ওয়েদার ইঞ্জিনিয়ারিং কী: কে চালাবে, আর বাংলাদেশের ঝুঁকি কোথায়
১৯৯১ সালের ১৫ জুন ভোরবেলা, মূল বিস্ফোরণের ঠিক পরেই পিনাটুবো আগ্নেয়গিরির ছাই ও গ্যাসের স্তম্ভ। পরের এক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কমেছিল প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। ছবি: ইউএস জিওলজিক্যাল সার্ভে, ক্যাসকেড আগ্নেয়গিরি অবজারভেটরি (উইকিমিডিয়া কমন্স)।
গল্পের শুরু ১৯৯১ সালের জুন মাসে। ফিলিপাইনের লুসোন দ্বীপে পিনাটুবো নামে একটি আগ্নেয়গিরি আছে। পাঁচশো বছর ধরে সেটি ঘুমিয়ে ছিল। হঠাৎ একদিন পাহাড়টি ফেটে পড়ল। ছাই আর গ্যাসের বিশাল স্তম্ভ উঠে গেল আকাশের বিশ কিলোমিটারেরও বেশি ওপরে।
আমরা বাইরে থেকে ছাই আর ধোঁয়া দেখেছিলাম। কিন্তু আসল ঘটনাটি ঘটেছিল অদৃশ্যভাবে। পাহাড়টি বাতাসে প্রচুর সালফার ডাই-অক্সাইড গ্যাস ছড়িয়ে দিয়েছিল। বাতাসে মিশে সেই গ্যাস তৈরি করল অতি সূক্ষ্ম কিছু কণা। এই কণাগুলো সূর্যের আলোর একটি অংশ আটকে দেয়, পাশাপাশি আয়নার মতো প্রতিফলিত করে আলো মহাকাশে ফিরিয়ে দেয়।
এর ফল ছিল অবাক করার মতো। পরের এক বছরের মধ্যে পুরো পৃথিবীর গড় তাপমাত্রা কমে গেল প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশের রং বদলে গেল, সূর্যাস্ত হতো অস্বাভাবিক লাল। ১৯৯২ সাল হয়ে গেল আগের বছরের চেয়ে ঠান্ডা। এরপর ধীরে ধীরে কণাগুলো নিচে নেমে এল। আকাশ পরিষ্কার হলো। পৃথিবীর তাপমাত্রাও আবার আগের জায়গায় ফিরে গেল।
প্রকৃতির এই দুর্ঘটনা বিজ্ঞানীদের মাথায় একটি সহজ প্রশ্ন ঢুকিয়ে দিল। একটি আগ্নেয়গিরি যদি পুরো পৃথিবীকে ঠান্ডা করতে পারে, তবে মানুষ ইচ্ছা করে সেটি করতে পারবে না কেন?
একটি আগ্নেয়গিরি এক বছরে পৃথিবীকে আধা ডিগ্রি ঠান্ডা করে দিতে পারে। এখন প্রশ্ন, মানুষ সেটি ইচ্ছা করে করলে তার দাম কে দেবে?
একটি আগ্নেয়গিরি এক বছরে পৃথিবীকে আধা ডিগ্রি ঠান্ডা করে দিতে পারে। এখন প্রশ্ন, মানুষ সেটি ইচ্ছা করে করলে তার দাম কে দেবে?
২০০৬ সালে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী পল ক্রুটজেন এই প্রশ্নটি প্রকাশ্যে আনলেন। তিনি বললেন, মানুষ যদি কার্বন নিঃসরণ কমাতে ব্যর্থ হয়, তবে অন্তত এই পথটি নিয়ে গবেষণা করা উচিত। তখন এটি ছিল কেবল বিজ্ঞানীদের আলোচনার বিষয়। কিন্তু আজ এটি বিশাল টাকার বাজার, বড় কোম্পানির ব্যবসা আর পরাশক্তিগুলোর নিরাপত্তা পরিকল্পনার অংশ হয়ে গেছে।
কেন এমন হলো? উত্তরটা সহজ। পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইড নির্গমণ কমছে না। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব বলছে, আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাবে। এই শতাব্দীর শেষে উষ্ণতা ২.২ থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই বিপদ দেখে কিছু মানুষ ভাবছেন, আকাশটাকে সাময়িকভাবে ঠান্ডা করা যায় কি না।
বিষয়টি ভালোভাবে বুঝতে হলে একটি বড় ছাতার কথা জানতে হবে। পৃথিবীর জলবায়ু বদলে দেওয়ার এই সব প্রযুক্তিকে একসঙ্গে বলা হয় জিও-ইঞ্জিনিয়ারিং বা ভূ-প্রকৌশল। এর দুটি বড় ভাগ আছে। ১. সৌর জিও-ইঞ্জিনিয়ারিং: সূর্যের আলো পৃথিবীতে ঢোকার আগেই ঠেকিয়ে দেওয়া। ২. কার্বন ডাই-অক্সাইড অপসারণ: বাতাস থেকে কার্বন শুষে মাটির নিচে সংরক্ষণ
আলোচনায় ঢোকার আগে কয়েকটি শব্দের মানে পরিষ্কার করে নেওয়া দরকার। ‘ওয়েদার ইঞ্জিনিয়ারিং’ শব্দটি দিয়ে দুটি আলাদা জিনিস বোঝানো হয়। কখনো এর মানে হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি নামানো। এটি ছোট এলাকার কাজ। আবার কখনো এর মানে হয় পুরো গ্রহের জলবায়ু বদলে দেওয়া। আন্তর্জাতিকভাবে প্রথমটিকে বলে ওয়েদার মডিফিকেশন, আর দ্বিতীয়টিকে বলে ক্লাইমেট ইন্টারভেনশন বা জিও-ইঞ্জিনিয়ারিং। দুটো এক জিনিস নয়।
এবার আসি আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যে। আবহাওয়া হলো আজকের বা এই সপ্তাহের অবস্থা। যেমন—আজ বিকেলে বৃষ্টি হবে কি না, এখন গরম কেমন, বাতাস কোন দিকে বইছে। আর জলবায়ু হলো কয়েক দশকের গড় হিসাব। যেমন—বাংলাদেশে সাধারণত জুন মাসে বর্ষা আসে, ডিসেম্বর মাসে শীত পড়ে। একটা সহজ উদাহরণ দিই। আবহাওয়া হলো মানুষের মেজাজের মতো, যা দিনে কয়েকবার বদলায়। আর জলবায়ু হলো মানুষের স্বভাবের মতো, যা সহজে বদলায় না।
এখন আকাশের তলা বা স্তরগুলো চিনে নিই। আমাদের পায়ের নিচ থেকে ওপরে প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত বাতাসের প্রথম স্তরের নাম ট্রপোস্ফিয়ার। আমরা এই স্তরেই বাস করি। মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত—সব কিছু এখানেই ঘটে।
এর ঠিক ওপরেই শুরু হয় দ্বিতীয় স্তর, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এটি ১২ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বাতাস খুব শুকনো আর শান্ত। এখানে কোনো মেঘ নেই, বৃষ্টিও হয় না। আর এখানেই থাকে ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়।
বিজ্ঞানীরা কণা ছড়ানোর জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন বেছে নিয়েছেন? কারণ এখানে বৃষ্টি হয় না। তাই এখানে কোনো কণা ছড়িয়ে দিলে তা বৃষ্টির পানিতে ধুয়ে নিচে পড়ে না। কণাগুলো এক থেকে দুই বছর পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে।
মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের কিনারা। নিচের গাঢ় স্তরে মেঘ ও বৃষ্টি, তার ওপরের শান্ত নীল স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার — এখানেই এসএআই-এর কণা ছড়ানোর পরিকল্পনা। ছবি: নাসা আর্থ অবজারভেটরি (সিসি বাই ২.০)।
এবার পৃথিবী গরম হওয়ার মূল কৌশলটি বুঝি। সূর্যের আলো পৃথিবীতে এসে মাটি ও পানি গরম করে। এরপর পৃথিবী সেই তাপ আবার মহাকাশে ছেড়ে দেয়। কিন্তু বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাসগুলো সেই তাপকে বেরোতে দেয় না, আটকে রাখে। এটাই গ্রিনহাউস ইফেক্ট। শীতের রাতে গায়ের ওপর কম্বল চাপালে যেমন গরম লাগে, বাতাসের এই গ্যাসগুলো পৃথিবীর জন্য ঠিক তেমনই একটি কম্বলের কাজ করে।
আরেকটি জরুরি শব্দ হলো অ্যালবেডো। কোনো জিনিস সূর্যের কতটা আলো ফিরিয়ে দিতে পারে, তার মাপকেই অ্যালবেডো বলে। যেমন—সাদা বরফ বা সাদা মেঘ অনেক আলো ফিরিয়ে দেয়, তাই এদের অ্যালবেডো বেশি। কিন্তু কালো পিচঢালা রাস্তা বা গভীর সমুদ্র আলো শুষে নেয়, তাই এদের অ্যালবেডো কম। রোদের মধ্যে কালো শার্ট পরলে বেশি গরম লাগে, সাদা শার্ট পরলে কম গরম লাগে—এটাই অ্যালবেডোর সহজ উদাহরণ।
পৃথিবী সূর্যের যে আলো পায়, তার প্রায় ৩০ শতাংশ এমনিতেই মহাকাশে ফিরিয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন, কণা ছড়িয়ে আলো এই ফিরিয়ে দেওয়ার হার আর মাত্র ১ বা ২ শতাংশ বাড়াতে পারলেই পৃথিবী ঠান্ডা হয়ে যাবে।
কিন্তু ছোট কণা কীভাবে আলো ফেরায়? আলো যখন খুব সূক্ষ্ম কণার গায়ে ধাক্কা খায়, তখন তা চারদিকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় একে বলে বিক্ষেপণ। কুয়াশার ভেতর দিয়ে টর্চলাইট মারলে আলো যেমন চারদিকে ছড়িয়ে যায়, ব্যাপারটা অনেকটা তেমন।
এখানে দুটি আলাদা সুইচের কথা মনে রাখতে হবে। ১. তাপ ঢোকা কমানো: অর্থাৎ সূর্যের আলো কমিয়ে দেওয়া (এসআরএম)। ২. আটকে থাকা তাপ কমানো: অর্থাৎ কার্বন গ্যাস ছাড়া বন্ধ করা।
এই দুটি এক নয়। সূর্যর আলো ঠেকিয়ে পৃথিবী ঠান্ডা করলে বাতাসের কার্বন ডাই-অক্সাইড কমে না। সমুদ্রের পানির অম্লতা বা এসিডের পরিমাণও কমে না। তাই এটি জলবায়ু সংকটের আসল সমাধান নয়। এটি কেবল মূল কাজ করার জন্য একটু সময় নেওয়ার চেষ্টা মাত্র।
বৃষ্টি নামানোর পুরোনো খেলা: ক্লাউড সিডিং ও যুদ্ধের ইতিহাস
আকাশে হাত দেওয়ার চিন্তা আজকের নয়। এর বয়স প্রায় আশি বছর। ১৯৪৬ সালের কথা। যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক কোম্পানির গবেষণাগারে ভিনসেন্ট শেফার নামে এক বিজ্ঞানী পরীক্ষা করছিলেন। তিনি দেখলেন, খুব ঠান্ডা মেঘের ভেতর শুকনো বরফের টুকরো ফেললে বরফের কণা তৈরি হয়। পরে তিনি সত্যিকারের মেঘেও এটি পরীক্ষা করে সফল হলেন।
এরপর এল সিলভার আয়োডাইড নামে একটি রাসায়নিক। এর গঠন অনেকটা বরফের কণার মতো। তাই মেঘের ভেতর এটি ছড়িয়ে দিলে জলীয়বাষ্প দ্রুত জমে বড় ফোঁটা বা বরফ হয়ে যায়। ভারী হয়ে যাওয়ায় তা আর ভেসে থাকতে পারে না, বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এই কৌশলের নাম ক্লাউড সিডিং বা মেঘে বীজ বপন।
এটি ঘটে বায়ুমণ্ডলের নিচের স্তরে বা ট্রপোস্ফিয়ারে। এর প্রভাব থাকে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন, তাও আবার একটি ছোট এলাকায়। আজ চীন, ভারত, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, রাশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলো খরা কাটাতে বা শিলাবৃষ্টি থামাতে এটি ব্যবহার করে।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর এনসি-২১২ বিমান, আবহাওয়া পরিবর্তন (ক্লাউড সিডিং) অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত। ছবি: ইন্দোনেশিয়ার বিমান বাহিনী (উইকিমিডিয়া কমন্স)।
চীন এই কাজে সবচেয়ে এগিয়ে। তিব্বত মালভূমি থেকে এশিয়ার বড় বড় নদী—সিন্ধু, ব্রহ্মপুত্র, মেকং ও ইয়াংসে—জন্ম নিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সেখানে ‘স্কাই রিভার’ নামে ইতিহাসের সবচেয়ে বড় কৃত্রিম বৃষ্টির প্রকল্প হাতে নিয়েছে।
এই প্রযুক্তির একটি অন্ধকার ইতিহাসও আছে। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ‘অপারেশন পপাই’ নামে একটি গোপন অভিযান চালায়। তাদের উদ্দেশ্য ছিল ভিয়েতনামের আকাশে কৃত্রিম বৃষ্টি বাড়িয়ে রাস্তাঘাট কাদায় ডুবিয়ে দেওয়া, যাতে শত্রুপক্ষের রসদ সরবরাহ আটকে যায়। বিষয়টি ফাঁস হলে সারা বিশ্বে তীব্র সমালোচনা হয়।
এরপরই ১৯৭৭ সালে তৈরি হয় এনমড কনভেনশন। এই আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে যুদ্ধ বা শত্রুতার উদ্দেশ্যে আবহাওয়া বা পরিবেশ পরিবর্তন করা নিষিদ্ধ করা হয়।
অনেকে ইন্টারনেটে ‘কেমট্রেইল’ গুজব, ক্লাউড সিডিং আর এসএআই-কে এক করে ফেলেন। আসলে এগুলো সম্পূর্ণ আলাদা। ক্লাউড সিডিং হয় কয়েক কিলোমিটার উঁচুতে, শুধু একটি এলাকার আবহাওয়া বদলাতে। আর এসএআই করা হবে ২০ কিলোমিটার উঁচুতে, পুরো পৃথিবীর জলবায়ু বদলাতে। ক্লাউড সিডিংয়ের ফল কোথায় পড়বে তা বোঝা যায়। কিন্তু এসএআই-এর ফল কার ঘাড়ে গিয়ে পড়বে, তা কেউ নিশ্চিত বলতে পারে না।
ক্লাউড সিডিং আর স্ট্র্যাটোস্ফিয়ারে কণা ছড়ানো এক জিনিস নয় — প্রথমটি কয়েক ঘণ্টার বৃষ্টি, দ্বিতীয়টি বছরের পর বছর গোটা পৃথিবীর তাপমাত্রা।
ক্লাউড সিডিং আর স্ট্র্যাটোস্ফিয়ারে কণা ছড়ানো এক জিনিস নয় — প্রথমটি কয়েক ঘণ্টার বৃষ্টি, দ্বিতীয়টি বছরের পর বছর গোটা পৃথিবীর তাপমাত্রা।
সূর্য ঠেকানোর পাঁচটি উপায়
বিজ্ঞানীরা সূর্যের আলো ঠেকানোর জন্য মূলত পাঁচটি পথের কথা ভাবছেন।
১. স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন (এসএআই): এটিই সবচেয়ে আলোচিত পথ। এখানে ওপরের আকাশে সালফার ডাই-অক্সাইড বা ক্যালসিয়ামের মতো কণা ছড়ানো হবে। সালফার ডাই-অক্সাইড বাতাসে মিশে সালফিউরিক অ্যাসিডের সূক্ষ্ম ফোঁটা তৈরি করবে, যা আয়নার মতো আলো ফেরাবে।
কণাগুলো ওপরে নেবে কে? সাধারণ যাত্রীবাহী বিমান অত উঁচুতে উঠতে পারে না। তাই বিশেষ ধরনের হালকা জেট বিমান, ড্রোন বা বড় বেলুন ব্যবহারের কথা ভাবা হচ্ছে। কণা ছড়ানোর পর ব্রুয়ার-ডবসন সঞ্চালন নামে একটি ধীর গতির বৈশ্বিক বাতাস, সেগুলোকে বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে।
কয়েক মাসের মধ্যেই পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে। ফরাসি গবেষক জাভিয়ের ল্যান্ডেসের ২০২৬ সালের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই ঠান্ডা করার প্রক্রিয়াটি খুব দ্রুত কাজ করে, কিন্তু এর স্থায়িত্ব কম। কণাগুলো এক থেকে দুই বছর পর নিচে নেমে এলে প্রভাবও শেষ হয়ে যায়।
ইদানীং এর একটি নতুন ধরন নিয়ে আলোচনা হচ্ছে। পুরো পৃথিবীতে না ছড়িয়ে শুধু মেরু অঞ্চলে কম উচ্চতায় কণা ছড়ানো। মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ার এমনিতেই নিচু। তাই সাধারণ বিমান একটু বদলে নিয়েই সেখানে কণা ছড়ানো সম্ভব। এতে খরচ অনেক কমবে। তবে সমালোচকরা বলছেন, মেরুতে কণা দ্রুত নিচে নেমে আসবে, তাই বারবার ছড়াতে হবে।
২. সামুদ্রিক মেঘ উজ্জ্বলকরণ: সমুদ্রের ওপরের মেঘগুলোকে আরও সাদা ও উজ্জ্বল করা। জাহাজ থেকে সমুদ্রের লবণাক্ত পানি সূক্ষ্ম কুয়াশার মতো করে আকাশে ছোড়া হয়। লবণের কণা মেঘে ঢুকে মেঘকে আরও সাদা করে। সাদা মেঘ সূর্যের আলো বেশি ফিরিয়ে দেয়। তবে এই মেঘ মাত্র দশ দিন টেকে। অস্ট্রেলিয়া তাদের গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর বাঁচাতে এই পদ্ধতির পরীক্ষা চালাচ্ছে।
দক্ষিণ ভারত মহাসাগরের ওপর সামুদ্রিক স্তর-মেঘ, উপগ্রহ থেকে তোলা। সামুদ্রিক মেঘ উজ্জ্বলকরণ পরীক্ষার মূল লক্ষ্য এমন মেঘই। ছবি: নাসার মডিস যন্ত্র, অ্যাকুয়া উপগ্রহ (উইকিমিডিয়া কমন্স)।
৩. সিরাস মেঘ পাতলাকরণ: আকাশের অনেক উঁচুতে খুব পাতলা বরফের মেঘ থাকে, যাকে সিরাস মেঘ বলে। এগুলো সূর্যের আলো কম আটকায়, কিন্তু পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ বেশি আটকে রাখে। অর্থাৎ পৃথিবীকে গরম করে। এই মেঘগুলোকে রাসায়নিক কণা দিয়ে পাতলা করে দিলে তাপ সহজে মহাকাশে বেরিয়ে যাবে। তবে এটি কাজ করবে কি না, তার বৈজ্ঞানিক নিশ্চয়তা সবচেয়ে কম।
৪. শহরের ছাদ ও রাস্তা সাদা করা: এটি সবচেয়ে সহজ ও নিরাপদ পথ। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস বা এথেন্সের মতো শহরে বাড়ির ছাদ ও রাস্তায় সাদা রং করা হচ্ছে। এতে ওই শহর কিছুটা ঠান্ডা থাকে। কিন্তু এর প্রভাব শুধু ওই শহরের মধ্যেই সীমাবদ্ধ, পুরো পৃথিবীকে এটি ঠান্ডা করতে পারবে না।
৫. মহাকাশে বিশাল আয়না বসানো: এটি এখনো সায়েন্স ফিকশন বা কল্পনার পর্যায়ে আছে। মহাকাশে বিশাল আয়না বসিয়ে সূর্যের আলো ঘুরিয়ে দেওয়া। এর খরচ এত বেশি যে এই শতাব্দীতে এটি সম্ভব নয়।
এই পাঁচটির মধ্যে প্রথম পদ্ধতি অর্থাৎ এসএআই কেন সবার পছন্দের? কারণ এটি সবচেয়ে সস্তা এবং দ্রুত কাজ করে। এর জন্য নতুন কোনো বিজ্ঞান আবিষ্কার করতে হবে না। শুধু বিমান আর সালফার হলেই চলবে, যা দুনিয়াতে প্রচুর আছে।
পুরো পৃথিবীর জ্বালানি ব্যবস্থা তথা জীবাশ্ম বা কয়লা-তেল ছেড়ে সৌরবিদ্যুতে যেতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আর কয়েক দশক সময় লাগবে। সেখানে এসএআই-এর বার্ষিক খরচ তার তুলনায় নগণ্য। এই কম খরচের লোভই রাজনীতিবিদদের আকর্ষণ করছে।
মৌসুমি বৃষ্টির বিপদ
সস্তা হলেই যে জিনিস ভালো হবে, তা নয়। এসএআই-এর পেছনে আটটি বড় ভয় লুকিয়ে আছে।
১. টার্মিনেশন শক: ধরুন, বিশ বছর ধরে আকাশে কণা ছড়ানো হলো। পৃথিবী কিছুটা ঠান্ডা থাকল। কিন্তু আমরা কার্বন গ্যাস ছাড়া বন্ধ করলাম না। অর্থাৎ পৃথিবীর গায়ের কম্বলটা আগের মতোই মোটা থাকল, শুধু মাথার ওপর একটি কৃত্রিম ছাতা ধরে রাখা হলো। এখন হঠাৎ কোনো যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক ঝামেলায় কণা ছড়ানো বন্ধ হয়ে গেল। তখন কী হবে?
মাথার ওপরের ছাতা সরে যাবে, আর জমে থাকা কার্বনের কারণে তাপমাত্রা এক লাফে অনেক বেড়ে যাবে। ফরাসি গবেষকদের হিসাব বলছে, তখন পৃথিবী বর্তমানের চেয়ে ২০ গুণ দ্রুত গরম হবে। এত দ্রুত তাপমাত্রা বাড়লে গাছপালা, প্রাণী আর মানুষ কেউই মানিয়ে নিতে পারবে না।
ছাতা ধরে রাখলে পৃথিবী ঠান্ডা থাকে; ছাতা একদিন সরে গেলে তাপ বাড়ে ২০ গুণ দ্রুত।
ছাতা ধরে রাখলে পৃথিবী ঠান্ডা থাকে; ছাতা একদিন সরে গেলে তাপ বাড়ে ২০ গুণ দ্রুত।
২. ওজোন স্তরের ক্ষতি: সালফার কণা আকাশে গিয়ে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া শুরু করে, যা ওজোন স্তরকে ক্ষয় করে। ওজোন স্তর পাতলা হলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকবে। এতে মানুষের ত্বকের ক্যানসার, চোখের ছানি আর ফসলের ক্ষতি বাড়বে।
৩. অ্যাসিড বৃষ্টি: আকাশে ছড়ানো সালফার কণা একসময় নিচে নেমে আসবে। বৃষ্টির পানির সঙ্গে মিশে তা তৈরি করবে অ্যাসিড বৃষ্টি। এতে মাটি, হ্রদ আর বনের মারাত্মক ক্ষতি হতে পারে।
৪. মৌসুমি বৃষ্টি ও বাংলাদেশের বিপদ: দক্ষিণ এশিয়ার জন্য এটি সবচেয়ে বড় ভয়। বিজ্ঞানীরা বলছেন, আকাশে কণা ছড়ালে পৃথিবীর পানিচক্র ধীর হয়ে যেতে পারে। এর ফলে অনেক অঞ্চল শুকিয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মৌসুমি বায়ু বা বর্ষাকাল ওলটপালট হয়ে যেতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা এই বৃষ্টির ওপরই আমাদের পুরো কৃষি, নদী আর পানির হিসাব দাঁড়িয়ে আছে।
৫. ফসল কমে যাওয়া: সূর্যের আলো কমে গেলে গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য কম তৈরি করবে। কিছু গবেষণায় দেখা গেছে, এতে বিশ্বজুড়ে ফসল উৎপাদন কমে যেতে পারে।
৬. লাভ-ক্ষতির অসম হিসাব: এই প্রযুক্তি সবার জন্য সমান কাজ করবে না। মেরু অঞ্চল যতটা ঠান্ডা হবে, বিষুবরেখা অঞ্চল ততটা হবে না। তাছাড়া নিরক্ষরেখার কাছে উত্তর ও দক্ষিণের বাতাস যেখানে মেশে, সেখানে প্রচুর বৃষ্টি হয়। একে বলে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। কণা ছড়ালে এই বৃষ্টির অঞ্চলটি সরে যেতে পারে। ফলে কোনো দেশে বন্যা হবে, আবার পাশের দেশে ভয়াবহ খরা দেখা দেবে।
৭. নৈতিক ঝুঁকি (পরে ঠিক করে নেব মানসিকতা): হাতের কাছে এমন একটি সহজ উপায় থাকলে সরকার ও তেল কোম্পানিগুলো কার্বন কমানোর আসল কাজটি করতে চাইবে না। তারা ভাববে, দূষণ করে যাই, পরে আকাশে কণা ছড়িয়ে ঠান্ডা করে নেব।
৮. পাল্টা জিও-ইঞ্জিনিয়ারিং: ধরুন, একটি দেশ ঠান্ডা করার জন্য কণা ছড়াল। এতে আরেকটি দেশের বৃষ্টি কমে গেল। তখন ক্ষতিগ্রস্ত দেশটি পাল্টা হিসেবে এমন কিছু আকাশে ছাড়ল, যা ওই কণার প্রভাব নষ্ট করে দেয়। এতে আকাশের আবহাওয়া নিয়ে দুই দেশের মধ্যে এক নতুন যুদ্ধ শুরু হয়ে যাবে।
মনে রাখা দরকার, পৃথিবীতে কেউ এখনো পূর্ণ মাত্রায় এই পরীক্ষা চালায়নি। আমরা যা জানছি, তার সবই কম্পিউটার মডেলের হিসাব। কম্পিউটার মডেল ভালো, কিন্তু আসল আকাশ অনেক বেশি জটিল।
আর সবচেয়ে বড় প্রশ্নটি হলো—পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রিতে রাখা হবে, তা কে ঠিক করবে? রাশিয়া চাইবে একটু গরম থাকুক, যাতে তাদের বরফ গলে এবং উত্তর মেরু দিয়ে জাহাজ চলতে পারে। আবার বাংলাদেশ চাইবে ঠান্ডা থাকুক, যাতে সমুদ্রের পানি না বাড়ে। এই ‘থার্মোস্ট্যাট’ বা তাপমাত্রার সুইচটি কার হাতে থাকবে, তার কোনো মীমাংসা নেই।
টাকা, কোম্পানি আর ‘আগে দূষণ, পরে মেরামত’ রাজনীতি
এই গবেষণার পেছনে টাকা আসছে কোথা থেকে? ফরাসি প্রতিষ্ঠান অবজারভেটরি ডিফেন্স ক্লিমার ২০২৬ সালের অক্টোবরে একটি হিসাব দিয়েছে। ২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসআরএম নিয়ে গবেষণা ও প্রচারণায় বিশ্বে মোট ৪১২ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এর বড় অংশই এসেছে ২০২০ সালের পর।
সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই টাকার ৩৮.১৭ শতাংশ এসেছে ধনী ব্যক্তিদের দাতব্য প্রতিষ্ঠান থেকে। আর সরকারি উৎস থেকে এসেছে ৩২.৭৫ শতাংশ। অর্থাৎ সরকারের চেয়ে বেসরকারি টাকা এখানে বেশি।
২০২৩ সালে এই খাতে ব্যবসায়িক বিনিয়োগ ছিল প্রায় শূন্য। কিন্তু ২০২৫ সালে এসে ৯টি স্টার্টআপ কোম্পানিতে ১১৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বড় নাম স্টারডাস্ট সলিউশনস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলভিত্তিক এই কোম্পানি একাই ৭৫ মিলিয়ন ডলার তুলেছে। তাদের ব্যবসার ধরন অদ্ভুত। তারা সাধারণ মানুষের কাছে কিছু বেচবে না। তারা সরকারের ঠিকাদার হতে চায়। নিজস্ব বিমান ও প্রযুক্তি দিয়ে ২০৩০ সালের মধ্যে আকাশে কণা ছড়ানোর জন্য প্রস্তুত হতে চায় তারা। তাদের হিসাব অনুযায়ী, বছরে খরচ পড়বে ১ বিলিয়ন ডলারের বেশি।
আরেকটি কোম্পানি হলো যুক্তরাষ্ট্রের মেক সানসেটস। তারা সালফার গ্যাস ভরা বেলুন আকাশে উড়িয়ে দেয়। আর সাধারণ মানুষের কাছে বিক্রি করে ‘কুলিং ক্রেডিট’। অর্থাৎ আপনি কিছু টাকা দিলে তারা আপনার নামে আকাশ একটু ঠান্ডা করার অবদান রাখার দাবি করবে। মেক্সিকো সরকারের কোনো অনুমতি না নিয়েই তারা সেখানে বেলুন উড়িয়েছিল। এর পর মেক্সিকো সরকার দেশে এই কাজ নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। এই ‘কুলিং ক্রেডিট’ যাচাই করার কোনো আন্তর্জাতিক নিয়ম নেই। পুরোটাই চলছে নিয়ন্ত্রণ ছাড়া।
এখানে আরেকটি বড় শক্তির কথা না বললেই নয়। সেটি হলো প্রযুক্তি কোম্পানি। কার্নেগি ইউরোপ-এর এক প্রতিবেদনে এই দিকটি তুলে ধরা হয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগ। এআই চালানোর জন্য বিশাল বিশাল ডেটা সেন্টার দরকার, যা প্রচুর বিদ্যুৎ খায়। সেই বিদ্যুতের বড় অংশ আসে কয়লা ও গ্যাস থেকে। ফলে কার্বন নিঃসরণ বাড়ছে।
গুগলের সাবেক প্রধান এরিক শ্মিডট একবার বলেছিলেন, এআই-এর সম্ভাবনা এত বড় যে জলবায়ু নিয়ে দুশ্চিন্তা করে এর গতি থামানো যাবে না। বিশ্লেষকরা একে বলছেন ‘আগে দূষণ, পরে মেরামত’ রাজনীতি। অর্থাৎ এআই কোম্পানিগুলো এখন দেদারসে দূষণ করবে, আর পরে প্রযুক্তি দিয়ে আকাশ ঠান্ডা করার কথা বলবে।
তবে সরকারি খরচও বাড়ছে। যুক্তরাজ্য তাদের এআরআইএ কর্মসূচির মাধ্যমে বড় অঙ্কের টাকা দিচ্ছে। চীনও ২০২৪ সালে তাদের গবেষণা বাজেট দ্বিগুণ বাড়িয়ে ৫ মিলিয়ন ডলারের ওপরে নিয়ে গেছে। অর্থাৎ পরাশক্তিগুলো চুপ করে বসে নেই।
আকাশের সার্বভৌমত্ব: দুই পরাশক্তি ও বাংলাদেশের প্রশ্ন
এই পুরো আলোচনায় সবচেয়ে নতুন ও গুরুত্বপূর্ণ শব্দটি হলো ওয়েদার সভরেন্টি বা আবহাওয়ার সার্বভৌমত্ব।
সাধারণভাবে সার্বভৌমত্ব মানে নিজের দেশের সীমানার ভেতর নিজের আইন চলা। কিন্তু অন্য কোনো দেশ যদি নিজের আকাশে কণা ছড়িয়ে আপনার দেশের বৃষ্টি বন্ধ করে দেয়, তবে আপনার সার্বভৌমত্বের কী দাম থাকে?
ওয়াশিংটনের নীতি-নির্ধারকরা এখন এটিকে জাতীয় নিরাপত্তার চোখে দেখছেন। আমেরিকান কাউন্সিল ফর ক্যাপিটাল ফরমেশনের প্রেসিডেন্ট জর্জ ডেভিড ব্যাংকস ২০২৬ সালে লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি এই প্রযুক্তিতে নেতৃত্ব না দেয়, তবে চীন বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেশ একতরফাভাবে এটি ব্যবহার করে সুবিধা নিয়ে নেবে।
অন্যদিকে চীনা গবেষকদের ভয়ও একই। তাঁরা বলছেন, পশ্চিমা দেশগুলো বিশ্বজুড়ে তাদের আধিপত্য ধরে রাখতে জলবায়ু প্রকৌশলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।
রাজনীতির ভাষায় একে বলে নিরাপত্তা দ্বিধা। মানে এক পক্ষ আত্মরক্ষার জন্য যা করে, অন্য পক্ষ সেটিকে আক্রমণের প্রস্তুতি মনে করে। ফলে দুজনেই পাল্লা দিয়ে প্রস্তুতি বাড়ায়। কারণ আকাশে কণা ছড়ানোর বিমান আর সামরিক নজরদারির বিমান দেখতে প্রায় একই রকম।
সেন্টার ফর ফিউচার জেনারেশনস (সিএফজি)-এর গবেষক ট্রিশ লাভেরি ২৫০-এর বেশি বিজ্ঞানী ও নীতি-নির্ধারকের সঙ্গে কথা বলে ২০৩৬ সালের জন্য চারটি সম্ভাব্য ভবিষ্যতের ছবি এঁকেছেন: ১. কাগুজে নিষেধাজ্ঞা: জাতিসংঘে একটি চুক্তি পাস হবে, কিন্তু যে দেশগুলো সবচেয়ে বেশি কাজ করছে, তারা তাতে সই করবে না। ২. সিলভার বুলেট: কোম্পানিগুলো এটিকে বিমার খরচ কমানো আর অর্থনীতির রক্ষাকবচ হিসেবে বাজারজাত করবে। ৩. কঠিন অবতরণ: পরীক্ষা চালানোর সময় একটি ড্রোন বিধ্বস্ত হয়ে অন্য দেশে পড়বে, আর গুজব ছড়াবে যে এটি গোপন সামরিক মিশন। ৪. অস্ত্র প্রতিযোগিতা: ২০৩৩ সালে এক পরাশক্তি আরেক পরাশক্তির বিরুদ্ধে গোপনে আকাশে কণা ছড়ানোর অভিযোগ তুলবে। যাচাই করার কোনো উপায় না থাকায় উত্তেজনা চরমে পৌঁছাবে।
এখানেই সবচেয়ে বিপজ্জনক সমস্যাটি সামনে আসে। এর নাম অ্যাট্রিবিউশন সমস্যা বা দায় নির্ধারণের সমস্যা।
ধরুন, বাংলাদেশে ভয়াবহ খরা হলো বা সময়মতো বর্ষা এল না। ফসল নষ্ট হলো। তখন প্রশ্ন উঠবে—এটা কি প্রকৃতির সাধারণ খামখেয়ালি? নাকি বৈশ্বিক উষ্ণায়নের ফল? নাকি কোনো পরাশক্তি আকাশে কণা ছড়িয়েছে বলে এমন হলো?
বিজ্ঞান দিয়ে সঙ্গে সঙ্গে এর উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আবহাওয়া এমনিতেই এলোমেলো আচরণ করে। স্যাটেলাইটে হয়তো আকাশে কণা দেখা যাবে, কিন্তু সেই কণা কার ছাড়া এবং তার কারণেই যে আমাদের বৃষ্টি কমেছে, তা প্রমাণ করা প্রায় অসম্ভব। আর প্রমাণ না থাকলেও কেবল সন্দেহ থেকেই দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক সংকট তৈরি হতে পারে।
আইনের দিকে তাকালে দেখা যায়, পুরো বিষয়টি একটি বিশাল শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছে। বর্তমানে কোনো আন্তর্জাতিক চুক্তি এসআরএম নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করে না। জাতিসংঘে সুইজারল্যান্ড দুবার (২০১৯ ও ২০২৪ সালে) এ নিয়ে প্রস্তাব তুলেছিল, কিন্তু দুবারই তা প্রত্যাহার করতে হয়েছে।
আকাশে কণা ছড়ানোর কোনো আন্তর্জাতিক আইন নেই, দায় নির্ধারণের কোনো কাঠামোও নেই — বাংলাদেশের বৃষ্টি কমলে কে দায়ী, তার উত্তর দেওয়ার জায়গাটাই নেই।
আকাশে কণা ছড়ানোর কোনো আন্তর্জাতিক আইন নেই, দায় নির্ধারণের কোনো কাঠামোও নেই — বাংলাদেশের বৃষ্টি কমলে কে দায়ী, তার উত্তর দেওয়ার জায়গাটাই নেই।
অন্যদিকে সাধারণ মানুষ ও নাগরিক সমাজ এর বিরোধিতা করছে। ২০২১ সালে বিজ্ঞানীদের একটি বড় অংশ ‘সৌর জিও-ইঞ্জিনিয়ারিং ব্যবহার না করতে চুক্তি’র দাবি তুলেছেন। ২০২৫ সালে আফ্রিকার দেশগুলোর মন্ত্রীরাও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে এ নিয়ে বিল উঠেছে, এবং ফ্লোরিডা, লুইজিয়ানা ও টেনেসি—এই তিনটি রাজ্যে ইতিমধ্যে আইন পাস হয়ে গেছে।
এখন প্রশ্ন হলো, এই বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান কোথায়?
আমাদের কৃষি পুরোপুরি মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। আমাদের নদীগুলোর পানি আসে হিমালয় ও তিব্বত থেকে, যা অন্য দেশের সীমানায়। অর্থাৎ উজানে বা ওপরের আকাশে কেউ কোনো পরিবর্তন করলে তার সরাসরি আঘাত আসবে আমাদের ঘরে। কিন্তু যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই টেবিলে আমাদের কোনো আসন নেই।
২০২০ সালের জুলাইয়ে বন্যায় ডুবে যাওয়া বাংলাদেশ, উপগ্রহ থেকে তোলা ছবি। মৌসুমি বৃষ্টির ছন্দ বদলালে প্রথম আঘাত আসে এখানেই। ছবি: নাসার মডিস, গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার (উইকিমিডিয়া কমন্স)।
দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর আরেকটি সমস্যা আছে। আমাদের দেশে জলবায়ু নিয়ে যে গবেষণা হয়, তার বেশির ভাগ টাকা আসে উন্নত দেশ থেকে। ফলে গবেষণার বিষয়বস্তুও ঠিক করে দেয় তারাই। অনেক সময় দরিদ্র দেশগুলোর বিপদ দেখিয়েই ধনী দেশগুলো এই প্রযুক্তির পক্ষে সম্মতি আদায় করে নিতে চায়।
তাই বাংলাদেশের জন্য দুটি কাজ এখন সবচেয়ে জরুরি। প্রথমত, বিশ্বমঞ্চে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে কোনো আপস না করা। দ্বিতীয়ত, নিজের আকাশ নিজে দেখা বা পর্যবেক্ষণ করার ক্ষমতা তৈরি করা।
আমাদের আবহাওয়া অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনেক তথ্য আছে। এখন দরকার একটি সমন্বিত কেন্দ্র, যারা স্যাটেলাইট ও নিজস্ব যন্ত্রের মাধ্যমে ওপরের আকাশের কণা এবং বৃষ্টির ধরন নিয়মিত পর্যবেক্ষণ করবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে মিলে একটি যৌথ নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে কোনো দেশ আকাশে হাত দিলে আমরা প্রমাণসহ কথা বলতে পারি।
গল্পের শুরুতে ফিরে যাই। ১৯৯১ সালে পিনাটুবোর ছাই এসেছিল প্রকৃতির নিয়মে, তারপর চলে গিয়েছিল। কেউ তা চায়নি, কেউ থামায়নি। কিন্তু এবারের গল্পটা আলাদা। এবার মানুষ নিজেই আকাশে ছাই ছড়াতে চাইছে। কেউ এর পেছনে টাকা ঢালছে, কেউ ব্যবসার ছক কষছে।
তাই প্রশ্নটি এখন আর কেবল বিজ্ঞানের নয়। প্রশ্নটি এখন রাজনীতির ও অধিকারের—এই আকাশ আসলে কার?
তথ্যসূত্র: বিবেক ওয়াই কেলকার, ‘ওয়েদার সভরেন্টি: দ্য নিউ জিওপলিটিক্স অব অ্যাটমোস্ফেরিক ইন্টারভেনশন’, এশিয়া টাইমস, নভেম্বর ২০২৬; জাভিয়ের ল্যান্ডেস, ‘সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট: আ ক্লাইমেট টুল উইথ জিওপলিটিক্যাল ইমপ্লিকেশনস’, ইফ্রি মেমো, অক্টোবর ২০২৬; ট্রিশ লাভেরি, ‘টুওয়ার্ডস গভর্ন্যান্স অব ক্লাইমেট কুলিং অ্যাপ্রোচেস’, সেন্টার ফর ফিউচার জেনারেশনস, ২০২৬; অলিভিয়া ল্যাজার্ড (সম্পাদনা), ‘প্ল্যানেটারি পাওয়ার: জিও-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য নিউ জিওপলিটিক্স অব ক্লাইমেট ইন্টারভেনশন’, কার্নেগি ইউরোপ, ২০২৬; এরিন সিকরস্কি, জুলিয়া গ্রিনসফেল্ডার ও হানা লায়ন্স, ‘ক্লাইমেট ইন্টারভেনশন অ্যাট হাই ল্যাটিটিউডস: আ ২০৩০ সিকিউরিটি সিনারিও’, সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড সিকিউরিটি, ২০২৬; জর্জ ডেভিড ব্যাংকস, ‘দ্য ন্যাশনাল সিকিউরিটি কেস ফর ইউএস লিডারশিপ ইন এসআরএম টেকনোলজি’, আমেরিকান কাউন্সিল ফর ক্যাপিটাল ফরমেশন, ২০২৬; ‘দ্য জিওস্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স ইমপ্লিকেশনস অব সোলার জিও-ইঞ্জিনিয়ারিং’, অবজারভেটরি ডিফেন্স ক্লিমার, অক্টোবর ২০২৬; ‘সোলার রেডিয়েশন মডিফিকেশন: এভিডেন্স রিভিউ রিপোর্ট’, ইউরোপীয় কমিশনের বৈজ্ঞানিক পরামর্শ ব্যবস্থা, ২০২৪; ‘প্লেয়িং গড উইথ ক্লাইমেট’, ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ, ২০২৬; ‘লিমিটিং ওভারশুট’, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, নাইরোবি, ২০২৬; ‘ওয়ান অ্যাটমোস্ফিয়ার’, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, নাইরোবি, ২০২৩; পল ক্রুটজেন, ‘অ্যালবেডো এনহ্যান্সমেন্ট বাই স্ট্র্যাটোস্ফেরিক সালফার ইনজেকশনস’, ক্লাইমেটিক চেঞ্জ, ২০০৬; ‘রিফ্লেক্টিং সানলাইট: রেকমেন্ডেশনস ফর সোলার জিও-ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড রিসার্চ গভর্ন্যান্স’, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমিজ অব সায়েন্সেস, ২০২১; এ. পার্কার ও পি. জে. আরভিন, ‘দ্য রিস্ক অব টার্মিনেশন শক ফ্রম সোলার জিও-ইঞ্জিনিয়ারিং’, আর্থস ফিউচার, ২০১৮; ডি. জি. ম্যাকমার্টিন ও বি. ক্রাভিৎজ, ‘মিশন-ড্রিভেন রিসার্চ ফর স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল জিও-ইঞ্জিনিয়ারিং’, পিএনএএস, ২০১৯; এ. ডাফি ও অন্যরা, ‘দ্য গ্লোবাল ক্লাইমেট রেসপন্স টু হাই-ল্যাটিটিউড লো-অ্যালটিটিউড স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন’, আর্থ সিস্টেম ডাইনামিকস, ২০২৬; ‘২১শ সেঞ্চুরি ডিপ্লোম্যাসি: ফরেন পলিসি ইজ ক্লাইমেট পলিসি’, মরুকরণ প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন, ২০২০; ‘জিও-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ইন্দো-প্যাসিফিক: রিস্কস, গভর্ন্যান্স’, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড, ২০২৫।
পিনাটুবোর ছাই এক বছর পৃথিবী ঠান্ডা রেখেছিল। এখন মানুষ নিজেই আকাশে ছাতা বসাতে চায়, অথচ কে চালাবে আর কে থামাবে, কার অনুমতি লাগবে—তার কোনো আন্তর্জাতিক আইন এখনো নেই।আরও পড়ুন: গাঁজার নিষিদ্ধ জাত ‘হেম্প’: যেভাবে বাঁচাতে পারে দূষিত পৃথিবীকে · উল্টে যাওয়া ডিজিটাল বৈষম্য: স্ক্রিন-মুক্ত ধনীর সন্তান, বাকিরা অ্যালগরিদমের হাতে · কাশ্মীরি জাফরান চাষের পতন: কেন হারিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মসলা?
Comments
Post a Comment