হবে, সেগুলো হয়তো কয়েক বছরে বাস্তবে নামবে, নয়তো কাগজেই থেকে যাবে। সেটি নির্ভর করছে ঢাকার আমলাতন্ত্র কত দ্রুত নিজেকে বদলাতে পারে, তার ওপর।
কিন্তু তার চেয়েও বড় একটি বিষয় আছে। বিচারপতি পাল একদিন প্রায় একা দাঁড়িয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সামনে বলেছিলেন, বিচার যদি সবার জন্য সমান না হয়, তাহলে সেটি বিচার নয়।
আজ ঢাকার সামনে সেই বাক্যের আরেকটি রূপ দাঁড়িয়ে আছে। সহযোগিতা যদি সবার জন্য সমান নিয়মে না হয়, যদি এক অংশীদারের জন্য দরজা খুলে অন্য অংশীদারের জন্য বন্ধ করা হয়, তবে সেটি আর সহযোগিতা থাকে না — সেটি স্বার্থের হিসাব হয়ে যায়।
টোকিও হয়তো এই অর্থনৈতিক সংকটে ঢাকার ত্রাতা হতে পারে। কিন্তু ত্রাতা শব্দটা দিয়ে যে সম্পর্ক শুরু হয়, সেই সম্পর্ক কখনো সমান হয় না। প্রশ্নটা তাই এখনো সেই পুরোনো জায়গাতেই দাঁড়িয়ে আছে — বাংলাদেশ কি ঋণ নিতে চায়, নাকি অংশীদার হতে চায়।
আর সেই প্রশ্নের উত্তরটা আসলে অনেক আগেই একজন বাঙালি দিয়ে গেছেন, এক হাজার দুইশ পঁয়ত্রিশ পাতায়, প্রায় একা দাঁড়িয়ে। জাপান সেটি ভোলেনি। বাংলাদেশের এখন সেটি মনে করার সময়।
তথ্যসূত্র
- প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরের সূচি ও কূটনৈতিক প্রস্তুতি — দ্য ডেইলি স্টার
- ঢাকা-টোকিওর দুই বিলিয়ন ডলারের ঋণচুক্তির সম্ভাবনা — দ্য ডেইলি স্টার
- জাপান যে বাঙালি বিচারককে ভোলেনি, বাংলাদেশ যে দাবি করেনি — দ্য ডেইলি স্টার
- টোকিও ট্রায়ালে বিচারপতি রাধা বিনোদ পালের ভিন্নমতাবলম্বী রায় — জাপান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নীতি-সংক্ষেপ
আরও দেখুন — বাকি 25টি সূত্র
- ইয়াসুকুনি শ্রাইন ও জাদুঘরে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভাবনা — রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ
- বাংলাদেশে জাপানের ওডিএ-র মূল্যায়ন প্রতিবেদন — জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়
- বাংলাদেশে জাপানের ওডিএ: নতুন উচ্চতায় সম্পর্ক — ইন্টারন্যাশনাল জার্নাল অব সাউথ এশিয়ান স্টাডিজ
- বাংলাদেশে জাইকার পঞ্চাশ বছর — জাইকা প্রতিবেদন
- অর্থনৈতিক সম্পর্ক ও দুই দেশের বাণিজ্য পরিসংখ্যান — জাপানে বাংলাদেশ দূতাবাস
- সরকারি নিরাপত্তা সহায়তা: পাঁচটি পেট্রোল বোট হস্তান্তর — জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়
- বাংলাদেশ নৌবাহিনীতে পাঁচটি জাপানি পেট্রোল বোট কমিশনিং — বাসস ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
- তারেক রহমানের জাপান সফর: আস্থাকে বাস্তবে রূপ দেওয়া — দ্য ডেইলি স্টার
- তারেক রহমানের জাপান সফর: বাংলাদেশ-জাপান সম্পর্কের পরবর্তী সীমান্ত — দ্য ডেইলি স্টার
- জাপানের নীতি পরিবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করে — দ্য ডেইলি স্টার
- জুলাই ২০২৬ মাসে বাংলাদেশের আমদানি-রপ্তানি চিত্র — দ্য ডেইলি স্টার
- বাংলাদেশ-জাপান বাণিজ্য ৩.৩২ বিলিয়ন ডলার ছাড়াল — দ্য ডেইলি স্টার
- প্রধানমন্ত্রীর টোকিও সফর: বিগ-বি-তে ভারতকে আবার যুক্ত করার চাপ থাকতে পারে — দ্য ডেইলি স্টার
- ৭১ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে অসন্তুষ্ট — দ্য ডেইলি স্টার
- জরিপ: বাংলাদেশে জাপানি ব্যবসা এখনো বাধার মুখে — ঢাকা ট্রিবিউন
- জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে সম্প্রসারণে আগ্রহী — ইন্ডাস্ট্রি ইনসাইডার
- জাপানি ঋণের সুদহার রেকর্ড ২ শতাংশে, তবু অন্য ঋণের চেয়ে সস্তা — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
- ঋণ করা টাকায় নির্মিত অবকাঠামোর ব্যয় — দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয়, অক্টোবর ২০২৬
- সরাসরি বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ প্রতিবেদন — বাংলাদেশ ব্যাংক
- উন্নয়ন সহযোগিতা সনদ ২০২৩ এবং জাপানের জাতীয় স্বার্থ — জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়
- জাইকা ঋণের শর্ত ও বিশেষ প্রযুক্তি সহায়তা কাঠামোর নীতিমালা — জাইকা
- বৈদেশিক ঋণ ও অনুদান প্রতিবেদন ২০২৪-২৫ — অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
- প্রধানমন্ত্রীর টোকিও পৌঁছানো: চার দিনের সরকারি সফর — দ্য ডেইলি স্টার
- নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন ও অভ্যর্থনা — এনটিভি বাংলা ও বাংলাদেশ প্রতিদিন
- সফরে চারটির বেশি সমঝোতা স্মারক ও যৌথ বিবৃতির সম্ভাবনা — বার্তা ২৪
আরও পড়ুন: সোনালী আঁশের ফাঁদ: নিজের পাটেই নিজের শিল্প আটকে আছে · পূর্বাচল কাণ্ড: দুর্বলের মিডিয়া ট্রায়াল, পুলিশি অভিযানের নেপথ্য রাজনীতি · রেয়ার আর্থ নিয়ে চীন-আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ
Comments
Post a Comment