মেট্রোর সিটে স্মার্টফোনে ডুবে থাকা যাত্রী: ‘ময়মুরব্বি দেখার টাইম কোথায়?’
মেট্রোর সিটে বসে স্মার্টফোন নিয়ে ব্যস্ত সবাই। ট্রেনের সামান্য সিট বৃদ্ধ-নারী-শিশুর জন্য সিট বরাদ্দ থাকলেও স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকায় মাথার ওপর যে বৃদ্ধ দাঁড়িয়ে আছে তা দেখার সময় থাকে না কারো। ছবিটি সম্প্রতি তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবির চরিত্রগুলোকে বদলে দেওয়া। স্পেশাল স্টোরিজ বিডি
২০২৬ সালের ২৪ অক্টোবর ঢাকা মেট্রোরেলের কামরায় ৬৪ বছর বয়সী শিক্ষক নজিবুর রহমান ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন এবং ভবলীলা ট্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী সহকর্মী এবং নজিবুর রহমানের ছেলে নাকিবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রবীণ এই শিক্ষক কয়েকবার জানান যে তিনি অত্যন্ত অসুস্থ, তাঁকে একটু বসতে দেওয়া হোক। কামরাভর্তি ভিড়ের মধ্যে একজন যাত্রীও সাড়া দেননি। কেউ নিজের আসন ছেড়ে ওঠেননি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নজিবুরকে মৃত ঘোষণা করেন।
উনার ছেলে নাকিবুর রহমান কোনো একক ব্যক্তিকে সরাসরি দোষারোপ করেননি। তাঁর প্রশ্নটি সমাজের উদ্দেশে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে অসুস্থ বাবা কেন একটু বসার জায়গা পেলেন না। একটি আসন পেলে চিকিৎসাবিজ্ঞানের বিচারে তাঁর শেষ পরিণতি বদলে যেত কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। কামরার প্রতিটি যাত্রী সেই অনুরোধ স্পষ্ট শুনেছিলেন কিনা, তাও অজানা। তবু একটি কামরার সম্মিলিত নীরবতা নিজের প্রশ্নটি রেখে যায়।
দ্য ডেইলি স্টারের উইজডম পাতায় ২ নভেম্বর প্রকাশিত সাংবাদিক আরাফাত রাহমানের এক বিশ্লেষণে এই ঘটনাকে কেবল আকস্মিক স্বাস্থ্যগত বিপর্যয় হিসেবে দেখা হয়নি। লেখাটি প্রশ্ন তুলেছে নগর-সভ্যতার মৌলিক দর্শন নিয়ে। অর্থাৎ ঘটনাটি একটি মৃত্যু, কিন্তু তার ছায়া অনেক বড়।
ঢাকার মেট্রোরেল নাগরিকের যাতায়াতের গতি বাড়িয়েছে। কিন্তু এই মৃত্যু প্রমাণ করেছে, গতির সঙ্গে কমেছে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের স্পন্দন। শহরের অবকাঠামো যত দ্রুত বাড়ছে, নাগরিক সম্পর্ক তত দ্রুত পাতলা হচ্ছে।
সিট দখলের কাড়াকাড়ি আর দৃষ্টির অন্ধত্ব
ঢাকা মেট্রোরেলের প্রতিদিনের দৃশ্যে একটি আচরণগত বৈপরীত্য ধরা পড়ে। স্টেশনে ট্রেন থামলে স্বয়ংক্রিয় দরজা খোলার সঙ্গে সঙ্গে তরুণ ও মধ্যবয়সী যাত্রীদের একটি দল ভেতরে ঢুকে আসন দখলের জন্য কাড়াকাড়ি শুরু করে। অনেক ক্ষেত্রে সিটে বসার উদ্দেশ্য শারীরিক বিশ্রাম নয়।
মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায়, আসন নিশ্চিত করার পর তাঁরা কানে হেডফোন গুঁজে দেন এবং স্ক্রিনে ডুবে যান। রিল, শর্ট ভিডিও কিংবা অনলাইন গেম খেলেন। সিটে বসা তরুণ যাত্রীর মাথার ওপর দাঁড়ানো বৃদ্ধ, নারী বা শিশুর দিকে তাকানোর সময় কোথায়?
কেউ কেউ হয়তো ইচ্ছা করেই না দেখার ভান করেও ফোনে ডুবে থাকতে পারেন। অথবা তরুণ ও মধ্যবয়সীরা স্মার্টফোনে এতটাই আসক্ত যে, গন্তব্যে পৌঁছানোর সামান্য সময়টুকুতেও স্মার্টফোন যাতে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেও মেট্রো ট্রেনের সামান্য আসন তাদের কাছে বিপুল আকর্ষণীয় কাড়াকাড়ির বস্তু হয়ে উঠেছে। এটা নিয়ে গবেষণা হতে পারে। তবে উদ্দেশ্য যাইহোক, মেট্রোর সামান্য সিট যা নারী, শিশু ও বৃদ্ধদের জন্য বরাদ্দ, সেটা তরুণও মধ্যবয়সীদের জন্য আরামে স্মার্টফোন ডুবে থাকার মনোরম স্থান হয়ে দাঁড়িয়েছে।
সমকালীন নগর-সমাজতত্ত্বে এই প্রবণতার দুটি নাম আছে। একটি ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস, অর্থাৎ দৃষ্টি থাকা সত্ত্বেও না-দেখা। আরেকটি ফাবিং, অর্থাৎ ফোন নিয়ে পাশের মানুষকে উপেক্ষা করা।
চোখ খোলা থাকলেও মস্তিষ্ক যখন একটি ডিজিটাল উদ্দীপনায় নিবদ্ধ থাকে, তখন চারপাশের দৃশ্য চেতনার স্তরে পৌঁছায় না। ফলে এক ফুট দূরত্বে অশীতিপর বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, কোলে শিশু নিয়ে ভারসাম্য রাখতে থাকা মা কিংবা গুরুতর অসুস্থ কেউ দাঁড়ালেও সেই যাত্রীর ভ্রুক্ষেপ থাকে না।
কামরায় নির্দিষ্ট সময় পরপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রেকর্ড করা ঘোষণা বাজে। তাতে বৃদ্ধ, নারী ও শিশুকে বসার সুযোগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু কানে হেডফোন আর চোখে স্ক্রিন থাকা যাত্রীর কাছে সেই ঘোষণা গুঞ্জনে পরিণত হয়।
এই সংকট দীর্ঘদিন পর্যবেক্ষণ করে আমি ব্যক্তিগতভাবে কয়েকটি স্টেশনের অভিযোগ সেলে দাবি জানিয়েছিলাম: প্রথাগত ঘোষণার ভাষায় আচরণগত পরিবর্তনের সংকেত যোগ করা প্রয়োজন। প্রস্তাব দিয়েছিলাম যে ঘোষণায় বলা হোক: ‘স্মার্টফোনে চোখ না রেখে উপরে তাকান: বৃদ্ধ, নারী ও শিশু থাকলে বসতে দিন।’
এই প্রস্তাবের ভিত্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার ও ক্যাস সানস্টেইনের ২০০৮ সালের গবেষণায়। তাঁরা দেখান, মানুষকে শুধু নৈতিক উপদেশ দিলে আচরণ বদলায় না। বদলাতে হয় সিদ্ধান্তের পরিবেশ, যাকে তাঁরা চয়েস আর্কিটেকচার বলেছেন। অর্থাৎ সিটে বসে স্মার্টফোনে ডুবে থাকার বিষয়টি সমস্যা হিসেবে চিহ্নিত করে যাত্রীর চলমান কাজে ছেদ ঘটানো। এতে কামরায় মনোযোগ ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়।
প্রস্তাবের পেছনে একটি সমাজ-মনস্তাত্ত্বিক সত্য আছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বভাবতই নিষ্ঠুর বা প্রবীণদের প্রতি শত্রুভাবাপন্ন, এই সরলীকরণ ভুল। মূল সংকট স্মার্টফোনে আসক্তি, যা মনোযোগকে ছোট ছোট অংশে ভেঙে দেয়।
ডোপামিন-চালিত অ্যালগরিদম যাত্রীর মনোযোগকে প্রায় সম্পূর্ণ দখল করে নিয়েছে। ফলে ঘোষণা যখন সাধারণভাবে বলে ‘বৃদ্ধ, নারী ও শিশুদের বসতে দিন’, তখন স্ক্রিনে থাকা মস্তিষ্ক ধরে নেয় কেউ হয়তো কাজটি করছেই। নির্দিষ্ট আহ্বান সেই ভুল ভাঙে।
নিঃসঙ্গ ভিড়
নজিবুরের মৃত্যুর ঘটনা কয়েক যাত্রীর ব্যক্তিগত অভদ্রতা হিসেবে দেখলে এর শিকড় আড়ালে পড়ে। চিরায়ত সমাজবিজ্ঞানের তত্ত্ব ধরে দেখলে বোঝা যায়, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ ঢাকার সামাজিক বুননকে ভেতর থেকে কীভাবে ক্ষয় করেছে। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম ১৮৯৩ সালের ‘দ্য ডিভিশন অব লেবার ইন সোসাইটি’ গ্রন্থে সমাজের সংহতি ব্যাখ্যা করেন দুই ভাগে। একটি যান্ত্রিক সংহতি, অন্যটি জৈবিক সংহতি। গ্রামীণ ও প্রাক-আধুনিক সমাজে সংহতি গড়ে উঠত যৌথ চেতনা ও অভিন্ন মূল্যবোধে। সেই সমাজে কোনো প্রবীণ অসুস্থ হলে তাঁকে সাহায্য করা ঐচ্ছিক সৌজন্য ছিল না। ছিল অলিখিত কিন্তু অলঙ্ঘনীয় যৌথ নৈতিকতা। প্রতিবেশী বা আত্মীয়ের দায়বদ্ধতা সেখানে প্রশ্নহীন ছিল, ব্যক্তির পছন্দ নয়।
ডুরখেইম দেখান, সমাজ শিল্পায়ন ও পুঁজিবাদী নগরায়ণের দিকে এগোলে শ্রমবিভাজন বিশেষায়িত হয়। তখন পারস্পরিক নির্ভরশীলতা চুক্তিভিত্তিক ও যান্ত্রিক কাজে সীমাবদ্ধ হয়ে পড়ে আর জৈবিক সংহতি কমতে থাকে।
ঢাকার মতো রূপান্তরকালীন মহানগরে প্রাতিষ্ঠানিক ও নাগরিক মূল্যবোধের বিকাশ অবকাঠামোর গতির সঙ্গে তাল মেলাতে পারে না। এই ব্যবধান থেকেই জন্ম নেয় নৈতিক শূন্যতা। ডুরখেইম ১৮৯৭ সালের ‘সুইসাইড’ গ্রন্থে এর নাম দেন অ্যানোমি। অ্যানোমি মানে নিয়মহীনতা ও আদর্শিক বিচ্ছিন্নতা। পুরনো নৈতিক বিধান ভেঙে পড়ে, কিন্তু তার জায়গায় নতুন মানবিক নীতি শিকড় গাড়ে না। এই অবস্থায় ব্যক্তি ভিড়ের মধ্যেও নিজেকে পরমাণুর মতো বিচ্ছিন্ন ভাবতে শুরু করে।
মেট্রোরেলের কামরায় শত শত নাগরিকের মধ্যে একজন প্রবীণ অধ্যাপক বসার জায়গা না পাওয়া ঠিক এই অবস্থারই দৃষ্টান্ত। একই বগিতে ভ্রমণকারী মানুষগুলো সহযাত্রী হয়ে উঠতে পারেনি। তাঁরা ছিলেন একই ভৌত চলমান অবকাঠামোর ভেতরে সমবেত বিচ্ছিন্ন কিছু মানুষ।
জার্মান সমাজবিজ্ঞানী গেয়র্গ জিমেল ১৯০৩ সালের ‘দ্য মেট্রোপলিস অ্যান্ড মেন্টাল লাইফ’ প্রবন্ধে মহানগরের স্নায়বিক প্রভাব ব্যাখ্যা করেন। শহরের কোলাহল, যানজট, কৃত্রিম আলো, বিজ্ঞাপনের ঝলকানি আর অচেনা মুখের ভিড় স্নায়ুতন্ত্রে চাপ তৈরি করে। জিমেল এই অবস্থার নাম দেন সেন্সরি ওভারলোড। এই চাপ থেকে বাঁচতে মহানগরবাসী অবচেতনেই নিজের চারপাশে এক আবেগহীন বর্ম তৈরি করে নেয়। জিমেলের ভাষায় এটি ব্লাজে অ্যাটিচিউড, অর্থাৎ ক্লান্ত-নিস্পৃহ দৃষ্টিভঙ্গি।
এই বর্মে আক্রান্ত মানুষ হৃদয় দিয়ে নয়, হিসাব ও যান্ত্রিক বুদ্ধি দিয়ে জগৎকে মাপে। তার স্নায়ু এতটাই ভোঁতা হয়ে যায় যে পাশের মানুষের যন্ত্রণা বা জীবন-মৃত্যুর সংকট আর আবেগ তৈরি করে না। সহযাত্রীরা তখন পরিসংখ্যানে পরিণত হয়।
মার্কিন সমাজবিজ্ঞানী ডেভিড রিজম্যান ১৯৫০ সালের ‘দ্য লোনলি ক্রাউড’ গ্রন্থে এই তত্ত্বের সম্প্রসারণ করেন। তিনি আধুনিক মানুষকে চিহ্নিত করেন অন্য-নির্ভর চরিত্র হিসেবে। এঁরা ভেতরের বিবেক নয়, বাইরের সামাজিক ট্রেন্ড ও সমবয়সীদের অনুমোদন ধরে চলেন।
একুশ শতকে এই অন্য-নির্ভরতা চূড়ান্ত রূপ পেয়েছে সোশ্যাল মিডিয়ার লাইক, শেয়ার ও ভার্চুয়াল ট্রেন্ডে। কামরায় বসা যাত্রী হাজার মাইল দূরের কোনো ইস্যুতে সহমর্মিতা দেখাতে পারেন। কিন্তু এক হাত দূরের মানুষটির সঙ্গে আত্মিক সংযোগ শূন্যে নেমে আসে। এভাবেই লাখো মানুষের কোলাহলপূর্ণ শহরে তৈরি হয় নিস্তব্ধ ও হৃদয়হীন এক ভিড়। রিজম্যানের ভাষায় এটি নিঃসঙ্গ ভিড়। ভিড় বাড়ে, সম্পর্ক কমে।
এই তিন তত্ত্ব মিলে একটি কথা বলে। কামরার নীরবতা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, সামাজিক কাঠামোর ফল। যে সমাজ পরস্পরের ওপর নির্ভরতা ভেঙে দেয়, সেখানে অসহায় মানুষটি একা পড়ে থাকেন, পাশে শত মানুষ থাকলেও।
কী বলছেন এখনকার সমাজবিজ্ঞানীরা
বিশ শতকের সমাজবিজ্ঞানীরা যখন মহানগরের বিচ্ছিন্নতা নিয়ে লিখেছেন, তখন মানুষের হাতে স্মার্টফোন ছিল না। একুশ শতকের কামরার অসাড়তা বুঝতে তাই সমকালীন দার্শনিক ব্যুং-চুল হান এবং সামাজিক মনোবিজ্ঞানের বাইস্ট্যান্ডার এফেক্টের তত্ত্বও প্রয়োজন।
বার্লিনভিত্তিক কোরিয়ান দার্শনিক হান ‘দ্য এক্সপালশন অব দ্য আদার’ ও ‘নন-থিংস’ গ্রন্থে দেখান, ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনজগৎ থেকে ‘অপর’কে বিতাড়িত করেছে। ফরাসি দার্শনিক ইমানুয়েল লেভিনাসের মতে নৈতিকতার জন্ম হয় মুখোমুখি তাকানোর মধ্যেই। লেভিনাসের ‘এথিক্স অব দ্য ফেস’ তত্ত্ব বলে, মানুষ অন্য রক্ত-মাংসের মানুষের মুখ দেখলেই নৈতিক দায়িত্বের সামনে দাঁড়ায়। ওই চোখের দৃষ্টি ও অসহায়ত্বই সেই দায় তৈরি করে। মুখ হলো নৈতিকতার প্রথম ঠিকানা।
হান যুক্তি দেন, স্মার্টফোনের মসৃণ কালো পর্দা সেই মুখ মুছে দিয়ে সেখানে একটি আত্মকেন্দ্রিক আয়না বসিয়ে দিয়েছে। স্ক্রিনে মানুষ নিজের সেলফি সংস্কৃতি, নিজের পছন্দের ফিড আর নিজের রুচিকেই বারবার দেখে। বাস্তব জগতের মানুষ ও বস্তু কিছুটা অস্বস্তিকর, কারণ তারা ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় এবং সহমর্মিতা দাবি করে। স্ক্রিনের ভেতরের তথ্য ও ছবি হানের ভাষায় ‘নন-থিংস’। এরা কোনো নৈতিক দাবি তোলে না, কেবল বিনোদন দেয়।
তাই কামরায় স্মার্টফোনে ডুবে থাকা তরুণ শারীরিকভাবে বগিতে থাকলেও মনস্তাত্ত্বিকভাবে থাকে দূরের কোনো ভার্চুয়াল জগতে। হানের ‘দ্য বার্নআউট সোসাইটি’ গ্রন্থে এই ক্লান্তির ব্যাখ্যাও আছে। সাফল্যের তাড়নায় মানুষ নিজেই নিজের শোষকে পরিণত হয়।
এই ক্লান্তি ও ডিজিটাল অসাড়তার কারণে সামনে দাঁড়ানো অসুস্থ মানুষের মুখটি আর দেখা হয় না। চৈতন্য যখন ফোনের কৃত্রিম আলোয় বন্দি, তখন নৈতিক দাবিটিতে পৌঁছানোর পথই বন্ধ।
সংকটটি প্রাতিষ্ঠানিক রূপ নেয় যখন ভিড়ের মধ্যে কেউ সাহায্য চান। মার্কিন মনোবিজ্ঞানী জন ডার্লি ও বিব লাতানে ১৯৬৮ সালের এক গবেষণায় দেখান, জরুরি অবস্থায় প্রত্যক্ষদর্শীর সংখ্যা বাড়লে যে কেউ এগিয়ে আসার সম্ভাবনা কমে যায়। এই গবেষণাটি নিউইয়র্কের কিটি জেনোভিস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পরিচিতি পায়। কারণটি দায়িত্বের বিভাজন। প্রত্যেক যাত্রী মনে মনে ভাবেন, কামরায় আরও অনেকে আছেন, নিশ্চয়ই কেউ একজন আসন ছেড়ে দেবেন।
সাংবাদিক আরাফাত রাহমান তাঁর কলামে এই উভয়সংকটটি ধরেছেন। গণপরিবহনে দাঁড়িয়ে থাকা কেউ বসে থাকা তরুণকে আসন ছাড়তে বলার বিষয়টি সরল নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অদৃশ্য প্রতিবন্ধকতার প্রশ্ন। বাইরে থেকে সুস্থ মনে হওয়া যাত্রীর শরীরেও দীর্ঘস্থায়ী অসুস্থতা বা সীমাবদ্ধতা থাকতে পারে, যা দেখে বোঝার উপায় নেই। তাঁকে এককভাবে চিহ্নিত করে আসন ছাড়তে বললে নিজের গোপন শারীরিক অবস্থার কৈফিয়ত দিতে হয়।
উল্টো দিকে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য না করে পুরো কামরাকে আহ্বান জানালে দায়িত্বের বিভাজন আবার কাজ করে। সেই আবেদন সবার কাছে পৌঁছে সবার কাছেই উপেক্ষিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। প্রত্যেকে পাশের নিষ্ক্রিয়তাকে নিজের অজুহাত বানান। এখানেই নৈতিক বিভাজনরেখাটি স্পষ্ট হয়। দৃষ্টি দেখে কারও প্রয়োজন অনুমান করা আর মুখ ফুটে বলা স্পষ্ট অনুরোধ শোনার মধ্যে বড় পার্থক্য আছে।
এডওয়ার্ড সাঈদ ১৯৯৩ সালের রিথ বক্তৃতামালায় বুদ্ধিজীবীর দায়িত্ব হিসেবে চিহ্নিত করেন ক্ষমতার দম্ভ ও সামাজিক জড়তার মুখে অপ্রিয় সত্য উচ্চারণ। এই মৃত্যুকে নিয়তি বলে ছেড়ে না দিয়ে প্রশ্ন তোলাই সেই দায়।
রাষ্ট্র, ডিএমটিসিএল কর্তৃপক্ষ আর নাগরিক সমাজকে একসঙ্গে আয়নার সামনে দাঁড় করালে দেখা যাবে, কামরার নীরবতা কেবল ব্যক্তির নয়। তার পেছনে আছে প্রাতিষ্ঠানিক উদাসীনতা আর নাগরিক চর্চার ঘাটতি।
টোকিও, লন্ডন ও সিউল কী করেছে
উন্নত বিশ্বের বড় শহরগুলো অনেক আগেই বুঝেছে, বিশ্বমানের গণপরিবহন কেবল দ্রুত ট্রেন, শীতাতপ নিয়ন্ত্রণ বা স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকে না। দরকার যাত্রীর মনস্তত্ত্ব, দৃশ্যমান পরিবেশ আর প্রাতিষ্ঠানিক আচরণবিধির সমন্বয়। স্মার্টফোন আসক্তির বৈশ্বিক সংকটে টোকিও, লন্ডন, সিউল ও সিঙ্গাপুর যে মডেল গড়েছে, তা ঢাকার জন্য সরাসরি পাঠ।
টোকিও মেট্রো ও জাপান রেলের নেটওয়ার্কে অগ্রাধিকার আসনকে বলা হয় সিলভার সিট। প্রবীণ, গর্ভবতী নারী, শিশুবাহী যাত্রী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এগুলো কঠোরভাবে সংরক্ষিত। জাপানি সমাজের মেইওয়াকু অনুশাসন, অর্থাৎ অপরকে বিরক্ত না করার সংস্কৃতি এখানে কাজ করে। কামরা ফাঁকা থাকলেও তরুণেরা ওই আসনে বসতে দ্বিধা বোধ করেন।
ফোনের ব্যবহারও সেখানে নিয়ন্ত্রিত। কামরায় ফোনে কথা বলা নিষিদ্ধ। অগ্রাধিকার আসনের আশপাশে পেসমেকার ব্যবহারকারীদের সুরক্ষায় ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার নির্দেশনা থাকে। প্রযুক্তি এখানে শিষ্টাচারের অধীন, উল্টো নয়।
লন্ডন আন্ডারগ্রাউন্ডে অদৃশ্য অসুস্থতার প্রশ্নটির প্রাতিষ্ঠানিক সমাধান হয়েছে ২০১৭ সালের এপ্রিলে চালু হওয়া এক নীল ব্যাজ ও কার্ডে। এর নাম দাঁড়ায় ‘প্লিজ অফার মি আ সিট’, সংক্ষেপে পোমাস। গর্ভবতীদের জন্য আছে ‘বেবি অন বোর্ড’ ব্যাজ।
এই ব্যাজ পরলে কাউকে নিজের অসুস্থতার কৈফিয়ত দিতে হয় না, চিকিৎসকের কাগজ দেখাতে হয় না। চালুর পর প্রাথমিক পর্যায়ে ৩১ হাজার ব্যাজ বিতরণ হয়। ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ সংখ্যাটি দাঁড়ায় ১ লাখ ৪০ হাজারের বেশি।
গর্ভবতীদের ব্যাজের হিসাব আরও বড়। ১২ বছরে বিতরণ হয়েছে ১০ লাখের বেশি বেবি অন বোর্ড ব্যাজ। বর্তমান চাহিদা মাসে প্রায় ১০ হাজার, বছরে প্রায় ১ লাখ ৩০ হাজার।
ব্যবহারকারীদের ওপর জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশের সমস্যা বাইরে থেকে বোঝা যায় না। ৭৮ শতাংশ বলেছেন ব্যাজ থাকায় আসন পাওয়া সহজ হয়েছে। ৭৫ শতাংশ ক্ষেত্রে সহযাত্রীরা ব্যাজ দেখে আসন ছেড়ে দিয়েছেন। ৯৫ শতাংশ এই ব্যবস্থা অন্যদের ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
কিন্তু কেবল ব্যাজ দিলেই লড়াই শেষ হয় না। লন্ডনে স্কুলশিক্ষার্থীদের আঁকা পোস্টার নিয়ে সচেতনতা অভিযান হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে সাধারণ এক যাত্রীর উদ্যোগে চালু হয় ‘লুক আপ’ অভিযান ও অডিও ঘোষণা। বার্তাটি সরাসরি বলে, ফোন থেকে চোখ তুলে দেখুন কাউকে আসন দেওয়া দরকার কি না।
একই নেটওয়ার্কে ২০২৫ সালের এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, ব্যাজধারীদেরও উপেক্ষা বা বৈরী আচরণের শিকার হতে হয়। ২৮ বছর বয়সী এক যাত্রীকে ব্যাজ পরার সময় ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কেউ আবার অগ্রাধিকার আসনে বসে ঘুমের ভান করেন।
দক্ষিণ কোরিয়া ভিন্ন পথ নিয়েছে, প্রযুক্তির পথ। বুসান মেট্রোতে ২০১৬ সালে চালু হয় পিঙ্ক লাইট ব্যবস্থা, পরে তা সিউলেও যায়। গর্ভবতী নারীর ব্যাগে থাকে ছোট ব্লুটুথ ট্রান্সমিটার। কামরায় ঢুকলেই সংরক্ষিত আসনের পাশের সেন্সরে গোলাপি আলো জ্বলে ওঠে।
সঙ্গে বাজে মৃদু শব্দ বা ভয়েস বার্তা। ফলে ফোনে ডুবে থাকা যাত্রীর মনোযোগ ভাঙে এবং নারীকে মুখ ফুটে কিছু বলার আগেই আসনটি ছাড়া হয়। প্রযুক্তি এখানে মানুষের দৃষ্টি ফেরানোর কাজ করছে।
সিঙ্গাপুরে আছে দীর্ঘমেয়াদি ‘থটফুল সিঙ্গাপুর’ অভিযান। কার্টুন চরিত্র আর মেঝের গ্রাফিক্স দিয়ে শিশুদের গণপরিবহনের শিষ্টাচার শেখানো হয়। প্যারিস ও নিউইয়র্কে অগ্রাধিকার আসন নিয়ে কঠোর আইনি বাধ্যবাধকতা ও জরিমানার বিধান আছে, ট্রানজিট পুলিশ আসন খালি করার ক্ষমতাও রাখে।
এই তুলনা তিনটি শিক্ষা দেয়। প্রথমত আইন ও প্রযুক্তি একসঙ্গে চাই। দ্বিতীয়ত ব্যাজ বা সেন্সর মানুষকে সচেতন করার সহায়ক, কিন্তু সহমর্মিতার বিকল্প নয়। তৃতীয়ত দীর্ঘমেয়াদি নাগরিক শিক্ষা ছাড়া কোনো ব্যবস্থাই টেকে না।
ঢাকার ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োগের সুযোগ বড়। মেট্রোরেল নতুন, যাত্রীসংখ্যা বাড়ছে, আর প্রাতিষ্ঠানিক অভ্যাস এখনই গড়ে তোলা সম্ভব। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হলে পরে সংশোধন করা কঠিন হবে।
সহায়তা চাওয়ার ভাষা: ভিড়কে কীভাবে ডাকতে হয়
বাইস্ট্যান্ডার গবেষণার আরেকটি সিদ্ধান্ত কম আলোচিত। জরুরি অবস্থায় দায়িত্ব এড়ানোর প্রবণতা ভাঙার সবচেয়ে সহজ উপায় হলো কাউকে নির্দিষ্ট করে চিহ্নিত করা। ‘কেউ একজন সাহায্য করুন’ বললে কেউ এগোন না, কিন্তু ‘নীল শার্ট পরা ভদ্রলোক, আপনি একটু সাহায্য করুন’ বললে তিনি এগোন।
এই নিয়মের যুক্তি সরল। নির্দিষ্ট সম্বোধনে দায়িত্ব ভাগ হয় না, একজনের ওপর গিয়ে পড়ে। ভিড়ের অস্পষ্টতা ভেঙে যায়, ব্যক্তি হয়ে ওঠেন দায়বদ্ধ। এ কারণেই জরুরি প্রশিক্ষণে এই কৌশল শেখানো হয়। অথচ গণপরিবহনে কেউ এই কৌশল শেখান না।
নজিবুর রহমানের ঘটনায় এই কৌশল কাজে লাগত কি না, নিশ্চিত করে বলা যায় না। তিনি পুরো কামরাকে উদ্দেশ্য করে অনুরোধ করেছিলেন, যা স্বাভাবিক ও ভদ্র পদ্ধতি। কিন্তু ভিড়ের সামনে সেই অনুরোধ দায়িত্বের বিভাজনের ফাঁদেই পড়ে। এই ফাঁদটি কেবল ভদ্রতা দিয়ে ভাঙা যায় না।
এখানেই প্রশ্ন ওঠে, দায় কার। যাত্রীর ওপর সম্পূর্ণ দায় চাপানো অন্যায়, কারণ সবাই প্রশিক্ষিত নন। আবার কর্তৃপক্ষের ওপর সব দায় চাপালেও সমাধান আসে না, কারণ কামরার ভেতরে কর্মী থাকেন না। দায়টি যৌথ, এবং যৌথ দায়ের ব্যবস্থাপনা করতে হয় নকশা দিয়ে।
একটি ব্যবহারিক সমাধান হতে পারে কামরার নির্দিষ্ট জায়গায় লেখা নির্দেশনা। অসুস্থ কেউ দেখলে প্রথমে পাশের যাত্রীকে বলুন, তারপর জরুরি বোতাম চাপুন।
দ্বিতীয় সমাধান স্টেশনের দায়িত্ব। প্রতিটি স্টেশনে অন্তত একজন কর্মী থাকবেন, যাঁর কাজই যাত্রীর সহায়তা। তাঁকে চেনা যায় এমন পোশাক ও ব্যাজ দেওয়া দরকার। অসুস্থ যাত্রী দেখলে ডাকতে হবে তাঁকেই, অচেনা ভিড়কে নয়।
তৃতীয় সমাধান প্রযুক্তির। জরুরি ইন্টারকম ছাড়াও কামরায় থাকতে পারে একটি একক বোতাম, যা চাপলে ট্রেন নিয়ন্ত্রণকক্ষ সরাসরি সংযোগ পান এবং পরের স্টেশনে প্রস্তুতি শুরু হয়। বোতামটি সহজে দেখা যায় এমন জায়গায় থাকতে হবে, শিশুদের উচ্চতার ওপরে নয়।
এই তিনটি সমাধান মিলে একটি কাঠামো তৈরি করে। ব্যক্তির বিবেকের ওপর ভরসা না করে ব্যবস্থা তৈরি হলে সিদ্ধান্তহীনতার সময় কমে। ভদ্রতার সংকটও এখানে কমে। ‘নীল শার্ট পরা ভদ্রলোক’ — এমন সম্বোধন কেউ করতে চান না, কারণ তাতে অভদ্রতার ভয় থাকে। কিন্তু কর্তৃপক্ষ যদি নির্দেশনা দেয়, তবে সম্বোধনটি ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক দায়িত্ব হয়ে ওঠে।
সহায়তা চাওয়ার ভাষা তাই কেবল ব্যাকরণের বিষয় নয়, নকশার বিষয়। যে সমাজ ভদ্রতা ও নীরবতার পার্থক্য করতে শেখে না, সেখানে বিপন্ন মানুষটিকে একা পড়ে থাকতে হয়।
নিন্দায় সমাধান হয় না
ঘটনার পর স্বাভাবিক প্রতিক্রিয়া হলো দোষারোপ। কামরার ছবি ভাইরাল হয়, সমাজের নৈতিক পতনের কথা বলা হয়, কয়েকদিন পর আলোচনা থেমে যায়। কিন্তু এই প্রতিক্রিয়ায় কাঠামো বদলায় না, বদলায় না পরের ঘটনাও। নিন্দা তাই প্রথম প্রতিক্রিয়া হতে পারে, শেষ পদক্ষেপ নয়।
নজিবুর রহমানের ছেলে নিজেই কোনো একক ব্যক্তিকে দোষ দেননি। তাঁর প্রশ্ন ছিল সমাজের প্রতি। এই অবস্থানটি তাৎপর্যপূর্ণ। কারণ একটি কামরার প্রত্যেককে আলাদা করে অপরাধী বানালে আসল প্রশ্নটি হারিয়ে যায়, প্রশ্নটি হলো ব্যবস্থা কেন এমন দাঁড়াল।
এখানে একটি বাস্তব জটিলতা আছে। বাইরে থেকে দেখা যায় না, এমন অসুস্থতা বহু মানুষের আছে। দীর্ঘস্থায়ী রোগ, স্নায়বিক দুর্বলতা, গোপন চিকিৎসা চলছে এমন রোগী প্রতিদিন এই ট্রেনেই ওঠেন। তাঁদের কাছেও দাঁড়িয়ে থাকা কষ্টকর। অথচ বোঝার উপায় নেই।
সাংবাদিকেরা এই দ্বিধাটি তুলেছেন। কাউকে এককভাবে চিহ্নিত করে আসন ছাড়তে বললে, তিনি নিজের গোপন অসুস্থতার কৈফিয়ত দিতে বাধ্য হন। আবার পুরো কামরাকে সাধারণ আহ্বান জানালে দায়িত্ব ভাগ হয়ে যায় এবং কেউ এগোন না। দুই পথেই ফাঁক থাকে।
ফাঁকটি ভরাতে চাই তৃতীয় একটি পথ, যা ব্যক্তির সীমা মানে। কেউ নিজে উঠতে না পারলে তিনি পাশের সক্ষম কাউকে অনুরোধ করতে পারেন, অথবা ট্রেনের কর্মীকে ডাকতে পারেন। এতে কারও গোপন রোগ প্রকাশ পায় না, আবার বিপন্ন মানুষটি একা থাকেন না।
এই তিন ধাপ সহজ শোনালেও চর্চার অভাবে কাজ করে না। মানুষ সংকটে পড়লে কী করবে, তা আগে থেকে জানা থাকলে সিদ্ধান্ত নিতে সময় লাগে না। সেই জানাটুকু তৈরি করার দায় ব্যক্তির একার নয়, প্রতিষ্ঠানেরও।
প্রশ্ন করা যায়, মেট্রোরেলের কর্মীরা এমন পরিস্থিতিতে কী করবেন, তা কি লিখিত প্রশিক্ষণে আছে। স্টেশনে কতজন কর্মী থাকেন, তাঁদের হাতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আছে কি না, জরুরি অবস্থায় ট্রেন থামানোর ক্ষমতা কার। এই প্রশ্নগুলোর উত্তর যাত্রীর জানা দরকার নেই। কিন্তু কর্তৃপক্ষের জানা আছে কি না, সেটাই মূল।
প্রশিক্ষণহীন কর্মী আর অজানা নিয়ম মিলে যে অবস্থা তৈরি হয়, ২৪ অক্টোবরের কামরায় তা-ই দেখা গেছে। কেউ কিছু করেননি, কারণ কেউ জানতেন না কী করতে হবে। এই না-জানাটি ব্যক্তির নয়, ব্যবস্থার ত্রুটি।
তাই সমাধানের প্রথম ধাপ তথ্য প্রকাশ। কোন স্টেশনে কী আছে, কীভাবে সাহায্য চাইতে হবে, অসুস্থ যাত্রীকে কোথায় নামানো হবে — এসব স্পষ্ট নির্দেশনা কামরায় ও প্ল্যাটফর্মে থাকা দরকার। যাত্রীর স্মৃতিতে ধরে রাখতে হবে না, চোখের সামনে লেখা থাকলেই যথেষ্ট।
দ্বিতীয় ধাপ অভ্যাস তৈরি। শিশুদের স্কুলে গণপরিবহনের শিষ্টাচার পড়ানো হয় না। অথচ সিঙ্গাপুরে কার্টুন চরিত্র দিয়ে, জাপানে অপরকে বিরক্ত না করার সামাজিক অনুশাসনে এই অভ্যাস গড়ে উঠেছে। অভ্যাস শৈশবে তৈরি হলে বড় হয়ে সিদ্ধান্ত নিতে হয় না।
তৃতীয় ধাপ জবাবদিহি। কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে এবং প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সহায়তা না পৌঁছালে তার হিসাব থাকা দরকার। দুর্ঘটনার পর প্রতিবেদন তৈরি হলে ভবিষ্যতের সিদ্ধান্ত বদলায়।
সমাধান ব্যক্তির ভেতরে নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যেকার সম্পর্কে। নিন্দা সেই সম্পর্ক তৈরি করে না, নিয়ম ও প্রশিক্ষণ করে।
মেট্রোরেলের কামরা একটি ছোট শহর। এখানে অচেনা মানুষরা সাময়িক অবস্থান করেন। এই অবস্থানের নিয়ম কে শেখাবে, সেই প্রশ্নটিই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল শেখায় না, পরিবার অনেক সময় সুযোগ পায় না, প্রতিষ্ঠান ধরে নেয় মানুষ নিজেই শিখে নেবে।
অথচ অভিজ্ঞতা বলে, নিয়ম না শেখালে মানুষ নিজে থেকে শেখে না। জাপানে ছোটবেলা থেকেই শেখানো হয়, উঁচু স্বরে কথা বললে বা অপরকে বিরক্ত করলে সামাজিক অস্বস্তি তৈরি হয়। এই শেখাটি আইন দিয়ে হয়নি, অভ্যাস দিয়ে হয়েছে।
সিঙ্গাপুর আরেক পথ নিয়েছে। ক্যাম্পেইনের চরিত্র, মেঝের গ্রাফিক্স আর স্কুল কর্মসূচি মিলিয়ে একটি দীর্ঘমেয়াদি অভিযান চালানো হয়েছে। সেখানে কার্টুন নায়করা শিশুদের সঙ্গে কথা বলেন, নীতিকথা নয়, গল্প বলেন। গল্প মনে থাকে, নির্দেশ ভুলে যায়।
লন্ডন প্রযুক্তি ও ব্যাজের পথ বেছে নিয়েছে, কিন্তু সঙ্গে রাখা হয়েছে নাগরিক শিক্ষা। স্কুলশিক্ষার্থীদের আঁকা পোস্টার, শিল্পীদের অংশগ্রহণ আর নিয়মিত প্রচার — এসব মিলিয়ে বিষয়টি আলোচনায় থাকে। আলোচনায় থাকলে আচরণ বদলায়।
বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা। এখানে গণপরিবহনে ভিড় বেশি, যাত্রীর ধৈর্য কম। এই বাস্তবতায় শুধু উপদেশ দিলে কাজ হবে না।
শিক্ষার প্রশ্নে একটি বাস্তব সীমাবদ্ধতা আছে। পাঠ্যবইয়ে একটি অধ্যায় যোগ করলে আচরণ বদলে যায় না। বদলাতে হলে অভিজ্ঞতা দরকার। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মেট্রো স্টেশনে অভিযানে আনা যায়, তাঁরা যাত্রীদের সহায়তা করতে পারেন। দায়িত্ব পেলে মানুষ বদলায়।
একইভাবে কর্মক্ষেত্রে প্রশিক্ষণ দরকার। শুধু টিকিট পরীক্ষক নয়, যাত্রীসেবার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দরকার। অসুস্থ যাত্রী চিনতে পারা, প্রাথমিক চিকিৎসা শুরু করা আর দ্রুত হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া — এই তিনটি কাজের জন্য নির্দিষ্ট দল থাকা উচিত।
এই সব পদক্ষেপের একটি খরচ আছে। কিন্তু ওই খরচ একটি মৃত্যুর সামাজিক খরচের তুলনায় কম। গণপরিবহন ব্যবস্থার সুনাম ওঠে যাত্রীর অভিজ্ঞতা থেকে, কেবল ট্রেনের গতি থেকে নয়। ভিড়ের মধ্যেও কেউ সাহায্য পেয়েছেন, এই খবরই ব্যবস্থার মূলধন।
শেষ কথা হলো, কামরার নীরবতা ভাঙে একটি প্রশ্নে। প্রশ্নটি কঠিন নয়, ছোট। আপনি একটু সাহায্য করতে পারেন কি না। এই একটি বাক্য উচ্চারণ করার অভ্যাস গড়ে উঠলে আর কোনো যাত্রীকে মেঝেকে ভরসা করতে হবে না।
তিন স্তরের সংস্কার ও শেষ প্রশ্ন
একটি মৃত্যুর পর প্রশ্ন ওঠে, দায় কার। শুধু সহযাত্রীদের নয়। গণপরিবহন পরিচালনা করা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাঠামোতেও ঘাটতি আছে। ব্যক্তির সদিচ্ছার ওপর ভরসা করে মানবিক ব্যবস্থা টেকে না।
প্রথম সংস্কার ঘোষণার ভাষায়। এখনকার একঘেয়ে রেকর্ড করা ঘোষণা শোনা হয় না। ঘোষণাটি হতে হবে স্পষ্ট ও মনোযোগ আকর্ষণকারী, এবং বলতে হবে নির্দিষ্ট কথা — ফোনের পর্দা থেকে চোখ তুলে সামনে তাকান, দরকার হলে আসন ছেড়ে দিন।
হেডফোন পরা যাত্রীর কাছে পৌঁছাতে কামরার পর্দায় প্রতি তিন মিনিটে দেখাতে হবে ছোট অ্যানিমেশন। তাতে দেখা যাবে একজন তরুণ ফোন থেকে চোখ তুলে অসুস্থ কাউকে বসতে দিচ্ছেন, আর কামরার আবহ ধূসর থেকে উষ্ণ হচ্ছে। দৃশ্যভাষা এখানে নির্দেশের চেয়ে কার্যকর।
দ্বিতীয় সংস্কার কামরার ভৌত পরিকাঠামোয়। ঢাকার সব আসন প্রায় একই উজ্জল সবুজ ইস্পাতের, তাই অগ্রাধিকার আসন চোখে আলাদা করে চেনা যায় না। দরজার পাশের আসনগুলো উজ্জ্বল লাল, কমলা বা গাঢ় সবুজে রাঙাতে হবে। মেঝেতেও বড় হরফে লিখতে হবে এই আসন কাদের জন্য।
অদৃশ্য অসুস্থতা ও মুখ ফুটে আসন চাওয়ার লজ্জা কমাতে লাগবে ব্যাজ বা কার্ড। লন্ডনের আদলে ‘সহায়তা প্রয়োজন’ কার্ড দেওয়া যেতে পারে, যা চলাচল কার্ডের সঙ্গেই মিলবে। হৃদরোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ভার্টিগো, ক্যান্সারের চিকিৎসা বা অস্থিসন্ধির তীব্র ব্যথায় ভোগা মানুষরা এটি নিতে পারবেন।
পরে চাইলে দক্ষিণ কোরিয়ার আদলে স্বল্পমূল্যের ব্লুটুথ বা রেডিও-ফ্রিকোয়েন্সি সেন্সর যুক্ত করা যায়। কার্ডধারী যাত্রী সংরক্ষিত আসনের কাছে দাঁড়ালে আসনের ওপরের সতর্কবার্তা নিজে থেকেই জ্বলে উঠবে। তখন অনুরোধ করার দায়িত্ব যন্ত্রের, ব্যক্তির নয়।
তৃতীয় ও সবচেয়ে জরুরি সংস্কার জরুরি চিকিৎসা প্রস্তুতি। কামরায় কেউ হৃদরোগ, স্ট্রোক বা তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হলে অনেক যাত্রী বুঝতেই পারেন না কাকে জানাবেন। কামরার জরুরি ইন্টারকম বোতামটি উজ্জ্বল রঙ ও বাংলা নির্দেশিকায় আরও দৃশ্যমান করতে হবে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরের স্টেশনে প্রস্তুত থাকতে হবে প্রশিক্ষিত উদ্ধার দল, সঙ্গে স্ট্রেচার। উত্তর থেকে মতিঝিল ও কমলাপুর পর্যন্ত প্রতিটি প্ল্যাটফর্মে সব সময় রাখতে হবে স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর, অক্সিজেন সিলিন্ডার ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।
লক্ষ্য একটাই। ট্রেন থামার দুই মিনিটের মধ্যে অসুস্থ যাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছাবে। এই সময়টুকুর ভেতরেই প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা অনেকটা নামিয়ে আনা সম্ভব।
শেষ প্রশ্নটি কাঠামোর নয়, মানুষের। ইট, ইস্পাতের ভায়াডাক্ট, বিদ্যুতের তার আর শীতল কামরা দিয়ে জাতি গড়া যায় না। অবকাঠামোর আধুনিকতা যখন নৈতিক বধিরতার সঙ্গে চলে, তখন মেট্রোরেল কেবল যন্ত্রচালিত বাহনে পরিণত হয়।
একজন প্রবীণ শিক্ষককে ভিড়ের মধ্যে বারবার বসার জায়গা চাইতে হওয়া এবং মেঝেতে লুটিয়ে পড়ার পরও সাড়া না পাওয়া সেই ফাঁকটাই দেখায়। প্রযুক্তির উল্লম্ফন সেখানে মানবিক পচন ঢাকার আবরণ হয়ে দাঁড়ায়।
আজ যে তরুণ দরজা খোলার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আসন দখল করে, তার শরীরেও একদিন বার্ধক্য আসবে। সেদিন তিনিও কামরায় দাঁড়িয়ে আশা করবেন, অন্তত একজন অপরিচিত মানুষ কষ্টটি লক্ষ্য করুক। সেই মুহূর্তে চাওয়াটা খুব সামান্য। একজন সহযাত্রী এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ তুলে তাকাক এবং জিজ্ঞেস করুক, তিনি একটু সাহায্য করতে পারেন কি না। এই ছোট প্রশ্নটিই একটি শহরকে আধুনিক করে।
তথ্যসূত্র
১. দ্য ডেইলি স্টার, ‘মেট্রোরেলে এক মৃত্যু এবং রেখে যাওয়া প্রশ্ন’, ২ নভেম্বর ২০২৬।
২. আমার বাংলা ২৪, ‘অধ্যাপক ড. নজিবুর রহমানের মৃত্যু, জানাজা শেষে দাফন’।
৩. বরিশাল বাণী, ‘গৌরনদীতে চিরনিদ্রায় শায়িত ড. নজিবুর রহমান’।
৪. ইউটিউব, ‘মেট্রোরেলে অসুস্থ হয়েও সিট পেলেন না শিক্ষক, মর্মান্তিক মৃত্যু’।
৫. দৈনিক ইত্তেফাক, ‘করমেলা দেশে করবান্ধব পরিবেশ তৈরি করেছে: আইনমন্ত্রী’।
৬. লন্ডন পরিবহন কর্তৃপক্ষ, ‘লুক আপ’ অভিযান বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি, জুলাই ২০১৮।
৭. লন্ডন পরিবহন কর্তৃপক্ষ, ‘প্লিজ অফার মি আ সিট’ ব্যাজ ও কার্ড সংক্রান্ত তথ্য।
৮. লন্ডন নগর কর্তৃপক্ষ, ‘আমার আসনের ব্যাজ চেয়ে নিন’, প্রশ্নোত্তর।
৯. লন্ডন পরিবহন কর্তৃপক্ষ, লন্ডনের শিশুদের আঁকা পোস্টার নিয়ে সচেতনতা অভিযান।
১০. লন্ডন পরিবহন কর্তৃপক্ষ, ‘অদৃশ্য অসুস্থতা নিয়ে সচেতনতা ও প্রায়োরিটি সিটিং সপ্তাহ’, মে ২০২৬।
১১. এমিল ডুরখেইম, ‘দ্য ডিভিশন অব লেবার ইন সোসাইটি’, ১৮৯৩ এবং ‘সুইসাইড’, ১৮৯৭।
১২. গেয়র্গ জিমেল, ‘দ্য মেট্রোপলিস অ্যান্ড মেন্টাল লাইফ’, ১৯০৩।
১৩. ডেভিড রিজম্যান, ‘দ্য লোনলি ক্রাউড’, ১৯৫০।
১৪. ব্যুং-চুল হান, ‘দ্য এক্সপালশন অব দ্য আদার’, ২০১৮; ‘নন-থিংস’, ২০২২; ‘দ্য বার্নআউট সোসাইটি’, ২০১৫।
১৫. জন ডার্লি ও বিব লাতানে, ‘বাইস্ট্যান্ডার ইন্টারভেনশন ইন ইমার্জেন্সিজ’, ১৯৬৮।
১৬. রিচার্ড থ্যালার ও ক্যাস সানস্টেইন, ‘নাজ’, ২০০৮।
১৭. অমর্ত্য সেন, ‘আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স’, ২০০৬।
১৮. এডওয়ার্ড সাঈদ, ‘রিপ্রেজেন্টেশনস অব দ্য ইন্টেলেকচুয়াল’, ১৯৯৩।
মেট্রোরেলের কামরায় বৃদ্ধ শিক্ষক লুটিয়ে পড়লেও কেউ এগোননি, সবাই স্মার্টফোনে ডুবে ছিল। এই নিঃসঙ্গতা কি কেবল প্রযুক্তির দান, নাকি আমাদের সামাজিক সম্পর্ক ভেঙে পড়ার বড় প্রমাণ?আরও পড়ুন: ইয়েস স্যার! — ক্ষমতার সামনে মাথা নোয়ানোর চিরচেনা অভ্যাস · পূর্বাচল কাণ্ড: দুর্বলের মিডিয়া ট্রায়াল, পুলিশি অভিযানের নেপথ্য রাজনীতি · বার্ধক্য রোধে জেরোসায়েন্স: বিজ্ঞানের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা
Comments
Post a Comment