মাতারবাড়ী, চিকেনস নেক ও পেকুয়া: বঙ্গোপসাগর ঘিরে পরাশক্তির নতুন হিসাব
মহেশখালীর মাতারবাড়ীতে দিন শুরু হয় ড্রেজারের শব্দে। সমুদ্রের কাদা, বালুমাটি তুলে জমি ভরাট হচ্ছে, পাশে জাহাজের নোঙর ফেলার বেসিন কাটা চলছে। জাপানি যৌথ প্রতিষ্ঠান পেন্টা ওশান আর তোয়া করপোরেশন এই কাজ শুরু করেছে চলতি বছরের মে মাসে। চ্যানেলটির গভীরতা হবে সাড়ে আঠারো মিটার। সুতরাং যে জাহাজ এখানে ভিড়বে, তাকে আর কলম্বো বা সিঙ্গাপুরে পণ্য খালাস করতে হবে না।
তবে এই চ্যানেলের পাশে এখনো লবণের মাঠ আর চিংড়ির ঘের পড়ে আছে। যাঁরা সেখানে কাজ করতেন, তাঁদের অনেকেই জমি হারিয়ে এখন শহরে দিনমজুরি করেন।
মাতারবাড়ীকে দেখতে হবে একটি দ্বীপ হিসেবে, যার এক পাশে বিশাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আর অন্য পাশে গভীর সমুদ্রবন্দর। কিন্তু এই প্রকল্পের বড় অংশ এখনো কাগজে। বন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণের প্রথম ধাপ শেষ হতে পারে ২০২৯ সালে। ততদিনে দক্ষিণ এশিয়ার বন্দর-রাজনীতি কতদূর এগোবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রশ্নটা শুধু অর্থায়ন বা নির্মাণ নিয়ে নয়। প্রশ্নটা হলো এই বন্দর কার কাজে লাগবে।
কর্ণফুলীর অগভীরতা
দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চলে চট্টগ্রাম বন্দর দিয়ে। কনটেইনার পরিবহনে বন্দরটির অংশ আরও বেশি। কিন্তু কর্ণফুলী নদীর মোহনায় গভীরতা মাত্র সাড়ে নয় থেকে দশ মিটার। ফলে সেখানে ভিড়তে পারে কেবল ছোট ফিডার জাহাজ, যার ধারণক্ষমতা আড়াই হাজার টিইইউর বেশি নয়।
টিইইউ কন্টেইনার জাহাজের ধারণক্ষমতা বা কন্টেইনারের পরিমাণ মাপার আন্তর্জাতিক একক। এক টিইইউ বলতে ২০ ফুট দৈর্ঘ্যরে একটি স্ট্যান্ডার্ড কন্টেইনারকে বোঝানো হয়। যদি কোনো জাহাজের ধারণক্ষমতা ২,৫০০ টিইইউ বলা হয়, তার মানে হলো জাহাজটি ২০ ফুট দৈর্ঘ্যের সর্বোচ্চ ২,৫০০টি কন্টেইনার একসঙ্গে বহন করতে পারে।
মোংলা বন্দরের গভীরতা সাত মিটার, পায়রা বন্দরেও বড় জাহাজ আসার সুযোগ সীমিত। ঢাকার কাছে পানগাঁও টার্মিনাল বছরে এক লাখ ১৬ হাজার টিইইউ সামলাতে পারে, অথচ ব্যবহার হয় খুবই কম।
এই অগভীর জলের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্য প্রথমে ছোট জাহাজে করে শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ যায়। সেখানে পণ্য খালাস করে বড় মাদার ভ্যাসেলে তোলা হয়। এই ট্রানশিপমেন্ট ব্যবস্থায় সময় বেশি লাগে, খরচও বেশি পড়ে। তীব্র চাপের সময়ে চট্টগ্রামে জাহাজকে সাত দিনের বেশি অপেক্ষা করতে হয়। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পণ্য বাজারে পৌঁছায় দেরিতে।
মাতারবাড়ীর বন্দরটি এই গিঁট খোলার জন্যই বানানো হচ্ছে। প্রথম কনটেইনার টার্মিনালে থাকছে ৪৬০ মিটার দীর্ঘ জেটি। এর ড্রাফট মাদার ভ্যাসেলের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এখানে সরাসরি ভিড়তে পারবে আট থেকে দশ হাজার টিইইউ ক্ষমতার মাদার ভ্যাসেল। জাইকা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমীক্ষায় বলা হয়েছে, বন্দরটি চালু হলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পণ্য পৌঁছাতে ৪৫ দিনের বদলে ২৩ দিন লাগবে। পরিবহন খরচ কমবে ১৫ থেকে ৩০ শতাংশ। টার্মিনালের হ্যান্ডলিং সক্ষমতা এখনকার ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়াবে ৮০ হাজার থেকে এক লাখ মেট্রিক টনে।
প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি টাকা। এরমধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ১.০৯ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৫৩২ কোটি টাকা দিচ্ছে। বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০৩৬ সাল নাগাদ চট্টগ্রামে ৫.৬ মিলিয়ন টিইইউ কনটেইনারের চাপ তৈরি হবে, সেই চাপ সামলাতেও মাতারবাড়ীকে হিসাবে রাখা হচ্ছে। প্রাথমিক হিসাবে মাতারবাড়ী বছরে ছয় লাখ থেকে ১১ লাখ টিইইউ হ্যান্ডলিং করবে। প্রকল্পের পক্ষে যাঁরা কথা বলেন, তাঁদের দাবি, এই বন্দর একাই দেশের মোট দেশজ উৎপাদনে দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি যোগ করতে পারে।
তবে কাগজের হিসাবের বাইরে বাস্তব অবস্থাটা আলাদা। চ্যানেলটি ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এখনো মাতারবাড়ী মূলত পাশের ১,২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির জেটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) বন্দর নির্মাণে ১০০ মিলিয়ন ডলার অর্থায়নের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক কনটেইনার টার্মিনাল চালু হতে আরও সময় লাগবে।
কিন্তু পথটুকু এখনো কাঁচা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৬০ কিলোমিটার জাতীয় মহাসড়ক কার্যত দুই লেনের। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় এটি চার বা ছয় লেন করার নকশা হয়েছে, অর্থায়ন এখনো চূড়ান্ত নয়। পটিয়া থেকে চকরিয়া পর্যন্ত আঞ্চলিক সড়কটির উচ্চতা জোয়ারের পানির স্তরের নিচে রয়েছে। তাই কেবল গভীর চ্যানেল বানিয়ে লাভ নেই, যদি পণ্য জমি থেকে বন্দর পর্যন্ত পৌঁছাতে না পারে।
যে সাগর দেশের চেয়ে বড়
বঙ্গোপসাগর নিয়ে ভাবার আগে একটা ভৌগোলিক সত্য মনে রাখতে হবে। সাগরটি প্রায় ত্রিশ লাখ বর্গকিলোমিটার জুড়ে আছে, যা ভারতের মোট ভূখণ্ডের চেয়েও বড়। পৃথিবীর বাণিজ্যের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথের একটি এই সাগর ঘেঁষেই চলে। হরমুজ প্রণালী থেকে আসা তেল মালাক্কা হয়ে পূর্ব এশিয়ায় যাওয়ার পথ। এই পথের শীর্ষবিন্দুতেই বাংলাদেশ।
এই গুরুত্ব নতুন করে সামনে এনেছেন কয়েকজন কৌশলবিদ। মার্কিন নৌ-কৌশলবিদ আলফ্রেড থায়ার মাহান তাঁর লেখায় দেখিয়েছিলেন, সমুদ্রপথ ও কৌশলগত বন্দর যার দখলে, বিশ্ববাণিজ্যের প্রাধান্যও তার। রবার্ট কাপলান তাঁর গ্রন্থে ভারত মহাসাগরকে একুশ শতকের প্রধান মঞ্চ বলেছেন। ভারতীয় কৌশলবিদ সি. রাজা মোহন বঙ্গোপসাগরকে চীন ও ভারতের দ্বৈরথের স্থল বলে চিহ্নিত করেছেন। তাঁদের যুক্তি একই জায়গায় এসে মেলে, এই সাগরে কার প্রভাব থাকবে, তা ঠিক করে দেবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য।
এখানে আরেকটি তথ্য যোগ করা দরকার, যা অনেক আলোচনায় বাদ পড়ে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা প্রশ্ন এখন আর বিতর্কিত নয়। ২০১২ সালে আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশের পক্ষে রায় দেয়, ভোটের ব্যবধান ছিল ২১র বিপরীতে একটি। দুই বছর পর স্থায়ী সালিশি আদালত ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করে। সব মিলিয়ে বাংলাদেশ লাভ করে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চল, যা দেশের স্থলভাগের প্রায় আশি শতাংশের সমান।
এর অর্থ পরিষ্কার। আইনি দিক থেকে বাংলাদেশের হাতে বিপুল জলভাগ এসে গেছে, শুধু তা কাজে লাগানোর সামর্থ্য তৈরি হয়নি। গভীর সাগরে কার্গো জাহাজ ভেড়ানো, মাছ ধরার বহর বড় করা, তলদেশের গ্যাস অনুসন্ধান করা — সবকিছুর জন্যই দরকার বন্দর, জাহাজ আর প্রযুক্তি। এই সামর্থ্য না থাকলে বিস্তীর্ণ সমুদ্র সম্পদ থেকে যায় কেবল কাগজে।
সোনাদিয়া যেভাবে বাতিল হলো
বঙ্গোপসাগরের বন্দর-রাজনীতির সবচেয়ে শিক্ষণীয় অধ্যায় সোনাদিয়া। কক্সবাজারের এই দ্বীপে গভীর সমুদ্রবন্দর বানানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। চীন সেই প্রকল্পে অর্থায়ন ও নির্মাণের আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সোনাদিয়ায় চীনা উপস্থিতির সম্ভাবনায় ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান একসঙ্গে আপত্তি তোলে। দিল্লি ও ওয়াশিংটনের আশঙ্কা ছিল, বাণিজ্যিক বন্দরের আড়ালে দ্বীপটি চীনের সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে।
এই চাপের মুখে ২০২০ সালে ঢাকা সোনাদিয়া প্রকল্প বাতিল ঘোষণা করে। তার কয়েক কিলোমিটার উত্তরে মাতারবাড়ীতে জাপানি অর্থায়নে বন্দর বানানোর সিদ্ধান্ত হয়। এই এক সিদ্ধান্তে ঢাকা তিনটি কাজ একসঙ্গে সারল। চীনকে গভীর সমুদ্রবন্দর না দিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কমানো হলো। জাপানের সহজ শর্তের ঋণ ও উন্নত প্রযুক্তি পাওয়া গেল। আর বঙ্গোপসাগরে একটি আধুনিক অবকাঠামোও তৈরি হচ্ছে। সোনাদিয়ার সমাধির ওপরেই জন্ম নিল মাতারবাড়ী।
প্রশ্ন হলো, এই বদল কি কেবল কূটনৈতিক কৌশল, নাকি এর ভেতরে আরও হিসাব আছে। জাপানের জন্য মাতারবাড়ী কখনোই আলাদা একটি বন্দর প্রকল্প ছিল না। এটি টোকিওর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনা আরও বড় হচ্ছে।
টোকিওর হিসাব
দুই দেশের সম্পর্কের পুরোনো ভিত আছে। ১৯৮০ সালে বিমান চলাচল চুক্তি হয়, ওই বছরই বসে প্রথম দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক বৈঠক। এরপর দীর্ঘ সময় সম্পর্কটি সহায়তা-নির্ভর ছিল। মোড় ঘোরে ২০১৪ সালের সেপ্টেম্বরে, যখন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা সফরে এসে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ তথা বিগ-বি উদ্যোগ ঘোষণা করেন।
১২ বছর পর গত ২৭ অক্টোবর টোকিওর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই উদ্যোগটির নতুন রূপ ঘোষণা করা হলো। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ ঘোষণায় বিগ-বিকে বদলে দিলেন ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপার্টি’ নামে নতুন কৌশলগত উদ্যোগে। এর চারটি স্তম্ভ। সংযোগ ব্যবস্থা শক্ত করা, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকির প্রস্তুতি, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রবৃদ্ধির সুযোগ তৈরি ও নিয়ম-নির্ধারণে সহযোগিতা, আর শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করা। সফরের আনুষ্ঠানিকতাও কম ছিল না। জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের গার্ড অব অনার নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় শীর্ষ বৈঠক।
এই বৈঠকের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিশ্রুতি হলো বিনিয়োগের অঙ্ক। আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ আসতে পারে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন, যা প্রায় ৬.৩ বিলিয়ন ডলার। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় দুই লাখ কর্মসংস্থানের আশা। দুই নেতা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপরও জোর দিয়েছেন। শিগগিরই একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর কথাও বলা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে উন্নয়ন সহায়তার আওতায় আরও একটি টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
জাপানের এই আগ্রহের পেছনে শুধু কূটনীতি নেই, বাণিজ্যের হিসাবও আছে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জাপানে বাংলাদেশের রফতানি প্রথম এক বিলিয়ন ডলার ছাড়ায়। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২.৮ বিলিয়ন ডলারে। এখন জাপান বিশ্বে বাংলাদেশের নবম আর এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য।
অন্য দিকে জাপানে শ্রমিকের তীব্র অভাব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে ১৯৭৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিদেশে গেছেন ১.৩ কোটি বাংলাদেশি কর্মী। তাঁদের মধ্যে জাপানে গেছেন মাত্র শূন্য দশমিক শূন্য দুই শতাংশ। এই বিশাল ফাঁকই টোকিওর কাছে বাংলাদেশকে আকর্ষণীয় করে তুলেছে। বয়স্ক জনসংখ্যার দেশ জাপানে তরুণ কর্মীর চাহিদা বাড়ছে, আর বাংলাদেশের হাতে রয়েছে বেকার তথা উদ্বৃত্ত তরুণ শ্রম।
সময়ের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ২০২৬ সালের ২৪ নভেম্বর ধরা ছিল। ঢাকার আবেদনের পরিপ্রেক্ষিতে গত জুনে জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি এই সময়সীমা তিন বছর পিছিয়ে দিয়েছে। অর্থাৎ উত্তরণ হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর। সময় পাওয়া গেছে, কিন্তু ঝুঁকি কমেনি। ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা একদিন বন্ধ হবে, আর তখন জাপানের মতো বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই অংশীদারিত্ব চুক্তিটি ঢাকার জন্য শুধু কূটনৈতিক দলিল নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন।
এই দুই দেশের পরিকল্পনার ভৌগোলিক নকশাটি জাইকার কাগজপত্রে আছে। নাম ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ’, সংক্ষেপে মিডি। পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডোরকে একটিমাত্র শিল্প বলয়ে রূপ দেওয়ার কথা। এক প্রান্তে মাতারবাড়ীতে বন্দর, এলএনজি টার্মিনাল আর বিদ্যুৎকেন্দ্র। মাঝখানে মীরসরাইয়ের ৩০ হাজার একর জমিতে বিশাল অর্থনৈতিক অঞ্চল, যেখানে ইতিমধ্যেই ১২ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। সেখানে পনেরো বছরে ১৫ লাখ কর্মসংস্থান আর ১৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। করিডোরের অন্য প্রান্তে আড়াইহাজারে জাপানিদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার দত্তের বিশ্লেষণে এই সংযোগের সম্ভাবনা স্পষ্ট হয়েছে। তাঁর মতে, বন্দর ও আড়াইহাজার অঞ্চলের যোগসূত্র বাংলাদেশে উচ্চমূল্যের উৎপাদন শিল্পের দরজা খুলতে পারে। ইলেকট্রনিকস, অটোমোবাইল যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর, ওষুধ, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ আর হালকা প্রকৌশল — এই খাতগুলোতেই জাপানি বিনিয়োগ আসার সুযোগ সবচেয়ে বেশি।
কিন্তু জমি আর অবকাঠামো দিয়ে বিনিয়োগ ধরে রাখা যায় না। জাপানি বিনিয়োগকারীরা বছরের পর বছর যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো এখনো অমীমাংসিত। কাস্টমস ছাড়করণে দীর্ঘসূত্রতা, করনীতির অসামঞ্জস্য, গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা, বিরোধ নিষ্পত্তির ধীরগতি আর আমলাতান্ত্রিক জটিলতা। প্রধানমন্ত্রীর সফরে এসব সমস্যা সমাধানের আশ্বাস গেছে। আশ্বাস আর বাস্তবায়নের ফারাকটাই এখন আসল পরীক্ষা। ভেতরের সংস্কার না হলে বিগ-বি কেবল একটি সড়ক আর বন্দরের করিডোর হয়েই থাকবে।
দিল্লির চিকেন নেক
মাতারবাড়ীর দ্বিতীয় বড় অংশীদার ভারত। জাপানের কূটনৈতিক নথিতেই বলা হয়েছে, বিগ-বি উদ্যোগের একটি লক্ষ্য হলো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বড় শিল্প ও সরবরাহ চেইন গড়ে তোলা। দিল্লির কাছে এই সংযোগ শুধু খরচ বাঁচানোর হিসাব নয়। এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন।
কারণটা ভৌগোলিক। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা — সাত রাজ্যের স্থলপথে যোগাযোগের একমাত্র করিডোর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। ভূ-আকৃতির কারণে এর নাম ‘চিকেনস নেক’ বা মুরগির গলা। সবচেয়ে সরু জায়গায় এর চওড়া মাত্র ২২ কিলোমিটার। ঠিক উত্তরে চীন নিয়ন্ত্রিত চুম্বি উপত্যকা। ১৯৬২ সালের যুদ্ধের স্মৃতি আর সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় সমরবিদদের বড় আশঙ্কা একটাই। সংঘাতের সময় এই সরু পথ কেউ কেটে দিলে সাত রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এই ঝুঁকি কমাতে দিল্লি বিকল্প পথ খুঁজছে বহুদিন। ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় মিয়ানমারের ভেতর দিয়ে রেল ও সড়ক করিডোর বানানোর পরিকল্পনা হয়েছে। মণিপুরের মোরে থেকে তামু, কালেওয়া ও সাগাইং হয়ে মান্দালয় পর্যন্ত ৪১৪ কিলোমিটার রেলপথ। এই পথে ৫২টি টানেল আর ১৪১ মিটার উঁচু পিয়ার সেতু নির্মাণের কথা। কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধ এই পরিকল্পনাকে প্রায় অচল করে দিয়েছে। রাখাইন ও চিন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে সঙ্গে কালাদান প্রকল্পের মূল এলাকা পলেতোয়া তাদের হাতে চলে গেছে। দিল্লি ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করতে চায়, বাস্তবে তা অনিশ্চিত।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ড আর বন্দরই দিল্লির কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ও সংক্ষিপ্ত পথ। এই পথ গত এক দশকে ধাপে ধাপে তৈরি হয়েছে। আখাউড়া-আগরতলা রেলসংযোগ হয়েছে। ২০২১ সালের ৯ মার্চ ফেনী নদীর ওপর মৈত্রী সেতু চালু হয়, যা রামগড়কে ত্রিপুরার সাবরুমের সঙ্গে যুক্ত করেছে। সাবরুম থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ২৩০ কিলোমিটার।
হিসাবটা সরল করে দেখা যাক। কলকাতা বা হলদিয়া থেকে শিলিগুড়ি ঘুরে আসাম বা ত্রিপুরায় পণ্য পৌঁছাতে ১০ থেকে ১২ দিন লাগে। চট্টগ্রাম বা মাতারবাড়ী বন্দর ব্যবহার করে আখাউড়া বা সাবরুম দিয়ে গেলে সময় লাগে ২ থেকে ৩ দিন। ফ্রেইট খরচ কমে অর্ধেকেরও বেশি। এই সাশ্রয়ের টানেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল মাতারবাড়ীর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে।
নদীপথও ব্যবহার হচ্ছে। অভ্যন্তরীণ নৌ-ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকলের আওতায় বারানসী, কলকাতা ও হলদিয়া থেকে বাংলাদেশের নদীপথে আসাম ও ত্রিপুরায় কয়লা, সিমেন্ট ও খাদ্যশস্য যাচ্ছে। জ্বালানি সংযোগও চালু। শিলিগুড়ি-পার্বতীপুর মৈত্রী পাইপলাইনে বছরে এক লাখ মেট্রিক টন ডিজেল আসে, আর ভেড়ামারা-বহরমপুর ও কুমিল্লা-ত্রিপুরা গ্রিড ধরে হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানি হচ্ছে।
উত্তর-পূর্ব ভারতের প্রায় আট কোটি মানুষের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সিমেন্ট, প্লাস্টিক আর প্রক্রিয়াজাত খাদ্য রফতানির স্বাভাবিক সুযোগ তৈরি হওয়ার কথা। সঙ্গে আসার কথা ট্রানজিট ফি ও বন্দর চার্জ, নেপাল ও ভুটানের সঙ্গেও একই ধরনের সুবিধা।
বাস্তব ছবিটা অন্য রকম। ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্য ঢোকাতে এখনো অসংখ্য শুল্ক বাধা পেরোতে হয়। মান নিয়ন্ত্রণ ও সনদায়নের জটিলতা আছে, সীমান্তে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা কম। নৌ-ট্রানজিট রুটেও নাব্যতার সংকট আর একমুখী কার্গো প্রবাহের সমস্যা প্রকট। সবচেয়ে বড় অস্বস্তি ঋণ নিয়ে। ভারতের দেওয়া ঋণের আওতায় নেওয়া প্রকল্পে চরম দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। অনুমোদনে বিলম্ব আর অদক্ষতার কারণে ২০২৪-২৫ সময়ে বাংলাদেশ সরকার ওই ঋণ থেকে ১১টি প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের কয়েকটি স্থবির রেল প্রকল্পও ছিল।
তাই জাপান যখন উত্তর-পূর্ব ভারতের অবকাঠামোয় অর্থ দিচ্ছে আর সেটিকে মাতারবাড়ীর সঙ্গে জুড়তে বাংলাদেশ-জাপান-ভারত ত্রিপাক্ষিক কাঠামোর প্রস্তাব দিচ্ছে, তখন ঢাকার দরকষাকষির সমীকরণ জটিল হয়ে ওঠে। জাপানের উপস্থিতিকে কাজে লাগিয়ে দিল্লির কাছ থেকে বাজারে সত্যিকারের প্রবেশাধিকার আদায় করা গেলে ঢাকার কৌশলগত শক্তি বাড়বে। আর যদি টোকিও ও দিল্লি মিলে শুধু একতরফা ট্রানজিটের চাপ তৈরি করে, তবে দরকষাকষির জায়গাটাই সংকুচিত হবে।
ড্রাগনের পাল্টা চাল
মাতারবাড়ী নিয়ে টোকিও ও দিল্লির এই বলয় বেইজিং গভীর মনোযোগে দেখছে। চীনের মূল কৌশলগত দুর্বলতা একটি, মালাক্কা প্রণালীর ওপর জ্বালানি আমদানির নির্ভরতা। সংঘাতের সময় ওই প্রণালী বন্ধ হলে চীনের অর্থনীতি থেমে যেতে পারে। এই শঙ্কা এড়াতে চীন ভারত মহাসাগরে একাধিক ঘাঁটিতে অবস্থান তৈরি করেছে, যার মধ্যে পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা ও কলম্বো পোর্ট সিটি এবং মিয়ানমারের কিয়াকপু অন্যতম।
সোনাদিয়া হাতছাড়া হওয়ার পর চীন সর্বশক্তি দিয়েছে কিয়াকপু বন্দরে। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত এই বন্দরটি চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিআইটিআইসির হাতে নির্মিত, আর এটি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের প্রবেশদ্বার। কিয়াকপু থেকে ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত তেল ও গ্যাসের পাইপলাইন গেছে, সমান্তরালে চলছে রেল ও সড়ক করিডোরের কাজ। এই পথেই মালাক্কা এড়িয়ে বঙ্গোপসাগর দিয়ে সরাসরি জ্বালানি নিজ ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা চীনের।
কিন্তু এই পরিকল্পনায় বড় ফাটল ধরেছে, আর সেটি সামরিক নয়, অভ্যন্তরীণ যুদ্ধের ফল। গত কয়েক বছরে আরাকান আর্মি রাখাইনের সতেরোটি শহরের মধ্যে চৌদ্দটির নিয়ন্ত্রণ নিয়েছে, যা রাজ্যটির প্রায় ৯০ শতাংশ এলাকা। জান্তার হাতে এখনো আছে সিত্তোয়ে, মুনাউং আর কিয়াকপুরের কিছু অংশ। আরাকান আর্মি সিত্তোয়ে ও কিয়াকপুরের দিকেও অগ্রসর হচ্ছে। এতে চীনা প্রকল্পগুলো সরাসরি ঝুঁকিতে পড়েছে। পাইপলাইনে তেলের প্রবাহ কমে এসেছে, আর রেলপথের নিরাপত্তা নিয়ে গত এপ্রিলে চীনকে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসতে হয়েছে।
এই বাস্তবতাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত মূল্য বাড়িয়ে দিচ্ছে। একটি স্থিতিশীল, গৃহযুদ্ধ থেকে দূরে থাকা বন্দর — এই সৌভাগ্য এখন অঞ্চলে বিরল। বেইজিং একদিকে বাংলাদেশে অর্থনৈতিক উপস্থিতি ধরে রেখে, অন্যদিকে মিয়ানমারের অনিশ্চয়তা মাথায় রেখে হিসাব কষছে। এই দ্বিধাটাই ঢাকার সামনে সুযোগ আর ঝুঁকি দুটোই তৈরি করে।
বাংলাদেশে চীনের অবস্থান ছোট নয়। মুক্তার মালার বাইরে বহু প্রকল্পে মাল ঢেলেছে বেইজিং। কর্ণফুলী নদীর তলদেশে টানেল, পদ্মা সেতুর রেলসংযোগ, পায়রা বন্দরের চ্যানেল ড্রেজিং, মোংলা বন্দরের আধুনিকায়ন — এই সবকিছুতেই চীনা অর্থ ও ঠিকাদারি আছে। প্রস্তাবের অঙ্কেও পার্থক্য স্পষ্ট। বিনিয়োগ প্রস্তাবে ভারত এগিয়েছিল ১৮৫ মিলিয়ন ডলার নিয়ে, চীনের প্রস্তাব ছিল ৪২৫ মিলিয়ন ডলার।
সবচেয়ে সংবেদনশীল জায়গাটি সামরিক। বাংলাদেশ নৌবাহিনীর দুটি সাবমেরিন এবং ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজের প্রায় ৭০ শতাংশই চীনের তৈরি। এই সাবমেরিনগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের পেকুয়ায় চীনা আর্থিক ও কারিগরি সহায়তায় একটি ঘাঁটি নির্মিত হয়েছে। একসময় ‘বানৌজা শেখ হাসিনা’ নামে পরিচিত এই ঘাঁটিটির নাম এখন ‘বানৌজা পেকুয়া’। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ঘাঁটির ড্রাই ডক নির্মাণ প্রায় শেষ পর্যায়ে।
একই উপকূলে দুই দল প্রকৌশলী
মানচিত্রের দিকে তাকালে একটি অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। পেকুয়ার সাবমেরিন ঘাঁটিটি মাতারবাড়ী দ্বীপের ঠিক উত্তর পাশে। একই উপকূলীয় বলয়ে কয়েক কিলোমিটার ব্যবধানে দুই ধরনের উপস্থিতি। একদিকে চীনা প্রযুক্তি ও প্রশিক্ষণে চলা ঘাঁটি, অন্যদিকে জাপানি অর্থায়নে বন্দর ও বিদ্যুৎকেন্দ্র। মাতারবাড়ীতে কাজ করছেন জাপানি ও পশ্চিমা বেসামরিক প্রকৌশলীরা, আর সমুদ্রে টহল দিচ্ছে জাপানের দেওয়া পেট্রোল বোট।
এই সহাবস্থান নিজেই একটি কূটনৈতিক দক্ষতার পরীক্ষা। গত ২ জুলাই বাংলাদেশ নৌবাহিনী জাপানের ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ কর্মসূচির আওতায় পাওয়া পাঁচটি পেট্রোল বোট বহরে যুক্ত করে। প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬.১৫ মিটার, প্রস্থ ৩.৫৩ মিটার, ধারণক্ষমতা ১৩.৫ টন আর ড্রাফট ১.৭৮ মিটার। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বোট শুধু নজরদারি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াবে না, বরং একটি ‘কাঙ্ক্ষিত নিরাপত্তা পরিবেশ’ তৈরিতেও কাজে লাগবে। কূটনীতির ভাষায় ‘কাঙ্ক্ষিত পরিবেশ’ শব্দটিই এখানে মূল বার্তা।
দক্ষিণ-পূর্ব সীমান্তেও নজরদারি বেড়েছে। টেকনাফের অদূরে সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনী সারা বছর অবস্থান ও চব্বিশ ঘণ্টা রাডার নজরদারি চালু করেছে, বিজিবি সেখানে সীমান্ত ফাঁড়ি খুলেছে। দ্বীপটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর দ্বীপটি ঘিরে নিরাপত্তা আলোচনা নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে চোরাচালানও বাড়ছে, চলতি বছর দ্বীপের কাছে সিমেন্টভর্তি নৌকা আটকের ঘটনা ঘটেছে।
এখানেই বাংলাদেশের সামনে আসল কৌশলগত পরীক্ষা। একটি টহল বোট কোনো সামরিক জোটের অঙ্গীকার নয়, এটি সক্ষমতা বাড়ানোর ছোট প্রকল্প। কিন্তু তথ্য একটি সম্পদ, আর সমুদ্র-নজরদারির তথ্য কার সঙ্গে ভাগ হবে সেটাই নির্ণায়ক। এসব বোটে সংগৃহীত উপাত্ত, রক্ষণাবেক্ষণের বাজেট আর পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে নৌবাহিনী ও কোস্টগার্ডের নিজস্ব কমান্ডে থাকা দরকার। একইভাবে পেকুয়া ঘাঁটিতে চীনা উপস্থিতি কারিগরি রক্ষণাবেক্ষণের সীমার মধ্যে থাকলে এবং মাতারবাড়ীতে বিদেশি প্রকৌশলীদের কাজ বাণিজ্যিক বন্দর পরিচালনার সীমার মধ্যে থাকলে একটি কার্যকর ব্যবস্থা করানো সম্ভব।
ঋণের শর্ত আর বিদ্যুতের ফাঁদ
এই প্রকল্পের পক্ষে সবচেয়ে শক্ত যুক্তি ঋণের শর্ত। জাইকার সহজ শর্তের ঋণে সুদ ০.১ থেকে ১.৬ শতাংশ, গ্রেস পিরিয়ড দশ বছর, পরিশোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর। চীনের এক্সিম ব্যাংকের ক্ষেত্রে সুদ ২ থেকে ৩.৫ শতাংশ, মেয়াদ ১৫ থেকে ২০ বছর। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রকল্পের ৮৫ শতাংশ অর্থই নেওয়া হয়েছিল ৬.৩ শতাংশ বাণিজ্যিক সুদে। মেয়াদ ছিল মাত্র পনেরো থেকে বিশ বছরের মধ্যে। বিশ্বব্যাংকের সাধারণ ঋণে সুদ ১.২৫ শতাংশ, সঙ্গে শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ, মেয়াদ ৩০ বছর। তুলনায় মাতারবাড়ী হাম্বানটোটার পথে হাঁটছে না।
কিন্তু কম সুদ মানেই কম ঝুঁকি-তা নয়। গত নভেম্বরে বাংলাদেশি গবেষণা সংস্থা ‘ক্লিন’-এর এক প্রতিবেদনে মিডি (মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এমআইডিআই) পরিকল্পনার কাঠামোগত দিকটি সামনে আনা হয়। প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনায় দেশের সৌর ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা প্রায় উপেক্ষিত। বরং পুরো শিল্পায়নের ভবিষ্যৎ বাঁধা হয়েছে আমদানি-নির্ভর এলএনজি আর কয়লার ওপর। এর অর্থ জাপান নিজের প্রযুক্তি ও জ্বালানির বাজার নিশ্চিত করছে, আর অস্থির আন্তর্জাতিক জ্বালানি বাজারের ঝুঁকি, ভর্তুকি ও ক্যাপাসিটি চার্জ বাংলাদেশের ঘাড়ে পড়ছে।
প্রতিবেদন অনুযায়ী পরিকল্পিত এলএনজি ও জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো তাদের জীবনচক্রে মোট ১.৩ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নিঃসরণ করবে। এই সংখ্যা দেশের বর্তমান বার্ষিক মোট নিঃসরণের প্রায় ছয় গুণ। এদিকে গ্যাসের শুল্ক ইতিমধ্যেই ১৭৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।
প্রাতিষ্ঠানিক সমস্যাও আছে। সংসদের অনুমোদন ছাড়াই জারি করা ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ’ অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় নির্বাচিত সরকারগুলোর ক্ষমতা খর্ব করা হয়েছে। সমালোচকরা বলছেন, এটি সংবিধানের ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে একটি অনির্বাচিত সমান্তরাল প্রশাসন তৈরি করেছে। একই সঙ্গে এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি প্রাতিষ্ঠানিক সংঘাত তৈরি করছে। একটি বন্দর যখন তিনটি সংস্থার টানাটানিতে চলে, সেখানে সিদ্ধান্তের গতি থাকে না।
পরিবেশের হিসাব আরও ভারী। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে মহেশখালীর কোহেলিয়া নদী ইতিমধ্যেই বড় ক্ষতির মুখে পড়েছে। প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা আর মাটির লবণাক্ততা বেড়েছে। কক্সবাজার-মহেশখালী উপকূলের ম্যানগ্রোভ ও প্যারা বন কমছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ডলফিনের অভয়ারণ্য। পরিযায়ী পাখির দুটি প্রজাতি, মহাবিপন্ন চামচ-ঠোঁট বাটান আর নর্ডম্যানস গ্রিনশ্যাঙ্ক, এই উপকূলকে তাদের প্রধান বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহার করে। লবণের মাঠ ও চিংড়ির ঘের অধিগ্রহণে হাজার হাজার পরিবার জীবিকা হারিয়েছেন। ক্ষতিপূরণ পাওয়ার পথেও অভিযোগ আছে, ক্ষতিগ্রস্তদের তিরিশ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই তালিকা দেখে মনে হতে পারে সমস্যাটা কেবল পরিবেশের। তা নয়। এগুলো একই সিদ্ধান্তের বিভিন্ন দিক। যে প্রকল্পে স্থানীয় মানুষের সম্মতি নেই, পরিবেশের হিসাব নেই আর প্রতিষ্ঠানগুলোর দায় স্পষ্ট নয়, সেখানে বিনিয়োগ টেকে না। জাপানি বিনিয়োগকারীরা ঠিক এই দুর্বলতাগুলোর কথাই বলছেন। অর্থাৎ পরিবেশ রক্ষা আর বিনিয়োগ আকর্ষণ এখানে বিপরীত পথ নয়, একই পথ।
ক্যাপাসিটি চার্জের বাস্তব পাঠ
জ্বালানি নির্ভরতার ঝুঁকি বাংলাদেশ নতুন করে টের পাচ্ছে প্রতিবেশীর সঙ্গে একটি চুক্তিতে। ঝাড়খণ্ডের গোড্ডায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানিয়েছে ভারতের আদানি গ্রুপ, সেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তিতে। গত জানুয়ারিতে সরকারি পর্যালোচনা প্যানেল জানিয়েছে, ওই চুক্তির দর তুলনামূলক ভারতীয় কেন্দ্রগুলোর চেয়ে প্রায় ৩৯.৭ শতাংশ বেশি, সঙ্গে প্রক্রিয়াগত ত্রুটিও আছে। অক্টোবরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবে মাসে গুনতে হয় প্রায় ৮৫ মিলিয়ন ডলার।
ক্যাপাসিটি চার্জের অর্থ সরল। বিদ্যুৎ নেওয়া হোক বা না হোক, কেন্দ্র চালু রাখার জন্য বিল দিতে হবে। সংস্থাটি হিসাব দিয়েছে, চুক্তির পুরো মেয়াদে দেওয়া এই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো তিনটি বড় প্রকল্প দাঁড় করানো যেত। ফলে সরকারের সামনে অস্বস্তিকর দুটি পথ। একটি হলো চুক্তি পুনর্বিবেচনা, যেখানে আইনি লড়াই ও জরিমানার ঝুঁকি আছে। অন্যটি হলো বিচারিক প্রক্রিয়ায় যাওয়া, যে পথে ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহ ও বকেয়া নিয়ে বিরোধ আন্তর্জাতিক সালিশে গড়িয়েছে। গত আগস্টে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার দুটি পথই বিবেচনা করছে। জ্বালানি সার্বভৌমত্ব শুধু ঋণদাতার পতাকা দেখে বিচার করা যায় না। জাপানি অর্থায়নেও একই ধরনের চুক্তি-কাঠামো থাকতে পারে, যদি না শর্ত নিয়ে আগেই দরকষাকষি করা হয়।
সম্পদের হিসাব: গ্যাস, মাছ, সৌর
বন্দর নিয়ে এত আলোচনার মধ্যে সমুদ্রের অন্য সম্পদগুলো প্রায় চোখের আড়ালে থাকে। অথচ আইনি লড়াইয়ের মাধ্যমে পাওয়া বিশাল জলভাগে আছে গ্যাসের ব্লক, মাছের ভান্ডার আর বাতাসের শক্তি। এই সম্পদ কাজে লাগানো না গেলে বন্দরও কেবল পারাপারের সেতু হয়ে থাকবে।
গত ২৪ মে সরকার বহু প্রতীক্ষিত অফশোর গ্যাস অনুসন্ধানের দরপত্র শুরু করেছে। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’ নামে এই উদ্যোগে বঙ্গোপসাগরের মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য খোলা হয়েছে। এর মধ্যে ১১টি অগভীর সাগরে, বাকি ১৫টি গভীর সাগরে। আকর্ষণ বাড়াতে দামের সূত্রও উদার করা হয়েছে। উৎপাদন-বণ্টন চুক্তির নতুন খসড়ায় অগভীর সাগরের গ্যাসের দাম ব্রেন্ট অয়েলের দামের সাড়ে দশ শতাংশ আর গভীর সাগরে তা এগারো শতাংশ নির্ধারণের প্রস্তাব আছে। এই দরপত্রে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তির দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। মাতারবাড়ী গ্রিড সাবস্টেশনের সঙ্গে ১৬০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প যুক্ত হতে যাচ্ছে। মহেশখালীর বিস্তীর্ণ উপকূলজুড়ে সৌর ও বায়ু বিদ্যুতের বড় প্রকল্প দাঁড় করানোর সুযোগ আছে। প্রশ্ন হলো, জাপানি অর্থায়ন ওই খাতে ঘুরিয়ে দেওয়া যায় কি না। পারলে জ্বালানি আমদানির ব্যয় কমবে, আবার বিনিয়োগকারীর জন্যও নতুন বাজার তৈরি হবে।
মাছের হিসাবটিও আলাদা করে দেখতে হবে। বঙ্গোপসাগরের গভীরে বাংলাদেশের মৎস্যসম্পদ এখনো পুরোপুরি অজানা। গভীর সাগরে জাহাজ ভেড়ানোর সুবিধা তৈরি হলে ট্রলারের বহর বড় করা সহজ হবে। এই সুযোগ হাতছাড়া হলে সমুদ্র থেকে পাওয়া অধিকারটাই কাগজে থেকে যাবে।
করিডোর নয়, হাব
সব হিসাব শেষে প্রশ্নটি সরল। বাংলাদেশ কি নিজের ভূগোল কাজে লাগিয়ে উৎপাদনশীল অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে? নাকি প্রতিবেশী ও পরাশক্তির পণ্য পারাপারের রাস্তা হয়ে ভূমি, পরিবেশ আর অর্থনীতির বোঝা বাড়াবে? উত্তরটা নির্ভর করছে কয়েকটি সিদ্ধান্তের ওপর।
প্রথম সিদ্ধান্ত বন্দর খোলার শর্ত নিয়ে। মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর প্রতিবেশী দেশের ট্রানজিট করিডোর হিসেবে খুলে দেওয়ার আগে নিজের শিল্পায়নের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে। আখাউড়া-আগরতলা আর সাবরুম করিডোর দিয়ে ভারতীয় পণ্য চলাচলের বিনিময়ে কেবল নামমাত্র ট্রানজিট ফি নিলে চলবে না। বিনিময়ে উত্তর-পূর্ব ভারতের বাজারে বাংলাদেশের পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যের প্রবেশাধিকার চাইতে হবে। শুল্কবহির্ভূত বাধা কার্যকরভাবে তুলে নেওয়ার নিশ্চয়তা ছাড়া নতুন করিডোর খোলা উচিত নয়।
দ্বিতীয় সিদ্ধান্ত ভেতরের সংস্কার নিয়ে। জাপানি বিনিয়োগ আকর্ষণের মূল শর্ত বন্দর নয়, প্রশাসনিক গতি। কাস্টমস ছাড়করণ দ্রুত করা দরকার। করনীতিতে স্থিতিশীলতা আনা আর আড়াইহাজার ও মীরসরাই অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করাও জরুরি। এই তিনটি কাজ না হলে বিনিয়োগের প্রতিশ্রুতি কাগজেই থাকবে। একই সঙ্গে স্বল্পোন্নত উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ সালের আগেই জাপানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি চালু করা দরকার। শ্রমবাজারের দক্ষতা বাড়িয়ে জাপানে জনশক্তি পাঠানোর কোটা বাড়ানোর সুযোগও কাজে লাগানো উচিত।
তৃতীয় সিদ্ধান্ত তথ্য ও সামরিক সীমারেখা নিয়ে। পেকুয়া ঘাঁটিতে চীনা কারিগরি সহায়তা আর মাতারবাড়ীতে জাপানি অর্থায়ন — দুই উপস্থিতিকে পাশাপাশি রেখে চলতে হবে দক্ষ পেশাদারিত্বের সঙ্গে। নজরদারির উপাত্ত কোনো তৃতীয় দেশের সামরিক কাঠামোতে যাবে না, এটি স্পষ্ট নীতি হিসেবে ঘোষণা করা হোক। বঙ্গোপসাগরে কোনো বিদেশি শক্তির যুদ্ধজাহাজের স্থায়ী উপস্থিতি বা সামরিক ব্লকে যোগদান থেকে দূরে থাকাই ঢাকার দীর্ঘমেয়াদি স্বার্থ।
চতুর্থ সিদ্ধান্ত ঋণ ও চুক্তির স্বচ্ছতা নিয়ে। বড় প্রকল্পের ঋণ চুক্তিতে কোনো গোপন সামরিক শর্ত নেই, এটা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলো সংসদে উন্মুক্ত আলোচনা ও স্বাধীন আন্তর্জাতিক নিরীক্ষা। একইভাবে স্থানীয় নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে গড়া প্রতিষ্ঠানগুলোর দায় ও ক্ষমতা স্পষ্ট করা ছাড়া মহেশখালী-কেন্দ্রিক প্রশাসনিক টানাপোড়েন কমবে না।
পঞ্চম সিদ্ধান্ত জ্বালানি ও পরিবেশ নিয়ে। জাইকা-প্রভাবিত পরিকল্পনার এলএনজি ও কয়লানির্ভরতা থেকে বেরিয়ে সৌর, বায়ু আর নিজস্ব অফশোর গ্যাসের দিকে অগ্রাধিকার সরানো দরকার। কোহেলিয়া নদীর প্রবাহ পুনরুদ্ধার, প্যারা বন ও ম্যানগ্রোভ রক্ষা এবং ডলফিন অভয়ারণ্য ও পরিযায়ী পাখির বিচরণক্ষেত্র সংরক্ষণে কঠোর পরিবেশ অডিট চালু করা হোক। ক্ষতিপূরণের পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হোক, যাতে ঘুষের অভিযোগ আর না ওঠে। বন্দর ও শিল্পাঞ্চলের চাকরিতে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে অগ্রাধিকার দেওয়ার ঘোষণাও থাকা দরকার।
এই পাঁচটি সিদ্ধান্ত আসলে একটিই প্রশ্নের ভিন্ন রূপ। বাংলাদেশ কি এই সাগরে নিজের নিয়তি নিজে ঠিক করবে, নাকি অন্যের হিসাবে নিজেকে বসিয়ে নেবে। দুই হাজার ছাব্বিশের শেষে এসে দেখা যাচ্ছে, চার শক্তির টানাটানিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু গুরুত্ব আর ক্ষমতা এক জিনিস নয়। গুরুত্ব বাড়ে ভূগোলে, আর ক্ষমতা তৈরি হয় সিদ্ধান্তে।
সময়ও বেশি নেই। আগামী তিন বছরে কয়েকটি মাপা ঘটনা ঠিক করে দেবে বাংলাদেশ কোন পথে হাঁটছে। মাতারবাড়ীর প্রথম ধাপের নির্মাণ কত দ্রুত এগোয়, সেটি এক নম্বর প্রশ্ন। জাপানের প্রতিশ্রুত বিনিয়োগ কতটা প্রকৃত উদ্যোগে রূপ নেয়, সেটি দ্বিতীয়। অফশোর গ্যাসের দরপত্রে কোন কোম্পানি চুক্তি করে, আর ভারতের সঙ্গেও শুল্ক বাধার আলোচনা কোথায় গড়ায় — এই চারটি প্রশ্নের উত্তরেই ভবিষ্যত লেখা থাকবে।
বঙ্গোপসাগরের দরজাটি এখনো খোলা। কোন দিন খুললে দরজার ওপাশে পণ্যবাহী জাহাজ দাঁড়াবে, আর কোন দিন খুললে কারও সমরাস্ত্রের পথ হবে — সেটা এখনো লিখিত হয়নি। লেখা হবে ঢাকার পরবর্তী সিদ্ধান্তগুলোতে।
তথ্যসূত্র
১. ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: চ্যানেল ড্রেজিং শুরু’ — পেন্তা ওশান ও তোয়া করপোরেশন, ২০২৬ ২. ‘চট্টগ্রামের রূপান্তরের পথ: সংযোগ ও সক্ষমতা’ প্রতিবেদন — চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ২০২৪ ৩. মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র মাস্টারপ্ল্যান — জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, ২০২৬ ৪. ‘দ্য ইনফ্লুয়েন্স অব সি পাওয়ার আপন হিস্ট্রি’ — আলফ্রেড থায়ার মাহান ৫. ‘মনসুন: দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য ফিউচার অব আমেরিকান পাওয়ার’ — রবার্ট কাপলান ৬. ‘সমুদ্র মন্থন: সিনো-ইন্ডিয়ান রাইভালরি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ — সি. রাজা মোহন ৭. ‘বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায়’ — আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল, ২০১২ ৮. ‘ব্লু ইকোনমি: বাংলাদেশের সমুদ্র অঞ্চল’ — পররাষ্ট্র মন্ত্রণালয়, ২০২৬ ৯. ‘বাংলাদেশ-জাপান সম্মেলন: যৌথ ঘোষণা’ — জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়, ২৭ অক্টোবর ২০২৬ ১০. ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি: চার স্তম্ভ’ — জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়, ২০২৬ ১১. ‘ঢাকা-টোকিও অংশীদারিত্ব নতুন উচ্চতায়’ — বাসস, অক্টোবর ২০২৬ ১২. ‘জাপানি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনের প্রকল্প’ — জাইকা প্রেস রিলিজ, ২৮ অক্টোবর ২০২৬ ১৩. ‘নৌবহরে জাপানের পাঁচ পেট্রোল বোট’ — বাসস ও জাপান দূতাবাস ঢাকা, জুলাই ২০২৬ ১৪. ‘মিডি মাস্টারপ্ল্যান: জ্বালানি উপনিবেশিকরণের বিশ্লেষণ’ — ক্লিন, নভেম্বর ২০২৫ ১৫. ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচি’ — জাপান দূতাবাস ঢাকা, ২০২৬ ১৬. ‘বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকের দরপত্র’ — দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, মে ২০২৬ ১৭. ‘আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন ও সিত্তোয়ে’ — দ্য ইরাবতী, জুলাই ২০২৬ ১৮. ‘জাপানের বাজি আসলে বঙ্গোপসাগর নিয়ে’ — দ্য ডেইলি স্টার ধীরপাঠ, ২০২৬ ১৯. ‘ভারত-মিয়ানমার রেলসংযোগের ব্যবহারিকতা ও বাধা’ — রিসার্চ গেট, ২০২৫ ২০. ‘আদানি বিদ্যুৎ চুক্তি অতিমূল্যায়িত, প্রক্রিয়াগত ত্রুটি: সরকারি প্যানেল’ — রয়টার্স, জানুয়ারি ২০২৬ ২১. ‘আদানি চুক্তির ক্যাপাসিটি চার্জ ও আইনি ঝুঁকি’ — ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নিউ এইজ, অক্টোবর ২০২৬
চট্টগ্রামের অগভীর চ্যানেলে বড় জাহাজ ঢোকে না, তাই পণ্য ঘুরপথে কলম্বো বা সিঙ্গাপুরে ট্রান্সশিপ হয়। মাতারবাড়ী সেই গিঁট খোলার বন্দর — কিন্তু এই বন্দর আসলে কার কাজে লাগবে?
Comments
Post a Comment