মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    দ্রিঘাংচু থেকে শেখ হাসিনার পতন: সুকুমার রায়ের চোখে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার ব্যবচ্ছেদ

    রাজদরবারের থামে দাঁড়কাক

    রাজদরবারের থামে দাঁড়কাক — সুকুমার রায়ের ‘দ্রিঘাংচু’-র সেই মুহূর্ত। প্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি

    রাজার দরবার বসেছে। সিংহাসনের চারপাশে পাত্র-মিত্র, আমির-ওমরাহ আর সিপাই-শান্ত্রী গিজগিজ করছে। সভাকক্ষে মাছি ওড়ার শব্দ নেই। চারপাশে কেবল ক্ষমতার দাপট আর কৃত্রিম গাম্ভীর্য।

    প্রধানমন্ত্রী গম্ভীর মুখে রাজকার্যের জটিল বয়ান ঝারছেন। সভাসদরা হাত জোড় করে দাঁড়িয়ে। একজন ভৃত্য রাজার মাথার ওপর একটানা চামর (পাখা) দোলাচ্ছে। সেই বাতাসে রাজার দুই চোখ ঘুমে ঢুলে এসেছে।

    বাইরে থেকে দেখলে এই নাটক নিখুঁত। প্রত্যেকে নিজের পদমর্যাদা অনুযায়ী ভয়ের মুখোশ পরে আছে। কেউ প্রশ্ন করে না, কেউ হাসে না, কেউ নিয়মের বাইরে পা ফেলে না। শাসকের গাম্ভীর্যই এই সভার একমাত্র চালিকাশক্তি।

    সবাই ভান করছে, এই দরবার জগতের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। সুকুমার রায়ের সাহিত্যে সেই ভান টেকে না। কয়েক মুহূর্তেই ছন্দপতন ঘটে।

    অনাহূত অতিথি এসে পড়ে। সে রাজহাঁস নয়, ময়ূর নয়, বা কোনা উচুঁ জাতের পাখিও নয়। সাধারণ এক কালো দাঁড়কাক। সিংহাসনের ডানদিকের উঁচু থামে গিয়ে জাঁকিয়ে বসে। ঘাড় নিচু করে সভার চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তারপর কর্কশ অথচ গম্ভীর গলায় ডেকে ওঠে, ‘কঃ!’। এক অক্ষরের একটি শব্দ। সেই শব্দেই সাজানো শৃঙ্খলা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দরজার কাছে বসা ছোট ছেলে ভ্যাঁ করে কেঁদে ওঠে।

    মন্ত্রীমশাই মাঝপথে বক্তৃতার খেই হারিয়ে বোকার মতো তাকিয়ে থাকেন। যে লোকটি চামর দোলাচ্ছিল, তার হাত ফসকে চামরটি গিয়ে পড়ে রাজার মাথার ওপর। মুহূর্তে প্রতাপশালী দরবার বিশৃঙ্খলার মঞ্চ।

    মাথায় চামরের বাড়ি খেয়ে রাজা ধড়মড় করে জেগে ওঠেন। কী ঘটেছে, তা বোঝার চেষ্টা নেই। ঘুমভাঙা চোখে তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘জল্লাদ ডাক!’। আদেশ মাত্রই জল্লাদ হাজির। রাজা চোখ বুজে হুকুম দেন, ‘মাথা কেটে ফেল!’

    সর্বনাশ। কার মাথা? পাত্র-মিত্র থেকে সিপাই-শান্ত্রী সবাই আতঙ্কে নিজের মাথায় হাত বুলাতে শুরু করে। প্রত্যেকে ভাবে, আজ তারই গর্দান যায় বুঝি। রাজা খানিকক্ষণ ঝিমিয়ে আবার চোখ খোলেন, ‘কই, মাথা কই?’

    জল্লাদ হাত জোড় করে ভয়ে জিজ্ঞেস করে, ‘আজ্ঞে মহারাজ, কার মাথা?’ রাজা উল্টো জল্লাদকেই ধমক দেন। কয়েকটি ছোট বাক্যেই সুকুমার নিরঙ্কুশ ক্ষমতার চরিত্রটি খুলে দেন।

    যে ক্ষমতা বিচারের আগে রায় দেয় এবং অপরাধ জানার আগে জল্লাদ ডাকে, সে ভেতরে ভেতরে অন্ধ ও ঘুমন্ত। রাজার হুকুম ন্যায়বিচারের প্রতীক নয়, নিজের দুর্বলতা ঢাকার হাস্যকর আস্ফালন। ভয়ের শাসন আসলে শাসকের নিজের ভয়ের প্রকাশ।

    এরপর জানা যায়, গণ্ডগোলের মূলে একটি দাঁড়কাক। কাক কেন ডেকে উঠল, তার কারণ খুঁজতে পণ্ডিতদের তলব হয়। অথচ সহজ সত্য বলার কোনো উপায় এই দরবারে নেই। পণ্ডিতেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করেন।

    এক তরুণ পণ্ডিত কাঁচুমাচু মুখে সাধারণ উত্তর দেন, বোধহয় কাকটির খিদে পেয়েছিল। এই স্বাভাবিক কথাটি রাজার অহমিকায় আঘাত করে। রাজা খেপে বলেন, খিদে পেলে কাক রাজসভায় ঢোকে কেন? এখানে কি মুড়ি-মুড়কি বিক্রি হয়?

    তরুণ পণ্ডিতকে সভা থেকে বিদেয় করা হয়। তোষামোদকারীরা সমস্বরে বলে ওঠে, ঠিক ঠিক, ওকে বিদেয় করুন। দ্বিতীয় পণ্ডিত কাকের ডাকের জটিল ব্যাখ্যা দিতে চেষ্টা করেন। রাজা তাকেও মোটা বুদ্ধির লোক বলে অপমান করেন এবং তাঁর মাইনে বন্ধের আদেশ দেন।

    সভার সবাই তখন তোতাপাখির মতো বলে ওঠে, মাইনে বন্ধ কর। এই মানুষগুলোর নিজস্ব কণ্ঠ নেই। তারা রাজার কথার প্রতিধ্বনি করে কেবল নিজের চামড়া বাঁচাতে চায়।

    রাজদরবারের পণ্ডিতেরা তোতাপাখির মতো রাজার কথারই প্রতিধ্বনি করতেন। শত বছর পরে সেই একই দৃশ্য — আদালতে, দপ্তরে, মেট্রো ট্রেনে ‘জি স্যার’ আর ‘ইয়েস স্যার’। সহজ সত্যকে ভয় পাওয়া আমলাতন্ত্র আজও ফাইল আর ভারী পরিভাষায় বাঁচে, বাপের বয়সী পিয়নকেও নাম ধরে ডাকে।

    রাজদরবারের পণ্ডিতেরা তোতাপাখির মতো রাজার কথারই প্রতিধ্বনি করতেন। শত বছর পরে সেই একই দৃশ্য — আদালতে, দপ্তরে, মেট্রো ট্রেনে ‘জি স্যার’ আর ‘ইয়েস স্যার’। সহজ সত্যকে ভয় পাওয়া আমলাতন্ত্র আজও ফাইল আর ভারী পরিভাষায় বাঁচে, বাপের বয়সী পিয়নকেও নাম ধরে ডাকে।

    তোষামোদের দরবার: খাঁচার তোতাপাখি আর তার ওপরে দাঁড়কাক

    তোষামোদের দরবার: খাঁচার তোতাপাখি আর তার ওপরে দাঁড়কাক। ছোট ছবিতে সুকুমার রায়। প্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি; প্রতিকৃতি উইকিমিডিয়া কমন্স

    দুই পণ্ডিতের করুণ দশা দেখে সভায় কবরের নীরবতা নেমে আসে। কেউ মুখ খোলে না। রাজা ফরমান জারি করেন, এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কেউ উঠতে পারবে না। সবাই কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে থাকে।

    চিন্তা করতে করতে কারও শরীর ঘেমে ঝোল হয়ে যায়। মাথা চুলকাতে চুলকাতে কারও টাক পড়ে যায়। পেটে খিদে বাড়ে, অথচ রাজা নির্বিকারে সিংহাসনে বসে আবার ঝিমুতে থাকেন।

    এই গল্পের সূচনা পর্বটি কেবল হাসির দৃশ্য নয়। রুশ সাহিত্যতাত্ত্বিক ভিক্টর শক্লভস্কি ১৯১৭ সালে তাঁর ‘আর্ট অ্যাজ টেকনিক’ প্রবন্ধে পরিচিতকে অপরিচিতভাবে দেখার তত্ত্ব দেন। রোজ দেখা জিনিসে মানুষের চোখ ভোঁতা হয়ে যায়। মানুষ যখন রাজার মুকুট, আদালতের পোশাক বা আমলাতন্ত্রের ফাইলকে স্বাভাবিক ও পবিত্র ধরে নেয়, তখন সুকুমারের লেখা সেই অভ্যস্ত চোখে ধাক্কা দেয়। শিশুর বিস্মিত চোখে রাজদরবার পবিত্র স্থান নয়, কেবল ঘুমকাতুরে ও ভীতু মানুষের ভিড়।

    দ্রিঘাংচু প্রথম প্রকাশিত হয় ১৩২৩ বঙ্গাব্দে সন্দেশ পত্রিকায়। কাকের একটি ডাক সেই রাজদরবারকে মুহূর্তে অচেনা ও হাস্যকর করে তোলে। এই অচেনা করার কাজটিই সুকুমারের রাজনীতি।

    ‘দ্রিঘাংচু’: নামকরণের মোহ আর এক পাতা মন্ত্র

    দরবারের সবাই ক্ষুধা ও আতঙ্কে আধমরা। ঠিক তখনই আসে গল্পের দ্বিতীয় মোড়। প্রহরীদের চোখ এড়িয়ে দরবারের মাঝখানে এসে দাঁড়ায় এক রোগা শুঁটকো লোক। শরীরে রাজকীয় পোশাক নেই, পণ্ডিতের তকমাও নেই। কিন্তু চোখেমুখে অদ্ভুত আত্মবিশ্বাস।

    সে ঘোষণা করে, সিংহাসনের থামে বসা কালো পাখিটি সাধারণ দাঁড়কাক নয়। গম্ভীর স্বরে সে জানায়, এই অলৌকিক পাখির নাম ‘দ্রিঘাংচু’। শব্দটির অভিধানগত অর্থ নেই, ব্যাকরণগত ভিত্তিও নেই। মানে আজগুবি, যা খুশি একটা নাম। তবু নামটি শোনামাত্র রাজা ও পণ্ডিতদের চোখ ছানাবড়া হয়ে যায়।

    প্রশ্নটি এখানেই জরুরি। একটি সাধারণ কাককে কাক হিসেবে মেনে নিতে তারা পারল না, অথচ ‘দ্রিঘাংচু’ নামটি শুনেই বিশ্বাস করল। এর পেছনে কাজ করছে ক্ষমতার এক চিরন্তন মনস্তত্ত্ব। ক্ষমতা সব সময় নিজের চারপাশের জগৎকে জটিল সংজ্ঞা, ফাইল ও ভারী পরিভাষার ভেতর বন্দি রাখতে চায়। সাধারণ পাখি রাজার পাশে বসে ডেকে উঠলে তা নিরাপত্তার জন্য অপমান। কিন্তু পাখিটিকে রহস্যময় কোনো প্রাণী বলে ঘোষণা করা গেলে রাজার মুখরক্ষা হয়।

    আমলাতন্ত্র সহজ সত্যকে ভয় পায়, অর্থহীন জটিলতাকে পুঁজি করে বাঁচে। রাষ্ট্রীয় কাগজপত্র, মামলার এজহারের ঘটনার বর্ণনায় এর প্রমাণ পাওয়া যায়। শুধু মামলা নয়, বিচারবিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র জি স্যার আর ইয়েস স্যারের যে সংস্কৃতি এখনো বিদ্যমান, তার কথা সুকুমার রায় বলে গেছেন প্রায় এক শ বছর আগে। অর্থাৎ শত বছর ধরে জি স্যার আর ইয়েস স্যারের যুগ চলছে। তাই আমলাতান্ত্রিক কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। এই ইয়েস স্যার জি স্যারের সংস্কৃতিতে থেকেই এসেছে আবেদনের ধরন, ‘সবিনয় নিবেদন এই যে,.....অতএব, মহোদয় সমীপে প্রার্থনা....’’

    তা যেটা বলছিলাম, রোগা লোকটি রাজার দুর্বলতা ঠিকই ধরে ফেলে। সে জানায়, দ্রিঘাংচুর কথা পৃথিবীর কোনো বইয়ে লেখা নেই। সঙ্গে আফসোস, ‘হায় রে হায়, এমন সুযোগ আর কি পাব?’

    যে জিনিসের কথা কোনো পুঁথিতে নেই, তাকে বশে আনার লোভ রাজা সামলাতে পারেন না। ক্ষমতার অহমিকা তাঁকে এক ভবঘুরের ফাঁদে পা দিতে বাধ্য করে। লোভের এই জায়গাটিই সুকুমারের ব্যঙ্গের লক্ষ্য।

    লোকটি জানায়, দ্রিঘাংচুকে সন্তুষ্ট করার জন্য বিশেষ মন্ত্র আছে। রাজা ব্যাকুল হয়ে বলেন, মন্ত্রটা বলো। লোকটি আঁতকে ওঠার ভান করে বলে, মন্ত্রটি দ্রিঘাংচুর সামনে ছাড়া কারও কাছে উচ্চারণ করা যাবে না। তারপর কাগজে মন্ত্র লিখে শর্ত জুড়ে দেয়।

    শর্ত দুটি। রাজাকে টানা দুদিন নির্জলা উপোস করতে হবে। তৃতীয় দিন সকালে উঠে কাগজটি খুলে পড়তে হবে। সভা ভঙ্গ হয়। সভাসদরা হাঁফ ছেড়ে বাঁচে এবং দ্রিঘাংচুর মহিমা নিয়ে গল্প করতে করতে বাড়ির পথ ধরে।

    রাজা দুদিন না খেয়ে উপোস করেন। তৃতীয় দিন ভোরে ভক্তিভরে কাগজটি খোলেন। সেখানে রাজকীয় শ্লোক নেই, সংস্কৃত মন্ত্রও নেই। আছে চার লাইনের উদ্ভট ছড়া। ‘হলদে সবুজ ওরাং ওটাং, ইঁট পাটকেল চিৎ পটাং, মুস্কিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্ম খালি।’

    এই চার লাইনের গঠনেই সুকুমারের অন্তর্ঘাত স্পষ্ট। রাজদরবারের ভাষা উচ্চমার্গীয় ও সাধারণের ধরাছোঁয়ার বাইরে। এই মন্ত্রে সেই ভাষার মর্যাদা ধুলোয় নামে। একদিকে চিড়িয়াখানার ওরাং ওটাং, অন্যদিকে রাস্তার ইঁট-পাটকেল। পরের লাইনে আছে বাগানের উড়ে মালি, লৌকিক বিশ্বাসের মুস্কিল আসান আর ঔপনিবেশিক কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার চাকরির ভাষা। সরকারি ভাষার দম্ভ ভাঙতে রাস্তার ছড়া এখানে যথেষ্ট। সাহিত্যতত্ত্বে এ ধরনের উল্টোমুখী ব্যবহারকে ভাষার কার্নিভালেস্ক প্যারোডি বলা হয়।

    এই ছড়াটি সুকুমার তাঁর ‘শব্দকল্পদ্রুম’ নাটকেও ব্যবহার করেছেন, সেখানে দেবগুরু বৃহস্পতির মন্ত্র হিসেবে। একই অর্থহীন পঙক্তি একবার দেবতার মুখে, একবার রাজার হাতে। গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষে। যে রাজা সামান্য কারণে পণ্ডিতের চাকরি কাড়েন, তিনিই অর্থহীন কাগজটি পড়ে সন্দেহ করেন না। উল্টে অত্যন্ত গম্ভীরভাবে ছড়াটি মুখস্থ করেন।

    তারপর তাঁর আচরণ বদলে যায়। যেখানেই সাধারণ দাঁড়কাক দেখেন, সেখানেই লোকজন সরিয়ে দেন। একা দাঁড়িয়ে কাকের সামনে হাত-পা নেড়ে ভক্তি ভরে ছড়াটি শোনান। পরে হাঁ করে তাকিয়ে থাকেন, কাক কোনো ভেলকি দেখায় কি না।

    সুকুমারের কথায়, আজ পর্যন্ত রাজা দ্রিঘাংচুর কোনো সন্ধান পাননি। শেষ দৃশ্যে ক্ষমতা নিজেই নিজের প্যারোডি হয়ে দাঁড়ায়। রোগা লোকটি সিংহাসন দখল করেনি, মুকুটও কেড়ে নেয়নি। মস্তিষ্কে একটি অর্থহীন মন্ত্র ঢুকিয়ে দিয়েছে। তাতেই প্রবল পরাক্রমশালী রাজা অর্ধ-সিদ্ধ ভাঁড়ে পরিণত হয়েছেন। কাকের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করা এই দৃশ্য বলে দেয়, স্বৈরাচারের পোশাক খুলে নিলে নিচে থাকে শুধু কুসংস্কার।

    ১৬ বছরের শাসনামলের শেষ দিকে ওই রাজার মতোই ভাঁড়ে পরিণত হন শেখ হাসিনা। তার আশপাশে যা থাকে সবই ইয়েস স্যার আর জি স্যারের দল। শেষ পর্যন্ত কাকের ক: ডাকের মতোই সামান্য কোটাবিরোধী আন্দোলনে তার পতন ঘটে। অনেকেই ঘটনাটিকে ‘পচা শামুকে পা কাটার’ সঙ্গে তুলনা করেন।

    বাখতিনের উল্টো দুনিয়া ও হাসির রাজনীতি

    এই উদ্ভট জগতের দার্শনিক গভীরতা মাপার সবচেয়ে উপযুক্ত মাপকাঠি রুশ তাত্ত্বিক মিখাইল বাখতিনের চিন্তা। ১৯৬৫ সালে প্রকাশিত তাঁর ‘রাবেলে অ্যান্ড হিজ ওয়ার্ল্ড’ বিশ্বসাহিত্যে হাসির রাজনীতিকে নতুন উচ্চতায় নেয়।

    বাখতিন সেখানে ষোড়শ শতকের ফরাসি লেখক ও চিকিৎসক ফ্রাঁসোয়া রাবেলের উপন্যাস বিশ্লেষণ করেন। রাবেলের অমার্জিত কৌতুক, শরীরী ভাষা ও অতিরঞ্জনের উৎস খুঁজতে গিয়ে তিনি মধ্যযুগীয় ইউরোপের লোকসংস্কৃতি ও কার্নিভালের ইতিহাস সামনে আনেন।

    মধ্যযুগীয় সমাজে দুটি ধারা ছিল। একদিকে সামন্ত রাজা ও চার্চের সরকারি সংস্কৃতি, যার ভিত্তি কঠোর অনুশাসন, পদমর্যাদা ও ভীতি। ওই উৎসবগুলোর উদ্দেশ্য ছিল ক্ষমতা-কাঠামোকে চিরস্থায়ী ও ঈশ্বরপ্রদত্ত বলে প্রতিষ্ঠা করা।

    অন্যদিকে বহমান ছিল সাধারণ মানুষের লোকায়ত সংস্কৃতি, যার প্রধান প্রকাশ কার্নিভাল। বছরের নির্দিষ্ট সময়ে বোকার উৎসব, আঙুর তোলার উৎসব বা ইস্টারের হাসির উৎসবে মানুষ রাষ্ট্রীয় ও ধর্মীয় বাঁধন ছিঁড়ে রাজপথে নামত।

    বাখতিন দেখান, কার্নিভাল সাধারণ মঞ্চনাটক ছিল না। নাটকে অভিনেতা ও দর্শকের মধ্যে দেওয়াল থাকে। কার্নিভালে দর্শক নেই, সবাই মুখোশ পরে সমান অংশগ্রহণকারী। এই অংশগ্রহণই কার্নিভালকে ক্ষমতার বাইরে নিয়ে যায়।

    সবচেয়ে বড় বৈশিষ্ট্য পদমর্যাদার সাময়িক বিলুপ্তি। বাখতিন একে বলেন উল্টো দুনিয়া। ভিখারি বা গ্রামের বোকাকে প্রতীকী রাজার মুকুট পরানো হতো, পরে সেই মুকুট কেড়ে নেওয়া হতো। রাজা ও যাজকের আচারও ব্যঙ্গ করা হতো।

    তাত্ত্বিক মাইকেল হলকুইস্ট বাখতিনের বইয়ের ভূমিকায় লেখেন, কার্নিভালের বৈধতা আসে না রাজা বা গির্জার ক্যালেন্ডার থেকে। আসে জনগণের সেই আদিম শক্তি থেকে, যা রাজা ও পুরোহিতেরও আগে জন্মেছে। এই উল্টো দুনিয়া মনে করিয়ে দেয়, কোনো শাসনই চিরস্থায়ী নয়।

    কার্নিভালের প্রাণ হলো তার হাসি। বাখতিনের মতে এটি নিছক উন্নাসিক ব্যঙ্গ নয়। এটি সমগ্র জনগোষ্ঠীর সর্বজনীন, মুক্ত ও দ্বিমুখী হাসি। একদিকে তা পুরোনো ক্ষমতার অহংকার কবর দেয়, অন্যদিকে নতুন প্রাণের জয়গান গায়। তাঁর ভাষায় ভয় হলো সংকীর্ণ ও নির্বোধ গাম্ভীর্যের চরম প্রকাশ, যা হাসিতে পরাজিত হয়। স্বৈরাচারী শাসক টিকে থাকে ভয়ের ওপর ভর করে। মানুষ যখন শাসকের অসঙ্গতি দেখে হেসে ওঠে, তখন ভয়ের শিকল খসে পড়ে।

    বাখতিনের মতে, ভয় আর কৃত্রিম গাম্ভীর্যের ওপর ভর করেই স্বৈরতন্ত্র টেকে। মানুষ শাসকের অসঙ্গতি দেখে হেসে উঠলেই ভয়ের শিকল খসে পড়ে। ‘রামগরুড়ের ছানা’-র ধমক-ঠাসা বাসা সেই ভীতু গাম্ভীর্যেরই প্রতীক; তাই অর্থহীন ছড়ার হাসিও রাজার মুকুটের বিরুদ্ধে প্রতিরোধ।

    বাখতিনের মতে, ভয় আর কৃত্রিম গাম্ভীর্যের ওপর ভর করেই স্বৈরতন্ত্র টেকে। মানুষ শাসকের অসঙ্গতি দেখে হেসে উঠলেই ভয়ের শিকল খসে পড়ে। ‘রামগরুড়ের ছানা’-র ধমক-ঠাসা বাসা সেই ভীতু গাম্ভীর্যেরই প্রতীক; তাই অর্থহীন ছড়ার হাসিও রাজার মুকুটের বিরুদ্ধে প্রতিরোধ।

    ভাঁড়ের মুখোশ আর কার্নিভালের হাসি

    ভাঁড়ের মুখোশ আর কার্নিভালের হাসি। ছোট ছবিতে রুশ তাত্ত্বিক মিখাইল বাখতিন। প্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি; প্রতৃতি উইকিমিডিয়া কমন্স

    এই তত্ত্বের আশ্চর্য রূপায়ণ আছে সুকুমারের ‘আবোল তাবোল’ কাব্যের ‘রামগরুড়ের ছানা’ কবিতায়। রামগরুড়ের ছানাকে হাসতে মানা, হাসির কথা শুনলে সে বলে, ‘হাসব না-না, না-না’। সদাই মরে ত্রাসে, বুঝি কেউ হাসে।

    এক চোখে মিটমিটিয়ে সে চারদিকে তাকায়। এই আতঙ্ক সাধারণ ভয় নয়, বাখতিনের ভাষায় নির্বোধ গাম্ভীর্যের চরম রূপ। রাতদিন সে নিজেকেই শাসায়, হাসলে মারবে। বনের কাছে যায় না, পাছে হাওয়ার সুড়সুড়িতে হাসি পেয়ে যায়।

    আকাশে মেঘ জমলে সে কান পেতে শোনে সেখানে হাসির শব্দ উঠছে কি না। রাতে জোনাকি জ্বললেও সন্দেহ করে, আলোর সঙ্গে তাকে নিয়ে হাসির ইশারা চলছে। অন্যরা হাসলে তার বুকে ব্যথা লাগে।

    কবিতার শেষে রামগরুরের বাসা বর্ণনা: ‘ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ, সেথায় নিষেধ হাসা’। ঊনিশ শতকের ভিক্টোরীয় ইংল্যান্ড ও ঔপনিবেশিক বঙ্গে অভিজাতদের মধ্যে গাম্ভীর্যের যে কড়া সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি ও উপনিবেশিক মানসিকতা এখনকার আমলাতন্ত্র বয়ে চলছে। আমরা যদি আমাদের বর্তমান আমলাদের দিকে তাকাই একই চিত্র দেখতে পাবো। এখানে বাপের বয়সী পিয়নকে নাম ধরে ডাকেন স্যারেরা, মোখলেস? ডাক দিলে ‘জ্বি স্যার’ আওয়াজ শোনা যায়। মেট্রো ট্রেনে অফিসে যাতায়াত করা আমলাদের পোশাক, অভিব্যক্তি, স্টাইল দেখলেই আমরা সুকুমার রায়ের উপনিবেশিক ভাঁড়দেরকেই দেখতে পাই।

    ১৮৩৯ সালে আলোকচিত্রের চল শুরুর পর থেকে দীর্ঘ সময় ছবিতে হাসির চিহ্ন থাকত না। ক্যামেরার সামনে দাঁড়ালে মুখে বিষণ্ণতা, চোখে আশঙ্কা, চোয়ালে কাঠিন্য। তৎকালীন রীতিতে এটাই ছিল অভিজাতের প্রয়োজনীয় গাম্ভীর্য।

    সুকুমার নিজের ছবিতেও সেই প্রথা এড়াতে পারেননি। ব্রাহ্মসমাজের নীতিবাগীশ পরিবেশ আর ব্রিটিশ আমলাতন্ত্রের কৃত্রিম গাম্ভীর্যকে তিনি ‘রামগরুড়ের বাসা’ রূপকে চাবুক মেরেছেন। যেখানে ধমক দিয়ে হাসির হাওয়া বন্ধ হয়, সেখানেই তিনি বিদ্রোহ করেন। এই বিদ্রোহের অস্ত্র হাসি, আর তার ভাষা ছড়া। শিশুসাহিত্যের ছদ্মবেশে সুকুমার তাই প্রাপ্তবয়স্ক পাঠককেও টেনে নামান তাঁর নিজের আসন থেকে। এই টানাটানির মধ্যে একটি রাজনৈতিক কাজ ঘটে, যা বাখতিনের তত্ত্ব ছাড়া ধরা যায় না।

    দ্রিঘাংচু বা হিজিবিজবিজ কেবল বাংলার খামখেয়ালি সৃষ্টি নয়। বিশ্বসাহিত্য ও নৃতত্ত্বে এদের পুরোনো বংশপরিচয় আছে। মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইয়ুং সমষ্টিগত অবচেতনের তত্ত্বে এই চরিত্রের উল্লেখ করেছেন।

    নৃবিজ্ঞানী লুইস হাইড ১৯৯৮ সালের ‘ট্রিকস্টার মেকস দিস ওয়ার্ল্ড’ গ্রন্থে একে ধূর্ত বিদূষকের আর্কিটাইপের কথা বলেছেন। ট্রিকস্টার ভালো ও মন্দের প্রচলিত নৈতিক সীমানা মানে না। সে একাধারে উপদ্রবকারী, আবার সমাজের জমে থাকা চাপ বের করার মাধ্যম। ট্রিকস্টার হলো এমন এক চরিত্র (যেমন বাংলার দ্রিঘাংচু বা হিজিবিজবিজ), যে সমাজের ধরাবাঁধা নিয়ম বা ভালো-মন্দের গণ্ডি মেনে চলে না। সে একাধারে যেমন একটু উপদ্রব করে বা ঝামেলা পাকায়, তেমনি সমাজের সব জমে থাকা কঠোর নিয়ম বা চাপকে হালকা করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করে। শুধু বাংলাতেই নয়, বিশ্বের সাহিত্য এবং নৃতত্ত্বে এই ‘ধূর্ত বিদূষক’ বা ট্রিকস্টারের চরিত্রটি অনেক পুরোনো এবং সব দেশেই এর দেখা মেলে।

    গ্রিক পুরাণে দেবতাদের দূত হার্মিস চুরি ও চাতুর্য দিয়ে এই ধারার সূচনা করে। টাইটান প্রমিথিউস দেবতার একচেটিয়া ক্ষমতাকে অস্বীকার করে আগুন চুরি করে মানুষের হাতে দেয়। নর্ডিক পুরাণে লোকি দেবতাদের গম্ভীর সভায় বিশৃঙ্খলা তৈরি করে।

    পশ্চিম আফ্রিকার লোককথায় আনানসি নামের ধূর্ত মাকড়সা বুদ্ধির জোরে বাঘ ও রাজাদের বোকা বানায়। পুরাণের দেবতারা যখন দৈনন্দিন জীবন থেকে সরে গেলেন, তখন এই চরিত্র নতুন পোশাকে ফিরে আসে। তার মাথায় রঙিন টুপি, গলায় ঘণ্টা। সে ঠাঁই নেয় রাজার দরবারে ভাঁড় হিসেবে। আকবরের সভার বীরবল, কৃষ্ণচন্দ্রের দরবারের গোপাল ভাঁড় আর অষ্টম হেনরির সভার উইল সমার্স — সবাই একই ঐতিহ্যের উত্তরসূরি।

    প্রশ্ন ওঠে, রাজারা কেন এমন একজনকে পুষতেন, যে সুযোগ পেলেই রাজাকে নিয়ে তামাশা করে? উত্তর ক্ষমতার টিকে থাকার কৌশলে। গুমোট দরবারে বিদূষকের কৌতুক কাজ করত চাপ কমানোর ভালভ হিসেবে। হাসি এক ধরনের পারস্পরিক নিরস্ত্রীকরণ। তাতে সভার অসহনীয় উত্তেজনা কমে। কিন্তু প্রকৃত বিদূষক কেবল মনোরঞ্জন করে থামে না। কৌতুকের ঢালে সে রাজার গম্ভীর মুখোশ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে।

    বিদূষক যতবার মুখ খোলে, ততবার রাজার ফাঁপা আত্মবিশ্বাসে সন্দেহের বীজ বোনে। দুর্গের দেয়ালে সে গোপনে একটি জানালা কাটে, যেখান দিয়ে সাধারণ মানুষের ভাষা রাজার কানে পৌঁছায়। ক্ষমতার মসৃণ ক্যানভাসে সে ফুটো করে দেয়।

    ভাঁড়ের টুপিরও আগে পুরাণে ট্রিকস্টারের একটি প্রাচীন মুখ ছিল, তা হলো কাক। কাক প্রকৃতির সবচেয়ে উদ্ধত পাখি। রাজপথে যার মূর্তিতে মানুষ সালাম ঠোকে, কাক তার মাথায় বসে বিষ্ঠা ত্যাগ করে। মানুষের তৈরি পবিত্রতার পরোয়া সে করে না।

    প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার পুরাণে কাকের এই বিদ্রোহী পায়ের ছাপ আছে। অস্ট্রেলিয়ার আদিবাসী উপকথায় কাকের উপস্থিতি প্রবল। প্রাচীন ইহুদি লোককথার কিছু ধারায় কাক মহাবিশ্বের নকশাকে ত্রুটিপূর্ণ মনে করে।

    আদমের এক পুত্র ভাইকে হত্যা করে মৃতদেহ নিয়ে দিশেহারা হলে এক কাক মাটি খুঁড়ে দাফনের নিয়ম দেখিয়ে দেয়। মহাপ্লাবনের সময় নূহের জাহাজ থেকে ডাঙার খোঁজে পাঠানো কাক ফিরে আসে না। ভাসমান লাশে ভোজ সেরে সে স্বাধীন জীবন বেছে নেয়।

    ভারতীয় পুরাণে কাকভূশুণ্ডি সময়ের সীমার বাইরে থাকা অমর ও সর্বজ্ঞ দাঁড়কাক। যুগের পর যুগ ধরে সে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয় দেখে, নির্লিপ্ত দর্শকের মতো। পাশ্চাত্যে এডগার অ্যালান পোর ‘দ্য রেভেন’ কবিতায় দাঁড়কাক কবির ঘরে ঢুকে যুক্তির সব সান্ত্বনা চুরমার করে।

    সুকুমার এই ডানাওয়ালা কাক আর দরবারের বিদূষককে এক সূত্রে গেঁথে বাংলা সাহিত্যে ট্রিকস্টারের এক খাঁটি রূপ তৈরি করেছেন। দ্রিঘাংচুর দাঁড়কাক আর মন্ত্রদাতা রোগা লোকটি আসলে একই সত্তার দুই রূপ।

    ‘হ য ব র ল’ গল্পে সেই কাকই শিক্ষিত বাবুর ছদ্মবেশে আত্মপ্রকাশ করে শ্রীকাক্কেশ্বর কুচকুচে নামে। সে শ্লেট-পেন্সিল নিয়ে গাছের ডালে বসে হিসেব কষে, তারপর ভাঙা গলায় জিজ্ঞেস করে, ‘সাত দুগুণে কত হয়?’

    লেখক বললে চোদ্দ হয়, কাক্কেশ্বর অবিশ্বাস করে। তার যুক্তি, ভুল হলেই তো চোদ্দ হবে। লেখক কত সময়ে উত্তর দিলেন, তাও সে লিখে রাখে টাকা-আনা-পাইয়ের হিসাবে। সময়কে টাকায় মাপার এই পদ্ধতি আমলাতন্ত্রের সবকিছু সংখ্যায় মাপার বাতিককেই ব্যঙ্গ করে।

    কুচকুচের ব্যবসায়িক বিজ্ঞাপনটি ঔপনিবেশিক কলকাতার জাতপাত ও সাইনবোর্ড-সর্বস্ব প্রতারণার প্যারোডি। শুরুতে সংস্কৃত মন্ত্রের আদলে ‘শ্রী শ্রী কাগায় নমঃ’, তারপর ‘৪১ নং গেছোবাজার, কাগেয়াপট্টি’ ঠিকানা। বিজ্ঞাপনে লেখা, হিসাবী ও বেহিসাবী খুচরা-পাইকারি সব গণনার কাজ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়, মূল্য এক ইঞ্চি। শিশুদের অর্ধমূল্য। আরও লেখা, জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কি না, জীবিত কি মৃত — এসব বিবরণ পাঠালেই ফেরত ডাকে ক্যাটালগ যাবে।

    নিচে সতর্কবার্তা, তারা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন। আজকাল পাতিকাক, হেঁড়েকাক বা রামকাকের মতো নীচুশ্রেণির কাক অর্থলোভে ব্যবসা চালাচ্ছে, তাই পাঠক যেন প্রতারিত না হন। এই বিজ্ঞাপনে কৌলীন্য প্রথা আর বণিক ভণ্ডামি দুটোই আঘাত পায়।

    উধো আর বুধোর মারামারি বাধলে এই কাক্কেশ্বরই ডাল থেকে চেঁচিয়ে ওঠে, ‘লেগে যা, লেগে যা — নারদ-নারদ’। পুরাণের কলহপ্রিয় দেবর্ষি নারদ আর লোককথার ট্রিকস্টার কাক এখানে একাকার।

    লুইস হাইড ট্রিকস্টারের আরেক দিক দেখান। সমাজে যখনই কোনো পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি হয়, তখনই তার উপজাত হিসেবে তৈরি হয় ময়লা। কঠোর ব্যবস্থা সেই আবর্জনা কার্পেটের নিচে লুকাতে চায়।

    ট্রিকস্টার সেই ময়লার বাহক। সে প্রান্তে লুকানো আবর্জনা তুলে এনে শাসকের ঝকঝকে ঘরের মাঝখানে ফেলে দেয়। দ্রিঘাংচুর দাঁড়কাক ঠিক এই কাজটিই করে। কাকের কর্কশ ডাক মেকি আবরণ সরিয়ে ভেতরের পচন বের করে আনে।

    সুকুমারের অবান্তর সাহিত্যের রাজনৈতিক ধার বোঝার জন্য ঔপনিবেশিক শিক্ষানীতির ইতিহাস জানা দরকার। ১৮৫৭ সালের বিদ্রোহের ধাক্কা সামলে ব্রিটিশ রাজশক্তি একটি সত্য বুঝে নেয়। কেবল কামান দিয়ে কোটি মানুষকে দীর্ঘকাল দমানো অসম্ভব।

    সাম্রাজ্য নিরাপদ করতে হলে শাসন শুরু করতে হবে শৈশব থেকে, পাঠ্যপুস্তক ও শিশুর মন নিয়ন্ত্রণের মাধ্যমে। ১৮৭১ সালের এডুকেশন গেজেটে সেই কৌশলের স্বীকারোক্তি মেলে। সেখানে বলা হয়, ইংরেজি শিক্ষিত একজন ভারতীয়ও বিদ্রোহে যোগ দেয়নি। প্রমাণ হিসেবে দাবি করা হয়, এই শিক্ষা প্রজাদের মনে রাজভক্তি তৈরি করেছে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য ছিল না জ্ঞানচর্চা বা মুক্তবুদ্ধি। লক্ষ্য ছিল শাসকের অনুগত, শান্ত ও বাধ্য প্রজা তৈরি করা।

    এই উদ্দেশ্য থেকেই শিশুপাঠ্য বইয়ে তৈরি হয় এক নৈতিক দ্বৈততা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’-এর গোপাল ও রাখাল চরিত্র দুটি সেই ছাঁচে গড়া। পাঠ্যপুস্তকে গোপাল আদর্শ সুশীল বালক। সে যা পায় তাতেই সন্তুষ্ট, কখনো জেদ করে না, সময়মতো পড়ে, গুরুজনের আদেশ বিনা প্রশ্নে পালন করে। রাজনৈতিকভাবে দেখলে এই নীতিশিক্ষা প্রভুদের সুবিধার জন্যই তৈরি। যে শিশু প্রশ্ন ছাড়া নিয়ম মানে, বড় হয়ে সে-ই হয় আদর্শ কেরানি।

    রাখাল তার বিপরীত। দুষ্টু, অবাধ্য, প্রশ্ন করে, নিয়ম মানে না। পাঠ্যপুস্তকে শেষ পর্যন্ত তার কঠোর শাস্তি হয়। শিশুর মনে বিদ্রোহের বীজ শৈশবেই আতঙ্কে শুকিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য। সুকুমার বাংলা শিশুসাহিত্যে ঢুকেই এই সমীকরণ উল্টে দেন। তাঁর পাগলা দাশু, আবোল তাবোল, হ য ব র ল, বহুরূপী, ঝালাপালা আর লক্ষ্মণের শক্তিশেল — সবই বিতাড়িত রাখালদের বাঁধভাঙা কার্নিভাল।

    প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ই তিনি গড়ে তোলেন অবান্তর চর্চার ক্লাব, মুখপত্র ছিল ‘সাড়ে বত্রিশ ভাজা’। পরে আসে মণ্ডা ক্লাব। তাঁর লেখায় সুবোধ গোপালেরা আর নায়ক নয়, তাদের ন্যাকামিই হাসির খোরা।

    পাগলা দাশু ঔপনিবেশিক শ্রেণিকক্ষে ঢুকে পড়া এক ট্রিকস্টার। তাকে সিলেবাস বা পণ্ডিতমশাইয়ের শাসনে বশ করা যায় না। অন্য ছেলেরা ভালো সাজার প্রতিযোগিতা করে, দাশু মেতে থাকে নানা কাণ্ডকারখানায়। সুকুমার এই অবাধ্যতাকে মুক্তির প্রতীক হিসেবে দেখেন। তাই তাঁর ডাক, ‘আয়রে তবে বেয়াড়াদল, নিয়ম-নাড়ার দল’। তাঁর কাছে মুক্তি ওই উন্মাদনায়, যেখানে পাগলের গানের ব্যাকরণ নেই, আছে কেবল প্রাণের উচ্ছ্বাস।

    উচ্চশিক্ষার ব্যঙ্গও কম তীক্ষ্ণ নয়। ‘জীবনের হিসাব’ কবিতায় পুঁথিগত বিদ্যার বাইরে জীবনমুখী জ্ঞানের অভাব নিয়ে কটাক্ষ আছে। সবচেয়ে প্রখর চিত্র ‘হ য ব র ল’-এর শ্রীব্যাকরণ শিং চরিত্রে। গল্পে লেখক ও হিজিবিজবিজের সামনে এসে দাঁড়ায় এক গুরুগম্ভীর ছাগল। গলায় ঝোলানো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। অধ্যাপকের ভঙ্গিতে সে বক্তৃতা শুরু করে। পরিচয় দেয়, নাম শ্রীব্যাকরণ শিং, খাদ্যবিশারদ।

    সে জানায়, খুব চমৎকার ‘ব্যা’ করতে পারে বলে নাম ব্যাকরণ, আর শিং তো দেখতেই পাওয়া যাচ্ছে। ইংরেজিতে লেখার সময় লিখি বি.এ., অর্থাৎ ব্যা। কোন জিনিস খাওয়া যায় আর কোনটি যায় না, তা নিজে পরীক্ষা করে দেখেছে বলে উপাধি খাদ্যবিশারদ।

    এই সংলাপ বাংলা ব্যঙ্গসাহিত্যের বড় কীর্তি। ঔপনিবেশিক আমলে বাঙালি মধ্যবিত্তের কাছে নামের শেষে বি.এ. ছিল কৌলীন্যের নিদর্শন। সুকুমার সেই গৌরবকে ছাগলের ডাকের সমার্থক করে দেন। আর যে ছাগল সামনে যা পায় চিবিয়ে খায়, তার নাম দেন গবেষক। ছাগলটি ‘পাগলে কি না বলে, ছাগলে কি না খায়’ প্রবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। প্রাতিষ্ঠানিক জ্ঞানের গাম্ভীর্য এখানে চর্বণের স্তরে নেমে আসে।

    ঔপনিবেশিক পাঠ্যবই ‘বর্ণপরিচয়’-এর সুবোধ গোপালের মতো বিনা প্রশ্নে হুকুম মানা প্রজা চাইত। সুকুমার তাঁর পাগলা দাশু আর ‘হ য ব র ল’-এর ছাগল দিয়ে সেই ছাঁচ ভেঙেছেন — ‘বি.এ.’ ডিগ্রিকে ছাগলের ‘ব্যা’ ডাকের সমান করে দিয়ে প্রশ্ন করতে শিখিয়েছেন।

    ঔপনিবেশিক পাঠ্যবই ‘বর্ণপরিচয়’-এর সুবোধ গোপালের মতো বিনা প্রশ্নে হুকুম মানা প্রজা চাইত। সুকুমার তাঁর পাগলা দাশু আর ‘হ য ব র ল’-এর ছাগল দিয়ে সেই ছাঁচ ভেঙেছেন — ‘বি.এ.’ ডিগ্রিকে ছাগলের ‘ব্যা’ ডাকের সমান করে দিয়ে প্রশ্ন করতে শিখিয়েছেন।

    ছাগলের ‘ব্যা’-তে বি.এ.: পাঠ্যবইয়ের সুবোধ গোপালের ছাঁচ ভাঙা

    ছাগলের ‘ব্যা’-তে বি.এ.: পাঠ্যবইয়ের সুবোধ গোপালের ছাঁচ ভাঙা। ছোট ছবিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি; প্রতিকৃতি উইকিমিডিয়া কমন্স

    বাখতিনের আরেক ধারণা: গ্রোটেস্ক রিয়ালিজম। মধ্যযুগীয় লোকসংস্কৃতিতে শরীরকে অতিরঞ্জিত করা হতো। খাওয়া, হজম, জন্ম ও মৃত্যুর চক্র ঘিরে সেই অতিরঞ্জন গড়ে উঠত। এতে শরীর সমষ্টিগত প্রাণের প্রতীক হয়ে উঠত।

    আর ক্ষমতাবানের আদর্শ শরীর তার বিপরীত। সে সুগঠিত, সংযত, পরিপাটি। রাজার পোশাক, পণ্ডিতের আসন, আমলার ফাইল — সবই এই সংযত শরীরের অংশ। গ্রোটেস্ক সেই সংযম ভেঙে দেয়।

    সুকুমারের হ য ব র ল-এ শরীরের এই ভাঙাভাঙি সবচেয়ে স্পষ্ট। কথা বলতে থাকা পশু, অসম্ভব আকৃতির প্রাণী, হিজিবিজবিজের বর্ণনাতীত শরীর — এসবই কর্তৃত্বের সংযত ছাঁচে আঘাত করে।

    এই ভাঙাভাঙিতে হাসির দুই মুখ আছে। এক মুখে তা বিদ্রূপ, অন্যটিতে পুনর্জন্মের ইশারা। পুরোনো গাম্ভীর্য ভাঙার সঙ্গে সঙ্গে নতুন কিছু জন্ম নেওয়ার সুযোগ তৈরি হয়। এ কারণেই হাসি কেবল ধ্বংস নয়। সুকুমারের শিশুসাহিত্য এই দ্বিমুখিতা ধরে রাখে। হাসতে হাসতে পাঠক বুঝতে পারেন না, তিনি কেবল তামাশা দেখছেন কি না, নাকি তাঁর নিজের চারপাশের ব্যবস্থাটিকেও নতুন করে দেখছেন। দ্বিতীয় কাজটিই বেশি জরুরি। কারণ প্রকৃতির বৈশিষ্ট্যই হলো ভাঙা ও গড়া। পুরোনো পদ্ধতি ভাঙলেই নতুন কিছু গড়ে ওঠে। নতুনও পুরোনো হয়ে যায়।

    একুশে আইন, প্যাঁচার আদালত ও বোম্বাগড়ের রাজা

    অবান্তর সাহিত্য কখনো অর্থহীন প্রলাপ নয়। এটি ক্ষমতার তৈরি যুক্তির বিরুদ্ধে সুপরিকল্পিত শিল্পী-বিদ্রোহ। পাশ্চাত্যে লুইস ক্যারলের অ্যালিস ভিক্টোরীয় শৃঙ্খলার প্যারোডি, সুইফটের গালিভার মানবজাতির ক্ষুদ্রতার বিদ্রূপ।

    সুকুমারের লেখাও তেমনি ঔপনিবেশিক ও কর্তৃত্ববাদী ক্ষমতার প্রতিষেধক। রবীন্দ্রনাথ থেকে প্রেমেন্দ্র মিত্র, মনীশ ঘটক, জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসু — সবাই তাঁর প্রতিভার অনুরাগী ছিলেন। এই অনুরাগের ভিত্তি কেবল হাসি নয়, হাসির ভেতরের তীক্ষ্ণতা।

    ‘হ য ব র ল’-এর চূড়ান্ত পর্বটি উদ্ভট এক আদালতের দৃশ্য। এই আদালত ঔপনিবেশিক বিচারব্যবস্থার আয়না। বিচারকের আসনে প্যাঁচা, শৃঙ্খলা রক্ষায় তকমা-আঁটা পাগড়ি-বাঁধা কোলাব্যাঙ, রুল উঁচিয়ে তার চিৎকার, ‘মানহানির মোকদ্দমা!’

    সেখানে সজারু উকিল কুমিরের নির্বুদ্ধিতা দেখে কেঁদে ওঠে, তার পয়সা সব জলে গেছে, দলিল দিলে খুঁজে পাওয়া যায় না। টাকওয়ালা বুড়ো অভিশাপের ছড়া কাটে। ন্যাড়া সুরহীন গলায় গান গাইতে চায়।

    শেষে আসল অপরাধীর বদলে নিরীহ ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসির হুকুম হয়। সাত দিনের ফাঁসি অসম্ভব ও পরস্পরবিরোধী রায়। এই রায়েই বোঝা যায়, পরাধীন দেশে শাসকের আইন ও বিচার কতটা অন্ধ।

    অপরাধ জানার আগেই রাজার হুকুম — ‘মাথা কেটে ফেল!’ ‘হ য ব র ল’-এর আদালতে নিরীহ ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি। ‘একুশে আইন’-এ বিনা টিকিটে হাঁচি, দাঁত নড়া আর গোঁফ গজানোর কর — অন্ধ আইনই স্বৈরতন্ত্রের সবচেয়ে বিশ্বস্ত আয়না।

    অপরাধ জানার আগেই রাজার হুকুম — ‘মাথা কেটে ফেল!’ ‘হ য ব র ল’-এর আদালতে নিরীহ ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি। ‘একুশে আইন’-এ বিনা টিকিটে হাঁচি, দাঁত নড়া আর গোঁফ গজানোর কর — অন্ধ আইনই স্বৈরতন্ত্রের সবচেয়ে বিশ্বস্ত আয়না।

    প্যাঁচার আদালত: ঔপনিবেশিক বিচারব্যবস্থার আয়না

    প্যাঁচার আদালত: ঔপনিবেশিক বিচারব্যবস্থার আয়না। প্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি

    স্বৈরতন্ত্রের সবচেয়ে ভয়ংকর ব্যবচ্ছেদ ‘আবোল তাবোল’ কাব্যের ‘একুশে আইন’ কবিতায়। শুরুটাই আতঙ্কজনক, ‘শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে’। সেখানে সাধারণ শারীরিক কাজও দণ্ডনীয় অপরাধ।

    রাস্তায় পা পিছলে পড়লে পেয়াদা ধরে নেয়, কাজির বিচারে দণ্ড একুশ টাকা। সন্ধে ছটার আগে হাঁচতে হলে সরকারি টিকিট লাগে। বিনা টিকিটে হাঁচি দিলে পিঠে মার পড়ে, কোটাল নাকে নস্যি ঝেড়ে একুশ দফা হাঁচিয়ে মারে।

    করের বোঝা দাঁত ও গোঁফ পর্যন্ত পৌঁছায়। দাঁত নড়লে চার টাকা মাশুল। গোঁফ গজালে রাষ্ট্রকে দিতে হয় একশো আনা, পিঠে খোঁচা খেয়ে ঠুকতে হয় একুশ বার সেলাম। পথে ডাইনে-বাঁয়ে তাকালেও পল্টনেরা লাফিয়ে ওঠে।

    স্বৈরশাসকের আক্রোশ সবচেয়ে বেশি কবির ওপর, কারণ কবিরাই ভাষায় ক্ষমতার মুখোশ খোলে। তাই এই দেশে পদ্য লেখাদের ধরে খাঁচায় রাখা হয়। কানের কাছে একশো লোক নামতা শোনায়, সামনে মুদির খাতা রেখে একুশ পাতা হিসেব কষাতে বাধ্য করা হয়। কল্পনাপ্রবণ কবিকে খাঁচায় বন্দি করে যান্ত্রিক নামতা শোনানো এবং নীরস হিসেব কষানো — সৃজনশীল মেধা হত্যার চরম রূপক। রাতে নাক ডাকলেও শাস্তি আছে। মাথায় গোবর ও বেলের কষ ঘষে একুশ পাক ঘোরানো হয়।

    ‘বোম্বাগড়ের রাজা’ কবিতায় ক্ষমতার শীর্ষে থাকা মস্তিষ্কের যুক্তিহীনতা আরও স্পষ্ট। রাজা ও তাঁর পরিষদবর্গ উদ্ভট সব রাষ্ট্রীয় আচার পালন করেন। দ্রিঘাংচুর রাজা যেমন কাকের সামনে ছড়া জপেন, বোম্বাগড়ের রাজত্বও তেমনি অযৌক্তিক।

    সুকুমার রায়ের জীবন সংক্ষিপ্ত ছিল। জন্ম ৩০ অক্টোবর ১৮৮৭, মৃত্যু ১০ সেপ্টেম্বর ১৯২৩, মাত্র ছত্রিশ বছর। বাঙালি নবজাগরণের যুগে পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও মাতা বিধুমুখী দেবীর ঘরে তাঁর জন্ম। পিতার প্রতিষ্ঠান ইউ. রায় অ্যান্ড সন্স আর সন্দেশ পত্রিকার হাল ধরে তিনি বাংলা শিশুসাহিত্যে বিপ্লব ঘটান। সেই উত্তরাধিকার বহন করেন তাঁর পুত্র সত্যজিৎ রায়। শেষ পর্বে কঠিন অসুস্থতার মধ্যেও তাঁর কলম থামেনি।

    এই জীবনটুকুতেই তিনি দেখিয়ে গেছেন, হাসি কেবল বিনোদন নয়। হাসি ক্ষমতার ভাষা ভাঙার হাতিয়ার। যে শাসন ভয়ের ওপর দাঁড়ায়, তার সবচেয়ে বড় ভয় মানুষের মুক্ত হাসি।

    দাঁড়কাকের ‘কঃ!’ তাই আজও প্রাসঙ্গিক। রাজদরবার বদলেছে, পোশাক বদলেছে, ভাষা বদলেছে। কিন্তু সহজ সত্যকে জটিল পরিভাষায় ঢেকে রাখার প্রবণতা বদলায়নি। দ্রিঘাংচু আজও খোঁজা হয়, আজও মেলে না। সুকুমারের হাসি সেই প্রবণতার বিরুদ্ধে সবচেয়ে সস্তা অথচ ধারালো অস্ত্র। তার জন্য দরকার নেই সিংহাসন, দরকার নেই সেনাবাহিনী। দরকার কেবল একটি ছড়া, একটি প্রশ্ন আর হাসতে জানা একটি শিশুর চোখ।

    এই লেখা পড়ার সময় একটি বিষয় মনে রাখা দরকার। সুকুমার শিশুদের জন্য লিখেছেন, কিন্তু তাঁর ব্যঙ্গের লক্ষ্য শিশুর সরলতা নয়। লক্ষ্য বড়দের ভান, প্রতিষ্ঠানের গাম্ভীর্য আর ক্ষমতার অহমিকা। শিশুর চোখ কেবল সেই ভান ধরার হাতিয়ার। এ কারণেই তাঁর লেখা বয়সভেদে দুই রকম পড়া যায়। শিশু হাসে অদ্ভুত নাম আর উদ্ভট ছড়ায়। বড়রা হাসতে হাসতে থমকে যায়, কারণ ছড়ার আড়ালে নিজের ছবি দেখতে পায়। দুই পাঠেই লেখাটি সম্পূর্ণ হয়।

    শিক্ষকরা যদি এই লেখা কেবল মজার গল্প হিসেবে পড়ান, তবে অর্ধেক পড়া হয়। প্রশ্ন করা, গাম্ভীর্যকে সন্দেহ করা, ক্ষমতার ভাষাকে হাস্যকর বলা — এই অভ্যাসটুকুই সুকুমারের আসল পাঠ।

    শেষ পর্যন্ত তাই প্রশ্নটি সরল। ক্ষমতা যখন গাম্ভীর্য দেখায়, তখন হাসতে পারাটাই প্রতিরোধ। আর সেই হাসি যদি অর্থহীন ছড়ার ভেতর থেকেও আসে, তবু তা রাজার মুকুটের চেয়ে বেশি টেকে।

    তথ্যসূত্র

    1. সুকুমার রায়, ‘দ্রিঘাংচু’, সন্দেশ পত্রিকা, ১৩২৩ বঙ্গাব্দ।

    2. সুকুমার রায়, ‘আবোল তাবোল’, ১৯২৩।

    3. সুকুমার রায়, ‘হ য ব র ল’।

    4. সুকুমার রায়, ‘পাগলা দাশু’।

    আরও দেখুন — বাকি 9টি সূত্র

    5. মিখাইল বাখতিন, ‘রাবেলে অ্যান্ড হিজ ওয়ার্ল্ড’, ১৯৬৫।

    6. ভিক্টর শক্লভস্কি, ‘আর্ট অ্যাজ টেকনিক’, ১৯১৭।

    7. লুইস হাইড, ‘ট্রিকস্টার মেকস দিস ওয়ার্ল্ড’, ১৯৯৮।

    8. কার্ল গুস্তাভ ইয়ুং, সমষ্টিগত অবচেতন বিষয়ক রচনা।

    9. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ‘বর্ণপরিচয়’।

    10. সৈয়দ মুজতবা আলী, সুকুমার রায়ের নাটক বিষয়ক মন্তব্য।

    11. এডুকেশন গেজেট, ১৮৭১।

    12. মাইকেল হলকুইস্ট, বাখতিনের গ্রন্থের ভূমিকা।

    13. এডগার অ্যালান পো, ‘দ্য রেভেন’।

    আরও পড়ুন: ইয়েস স্যার! — ক্ষমতার সামনে মাথা নোয়ানোর চিরচেনা অভ্যাস · পূর্বাচল কাণ্ড: দুর্বলের মিডিয়া ট্রায়াল, পুলিশি অভিযানের নেপথ্য রাজনীতি · সস্তা জীবনের মূল্য ও স্মৃতিহীন সমাজ

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments