রাইটার্স ব্লক
হার্টের ব্লক ছোটে বাইপাসে, রাইটার্স ব্লক ছোটে কীসে
মলদ্বার লক আর রাইটার্স ব্লক—এই দুই দুঃসহ রোগ মনে হয় জোড়ের ভাই। এই দুই জিনিস যারে ধরে, সে জানে ‘ভেতরে মাল আছে, খালি ডেলিভারিটা হচ্ছে না’ অবস্থার কী জ্বালা!
কোষ্ঠকাঠিন্যে কঠিন কষ্ট। ক্রমাগত কপাল কুঁচকে কুঁকড়ে কুঁকড়ে কোথ দিয়ে যাওয়া। কোষ্ঠের কষ্ট কাটাতে কাওরানবাজারে কত কৌতুককর কৌশল মেলে। ইউসুফ সাহেবের গুল-ভুসি ভেজানো বেভারেজ থেকে শ্রীপুরের বড়ির মতো হাওয়াই দাওয়াই আছে। কিন্তু টক করে টাটকা রাইটার্স ব্লক ছাড়ানোর কোনো টোটকা নাই।
বিনা ডেলিভারিতে বদনা নিয়ে টয়লেটে আর বিনা লেখায় কলম-কাগজ নিয়ে টেবিলে বসে থাকার জ্বালাই আলাদা।
সেই জ্বালায় ফালাফালা আমি কল্পনার কঙ্কাল কাঁধে করে কম্পিউটারের কোল ঘেঁষে কীবোর্ডে কাঁপা-কাঁপা হাত রেখে বসে আছি। লেখা আসছে না। পদ্য আসছে না। গদ্য আসছে না। তারপরও বসে আছি।
সেই জ্বালায় ফালাফালা আমি কল্পনার কঙ্কাল কাঁধে করে কম্পিউটারের কোল ঘেঁষে কীবোর্ডে কাঁপা-কাঁপা হাত রেখে বসে আছি। লেখা আসছে না। পদ্য আসছে না। গদ্য আসছে না। তারপরও বসে আছি।
এক সাহিত্য সম্পাদক কাম কথাসাহিত্যিককে লেখা দেব বলে কথা দিয়েছেন। সম্পাদক সাহেব সযত্নে সাজানো সাহিত্যের সাদা পাতায় সামান্য স্থান সংরক্ষণ করে রেখেছেন।
কথা ছিল, স্যাটাস্যাট লেখাটা লিখে দেব। সেই লেখা দিয়ে সাহিত্য পাতার খালি জায়গায় তালি লাগানো হবে। অথচ লেখা আসছে না।
টের পাচ্ছি, লেখাটা আছে। ভেতরেই আছে। শুধু টেনে বের করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, তা বোঝা যাচ্ছে না। অবুঝের বুঝ নিয়ে বসে আছি। লেখা আটকে আছে।
আজকাল বুকে হাত দিয়ে দুম করে পড়ে যাওয়া কাউকে হাসপাতালে নিলেই শুনি হার্টে ব্লক ধরা পড়েছে। হৃদয়ে রক্ত সাপ্লাইয়ের প্রাকৃতিক পাইপের ফুটো বন্ধ হয়ে যাওয়ার ডাকনাম হলো ‘ব্লক’। সেই ব্লক কাটাতে বুক কাটতে হয়। হৃদয়গামী রক্তবাহী নালায় আটকে থাকা চর্বির দলা ফেলে দিয়ে সেখানে ওয়েডিং রিংয়ের মতো ধাতব আংটি পরিয়ে দেওয়া হয়। রিং পরানোর পর বুকের ব্লক কাটে। বাইপাসের পর ছাইপাঁশ না গেলার জন্য পইপই করে বলে দেওয়া হয়।
কিন্তু রাইটার্স ব্লক ছোটানোর বাইপাস আজও বের করা গেল না। লেখকের কল্পনার কায়া যদি কশার দশায় পড়ে; যদি ব্লক তারে ধরে, তাহলে তার সবকিছু লক হয়ে যায়। সেই লক কখন কীভাবে আনলক করা যাবে তার কোনো ছক নেই।
সেদিন আমার দেড় বছরের ছেলের প্রস্রাব ব্লক হয়ে গেল। ঘণ্টা বিশেক ধরে তার প্রস্রাবের প্রবাহ বন্ধ। তার কান্নার কারণে বউয়ের রান্নাবান্না শিকেয় উঠল। আমার পেনশনে যাওয়া বৃদ্ধ বাবা নাতির টেনশনে ঘামতে লাগলেন।
শিশুপুত্রের হিসু বন্ধের ইস্যুতে আতঙ্কিত আমি আর আমার বউ পাড়ার বিষু ডাক্তারের কাছে গেলাম। তিনি টিস্যু হাতে শিশুর ইয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে পরীক্ষা করলেন। তারপর বললেন, ‘তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে যান’।
পুত্রকে নিয়ে সোজাসুজি ইউরোলজিতে গিয়ে দেখি ডাক্তার নাই। বেঞ্চে বসা এক মুরুব্বি বললেন, ‘ডাক্তার লাঞ্চে’। ঘণ্টাখানেক পর ডাক্তার এলেন। সব শুনে বললেন, ‘দেখি ওকে আমার টেবিলের ওপর বসান।’ বসালাম।
ডাক্তার নিজের চেয়ারে বসা। আমি আর আমার স্ত্রী অতিযত্নে পুত্রের প্যান্ট খুলে দিলাম। ডাক্তার সাহেব হাতে গ্লাভস পরে নিলেন। তারপর স্টিলের কী রকম একটা যন্ত্র নিয়ে গভীর পর্যবেক্ষণের কায়দায় হা করে পুত্রের ‘যন্ত্রের’ দিকে এগোলেন। আচমকা কথা নাই বার্তা নাই, পুত্রের ‘যন্ত্র’ থেকে পিচকিরির মতো ফিনকি দিয়ে প্রবল প্রবাহধারা ছুটে এল। ডাক্তার সাহেবের হা করা গালে খানিক ঢুকে গেল। তার খানিকটা তিনি গিলেও ফেললেন। ডাক্তার সাহেবের অতিরাগী দৃষ্টি ঝাড়লেন। সেই কটমট করা চাউনি দেখে আমার আর আমার স্ত্রীর মুখ কালো হয়ে যাওয়ার কথা। কিন্তু হলো না। খুশিতে আমাদের মুখ ঝলমল করে উঠল। ডাক্তার দিশেহারা হলেও আমরা দিশা পেলাম। কারণ ব্লক ছুটে গেছে।
ধরুন, আপনি জাতসাপের মতো একজন জাতকবি। কবিতার কলকল, কল্পনাপ্রসূত কলমের কৌশল—সব আপনার মাথায় কিলবিল করে। ফটাফট কবিতা লিখে ফেলেন। সেই আপনার মাথায় কবিতা আসছে না। বহু চেষ্টা করে, বহু ‘শুকনো-ভেজা’ খেয়েও কবিতা আসছে না। আপনি খুবই অস্বস্তিতে আছেন। তারপর আচমকা একদিন দেখলেন, ঠা ঠা রৌদ্রের মধ্যে ঠাস করে একখণ্ড মেঘ এসে ঘরের পাশের বাঁশবাগানে মুতে দিয়ে গেল। আপনি সেই মুতের নাম দিলেন ‘বৃষ্টি’। আপনি ‘এইবার কবিতা তুই কই যাবি?’ বলে কোল, মানে ল্যাপের ওপর ল্যাপটপ টেনে নিয়ে বিরাট রোমান্টিকতায় শুরু করলেন, ‘বাঁশবাগানের মাথার ওপর বৃষ্টি এল ওই...’।
তখনই আপনার মৌলিক কবিসত্ত্বা ভেতর থেকে পাইরেসিবিরোধী চেতনাবিগলিত কণ্ঠে বলে উঠল—‘হারামজাদা, এটা তো ‘‘কাজলা দিদি” থেকে মেরে দেওয়া জিনিস হয়ে যাচ্ছে। ডিলিট কর! ডিলিট কর!’ আপনি লাইনটা দ্রুত ডিলিট করলেন। তারপর লিখলেন—
তখনই আপনার মৌলিক কবিসত্ত্বা ভেতর থেকে পাইরেসিবিরোধী চেতনাবিগলিত কণ্ঠে বলে উঠল—‘হারামজাদা, এটা তো ‘‘কাজলা দিদি” থেকে মেরে দেওয়া জিনিস হয়ে যাচ্ছে। ডিলিট কর! ডিলিট কর!’ আপনি লাইনটা দ্রুত ডিলিট করলেন। তারপর লিখলেন—
‘একদিন বাঁশের আশ্রয়ে যাব; কবরের ছাদ হবে আমারই আঙিনার স্বরচিত বাঁশের মাচাং।’
তখন খেয়াল হলো, আপনার মূল সাবজেক্ট তো বৃষ্টি। কিন্তু আপনার মন বৃষ্টি ভুলে বাঁশের দিকে চলে যাচ্ছে। আপনি ভাবলেন, কবিতার সঙ্গে বৃষ্টিটা ঠিক যতটা যায়, বাঁশটা ঠিক ততটা যায় না। বাঁশের, বিশেষ করে আইখখ্যাওয়ালা বাঁশের যাওয়ার আরও অনেক জায়গা আছে। ফলে আপনি এ লাইনটাও ডিলিট করলেন। বৃষ্টির দিকে আবার মন ফোকাস করলেন। এরপর দেখলেন, কবিতায় বৃষ্টি এবং বাঁশবাগান কোনোটাই আসছে না। একটা লাইনও আসছে না। আপনাকে এ পর্যন্ত কে কবে কী জাতের বাঁশ দিয়েছে, খালি সেটাই মনে আসছে।
প্রিয় সাহিত্য সম্পাদক, আমার এখন সেই বাঁশ-দশা চলছে। বাইরে ঝমঝম বৃষ্টি নামছে; কবিতা নামছে না।
লেখকের অনুমতিক্রমে প্রকাশিত। সারফুদ্দিন আহমেদ এই রম্যরচনাটি স্পেশাল স্টোরিজ বিডি-র পাঠকদের জন্য নতুন করে লিখেছেন। এর আগে এটি প্রথম আলোতে ভিন্নরূপে প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন: আন্ডা কি আন্ডার কন্ট্রোলে? · ইয়েস স্যার! · ভোট–ভ্যাট–প্যাট
Comments
Post a Comment