মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    হুমায়ূন আহমেদের সহজ রসিকতার মাদকতা: জনপ্রিয় বনাম কালজয়ী সাহিত্যের ব্যবচ্ছেদ

    একুশে বইমেলার সন্ধ্যার ভিড় ও হুমায়ূন আহমেদএকুশে বইমেলার সন্ধ্যার ভিড়, সঙ্গে হুমায়ূন আহমেদের প্রতিকৃতি। ছবি: উইকিমিডিয়া কমন্স (মিশ্রণ: এসএসবিডি)

    ২০০১ সালের ফেব্রুয়ারি মাস। বই মেলার ভেতরে মাত্র কয়েকটি প্যাভিলিয়নের সামনে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে স্কুলপড়ুয়া কিশোর, কলেজপড়ুয়া তরুণী। প্রকাশনীল স্টলে লেখক হুমায়ূন আহমেদ সমানে নিজের বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন, বিক্রি করছেন। বিরাট অংকের মুনাফা হাতিয়ে নিচ্ছে প্রকাশনী সংস্থা, লেখকও পাচ্ছেন কাড়িকাড়ি টাকা। হুমায়ূন আহমেদের জীবদ্দশায় বছরের পর বছর বই মেলায় এই চিত্র দেখা গেছে।

    ঠিক পাশের স্টলে উল্টো দৃশ্য। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কোণে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজনের স্তূপ। মাওলা ব্রাদার্সের তাকে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা। পাঠক সমাবেশে শহীদুল জহিরের উপন্যাসসমগ্র। সেখানে উল্লেখযোগ্য কোনো লাইন নেই।

    মিডিয়ার ক্যামেরা শুধু লাইনের দিকে। পরের দিন মিডিয়ার খবরে আসে, বাংলা সাহিত্যে পাঠক-বিপ্লব এসে গেছে। অথচ সে তালিকায় সেই বইগুলো নেই, যেগুলো বাংলা উপন্যাসকে বিশ্বসাহিত্যের কাতারে তুলেছে। সমকাল পেরিয়ে কালোত্তীর্ণ হয়েছে যে বইগুলো, সেই বইগুলোর বিষয়ে গণমাধ্যম ছিল নিরব। অথবা বলা যেতে পারে গণমাধ্যমগুলোতে যারা কাজ করেন তাদের সেই সাহিত্যবোধও নেই।

    এই লেখার প্রশ্নটি রুচির নয়। প্রশ্নটি একটি বিভ্রমের। গত চার দশকে বাংলাদেশে বাজার-জনপ্রিয়তাকে সাহিত্যমূল্যের সমার্থক ধরে নেওয়ার এক অভ্যাস তৈরি হয়েছে। যে বই বেশি বিক্রি হয়, সেটিকেই বলা হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস। মিডিয়াগুলো তার পেছনে ছুটেছে।

    এতে করে শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস বা শহীদুল জহিরের মতো লেখকেরা জীবদ্দশায় তাদের মেধার কোনো আর্থিক মূল্য পাননি। তারা অর্থের পেছনে ছোটেনও নি।

    কালজয়ী সাহিত্যের একটি বৈশিষ্ট্য রয়েছে: সমকালে কালজয়ী সাহিত্যগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু কালের বিবর্তনে মানুষ সেগুলোকে বুঝতে শেখে। কিন্তু আমাদের দেশে উন্নত পাঠকশ্রেণির অভাব এতটাই প্রকট যে, কালজয়ী লেখকেরা তাদের সমকালে নিজেদের সামান্য প্রাপ্যও বুঝে পান না।

    পাঠকের রুচি অনুযায়ী চলা গণমাধ্যমের কাজ নয়। গণমাধ্যমের কাজ পাঠকের রুচি তৈরি করা। পর্নোগ্রাফি জাতীয় কনটেন্টের বাজার বড়। তাই বলে তো গণমাধ্যম সেটা প্রচার করতে পারে না।

    গণমাধ্যম বাজারের পেছনে ছোটে, বাজার হারানোর ভয়ে সঠিক সমালোচনা প্রকাশ না করায়, রুচি তৈরি করতে ব্যর্থ। ফলে নতুন প্রজন্মের কাছে ইলিয়াসেরা হয়ে উঠেছেন দুর্বোধ্য, নীরস, বাদ দেওয়ার মতো।

    তিনটি প্রশ্ন এখানে জরুরি। কেন একজন পাঠক দুই লাইনের সংলাপ অনায়াসে হজম করেন, অথচ খোয়াবনামার প্রথম দশ পৃষ্ঠায় এসে ক্লান্ত হন। কেন শহীদুল জহির সারা জীবন নিভৃতে লিখে গেলেন। আর কেন জন্মশতবর্ষে দাঁড়িয়েও আবু ইসহাক মূলধারার আলোচনায় প্রায় নেই। প্রথম দুই উপন্যাস, তারপর ফর্মুলা

    বাংলা উপন্যাসে জনপ্রিয়তা আর সাহিত্যমূল্য এক জিনিস নয়। বইমেলার লম্বা লাইন বাজার আর প্রচারণার হিসাব, শিল্পের মাপকাঠি নয়। যে বই বেশি বিক্রি হয়, সেটি শ্রেষ্ঠ উপন্যাস হয়ে যায় না। সমকালে কালজয়ী লেখকেরা প্রায়ই নিভৃতেই থাকেন, তাঁদের পাঠক তৈরি হয় কালের হাতে। বাংলাদেশে এই পার্থক্যটা মুছে দেওয়া হয়েছে বাজারি হিসাবের নামে।

    বাংলা উপন্যাসে জনপ্রিয়তা আর সাহিত্যমূল্য এক জিনিস নয়। বইমেলার লম্বা লাইন বাজার আর প্রচারণার হিসাব, শিল্পের মাপকাঠি নয়। যে বই বেশি বিক্রি হয়, সেটি শ্রেষ্ঠ উপন্যাস হয়ে যায় না। সমকালে কালজয়ী লেখকেরা প্রায়ই নিভৃতেই থাকেন, তাঁদের পাঠক তৈরি হয় কালের হাতে। বাংলাদেশে এই পার্থক্যটা মুছে দেওয়া হয়েছে বাজারি হিসাবের নামে।

    প্রথম দুই উপন্যাস, তারপর ফর্মুলা

    প্রথমে যা স্বীকার করা দরকার, সেটি হলো হুমায়ূন আহমেদের শক্তি। ১৯৭২ সালে প্রকাশিত নন্দিত নরকে এবং পরের বছর প্রকাশিত শঙ্খনীল কারাগার সদ্য স্বাধীন দেশের নগর-নিম্নমধ্যবিত্ত পরিবারের ভাঙনকে তুলে ধরে। বোবা কান্না, আশাভঙ্গ, ছোট ছোট মৃত্যু। নন্দিত নরকে-তে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী রাবেয়ার মৃত্যু এবং তার ভাই মন্টুর হাতে আশ্রিত শফিক সাহেবের নিহত হওয়ার আখ্যান সমকালীন উন্নত পাঠকশ্রেণির মন ছুঁয়েছিল। ভাষা সংযত, কান্না চাপা। এখানে লেখক শিল্পের জটিল পথেই হাঁটছিলেন।

    কিন্তু আশির দশক থেকে পথটা বদলায়। বাজারের চাহিদা মাথায় রেখে এক বাণিজ্যিক ফর্মুলা তৈরি হয়। তিন শতাধিক গ্রন্থের যে বিপুল উৎপাদন, তার বড় অংশ ওই ফর্মুলার ভেতরেই লেখা। কালের বিবর্তনে হুমায়ুনের তিন শতাধিক গ্রন্থ ধীরে ধীরে মুড়ির ঠোঙায় পরিণত হচ্ছে। রুচিশীল পাঠকেরা বইয়ের তাক থেকে হুমায়ূনের বেশিরভাগ গ্রন্থগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন।

    সম্প্রতি একটি কাজে আমার এক টুকরো কাগজের প্রয়োজন হয়েছিল। বইয়ের তাকে দেখলাম হুমায়ূন আহমেদের রুমালী নামের একটি উপন্যাস পড়ে রয়েছে। বহু বছর আগে পড়েছিলাম। উপন্যাসটির বিষয়ে কিছুই মনে পড়ছে না। অর্থাৎ এমন কিছু নেই যা মনে রাখার মতো। তাক থেকে তুলে নিয়ে বই থেকে ছিঁড়েে কাগজের প্রয়োজন মেটালাম।

    হুমায়ূনের এরকম অসংখ্য অপ্রয়োজনীয় কাগজ তৈরি করেছেন, যা অতীতে পড়েছি কিন্তু মনে নেই। অথচ হুমায়ুন আহমেদের সমকালীন লেখক আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির বা হুমায়ূন আজাদের বই এভাবে ছিঁড়ে ফেলা যায় না। কারণ, তাদের অনেক বই বহুবার পড়ার মতো। দ্বিতীয়বার পড়লে আরো বেশি গভীরে যাওয়া যায়।

    নাটকের মাপে কাটা সংলাপ। ছোট বাক্য। আর নাগরিক মধ্যবিত্তের পলায়নবাদী স্বপ্ন

    হুমায়ূন আহমেদের দুটি সিরিজ এই ফর্মুলার সবচেয়ে পরিষ্কার উদাহরণ। হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে ঘোরা বেকার যুবক হিমু আসলে দায়িত্বহীনতা আর অ্যান্টি-লজিকের এক পরাবাস্তব ফ্যান্টাসি। বাস্তব সংগ্রাম থেকে সরে থাকাই তাঁর মূল কথা। মিসির আলিকে মনস্তাত্ত্বিক চরিত্র বলে দাবি করা হয়। কিন্তু আখ্যানগুলো শেষ পর্যন্ত মনের জটিল কার্যকারণে পৌঁছায় না। থামে রহস্য আর চমকে।

    তবু তাঁর পক্ষে যুক্তি আছে, আর সেটি দুর্বল নয়। সমর্থকেরা বলেন, তিনি লম্বা বর্ণনার বদলে দৃশ্যের মতো সংলাপে ঘটনা ফোটাতেন। ঘটনার ময়নাতদন্ত না করে ব্যাখ্যার ভার পাঠকের ঘাড়ে ছেড়ে দিতেন। লীলাবতী-তে দীর্ঘকাল পর পিতার সামনে কন্যার উপস্থিতি এর উদাহরণ। কন্যা বলে, বাবা আমি লীলা, লীলাবতী, আপনার কি শরীর খারাপ। চারটি বাক্য, আর পুরো সম্পর্কটাই পড়ে থাকে বাক্যের ফাঁকে। দেয়াল উপন্যাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকাল। খন্দকার মোশতাক আর মেজর রশিদের কথার ভেতর দিয়ে সেই সকাল দেখা হয়। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে শপথ না নেওয়ার রসিকতা। হুমায়ূনসাহিত্যের পাঠকেরা এটাকে তীক্ষ্ণ রসবোধ বলে প্রশংসা করেন।

    কিন্তু বিশ্বসাহিত্যের মানদণ্ডে প্রশ্নটা আলাদা। যাকে তাঁরা রসবোধ বলছেন, সেটি কি নন্দনতাত্ত্বিক সংযম, নাকি ইতিহাসের জটিল রাজনৈতিক ভারকে কৌতুকের আড়ালে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল।

    ঘর্ষণহীন গদ্য: দুই রকম পাঠ

    এই বিতর্কে ভাষার একটি তত্ত্বর কথা স্মরণ করা প্রয়োজন। ফরাসি তাত্ত্বিক রোলঁ বার্থ তাঁর পাঠ-তত্ত্বে সাহিত্যকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথমটি পাঠকসুলভ পাঠ। এখানে পাঠকের অভ্যাস বা প্রত্যাশা কোনো চ্যালেঞ্জের শিকার হয় না। ভাষার শৈল্পিক খেলা বাদ দিয়ে আখ্যান সরাসরি ঘটনায় চলে যায়।

    পাঠক তখন নিছক ভোক্তা। অর্থ উদ্ধারে তাঁকে কোনো মানসিক শ্রম দিতে হয় না। বার্থ এই আরামদায়ক ভোগের আনন্দকে বলেছেন প্লেজির। দ্বিতীয়টি লেখকসুলভ পাঠ, বার্থের ভাষায় স্ক্রিপ্টিবল। এটি আখ্যানের আরামদায়ক কাঠামো ভেঙে দেয়। পাঠকের সামনে ভাষা আর দর্শনের ঘর্ষণ তৈরি হয়। পাঠকের আরামপ্রিয় মস্তিষ্ক যা খোঁজে তা পায় না। মস্তিষ্ককে জটিল ভাবনার ভেতর দিয়ে যেতে হয়।

    এখানে পাঠককে অর্থ নির্মাণের সক্রিয় শ্রমে নামতে হয়। সেই পরিশ্রমের বিনিময়ে মেলে নান্দনিক পরমানন্দ, বার্থের ভাষায় জুইসাঁস। আশির দশক-পরবর্তী হুমায়ূন আহমেদের রচনার একটি বড় অংশ প্রথম শ্রেণিতে পড়ে, যা পাঠকের মস্তিষ্ককে আরাম দেয়, পাঠক সমানে গিলতে পারেন এমন ভাষায় ঘটনার বয়ান তুলে ধরা হয়। ইলিয়াস, শওকত আলী বা শহীদুল জহিরের রচনা দ্বিতীয় বর্গে, যেখানে পাঠকের মস্তিষ্কের আরাম বাধাগ্রস্ত হয়। সাহিত্য-গবেষকদের একটি বড় অংশ মনে করেন, বড় বা মহৎ শিল্প মস্তিষ্ককে শেখায় দ্রুত বদলে যাওয়া তথ্যের প্যাটার্ন ধরতে। মানে শব্দের গভীরে ডুব দিয়ে ধীরে ধীরে অর্থের স্তর খোলা।

    কিশোরদের যে ক্ষতি করেছে হুমায়ূনীয় সাহিত্য

    কিশোর বয়স থেকে কেউ যদি কেবল দুই-তিন লাইনের সংলাপ আর চটুল কৌতুক পড়ে বড় হয়, তার মস্তিষ্কের পুরস্কার-ব্যবস্থা তাৎক্ষণিক মজা চাইতে থাকে। তখন খোয়াবনামা, প্রদোষে প্রাকৃতজন, পদ্মা নদীর মাঝি বা পথের পাঁচালীর দীর্ঘ বাক্যে এসে সে অধৈর্য হয়। বই বন্ধ করে দেয়।

    আমার জানামতে অনেক পাঠক শ্রেণি আছে যারা হুমায়ূনীয় সাহিত্যেই বন্দী হয়ে আছেন। অথচ কিশোরসাহিত্য হিসেবে সুকুমার রায়সহ আরো অনেক সাহিত্য রয়েছে, যা পাঠককে উচুঁ স্তরের পাঠকে পরিণত করতে সাহায্য করে। সহজ ধাপগুলো পার করতে সাহায্য করে। এ ক্ষেত্রে বলা যেতে পারে হুমায়ূনীয় সাহিত্য অনেক কিশোরকে সহজে বোধগম্য ‘ঝালমুড়ি’ সাহিত্যে বন্দী করে রেখেছে, যা তাৎক্ষণিক মজা দেয়। যার কোনো দীর্ঘমেয়াদি প্রভাব নেই।

    এর দায় যদিও হুমায়ূন আহমেদের নয়। তবে হুমায়ূন ভক্তদের অনেকে বলে থাকেন: হুমায়ূন দেশের প্রকাশনী সংস্থা টিকিয়ে রেখেছেন, বাজার টিকিয়ে রেখেছেন। অথচ তারা বোঝেন না যে লেখকের কাজ নতুন কিছু সৃষ্ট করা, বাজার ধরা নয়।

    এ ক্ষেত্রে আমার এক সাবেক সহকর্মী মিতি আপার কথা মনে পড়ছে। তিনি এক আলোচনায় বলেছিলেন: সৃজনশীল লেখকেরা যখন নতুন কিছু সৃষ্টি করার পরিবর্তে ফর্মূলা অনুযায়ী লিখতে থাকেন তখন তারা নিজের সঙ্গে প্রতারণা করেন। এটা এক ধরনের অসততা। কারণ নতুন কিছু সৃষ্টি করাই সৃজনশীল লেখকের কাজ। হুমায়ূন আহমেদও সৃজনশীল লেখক ছিলেন যা তার প্রথম দিককার কিছু কাজে প্রমাণও দিয়েছেন। পরে তিনি সহজ বাজারি সাহিত্যে নিজেকে নিয়োজিত করেন।

    এভাবেই ঘর্ষণহীন সহজ সাহিত্য উচ্চমানের ধ্রুপদী পাঠের সক্ষমতাকে ভেতর থেকে দুর্বল করে। এই ব্যাখ্যাকে পরীক্ষা করার সবচেয়ে ভালো জায়গা হলো ওই বইগুলো নিজে। নিজেকে প্রশ্ন করুন: কতগুলো হুমায়ূন আহমেদের বই পড়েছেন? কতগুলো বইয়ের চরিত্র ও ঘটনা বা বর্ণনার বিষয়ে বিস্তারিত মনে রেখেছেন? কতগুলো বই দ্বিতীয়বার পড়ার কথা ভাবছেন? কতগুলো বই আপনার অনুজ প্রজন্ম, ভাগনে ভাতিজিকে পড়ার জন্য সুপারিশ করেছেন? এবং সেগুলো কেন পড়া উচিত? এই প্রশ্নগুলো নিজেকে করলেই বিষয়টা পরিষ্কার হবে।

    এ ক্ষেত্রে আবীর ইমন নামে আমার এক কবিবন্ধুর বক্তব্য স্মরণ করতে হয়। তিনি বলেছিলেন, কমবেশি সবাই গল্প বলে, মা চাচি, দাদা দাদিরা গল্প শোনান। এক যে ছিল রাজা........সবাই সহজবাক্যে ঘটনার বর্ণনা দেন। এগুলো কথাসাহিত্যের শিল্পের মানদণ্ডের আওতায় পড়ে না। আমরা কমবেশি সবাই গল্প বলতে পারি। কিন্তু সেগুলো শিল্পমানের স্তরে পৌঁছায় না। কারণ কেবল ঘটনার বর্ণনা সাহিত্য হিসেবে স্বীকৃত পায় না।

    মূল ঘটনায় প্রবেশের আগে বা পরে লেখক যেসব ‘আজাইরা প্যাচাল’ লিখে রাখেন সেটাই সাহিত্যমূল্য সৃষ্টি করে। এই আজাইরা প্যাচাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন বিভূতিভূষণের পুঁইমাচা। সেখানে মূল ঘটনার বাইরে অসংখ্য খুঁটিনাটি বর্ণনা রয়েছে।

    গল্পের শুরুতেই সহায়হরি চাটুজ্জ্যের শীতের সকালে রোদে বসে তামাক খাওয়া এবং তাঁর পুরোনো, তালি দেওয়া চাদরের যে নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে, মূল ঘটনার সাথে এর সরাসরি কোনো যোগ নেই। কিন্তু এই বর্ণনাটিই পাঠকের চোখের সামনে সহায়হরির দারিদ্র্য ও নিরীহ, উদাসীন স্বভাবকে নিমেষেই স্পষ্ট করে তোলে। চিত্রকল্পের মাধ্যমে পাঠক চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন।

    আবার ধরুন, সহায়হরি ও ক্ষেন্তির বনের ভেতর গিয়ে মাটি খুঁড়ে মেটে আলু তোলার দীর্ঘ ও খুঁটিনাটি বর্ণনা। বনের লতাপাতা, পোকামাকড়, রোদের আলো-ছায়া এবং বাপ-মেয়ের নিরীহ খুনসুটির এই দৃশ্যটি মূল ট্র্যাজেডির আগে এক ধরনের মায়াময় আবহ তৈরি করে। অর্থাৎ মূল ঘটনার বর্ণনার বাইরে যে ‘আজাইরা প্যাচাল’ সেটাই প্রকৃত সাহিত্যমূল্য সৃষ্টি করে। ভাঙা মৃৎফলক: প্রদোষে প্রাকৃতজন

    রোলাঁ বার্থের ভাষায় দুই রকম পাঠ পাশাপাশি চলে। পাঠকসুলভ পাঠে পাঠক নিছক ভোক্তা, অর্থ উদ্ধারে তাঁকে কোনো পরিশ্রম করতে হয় না। লেখকসুলভ পাঠ আখ্যানের আরাম ভেঙে দেয়, পাঠককে অর্থ নির্মাণের শ্রমে নামায়। হুমায়ূন আহমেদের আশির দশক-পরবর্তী লেখার বড় অংশ প্রথম বর্গে, ইলিয়াস বা শহীদুল জহিরের লেখা দ্বিতীয় বর্গে। ঘর্ষণহীন গদ্য তাই মজা দেয় বেশি, কিন্তু পাঠকের ধৈর্য বাড়ায় না।

    রোলাঁ বার্থের ভাষায় দুই রকম পাঠ পাশাপাশি চলে। পাঠকসুলভ পাঠে পাঠক নিছক ভোক্তা, অর্থ উদ্ধারে তাঁকে কোনো পরিশ্রম করতে হয় না। লেখকসুলভ পাঠ আখ্যানের আরাম ভেঙে দেয়, পাঠককে অর্থ নির্মাণের শ্রমে নামায়। হুমায়ূন আহমেদের আশির দশক-পরবর্তী লেখার বড় অংশ প্রথম বর্গে, ইলিয়াস বা শহীদুল জহিরের লেখা দ্বিতীয় বর্গে। ঘর্ষণহীন গদ্য তাই মজা দেয় বেশি, কিন্তু পাঠকের ধৈর্য বাড়ায় না।

    ভাঙা মৃৎফলক থেকে খোয়াবনামা

    শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন প্রকাশিত হয় ১৯৮৪ সালে, ইউপিএল থেকে। গবেষক টিয়াশা চাকমার বিশ্লেষণ অনুযায়ী সময়টার তাৎপর্য বড়। উনিশশো আশির দশকে বিশ্বজুড়ে নিম্নবর্গের ইতিহাসচর্চা সবে শুরু হয়েছে। জ্যাক দেরিদার বিনির্মাণ তত্ত্বের চর্চাও তখন নতুন। ঠিক সেই সময়ে শওকত আলী ইতিহাস লিখলেন রাজবংশের চোখ দিয়ে নয়। লিখলেন বাংলার সাধারণ প্রাকৃতজনের চোখ দিয়ে। সময়টা ত্রয়োদশ শতকের শুরু। লক্ষ্মণ সেনের রাজত্বের শেষভাগ। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজির অভিযানের প্রাক্কাল।

    গ্রন্থের উৎসর্গে লেখা আছে। ‘রাঢ় বরেন্দ্র বঙ্গ সমতটবাসী প্রাকৃতজনের সংগ্রামী পূর্ব পুরুষদের স্মরণে।’ তুলনাটা এখানেই স্পষ্ট। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় বা প্রথম আলো-তে আলোর কেন্দ্রে থাকেন রাজা-উজির আর অভিজাতেরা। প্রদোষে প্রাকৃতজন-এ লক্ষ্মণ সেন ও তাঁর সভাসদ কেবল নেপথ্যের ছায়া। কেন্দ্রে চলে আসেন কুমোর, কৃষক, ডোম, শবর আর বৌদ্ধ ভিক্ষুরা। উপন্যাসের শুরুতেই এক মৃৎশিল্পীর সংঘাত। তরুণ শ্যামাঙ্গ আর তার গুরু বসুদেব।

    শ্যামাঙ্গ পোড়ামাটির ফলকে সাধারণ শ্রমজীবী আর অন্ত্যজ মানুষের মুখে কথা ফোটায়। সোমপুর মহাবিহারের ঐতিহ্যের ধারাবাহিকতায় সে এ কাজ করে। গুরু বসুদেব ব্রাহ্মণ্য শাস্ত্রানুশাসনের রক্ষক। তিনি নির্দেশ দেন, ফলকে ব্রাত্য প্রসঙ্গ রাখা চলবে না। শাস্ত্র থেকে বিচ্যুতি চলবে না। তাঁর প্রশ্ন, শ্রীরামচন্দ্রের কি এই মুখাবয়ব হয় কখনো। শেষ নির্দেশ, এসব কাজ হবে না, বিনষ্ট করো। এ প্রেক্ষাপটে শ্যামাঙ্গের উত্তরটি উপন্যাসের সবচেয়ে ধারালো লাইন। ‘কেন গুরুদেব, ব্রাত্য মুখচ্ছবিতে অপরাধ কী।’

    এই একটি প্রশ্নে শিল্পের শ্রেণিচরিত্র খুলে যায়। কে মুখ দেখাতে পারবে, আর কার মুখ শাস্ত্রে নিষিদ্ধ, সেটাই তখন শিল্পের নিয়ম। তারপর আসে রাজনীতির স্তর। সেন আমলের ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রে মহাসামন্ত হরিসেন, সুধীমিত্র, বজ্রসেন আর গ্রামপতি সোমজিৎ উপাধ্যায়ের নিপীড়ন। তার নিচে পিষ্ট মানুষ। স্বামী পরিত্যক্তা লীলাবতী, যার স্বামী বাসররাতে বলে, ‘বিবাহে বিশ্বাস হয় না, নারীতে বিশ্বাস হয় না, তোমাকে বিশ্বাস হয় না।’ পরে সে সামন্তপতির লুণ্ঠনকারী বাহিনীতে ঢোকে। আছে মায়াবতী। আছে প্রতিবাদী ডোমনী কুসুম। আছে সামন্তপতির বিদ্রোহী পরিচারিকা কৃষ্ণা। আছে বৌদ্ধ ভিক্ষুদের দুই নেতা। মিত্রানন্দের বৈপ্লবিক উত্তেজনা, আর বসন্তদাসের সংশয়। ভিটেমাটি হারানো মানুষের আর্তি উপন্যাসে তীব্র প্রশ্ন হয়ে ঝরে। ‘সুখ নাই, স্বস্তি নেই, গৃহ নেই, কেবলি প্রাণ নিয়ে পলায়ন। এর শেষ কোথায়।’

    মিত্রানন্দ মানুষকে নতজানু দাসত্ব ছেড়ে সামন্ত ব্যবস্থা ভাঙার ডাক দেয়। তখন বসন্তদাস তোলেন সবচেয়ে কঠিন প্রশ্নটি। ব্যবস্থা তো ভাঙবে। কিন্তু ‘তার পরিবর্তে কী পাবে সকলে।’

    পশ্চিম থেকে এগিয়ে আসা তুর্কি বাহিনীর পদশব্দ শোনে অন্ত্যজ মানুষ দুই দিকে তাকায়। একদিকে ব্রাহ্মণ্য ছোঁয়াছুঁয়ির অবসানের আশা। লোকমুখে শোনা যায়, ওই শাসকের ধর্মে মনিব আর ভৃত্য এক থালায় খায়। নিপীড়ন থেকে বাঁচতে নিম্নবর্গের সনাতনীরা কেন মুসলমানে পরিণত হয় তা বিস্তারিতভাবে জানা যায় এ গ্রন্থে। পাশাপাশি বাংলার নিম্নবর্গের এই অমীমাংসিত প্রদোষকাল ধরতে শওকত আলী নির্মাণ করেন এক ধ্রুপদী গদ্যরীতি।

    সাধু ভাষার শব্দভাণ্ডার, কিন্তু চলিত ভাষার গড়ন। তাতে ফুটে ওঠে প্রাচীন পালি-প্রাকৃত-অপভ্রংশের আবহ। শওকত আলী এই উপন্যাসে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভাষার আশ্রয় নিয়েছেন, যা তার অন্য সব উপন্যাসের ভাষা থেকে আলাদা। সরকার আবদুল মান্নান কালি ও কলম-এ লিখেছেন, এই ভাষা লেখকের এক অসাধারণ আবিষ্কার। অর্থাৎ শওকত আলীর একটিমাত্র ক্ষুদ্র উপন্যাস হুমায়ূন আহমেদের তিন চার শ বাজারি বইয়ের চেয়ে মূল্যবান।

    আখতারুজ্জামান ইলিয়াসআখতারুজ্জামান ইলিয়াস। ছবি: উইকিপিডিয়া (সংগৃহীত)

    আখতারুজ্জামান ইলিয়াস বেঁচেছিলেন চুয়ান্ন বছর, ১৯৪৩ থেকে ১৯৯৭। এই সময়ে তিনি লিখেছেন দুটি উপন্যাস, চারটি গল্পগ্রন্থ, একটি প্রবন্ধ সংকলন। দুটি উপন্যাসই বাংলা সাহিত্যের মোড় বদলেছে। চিলেকোঠার সেপাই প্রকাশিত হয় ১৯৮৬ সালে, খোয়াবনামা ১৯৯৬ সালে।

    চিলেকোঠার সেপাই-তে উনসত্তরের গণঅভ্যুত্থান কোনো রোমান্টিক স্লোগানে দেখা হয়নি। দেখা হয়েছে ঢাকার এক চিলেকোঠায় আবদ্ধ মধ্যবিত্ত যুবক ওসমান গণির চোখ দিয়ে। ওসমানের বিপরীতে আছে আলাউদ্দিন মিয়ার রিকশা গ্যারেজের শ্রমিক হাড্ডি খিজির। আছে গ্রামের বর্গাচাষি চেংটু।

    মধ্যবিত্ত রাজনীতিক আর জোতদারেরা আন্দোলনকে নিজেদের ক্ষমতার সিঁড়ি বানায়। রাজপথে প্রাণ দেয় খিজির আর চেংটুর মতো মানুষ। শেষ অংশে ইলিয়াস বাস্তববাদ ছেড়ে এক পরাবাস্তব মহাপ্রস্থান তৈরি করেন।

    ফায়ার ব্রিগেডের জলধারা বুড়িগঙ্গা হয়ে ঢাকার আগুন আরও উসকে দিচ্ছে। আর নিহত হাড্ডি খিজিরের ডাকে মহল্লার জীবিত মানুষের মিছিলে যোগ দিচ্ছে শত শত বছর ধরে নিহত মানুষ। মিরাটের সেপাই, বেরিলির সেপাই, লক্ষ্মৌ-এর মানুষ, ঘোড়া ঘাটের মানুষ, লালবাগের মানুষ। সায়েবদের পোষা কুকুর নবাবদের হাতে নিহত তারাও আসছে। এই মৃত মানুষের ডাকেই ওসমান চিলেকোঠার তালা ভেঙে রাজপথে নেমে আসে। মধ্যবিত্তের আত্মপ্রেমের চার দেয়াল ভেঙে সে গণআন্দোলনে মেশে।

    এর দশ বছর পর এল খোয়াবনামা। ১৯৯৪ সালে দৈনিক জনকণ্ঠ-এ ধারাবাহিকভাবে ছাপা শুরু হয়েছিল, রাজনৈতিক কারণে মাঝপথে বন্ধ হয়। ক্যানভাস এবার বগুড়ার কাৎলাহার বিল, গিরিরডাঙা আর গোলাবাড়ি হাট। শুরুটা আঠারো শতকের ফকির-সন্ন্যাসী বিদ্রোহের এক মিথ দিয়ে।

    গোরা সেপাইদের গুলিতে নিহত মুনশি বরকতুল্লাহ শাহ কাৎলাহার বিলের উত্তরে পাকুড়গাছের মাথায় আসন গাড়েন। তাঁর উত্তরাধিকার বহন করে চেরাগ আলী ফকির। দ্বিতীয় উত্তরাধিকারী নামহীন। তাকে বলা হয় তমিজের বাপ। কাফকার বিচার উপন্যাসের চরিত্র কিংবা দেবেশ রায়ের তিস্তাপারের বৃত্তান্ত-র বাঘারুর মতো তার ব্যক্তিগত নাম নেই।

    কারণটা পরিষ্কার। সে আবহমান বাংলার ভূমিহীন, স্বপ্নতাড়িত মানুষের প্রতীক। ইলিয়াস লিখেছেন, ঘুম তমিজের বাপের এক ধরনের কাজ, তার খুব প্রিয় পেশাও বলা যায়। উপন্যাসের সবচেয়ে বড় শক্তি এর সমাজতাত্ত্বিক দৃষ্টি। ১৯৪৬-৪৭ সালের তেভাগা আন্দোলন আর পাকিস্তান আন্দোলনের শ্রেণিগত প্রতারণা এখানে পাশাপাশি খোলে।

    হিন্দু জমিদার ও মহাজনের শোষণ থেকে বাঁচতে মুসলমান কৃষক আর মাঝিরা জিন্নাহ টুপি পরে পাকিস্তান আন্দোলনে ঝাঁপ দেয়। কিন্তু ধর্মকে ব্যবহার করে তেভাগার শ্রেণিসংগ্রাম দমনের কৌশল নেয় উদীয়মান গ্রামীণ জোতদারেরা। শরাফত মণ্ডল, আবদুল কাদের, কালাম মাঝি। নেতারা কৃষকদের বোঝায়, জমিদারের সম্পত্তি কেড়ে নিলে কম্যুনিস্টদের সঙ্গে ফারাক কী থাকবে। ইসলামে কি কারও সম্পত্তি দখলের হুকুম আছে।

    উল্টো দিকটাও আছে। বর্গাচাষি যখন তেভাগার দাবিতে ধান কেটে নিয়ে যায়, তখন জোতদারের ক্ষোভ বেরিয়ে আসে বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক ভাষায়। ‘হামার বর্গা চাষা হামার জমির ধান লিয়া গেলে লিজের ঘরত, আবার শুনি ওই চাষা বলে হামারই পার্টির মানুষ।’

    দেশভাগের পর কাৎলাহার বিলের জেলেরা ভেবেছিল জমিদারি উচ্ছেদ হলে বিল তাদের হবে। পরে জানতে পারে বিল ইজারা নিয়েছে কালাম মাঝি, তাদেরই দলের লোক। তার কথা নির্মম এবং স্পষ্ট। ‘বিল তো হামি ইজারা লিছি। দস্তরমত টাকা পয়সা খরচ কর‌্যা ইজারা লিছি।............’

    ভাষার কাজটি এখানেই। প্রান্তিক মানুষের ক্ষুধা, দ্বন্দ্ব আর গ্রামীণ সমাজের রূঢ় বাস্তবতা উঠে আসে চেতনাপ্রবাহে, তীব্র বিদ্রূপে। তমিজের মানসিক অস্থিরতা ধরা পড়ে পুনরাবৃত্তির ভেতর দিয়ে। আধিয়ারদের তাড়া খেয়ে কাটা ধান ফেলে সে দৌড় দেয়। দৌড়, দৌড়, দৌড়।

    আর উপন্যাসের শেষে আসে উল্টো সুর। কাৎলাহার বিল শুকিয়ে চোরাবালি হয়ে যায়। পাকুড়গাছ কাটা পড়ে, ইটখোলা বসে। তমিজের বাপ ঘুমের ঘোরে চোরাবালিতে তলিয়ে যেতে থাকে। এই ভাঙনের ভেতর ইলিয়াস লেখেন জাদুবাস্তবতার এক শীতল দৃশ্য।

    তমিজের স্ত্রী ফুলজান আর মেয়ে সখিনা দেখে, কৃষ্ণপক্ষের রাতেও চাঁদের ওপর জোনাকির আগুনে আউশের রাঙা চালের ভাত ফুটছে। বাস্তবতা নিয়ে ইলিয়াসের নিজের কথা এখানে মিলে যায়। তিনি বলেছিলেন, বাস্তব মানে কেবল যা চোখে পড়ে তা নয়। স্বপ্ন, সাধ, সংকল্প, সংস্কার, কুসংস্কার সবই বাস্তবের ভেতরের বাস্তব।

    এই বাক্যটি তাঁর সাহিত্যের পদ্ধতিও, প্রতিরোধও। বাজারের চাহিদা অনুযায়ী লেখা না হলে যা হয়, এই উপন্যাস তার উদাহরণ।

    শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজনে’ ইতিহাস লেখা হয়েছে রাজবংশের চোখ দিয়ে নয়, কুমোর-কৃষক-ডোমের চোখ দিয়ে। ভাষা সেখানে সাধুর শব্দভাণ্ডার আর চলিতের গড়ন মিলিয়ে এক নতুন গদ্যরীতি। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ তেভাগা আর দেশভাগের শ্রেণিগত প্রতারণাকে ধরে ফেলে আঞ্চলিক কথ্যভাষার ভেতর দিয়ে। দুই উপন্যাসই দেখায়, ক্যানন তৈরি হয় ভাষার মৌলিকত্বে, ঘটনার বিনোদনে নয়। হুমায়ূন আহমেদের তিন-চারশ বাজারি বইয়ের চেয়ে এই একটি ক্ষুদ্র উপন্যাসই ভারী।

    শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজনে’ ইতিহাস লেখা হয়েছে রাজবংশের চোখ দিয়ে নয়, কুমোর-কৃষক-ডোমের চোখ দিয়ে। ভাষা সেখানে সাধুর শব্দভাণ্ডার আর চলিতের গড়ন মিলিয়ে এক নতুন গদ্যরীতি। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ তেভাগা আর দেশভাগের শ্রেণিগত প্রতারণাকে ধরে ফেলে আঞ্চলিক কথ্যভাষার ভেতর দিয়ে। দুই উপন্যাসই দেখায়, ক্যানন তৈরি হয় ভাষার মৌলিকত্বে, ঘটনার বিনোদনে নয়। হুমায়ূন আহমেদের তিন-চারশ বাজারি বইয়ের চেয়ে এই একটি ক্ষুদ্র উপন্যাসই ভারী।

    শহীদুল জহিরের নীরব বিপ্লব

    শহীদুল জহিরশহীদুল জহির। ছবি: উইকিপিডিয়া (সংগৃহীত)

    শহীদুল জহির (১৯৫৩–২০০৮) প্রথাগত আখ্যানকাঠামো আর বাক্যগঠনকে সবচেয়ে সাহসের সঙ্গে ভেঙেছেন। জীবদ্দশায় তিনি সাহিত্যের আড্ডা, অনুষ্ঠান ও প্রচার থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন। তাঁর বইয়ের প্রথম সংস্করণ বিক্রি হতে বছর পেরিয়ে যেত। জীবদ্দশার বিক্রি বা রয়্যালটির কোনো প্রাতিষ্ঠানিক হিসাব প্রকাশিত নিবন্ধেও মেলে না।

    মৃত্যুর কয়েক বছর পর, বিশেষত ২০১২-১৩ সাল থেকে ছবিটা বদলায়। মননশীল পাঠক আর তরুণেরা তাঁকে প্রথমে কাল্ট লেখক হিসেবে নেন, পরে বাংলা সাহিত্যের প্রধান ক্লাসিক হিসেবে। তাঁর শিল্পবিপ্লবের প্রথম জায়গা সামষ্টিক কথকতা। ‘লোকেরা বলে’, ‘আমরা জানি’—এই কণ্ঠে আখ্যান এগোয়।

    দ্বিতীয় জায়গা সংশ্লেষ। লাতিন আমেরিকান জাদুবাস্তবতা আর পুরান ঢাকার ভুতের গলি, লক্ষ্মীবাজার, সুহাসিনী গ্রামের দেশজ বাস্তবতা মিলে যায় এক জায়গায়। জীবন ও রাজনৈতিক বাস্তবতা প্রকাশিত হয় ১৯৮৮ সালে, কিছু সূত্রে সালটি ১৯৮৭। উপন্যাসটি লেখা হয়েছে একটিমাত্র অনুচ্ছেদে, কোনো অধ্যায়ের বিরতি নেই।

    এক শ্বাসে এগোয় দুই সময়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি, আর ১৯৮৫ সালের বাংলাদেশে স্বাধীনতাবিরোধী শক্তির রাজনৈতিক পুনর্বাসন। কেন্দ্রীয় চরিত্র আবদুল মজিদ লক্ষ্মীবাজারে দাঁড়িয়ে দেখে, একাত্তরের রাজাকার বদু মওলানা আবার মহল্লায় ফিরে এসেছে। রাজনীতিক আজিজ পাঠান তাকে বরণ করে নিচ্ছে।

    মজিদ বাকরুদ্ধ হয়। সে বাড়ি বিক্রি করে মহল্লা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গবেষক মোঃ গোলাম মাহমুদ পাভেল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকায় গত বছরের ডিসেম্বরে লিখেছেন, বদু মওলানা এখানে দুই কৌশলে ক্ষমতা চালায়। বলপ্রয়োগ, আর মনস্তাত্ত্বিক আণবিক ভীতি।

    নিজের পারিবারিক গোপন কথা জেনে ফেলায় ইসমাইল হাজ্জামকে সে-রাতেই পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে জবাই করায়। একাত্তরে বদু মওলানা মহল্লার আকাশে কাক ওড়ায়। শহীদ খাজা আহমেদ আলীর কবরের পাশে নিজের মরা কুকুর পুঁতে দেয়। তারপর মহল্লাবাসীকে বলে, এই কবরে কোনো পীর নাই, কুত্তা আছে। পুরো মহল্লা ভয়ে ঘরের বাতি নিভিয়ে দেয়।

    কেবল কিশোর আবদুল মজিদ অন্ধকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদে নিজের ঘরের বাতি জ্বালিয়ে রাখে। আশ্রয় খোঁজে প্রতিবেশী মায়ারানী মালাকারের শনি-পূজার অসাম্প্রদায়িক স্মৃতিতে। দ্বিতীয় উপন্যাস সে রাতে পূর্ণিমা ছিল, ১৯৯৫। এখানে সরাসরি সমকালীন ইতিহাস নয়, একেবারে অন্য এক পদ্ধতি।

    ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডি ঢেকে দেওয়া হয় সুহাসিনী গ্রামের প্রভাবশালী নেতা মফিজউদ্দিন মিঞার সপরিবারে নিহত হওয়ার রূপকে। এর সঙ্গে মেশে ব্রাহ্মণবাড়িয়ার নিরাদাভাব গ্রামের বাস্তব ঘটনা। এক পরিবারের ছয়জনকে হত্যা করে ড্রামের ভেতর চুন দিয়ে নদীতে ফেলা হয়েছিল। নাপিত তোরাপ আলীর বয়ানে আসে সেই অদ্ভুত দৃশ্য। মফিজউদ্দিনের হাতের রেখা তিনটি পাকানো দড়ির মতো আঙুলের ফাঁক দিয়ে মাটির দিকে গড়িয়ে পড়ছে। আর গ্রামবাসী বিশ্বাস করে, তিনি ১১১ বছর বাঁচবেন। ফলে গ্রামে কখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার দরকার পড়ে না।

    এখানেই আন্তোনিও গ্রামসির আধিপত্য-তত্ত্বের এক অসামান্য সাহিত্যিক রূপ তৈরি হয়। ক্ষমতা তখন কেবল লাঠিতে নয়, মানুষের মেনে নেওয়ার অভ্যাসে টেকে। মৃত্যুর পর প্রকাশিত আবু ইব্রাহীমের মৃত্যু আরেক ধাপ। ১৯৯১ সালের ৮ জুন নিপুণ পত্রিকায় প্রথম ছাপা হয়, গ্রন্থ আকারে আসে ২০০৯ সালে, মাওলা ব্রাদার্স থেকে।

    প্রাচীন চীনা লেখক সিমা ছিয়েনের দর্শনের আলোয় এখানে দেখা হয় বেইলি রোডের সরকারি কলোনির ছাপোষা কর্মকর্তা আবু ইব্রাহীমের নৈতিক দ্বন্দ্ব। ছুরিকাঘাতে তার আকস্মিক মৃত্যু দেখায়, আধুনিক সমাজে সৎ মানুষের মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারী হয় না। হয়ে ওঠে বেলে হাঁসের পালকের চেয়েও হালকা।

    আবু ইসহাকআবু ইসহাক। ছবি: উইকিপিডিয়া (সংগৃহীত)

    গত ১ নভেম্বর আবু ইসহাকের জন্মশতবর্ষ পূর্ণ হয়েছে। তিনি বেঁচেছিলেন ১৯২৬ থেকে ২০০৩। শতবর্ষের এই সময়েও মূলধারার সাহিত্য আলোচনায় তাঁকে নিয়ে গভীর চর্চা নেই। সাধারণ পাঠকমহলেও তিনি প্রায় অনুপস্থিত।

    জীবদ্দশায় তিনি লিখেছেন তিনটি উপন্যাস। সূর্য-দীঘল বাড়ী (১৯৫৫), পদ্মার পলিদ্বীপ (১৯৮৬) আর গোয়েন্দা উপন্যাস জাল (১৯৮৮)। সংখ্যায় কম, তবু প্রথম উপন্যাসটিই তাঁকে কালজয়ী মর্যাদা দিয়েছে। কারণ সেটি সমাজের নৈতিক ব্যবচ্ছেদে নেমেছে।

    পটভূমি ১৯৪৩ সালের পঞ্চাশের মন্বন্তর। সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৬-এর সাম্প্রদায়িক দাঙ্গা আর ১৯৪৭-এর দেশভাগ। ডেইলি স্টারের জন্মশতবর্ষের মূল্যায়নে একটি বাক্য আছে। ইতিহাস মানে কেবল জাতির সঙ্গে কী ঘটল তা নয়। ইতিহাস মানে জাতি তার সবচেয়ে দরিদ্র নাগরিকদের সঙ্গে কী ঘটতে দিল।

    মন্বন্তরে ভিটেমাটি হারিয়ে শহরে যাওয়া মানুষের ক্ষুধা এখানে স্থায়ী ক্ষতচিহ্ন। মজুদদারের গুদামে চাল, হোটেলে খাবারের সমারোহ, অথচ হাতের কাছে কিছু নেই। শহর থেকে ফিরে স্বামী পরিত্যক্তা জয়গুন আশ্রয় নেয় পরিত্যক্ত এক সূর্য-দীঘল বাড়িতে। সঙ্গে সন্তান হাসু, মায়মুন আর ভাইপো শফি।

    বাড়িটি পূর্ব-পশ্চিমমুখী, তাই লোকের ডাক নাম সূর্য-দীঘল। এখন সেটি খালি পড়ে আছে, আর গ্রাম তাকে বলে অভিশপ্ত। ইসহাক এখানে দুটি শোষণযন্ত্র খুলে দেন। একটি পিতৃতান্ত্রিক ধর্মব্যবসা, অন্যটি কুসংস্কারের অর্থনীতি।

    জয়গুন যখন সন্তানদের মুখে খাবার তুলতে বাইরে বেরোয়, মোল্লারা আর মাতব্বর গদু প্রধান তাকে বলে বেপর্দা আওরাত। মেয়ের বিয়ের আগে প্রকাশ্যে তওবা করার নাটক সাজানো হয়। দ্বিচারিতাটা এখানেই ধরা পড়ে। সমাজ নারীর পর্দায় জোর দেয়, অথচ বেঁচে থাকার ন্যূনতম উপকরণটুকু কেড়ে নেয়।

    দ্বিতীয় যন্ত্র চলে ভয়ের পুঁজিতে। ফকির জোবেদ আলী আর দিদার বক্স তাবিজ আর পাহারার ব্যবসা ফাঁদে। তাদের যুক্তি, বছরে একবার পাহারা বদলাতে হবে। দিনরাত ভূত-পেত্নীর সঙ্গে যুদ্ধ করা সহজ কথা নয়।

    আর ভয়টা কে তৈরি করে। গ্রামের সুযোগসন্ধানী মাতব্বর গদু প্রধান নিজেই অন্ধকারে ঢিল ছোড়ে, তারপর ভূতের গল্প ছড়ায়। জয়গুনকে ভিটেছাড়া করা আর নিজের বশে আনাই তার লক্ষ্য। শেষে ছদ্মবেশ ধরা পড়ে যায়। ধরা দেয় জয়গুনের প্রাক্তন স্বামী করিম বকশের হাতে।

    এখানেও গ্রামসির আধিপত্য। বাড়িটি অভিশপ্ত নয়। অভিশপ্ত ও রোগগ্রস্ত সেই সামন্ত-পিতৃতান্ত্রিক সমাজ, যা জয়গুনের মতো নারীকে কেবল বেঁচে থাকার জন্যই বীরের মতো লড়তে বাধ্য করে।

    শহীদুল জহির আখ্যানকাঠামো আর বাক্যগঠন সবচেয়ে সাহসের সঙ্গে ভেঙেছেন। জীবদ্দশায় তিনি আড্ডা, অনুষ্ঠান ও প্রচার থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন, প্রথম সংস্করণ বিক্রি হতে বছর পেরিয়ে যেত। মৃত্যুর পরে প্রাতিষ্ঠানিক প্রচারণা ছাড়াই তরুণ পাঠকেরা তাঁকে গ্রহণ করেছে। আবু ইসহাকের ‘সূর্য-দীঘল বাড়ী’ জন্মশতবর্ষেও মূলধারার আলোচনায় প্রায় অনুপস্থিত। প্রশ্নটা পাঠকের অক্ষমতার নয়, পাঠকের সামনে কোন বই তুলে ধরা হয় তার।

    শহীদুল জহির আখ্যানকাঠামো আর বাক্যগঠন সবচেয়ে সাহসের সঙ্গে ভেঙেছেন। জীবদ্দশায় তিনি আড্ডা, অনুষ্ঠান ও প্রচার থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন, প্রথম সংস্করণ বিক্রি হতে বছর পেরিয়ে যেত। মৃত্যুর পরে প্রাতিষ্ঠানিক প্রচারণা ছাড়াই তরুণ পাঠকেরা তাঁকে গ্রহণ করেছে। আবু ইসহাকের ‘সূর্য-দীঘল বাড়ী’ জন্মশতবর্ষেও মূলধারার আলোচনায় প্রায় অনুপস্থিত। প্রশ্নটা পাঠকের অক্ষমতার নয়, পাঠকের সামনে কোন বই তুলে ধরা হয় তার।

    একটি জাতির সাহিত্যবোধ কেবল লেখকদের মেধায় মাপা যায় না। মাপা হয় তার পাঠ্যসূচি, সমালোচকসমাজ আর শিক্ষিত পাঠকের গ্রহণক্ষমতা দিয়ে। এই মানদণ্ডে একটি বৈপরীত্য চোখে পড়ে। খোয়াবনামা প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স থেকে। দুই মাসের মাথায়, ওই বছরের এপ্রিলে, বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে। সে বছরই কলকাতার আনন্দ পুরস্কার পান ইলিয়াস। ক্যান্সারে আক্রান্ত ইলিয়াস শুরুতে পুরস্কার নিতে রাজি হননি। পরে চিকিৎসার অর্থাভাব আর পুরস্কার কমিটির সদস্য আনিসুজ্জামানসহ শুভানুধ্যায়ীদের অনুরোধে তিনি সম্মতি দেন।

    পুরস্কারই একমাত্র স্বীকৃতি নয়। পশ্চিমবঙ্গের প্রথম সারির লেখকেরা তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী বলে মেনে নেন। মহাশ্বেতা দেবী, দেবেশ রায় আর শঙ্খ ঘোষ এই তালিকায় আছেন। দেবেশ রায় ইলিয়াসের গদ্যের নির্মম বাস্তবতা আর ভাষার সাহস নিয়ে আলাদা বিশ্লেষণ লিখেছেন।

    মহাশ্বেতা দেবীর সঙ্গে ইলিয়াসের কথোপকথন দুই বাংলার প্রান্তিক মানুষের আখ্যানকে এক সূত্রে বেঁধেছে। এর ধারাবাহিকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে খোয়াবনামা আর চিলেকোঠার সেপাই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রধান পাঠ্য হয়ে উঠেছে। অথচ যে বাংলাদেশে বসে ইলিয়াস এই দুই উপন্যাস লিখলেন, সেখানে সীমিতই পাঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কোনো বিশ্ববিদ্যালয়ে তার রচনা পাঠ্য হয়নি। যে বগুড়ার বরেন্দ্রভূমি আর ঢাকার রাজপথ তাঁর উপজীব্য, সেখানে বই দুটি প্রায় অচেনা।

    তাহলে কি এই দেশে গভীর সাহিত্য বোঝার মানুষ কম। উত্তরটা জৈবিক নয়, প্রাতিষ্ঠানিক। মার্কিন সাহিত্যতাত্ত্বিক জন গিলোরি তাঁর ১৯৯৩ সালের বইয়ে দেখিয়েছেন, কোনো লেখা আপনাআপনি কালজয়ী হয়ে পাঠকের হাতে পৌঁছায় না। ফরাসি সমাজবিজ্ঞানী পিয়েরে বোর্দিউ ও জিসেল সাপিরো একই সিদ্ধান্তে পৌঁছেছেন। সাহিত্য বোঝার ক্ষমতা জৈবিক নয়। সেটি নির্ভর করে সাংস্কৃতিক পুঁজির বণ্টনে। আর সেই পুঁজি তৈরি করে কয়েকটি প্রতিষ্ঠান। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, সমালোচকসমাজ, প্রকাশনা নেটওয়ার্ক, গ্রন্থাগার ও গণমাধ্যম। বাংলাদেশে এর সবকটি স্তম্ভই দুর্বল। প্রথম স্তম্ভ শিক্ষাব্যবস্থা। সৃজনশীল শিক্ষার নামে চলে মুখস্থবিদ্যা আর গাইডবই।

    শিক্ষার্থীর লক্ষ্য জিপিএ-৫। মূল পাঠ্য নিবিড়ভাবে পড়ার অভ্যাস তৈরি হয় না। দ্বিতীয় স্তম্ভ সমালোচনা। বোর্দিউ ও সাপিরো যাঁদের সাহিত্যমূল্য নির্ধারক বলে ডেকেছেন, তাঁদের সংখ্যা এখানে হাতে গোনা।

    সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমর, সলিমুল্লাহ খান বা আজফার হোসেনের বাইরে মূলধারার পত্রিকার সাহিত্য পাতা প্রায় নিঃস্ব। সেখানে মুড়ির ঠোঙার কদর বেশি। নির্মোহ সমালোচনার জায়গা নিয়েছে স্তাবকতা আর সিন্ডিকেট-তোষণ। যে বই বড় প্রকাশকের, যে বই বাজারে বিকোচ্ছে ভালো, সেই বইয়ের প্রশংসাই আগে আসে। এখানে একটি কথা মনে রাখা দরকার। ইলিয়াস নিজে সমালোচক হিসেবে নির্মোহ ছিলেন। পছন্দের মানুষের দুর্বল লেখার প্রশংসা তিনি করতেন না।

    তৃতীয় স্তম্ভ প্রকাশনা বাজার। বইমেলায় এক শ্রেণির প্রকাশক মান নিয়ন্ত্রণ ছাড়াই বই বের করেন। হালকা রোমান্টিক উপন্যাস, চটুল থ্রিলার, ভাইরাল তারকার আত্মজীবনী—এসবের একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে সেখানে। ফরাসি তাত্ত্বিক জেরার জেনেতের প্যারাটেক্সট তত্ত্ব এখানে কাজে লাগে।

    প্রচ্ছদ, প্রচারণা আর আগের মূল্যায়ন তাঁর রুচিকে আগেই ফ্রেমবন্দি করে ফেলে। বাংলাদেশে এই প্রচারণা-কাঠামো প্রায় পুরোটা বাণিজ্যিক সাহিত্যের দখলে। তাই প্রশ্নটা দাঁড়ায় অন্য জায়গায়। পাঠকের অক্ষমতা নয়, পাঠকের সামনে রাখা তালিকাটাই এখানে নির্ধারক।

    সাড়ে তিন কোটি ক্রেতা কি ভুল হতে পারে

    জনপ্রিয়তার পক্ষে সবচেয়ে সহজ যুক্তিটি সংখ্যায় আসে। যদি লক্ষ লক্ষ মানুষ একটি বই কেনেন আর আনন্দ পান, তবে সেটি কেন মহৎ সাহিত্য নয়। ঠিক এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড ব্লুম। তিনি ছিলেন বিংশ শতকের সবচেয়ে প্রভাবশালী সমালোচকদের একজন।

    ২০০০ সালের জুলাই। তখন হ্যারি পটার সিরিজ বিশ্বজুড়ে সাড়ে তিন কোটি কপি ছাড়িয়েছে। ওই মাসের ১১ তারিখে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ ব্লুম একটি প্রবন্ধ লেখেন। প্রবন্ধের শিরোনামটাই ছিল প্রশ্ন। সাড়ে তিন কোটি বই-ক্রেতা কি ভুল হতে পারে। ব্লুমের উত্তর ছিল এক শব্দে, হ্যাঁ।

    তাঁর আগের বই ‘পশ্চিমা ক্যানন’ প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালে। সেখানেও তিনি একই কথা লিখেছেন। সাহিত্যের শ্রেষ্ঠত্ব বাজারের বিক্রয়-রশিদে নির্ধারিত হয় না। ব্লুমের যুক্তি ছিল দুই ধাপে। প্রথমত, রাউলিংয়ের গদ্য ছকবাঁধা বাগ্ধারায় ভরা। দ্বিতীয়ত, সবচেয়ে বড় অভিযোগ, তাঁর লেখা পাঠকের মস্তিষ্কের কাছে কোনো দাবিই জানায় না।

    ব্রিটিশ লেখক এ. এস. বায়াট ২০০৩ সালে নিউ ইয়র্ক টাইমস-এ একই সুরে লিখেছেন। প্রাপ্তবয়স্ক পাঠক জটিল ধ্রুপদী ছেড়ে শিশুতোষ ফ্যান্টাসিতে ডুবে থাকলে তা সংস্কৃতির অবনমন। এই যুক্তি বাংলাদেশের বাজারেও খাটে। কোটি কপি বিক্রি হলে ক্লিশে গদ্য কালজয়ী হয়ে যায় না। মাপকাঠি থাকে ভাষার মৌলিকত্বে।

    সংখ্যার প্রশ্নটা সমাজতাত্ত্বিকভাবেও ব্যাখ্যা করা যায়। পিয়েরে বোর্দিউ তাঁর ‘সাংস্কৃতিক উৎপাদনের ক্ষেত্র’ (১৯৯৩) আর ‘শিল্পের নিয়ম’ (১৯৯৬) বইয়ে সে কাজ করেছেন। তাঁর কথা হলো, সাহিত্যের ক্ষেত্র একটি বিপরীত অর্থনীতি মেনে চলে। এখানে দুই মেরু পাশাপাশি থাকে।

    এক মেরু বাণিজ্যিক। এই মেরু বাজারের চাহিদা আর তাৎক্ষণিক মুনাফার নিয়মে চলে। এখানে লেখক আর প্রকাশক অর্থনৈতিক পুঁজি অর্জন করেন। লক্ষ কপি বিক্রি হয়, জনপ্রিয়তা আসে, কিন্তু সময়ের সঙ্গে সেটি ম্লান হয়।

    অন্য মেরু স্বায়ত্তশাসিত, মানে শৈল্পিক। এই মেরুর লেখক বাজারের ফরমাশ ফিরিয়ে দেন। তিনি দায়বদ্ধ থাকেন শিল্পের নিজস্ব নিয়মের কাছে। জীবদ্দশায় তাঁদের বিক্রি কম। কিন্তু কালজয়ী শিল্পমূল্যের কারণে তাঁরা অর্জন করেন প্রতীকী পুঁজি।

    এই প্রতীকী পুঁজিই লেখককে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখে। পাসকাল কাসানোভা তাঁর ‘বিশ্বসাহিত্য প্রজাতন্ত্র’ বইয়ে দেখিয়েছেন, আন্তর্জাতিক স্বীকৃতি কীভাবে এই প্রতীকী পুঁজিকে বাড়ায়। সাম্প্রতিক উদাহরণ আছে। ২০২২ সালে শহীদুল জহিরের দুই নভেলার ইংরেজি অনুবাদ বেরোয়, ভি. রামস্বামী ও শাহরোজা নাহরিনের অনুবাদে।

    আবদুস সেলিমের অনুবাদে বেরোয় আবু ইসহাকের সূর্য-দীঘল বাড়ী। অনুবাদ মানে কেবল পাঠক বাড়া নয়। অনুবাদ মানে ক্যাননে ঢোকার দরজা। তৃতীয় তত্ত্বটি ফ্রাঙ্কফুর্ট স্কুলের। থিওডোর অ্যাডর্নো ও ম্যাক্স হর্খাইমার ১৯৪৭ সালে ‘দ্বান্দ্বিক আলোকায়ন’ বইটি লেখেন। সে বইয়ের একটি অধ্যায়ের নাম ‘সংস্কৃতি-শিল্প: গণপ্রতারণা হিসেবে আলোকায়ন’। সেখানে তাঁরা একটি কঠিন কথা বলেন। পুঁজিবাদী সংস্কৃতি-শিল্প যে বস্তু তৈরি করে, তা আর শিল্প থাকে না। তা পুরোপুরি পণ্যে পরিণত হয়।

    এই শিল্প ক্লান্ত মানুষের মস্তিষ্ককে আরাম দিতে চায়। তাই সে এমন পণ্য বানায়, যা আগেই হজম করা, অর্থাৎ প্রি-ডাইজেস্টেড। পাঠক সেখানে প্রশ্ন করতে শেখে না। শেখে স্থিতাবস্থা মেনে নিয়ে হালকা বিনোদনে থাকতে।

    পশ্চিমা সাহিত্য-সংস্কৃতিতে এই কারণে বেস্টসেলার আর ক্যাননের মাঝে সীমারেখা টানা থাকে। উদাহরণগুলো পরিষ্কার। আমেরিকায় কলিন হুভার বা ড্যান ব্রাউনের বই মিলিয়ন কপি বিক্রি হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় টনি মরিসন, উইলিয়াম ফকনার বা থমাস পিঞ্চন।

    লাতিন আমেরিকায় পাওলো কোয়েলহো বেস্টসেলার। ক্যাননের প্রতিনিধিত্ব করেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর রবার্তো বোলানো। ভারতে চেতন ভগত বা দুর্জয় দত্ত কোটি কপি বিক্রি করেন। বিশ্বসাহিত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন বিভূতি, তারাশঙ্কর, মানিক, সালমান রুশদি বা মহাশ্বেতা দেবী।

    শুধু বাংলাদেশে বেস্টসেলারকেই শ্রেষ্ঠ সাহিত্য বলে চালিয়ে দেওয়ার এক বিভ্রম তৈরি হয়েছে। এই বিভ্রমের চারটি স্তর আছে। প্রথম স্তর ভাষার গড়ন। জনপ্রিয় ধারায় থাকে ক্ষুদ্র, ঘর্ষণহীন বাক্য, দ্রুতগামী সংলাপ আর তাৎক্ষণিক রসিকতা। কালজয়ী ধারায় থাকে স্তরবহুল, ঘনবদ্ধ বাক্য। থাকে ঐতিহাসিক ও আঞ্চলিক বুনন, চেতনাপ্রবাহ। যা পাঠকের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। প্রথম ধারার মুড়ির ঠোঙা দেয় ডোপামিননির্ভর তাৎক্ষণিক তৃপ্তি।

    দ্বিতীয় ধারাটি জটিল পাঠের ধৈর্য বাড়ায়, চিন্তাকে চ্যালেঞ্জ করে, নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তৃতীয় স্তর ঐতিহাসিক গভীরতা। বাণিজ্যিক ধারায় থাকে মধ্যবিত্তীয় নস্টালজিয়া, পলায়নবাদ, পৃষ্ঠতলের আবেগ। ধ্রুপদী ধারায় থাকে শ্রেণিসংগ্রাম, দেশভাগ, উপনিবেশ, মুক্তিযুদ্ধ আর অস্তিত্বের সংকট।

    চতুর্থ স্তর বাজার বনাম স্থায়িত্ব। বাণিজ্যিক লেখা লেখকের জীবদ্দশাতেই লক্ষ কপি বিক্রি হয়, বইমেলায় আধিপত্য রাখে। আর অন্য ধারার লেখক জীবদ্দশায় উপেক্ষিত থাকেন। দশকের পর দশক ধরে বেঁচে থাকেন। যেমন বেঁচে রয়েছেন মানিক-বিভূতি-ইসহাক-জহিরেরা।

    ব্লুমের প্রশ্ন ছিল সরল, সাড়ে তিন কোটি বই-ক্রেতা কি ভুল হতে পারে। তাঁর উত্তর এক শব্দে, হ্যাঁ। বোর্দিউ দেখান, সাহিত্যের ক্ষেত্রে দুই মেরু পাশাপাশি চলে, এক মেরু বাজারের মুনাফার, অন্য মেরু শিল্পের নিজস্ব নিয়মের। বাণিজ্যিক ধারা লেখকের জীবদ্দশাতেই লক্ষ কপি বিক্রি করে, শৈল্পিক ধারা জমায় প্রতীকী পুঁজি। ঘর্ষণহীন বাক্য ডোপামিননির্ভর তাৎক্ষণিক তৃপ্তি দেয়, ঘনবদ্ধ বাক্য পাঠের ধৈর্য বাড়ায়। মাপকাঠি থেকে যায় ভাষার মৌলিকত্বে, বিক্রয়-রশিদে নয়।

    ব্লুমের প্রশ্ন ছিল সরল, সাড়ে তিন কোটি বই-ক্রেতা কি ভুল হতে পারে। তাঁর উত্তর এক শব্দে, হ্যাঁ। বোর্দিউ দেখান, সাহিত্যের ক্ষেত্রে দুই মেরু পাশাপাশি চলে, এক মেরু বাজারের মুনাফার, অন্য মেরু শিল্পের নিজস্ব নিয়মের। বাণিজ্যিক ধারা লেখকের জীবদ্দশাতেই লক্ষ কপি বিক্রি করে, শৈল্পিক ধারা জমায় প্রতীকী পুঁজি। ঘর্ষণহীন বাক্য ডোপামিননির্ভর তাৎক্ষণিক তৃপ্তি দেয়, ঘনবদ্ধ বাক্য পাঠের ধৈর্য বাড়ায়। মাপকাঠি থেকে যায় ভাষার মৌলিকত্বে, বিক্রয়-রশিদে নয়।

    আলোচনায় একটি যুক্তি বারবার ফিরে আসে। সহজ ভাষায় লেখাই নাকি সবচেয়ে কঠিন কাজ। তাই সহজ লেখা মানেই মহৎ লেখা। গদ্যের শিল্পতত্ত্বে এই যুক্তিটি ভুল। সহজ ভাষা আর ফর্মুলাসর্বস্ব সস্তা গদ্য এক জিনিস নয়।

    রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সহজ ভাষায় লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী সহজ ভাষায় লেখা। আর্নেস্ট হেমিংওয়ের ‘বৃদ্ধ এবং সমুদ্র’ও প্রাঞ্জল ভাষায় লেখা। বাক্য ছোট, শব্দ সাধারণ।

    কিন্তু এই বইগুলোর প্রতিটি শব্দের নিচে থাকে অস্তিত্বের বেদনা। থাকে দার্শনিক শূন্যতা আর প্রকৃতির বিস্তৃত ব্যঞ্জনা। কেবল ছোট সংলাপ আর চটুল কৌতুক দিয়ে পৃষ্ঠা ভরানো সহজ গদ্য নয়। সেটি ফর্মুলাসর্বস্ব গদ্য।

    হেমিংওয়ের আইসবার্গ তত্ত্ব এখানে মাপকাঠি। সমুদ্রের বুকে ভাসমান হিমশৈলের সবটুকু দেখা যায় না। পানির ওপরে থাকে মাত্র এক ভাগ। বাকি আট ভাগ থাকে পানির নিচে, অদৃশ্য।

    মহৎ গদ্যে ওই আট ভাগই বইটির ভার বহন করে। দর্শন, ইতিহাস, নৈতিকতা, মানুষের ভেতরের অন্ধকার। সস্তা জনপ্রিয় সাহিত্যে পানির নিচে কিছু থাকে না। যা দেখা যায়, তাই-ই সব। এই পার্থক্যটাই এখানকার মূল বিচার।

    মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত গাইডবইনির্ভর মুখস্থবিদ্যার বদলে আসল বই পড়াতে হবে। আবু ইসহাক, শওকত আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস আর শহীদুল জহিরের রচনা বাধ্যতামূলক পাঠ্য হতে পারে। তাতে নিবিড় পাঠের চর্চা ফিরবে। দ্বিতীয় কাজ কিশোর পাঠক তৈরি। অভিভাবক আর শিক্ষক এখানে প্রধান দায়িত্বে।

    কিশোরের হাতে কেবল ফ্যান্টাসি আর চটুল কৌতুক তুলে দিলে হবে না। বিভূতিভূষণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মানিক বন্দ্যোপাধ্যায় আর আবু ইসহাকের গদ্যের সঙ্গে পরিচয় করাতে হবে। এই পরিচয়টা কোমল হতে হবে, জোর করে নয়। কিন্তু অভ্যাসটা দরকার। কারণ জটিল পাঠের ধৈর্য কিশোর বয়সেই তৈরি হয়।

    তৃতীয় কাজ সমালোচনার মঞ্চ। লিটল ম্যাগাজিন, গবেষণা পত্রিকা আর মননশীল ডিজিটাল প্ল্যাটফর্মে নির্মোহ সমালোচনার ধারা ফিরিয়ে আনতে হবে। এখানে বাণিজ্যিক প্রচারণার জায়গা থাকবে না। বাণিজ্যিক ধারা তথা হুমায়ূনীয় সাহিত্যের তীব্র সমালোচনা তৈরি করা। সমালোচনা থাকলেই একজন নিম্নমানের পাঠক বাণিজ্যিক ধারার বাইরের লেখা পাঠে উৎসাহী হয়। মনে আছে কিশোর বয়সে হুমায়ূন আহমেদ এর বই বড়ার কারণে আমার কয়েকজন সিনিয়র এর সমালোচনা করতেন। আর এ কারণেই অন্য বই পাঠ করার প্রতি আকর্ষণ তৈরি হয়। বইয়ের দুর্বলতা লিখতে সাহস লাগবে, আর সেই সাহস ছাড়া সাহিত্য বাঁচে না।

    যে পাঠক হুমায়ূনীয় তথা বাজারি সাহিত্যে বন্দী সঠিক সমালোচনায় পারে তার বোধদয় তৈরি করতে।

    চতুর্থ কাজ প্রাতিষ্ঠানিক জোট। বোর্দিউ যাকে সার্বজনীনতার করপোরেশন বলেছেন, সেটি গড়তে হবে। মানে লেখক, প্রকাশক, গ্রন্থাগার, শিক্ষক আর গবেষক—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

    এই চারটি কাজের বাইরেও একটি বাস্তব প্রমাণ আছে। সেটি শহীদুল জহিরের পাঠক। তাঁর মৃত্যুর পর কোনো প্রাতিষ্ঠানিক প্রচারণা ছাড়াই তরুণ পাঠকেরা তাঁকে গ্রহণ করেছে। কেউ পাঠ্যসূচিতে রাখেনি, কেউ বিজ্ঞাপন দেয়নি।

    তাহলে পাঠক নেই বলে আক্ষেপটা পুরো সত্য নয়। ভালো ও নতুনত্বপূর্ণ সাহিত্যের তৃষ্ণা পাঠকের মনে এখনো আছে। প্রশ্নটা সুবিধার। পাঠকের সামনে কোন বই তুলে ধরা হবে, আর কে ধরে দেবে।

    মহৎ সাহিত্য অলস সময়ের বিনোদন নয়। তা একটি জাতির ঐতিহাসিক ও নৈতিক অস্তিত্বের সবচেয়ে প্রামাণ্য দলিল। ঘর্ষণহীন রসিকতার মোহ যেদিন কাটবে, সেদিন পাঠক ফিরে তাকাবেন শ্যামাঙ্গের প্রতিবাদী মৃৎফলকে, তমিজের বাপের কাৎলাহার বিলের খোয়াবে। আবদুল মজিদের জ্বালিয়ে রাখা প্রদীপে। জয়গুনের অদম্য লড়াইয়ে। তখনই নির্বাসিত মহাকাব্যগুলো নিজের মর্যাদায় ফিরবে।

    তথ্যসূত্র: ঢাকা পোস্ট-এ প্রকাশিত ‘বইমেলায় দর্শনার্থীর আধিক্য, পাঠক অল্প কেন’; মিশিগান বিশ্ববিদ্যালয়ের ‘পাঠকের আনন্দ: শিল্প বনাম বিনোদনার বিতর্ক’; শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজন’ (ইউপিএল, ১৯৮৪) এবং কালি ও কলম-এ প্রকাশিত ‘প্রদোষে প্রাকৃতজন: ধ্রুপদী ভাষ্যে দূরবর্তী জীবন’; আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ (মাওলা ব্রাদার্স, ১৯৯৬) ও বাংলা উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ; শহীদুল জহিরের ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকায় ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত ‘শহীদুল জহিরের কথাসাহিত্যে ক্ষমতা ও ভীতি’, এবং ২০২২ সালে ভি. রামস্বামী ও শাহরোজা নাহরিনের করা দুই নভেলার ইংরেজি অনুবাদ; আবু ইসহাকের ‘সূর্য-দীঘল বাড়ী’ (১৯৫৫) ও ডেইলি স্টার-এ প্রকাশিত তাঁর জন্মশতবর্ষ মূল্যায়ন; হ্যারি পটার ও তার সমালোচকদের নিয়ে দেলাগ্রাস দঁজ ক্রিয়ে-এর আলোচনা; জন গিলোরির ‘সাংস্কৃতিক পুঁজি: সাহিত্য-ক্যানন গঠনের সমস্যা’ (১৯৯৩); জেন ওয়েব, টনি শিরাতো ও জিওফ ডানাহারের ‘বোর্দিউ পড়া’; ‘বোর্দিউ, সাপিরো ও সাহিত্যমূল্যের সামাজিক জীবন’; এবং ‘সাংস্কৃতিক পুঁজিকে কাজে লাগানো: সাংস্কৃতিক পাঠের ক্রিটিক্যাল থিওরি’।

    আরও পড়ুন: চীনের জ্বালানি রূপান্তর: সৌরবিদ্যুতে বিপ্লব তবু কয়লা নির্ভরতা ও জ্বালানি রাজনীতির নতুন সমীকরণ · এফ-৩৫-এর যন্ত্রাংশ হারাচ্ছে আমেরিকা, সুবিধা নিচ্ছে চীনের জে-৩৫ · সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প: হাজারো শ্রমিকের মৃত্যুর পরেও ‘লাল’ থেকে ‘কমলা-খ’ শ্রেণিতে নামানোর নেপথ্যে কী?

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments