মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    কেন ৬ কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে?

    নিত্যপণ্যের বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় — ছবি: স্পেশাল স্টোরিজ বিডি

    যে মধ্যবিত্ত হয়তো আজ পুষ্টিকর খাবার বালবাচ্চা ও পরিবারের মুখে তুলে দিতে পারে, যে কোনো সামান্য ধাক্কাতেই সেটা আর আগামীতে সম্ভব না বলে বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ছবি: স্পেশাল স্টোরিজ বিডি

    সাম্প্রতিক সময়ে এক জটিল ও বহুমুখী ক্রান্তিকাল পার করছে বাংলাদেশের অর্থনীতি। একসময় যা ছিল উচ্চ প্রবৃদ্ধির অনুকরণীয় দৃষ্টান্ত, আজ সেই সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকেই স্পষ্ট হয়ে উঠেছে গভীর চাপ আর অস্থিরতা। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ (অক্টোবর ২০২৬) থেকে শুরু করে দেশি-বিদেশি নানা গবেষণা সংস্থার প্রতিবেদনেও ফুটে উঠেছে এই ভঙ্গুরতার চিত্র।

    লাগামছাড়া মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে নজিরবিহীন খেলাপি ঋণ আর জ্বালানির ঘাটতি। সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক পটপরিবর্তনজনিত স্থবিরতা ও শেয়ারবাজারের ধারাবাহিক পতন। সব মিলিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এখন নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

    বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ এখন এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য একটি অর্থনৈতিক ধাক্কা লাগলেই তারা সরাসরি দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে।

    বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ এখন দাঁড়িয়ে খাদের কিনারায়। সামান্য একটি অর্থনৈতিক ধাক্কা লাগলেই তারা সরাসরি নেমে যাবে দারিদ্র্যসীমার নিচে। দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষই আজ বেঁচে আছে কেবল এক ধাক্কার দূরত্বে।

    অর্থনৈতিক ধাক্কা বলতে আসলে কী বোঝায়

    অর্থনীতির পরিভাষায় ‘ধাক্কা’ বলতে এমন সব আকস্মিক ঘটনাকে বোঝায়, যা কোনো পরিবারের আয় মারাত্মকভাবে কমিয়ে দেয় কিংবা খরচ অস্বাভাবিক হারে বাড়িয়ে তোলে। সহজ কথায়—সংসারের একমাত্র উপার্জনকারীর হঠাৎ চাকরি চলে যাওয়া, ব্যবসায় বড় কোনো লোকসান, কিংবা পরিবারের কারও জটিল অসুখে জমানো সব টাকা শেষ হয়ে যাওয়া। একইভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বিদ্যুৎ ও গ্যাসের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যাওয়াও ঠিক তেমনই এক আঘাত।

    এই ৬ কোটি ২০ লাখ মানুষের হাতে নেই কোনো সঞ্চয় বা জমানো অর্থ। ফলে এ ধরনের একটি ধাক্কা সামলে ওঠার মতো আর্থিক সক্ষমতাও তাদের নেই।

    দারিদ্র্য বাড়ছে দুই দিকেই

    ২০২২ সালে দেশে জাতীয় দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। পূর্বাভাস বলছে, ২০২৬ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে ২২.৫ শতাংশে। তবে চরম দারিদ্র্যের চিত্রটি আরও ভয়াবহ। দিনে তিন ডলারের কম আয়ে বেঁচে থাকা মানুষের হার ৫.৯ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে পৌঁছাবে ১০.১ শতাংশে।

    গত এক বছরে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন প্রায় ২১ লাখ মানুষ। কর্মসংস্থানের অভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াই এই পরিস্থিতির মূল কারণ। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে জমানো সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে।

    লেখচিত্রছবিটি বড় করে দেখুন ↗

    সুবিধা পৌঁছায় উল্টোদিকে

    দরিদ্র মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও টিসিবির ফ্যামিলি কার্ডসহ নানা কর্মসূচি চালাচ্ছে সরকার। বর্তমানে ২৫টি মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৯০টি আলাদা এমন প্রকল্প চালু রয়েছে। তবে প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষের ৬২ শতাংশই এসব সুবিধার বাইরে রয়ে গেছেন।

    ধনীদের বেলায় চিত্রটা একেবারেই উল্টো। সমাজের সবচেয়ে ধনী ২০ শতাংশ মানুষের ১৮ শতাংশই কোনো না কোনোভাবে এই কর্মসূচির সুবিধা পাচ্ছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের দেওয়া বিপুল ভর্তুকি—যা জিডিপির প্রায় ৩.৫ শতাংশ বা ১৭.৪ বিলিয়ন ডলার—তারও মূল সুবিধাভোগী এই ধনী ও উচ্চমধ্যবিত্ত শ্রেণি। এমনকি বিশ্বব্যাংকের হিসাবে, শহরাঞ্চলের সবচেয়ে ধনী ২০ শতাংশ মানুষই ভোগ করছেন বিদ্যুতের মোট ভর্তুকির প্রায় অর্ধেকটা।

    লেখচিত্রছবিটি বড় করে দেখুন ↗

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্য দাতা সংস্থার চাপে এই ভর্তুকি যদি হঠাৎ পুরোপুরি তুলে নেওয়া হয়, তবে বিদ্যুতের দাম ও উৎপাদন খরচ এতটাই বাড়বে যে সঙ্গে সঙ্গেই আরও ৪৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে। অর্থাৎ, একটি নীতিসিদ্ধান্তই সরাসরি আঘাত হানবে সাধারণ মানুষের ভাতের থালায়।

    প্রবৃদ্ধির পূর্বাভাস নামল ৩.৪ শতাংশে

    একটি দেশের ভেতরে এক বছরে উৎপাদিত সব পণ্য ও সেবার মোট বাজারমূল্যই হলো জিডিপি বা মোট দেশজ উৎপাদন। এই প্রবৃদ্ধির হার যত বাড়ে, অর্থনীতিতে তত গতি আসে, তৈরি হয় কর্মসংস্থান আর মানুষের আয়ও বাড়ে। তবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের সেই প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে মাত্র ৩.৪ শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক। অথচ গত এপ্রিল মাসেই এই হার ৪.৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

    দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের (৩.৩ শতাংশ) পরই এটি সবচেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস। যেখানে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ শতাংশ, সেখানে প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার পেছনে রয়েছে তিনটি বড় কারণ।

    লেখচিত্রছবিটি বড় করে দেখুন ↗

    ব্যাংকে জমে আছে খেলাপি ঋণ

    সবচেয়ে বড় পদ্ধতিগত ঝুঁকির মুখে পড়েছে দেশের ব্যাংকিং খাত। ২০২৬ সালের জুনের হিসাব অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের ৩২.২ থেকে ৩৩.২ শতাংশই এখন প্রকৃত খেলাপি বা অনাদায়ী ঋণ (এনপিএল)। খেলাপি ঋণে ব্যাংকের মূলধন আটকে যাওয়ায় ঋণ পাচ্ছেন না নতুন কিংবা সাধারণ ব্যবসায়ীরা।

    বিশ্বব্যাংকের তথ্য বলছে, ইসলামী ধারার ব্যাংকগুলোর খেলাপি ঋণ ঠেকেছে ৫৮.৯ শতাংশে, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তা দাঁড়িয়েছে ৪৩.২ শতাংশে। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশ থাকার কথা হলেও, তা নেমে গেছে মাইনাস ২.৬ শতাংশে।

    তারল্য সংকট কাটাতে দুর্বল ব্যাংকগুলোকে কোনো জামানত ছাড়াই প্রায় ৭৬ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরও বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৪.৫ শতাংশে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ ব্যবসায়ীরা ঋণ না পেলে নতুন কারখানা হয় না, আর কারখানা না হলে তৈরি হয় না নতুন চাকরিও।

    লেখচিত্রছবিটি বড় করে দেখুন ↗

    মূল্যস্ফীতি আর জ্বালানির চাপ

    সহজ কথায় মূল্যস্ফীতি হলো নিত্যপণ্যের লাগামছাড়া দরবৃদ্ধি। গত চার বছর ধরেই দেশে এই হার গড়ে ৯ শতাংশের ওপরে আটকে আছে। এমনকি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেও সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। এর ওপর বাড়তি খাদ্য মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। যে গতিতে খরচ বাড়ছে, আয় সেভাবে না বাড়ায় মারাত্মকভাবে কমেছে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা। এদিকে পরিস্থিতি সামাল দিতে নীতিসুদহার বাড়িয়ে ৯.৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এতে ঋণের সুদ চড়ে গিয়ে ব্যবসার খরচ উল্টো আরও বাড়িয়ে দিয়েছে।

    জ্বালানির হিসাবটাও বেশ অস্বস্তিকর। শিল্পের চাকা সচল রাখতে যেকোনো দেশের জন্যই জ্বালানি ও বিদ্যুৎ অপরিহার্য। বাংলাদেশ একসময় পুরোপুরি নিজস্ব গ্যাসের ওপর নির্ভরশীল থাকলেও এখন চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে বিশ্ববাজারে বাড়তি দাম আর ডলার সংকটের কারণে পর্যাপ্ত গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এতে গ্যাসের অভাবে তৈরি পোশাক, সিরামিক ও ইস্পাতসহ বহু কারখানা তাদের উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও কম কাজে লাগাতে পারছে। মালিকেরা কাজের শিফট বাতিল করছেন, কখনো আবার বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করছেন।

    বিনিয়োগ আটকে, নতুন কাজ নেই

    জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনীতিতে এক ধরনের নীতিগত ও বিনিয়োগ-স্থবিরতা তৈরি হয়েছে। বড় কোনো রাজনৈতিক বা কাঠামোগত পরিবর্তনের পর দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত ‘দেখি ও অপেক্ষা করি’ নীতিতেই এগোতে চান।

    গত পাঁচ বছরের মধ্যে সরকারি কাজ কিংবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার এখন সর্বনিম্ন পর্যায়ে। ২০২৬ সালের জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ০.৬৫ শতাংশ। বড় বড় মেগা প্রকল্প আর অবকাঠামোর কাজ যেমন ধীর হয়ে গেছে, তেমনই কিছু কাজ পড়েছে পুনরায় মূল্যায়নের মুখে। আর সরকারি কাজ কমে যাওয়ার অর্থ হলো, ওই প্রকল্পগুলোতে যাঁরা ইট-বালু-রড-সিমেন্ট সরবরাহ করতেন কিংবা দিনমজুর হিসেবে কাজ করতেন, তাঁদের আয়ও প্রায় বন্ধ হয়ে যাওয়া।

    রাজনৈতিক অনিশ্চয়তার মুখে বেসরকারি বিনিয়োগ কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ আর সরকারি বিনিয়োগ শূন্য দশমিক সাত শতাংশ। পিছিয়ে নেই বিদেশি বিনিয়োগ বা এফডিআই-ও, তা কমেছে প্রায় ১৫ শতাংশ। এর মধ্যেই ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ। তখন বিদেশে পণ্য রপ্তানিতে এতদিন ধরে পাওয়া শুল্কমুক্ত সুবিধাও বাতিল হয়ে যাবে। এই রপ্তানি বাণিজ্য টিকিয়ে রাখতে এখনই বড় প্রস্তুতি প্রয়োজন, অথচ রাজনৈতিক পালাবদলের ধাক্কায় সেই প্রস্তুতিও বাধাগ্রস্ত হচ্ছে।

    কারখানায় গ্যাসের তীব্র সংকট, তার ওপর ব্যাংক ঋণের দুষ্প্রাপ্যতা—সব মিলিয়ে পুরোনো শিল্পগুলো এখন ধুঁকছে। একদিকে আস্থার অভাবে নতুন বিনিয়োগ আসছে না, অন্যদিকে মুখ থুবড়ে পড়ছে উৎপাদন। ফলে প্রতি বছর চাকরির বাজারে আসা লাখ লাখ তরুণ বেকারত্বের ঘূর্ণিপাকে আটকা পড়ছেন। সাধারণ মানুষের আয়ের পথ আজ কার্যত রুদ্ধ।

    শেয়ারবাজারে তারল্যের খরা

    ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে দেশের শেয়ারবাজার। তীব্র তারল্য খরায় বাজারে চলছে নগদ টাকার সংকট। অন্যদিকে সূচকের টানা পতনে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

    বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যাংকগুলোর হাতেও বিনিয়োগের মতো পর্যাপ্ত উদ্বৃত্ত অর্থ নেই। শেয়ারবাজারে ঋণ নিয়ে শেয়ার কেনার একটি সুবিধা রয়েছে, যা মার্জিন ঋণ নামে পরিচিত। তবে বাজার টানা পড়তে থাকলে সেই ঋণে কেনা শেয়ারের দাম কমে যায়, আর বিনিয়োগকারীরা পড়েন বড় লোকসানের মুখে।

    সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের কাছে বেশ কিছু জোরালো দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ডিবিএ। সংগঠনটি প্রস্তাব করেছে, শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিশেষ তহবিলের মেয়াদ ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সালের নভেম্বর পর্যন্ত করা হোক। একই সঙ্গে প্রতিটি ব্যাংকের জন্য এই তহবিলের আকার ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকায় উন্নীত করার কথাও বলেছে তারা।

    দাবি মেনে বাজারে টাকা ঢাললে হয়তো সাময়িকভাবে সূচকের পতন রোখা যাবে, কিছুটা আস্থাও ফিরবে বিনিয়োগকারীদের। তবে এর উল্টো পিঠও রয়েছে। ব্যাংকগুলো নিজেরাই এখন তারল্য সংকট আর খেলাপি ঋণের বোঝায় জর্জরিত। এমন অবস্থায় শেয়ারবাজারে অতিরিক্ত অর্থ আটকে রাখলে কৃষি বা উৎপাদনশীল শিল্পে ঋণ দেওয়ার সক্ষমতা তাদের আরও কমে যাবে।

    এদিকে শিল্পায়নের মূল চালিকাশক্তি কিন্তু শেয়ারবাজারই। বাজার চাঙ্গা না থাকলে ভালো কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে পুঁজি তুলতে পারে না; তখন বাধ্য হয়ে ব্যাংকের দ্বারস্থ হতে হয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগে এভাবে সবাই ব্যাংকের ওপর নির্ভরশীল থাকা বাংলাদেশের অর্থনীতির বড় এক দুর্বলতা, যা ব্যাংক খাতকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

    আয় বাড়ছে না, দাম বাড়ছে

    অর্থনীতিতে ‘কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি’ বলে একটি কথা চালু আছে। অর্থাৎ জিডিপি বাড়ে ঠিকই, কিন্তু সেই তালে নতুন কর্মসংস্থান বা চাকরি তৈরি হয় না। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি এগোচ্ছিল এই পথেই। আর এখন প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসায় কর্মসংস্থানের পরিস্থিতি রূপ নিয়েছে আরও ভয়াবহ।

    আয় ও ব্যয়ের এই ফারাক সবচেয়ে স্পষ্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ। বিপরীতে সাধারণ মজুরি বৃদ্ধির হার বা ডব্লিউআরআই ছিল ৭.৯০ শতাংশ। অর্থাৎ, জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, মানুষের আয় বাড়ছে তার চেয়ে কম হারে।

    লেখচিত্রছবিটি বড় করে দেখুন ↗

    সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, টানা ৫৬ মাস—প্রায় সাড়ে চার বছর ধরে দেশে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচেই আটকে আছে। এতে প্রকৃত আয় কমে যাওয়ায় সংসার চালাতে সাধারণ মানুষ ও মধ্যবিত্তরা ভাঙছেন জমানো সঞ্চয় আর ব্যাংকের স্থায়ী আমানত। নিত্যদিনের বাজারের খরচ মেটাতে অনেকেই এখন ঝুঁকছেন ক্রেডিট কার্ডের দিকে, আবার কেউবা বাধ্য হয়ে আত্মীয়স্বজন কিংবা মহাজনের কাছ থেকে চড়া সুদে ধারদেনা করছেন।

    মধ্যবিত্তের নীরব লড়াই

    জিডিপি কিংবা প্রবৃদ্ধির কোনো পরিসংখ্যানে মধ্যবিত্তের টিকে থাকার এই নীরব লড়াই পুরোপুরি ধরা পড়ে না। মাসের শেষেই ফুরিয়ে যাচ্ছে বেতন। পাতে মাছ-মাংস বা আমিষ কেনা কমিয়ে দেওয়া, সন্তানকে ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন বাদ দেওয়া কিংবা চিকিৎসার খরচ কাটছাঁট করার মতো আপস প্রতি মাসেই করতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। এভাবেই নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান।

    উত্তরণের পথ কোথায়

    বাংলাদেশের বর্তমান সংকট রাতারাতি তৈরি হয়নি, দায়ী নয় নির্দিষ্ট কোনো একক কারণও। বছরের পর বছর জমে থাকা কাঠামোগত দুর্বলতা, ভুল নীতি আর সুশাসনের অভাবের সঙ্গে সাম্প্রতিক বৈশ্বিক ও রাজনৈতিক অস্থিরতা মিলেই আজকের এই দশা। প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৪ শতাংশে নেমে আসা মোটেও সাধারণ কোনো ঘটনা নয়; এটি স্পষ্ট জানান দিচ্ছে যে অর্থনীতির ইঞ্জিন ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে।

    অর্থনীতিকে এই গভীর খাদ থেকে টেনে তুলতে দীর্ঘমেয়াদি, বাস্তবসম্মত ও সাহসী সংস্কারের কোনো বিকল্প নেই। প্রথমত, ব্যাংকিং খাতের ‘ক্যানসার’ বলে পরিচিত খেলাপি ঋণ কঠোর হাতে দমন করতে হবে। বন্ধ করতে হবে প্রভাবশালীদের বিশেষ সুবিধা, নিশ্চিত করতে হবে ব্যাংক খাতের জবাবদিহিতা। দ্বিতীয়ত, কর-জিডিপি অনুপাত এখন মাত্র ৬.৭৮ শতাংশ; এটি বাড়াতে কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও ব্যবসাবান্ধব করতে হবে, যাতে গুটিকয়েক মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানো যায়। আর তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে দুর্নীতিমুক্ত করে প্রকৃত গরিবের হাতে ফ্যামিলি কার্ড ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া জরুরি, যেন মূল্যস্ফীতির এই কঠিন সময়টুকু তারা পার করতে পারেন।

    ৬ কোটি ২০ লাখ মানুষের দারিদ্র্যের ঝুঁকি কেবল বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান নয়, এটি একটি বিশাল জনগোষ্ঠীর বেঁচে থাকার নীরব আর্তনাদ। নীতিনির্ধারকদের এখন এই কঠিন বাস্তবতাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সাধারণ মানুষের কর্মসংস্থান, ক্রয়ক্ষমতা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিতে হবে জরুরি ও কার্যকর পদক্ষেপ। অন্যথায়, এই ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্য আমাদের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতাকে এমন এক সংকটের মুখে ঠেলে দেবে, যেখান থেকে উত্তরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে।

    তথ্যসূত্র ও রেফারেন্স

    ১. বিশ্বব্যাংক প্রতিবেদন: বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, অক্টোবর ২০২৬

    ২. এশিয়া নিউজ নেটওয়ার্ক: ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের এক ধাক্কার দূরত্বে, অক্টোবর ২০২৬

    ৩. দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: আফগানিস্তানের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সর্বনিম্ন প্রবৃদ্ধি, অক্টোবর ২০২৬

    ৪. প্রথম আলো: অর্থনীতি বাড়তি চাপে, তিন খাতে জরুরি সংস্কার প্রয়োজন, অক্টোবর ২০২৬

    ৫. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস): ভোক্তা মূল্যসূচক ও মজুরি হার সূচকের তথ্য, সেপ্টেম্বর ২০২৬

    ৬. দ্য ডেইলি স্টার: ব্যাংক তারল্য প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি ব্রোকারদের, অক্টোবর ২০২৬

    ৭. সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি): বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক পালস; রাজনৈতিক সাহস ও সক্ষমতার অভাবে পুনরুদ্ধার ধীর, আগস্ট–অক্টোবর ২০২৬

    ৮. সানেম: থিংকিং অ্যালাউড, খণ্ড ১৩, সংখ্যা ৪, সেপ্টেম্বর ২০২৬

    Works cited

    ১. Growth weakens, poverty rises, banking sector at risk — Prothom Alo

    ২. Bangladesh Development Update: Special Focus — World Bank

    ৩. Bangladesh Development Update: Make Subsidies and Social Protection Work — World Bank

    ৪. Bangladesh needs urgent financial, energy and revenue reforms to restore growth, create jobs — World Bank

    ৫. 62 million people in Bangladesh only one shock away from poverty

    ৬. From 24 to 26: 62 million Bangladeshis at risk of falling into poverty — BD Digest

    ৭. Banking rot, energy crisis to choke growth: WB — The Daily Star

    ৮. Bangladesh GDP projected to grow at 3.4%, second lowest in South Asia — The Business Standard

    ৯. World Bank report raises serious concerns over Bangladesh economy, cuts growth forecast — BD Digest

    ১০. Economy under growing pressure, reforms in 3 sectors urgently needed

    ১১. Inflation rises to 8.34% in September — News Bangladesh

    ১২. The Daily Star

    ১৩. বাাংলাদেশব্াাংক — Bangladesh Bank

    ১৪. Vol XIII, Issue 4: September 2026 — SANEM

    ১৫. Bangladesh's economic recovery will be delayed: CPD

    ১৬. Raising Bangladesh's Tax-to-GDP Ratio: A Reform Agenda — Observer

    ১৭. Bangladesh Macroeconomic Pulse_(Sep-2026) — CPD

    ১৮. PDF — Scribd

    ১৯. Bangladesh needs to reform its trade policy to boost exports

    ২০. A Strategic Approach to Overcome Graduation Challenges — BFTI

    ২১. Stocks recover after four-session slide, DSEX gains 38 points — TBS

    ২২. Selling pressure drags DSEX down as investors tread carefully on — TBS

    ২৩. Live stock data of Dhaka Stock ... — Lankabangla Financial Portal

    ২৪. No margin without regular income, Tk5 lakh investment in stock market — TBS

    ২৫. CAPM BDBL Mutual Fund-01 unitholders approve conversion — TBS

    ২৬. (নথি)

    ২৭. September inflation edges up to 8.34% as wage growth slows further — TBS

    ২৮. Bangladesh inflation rose to 8.34% in September — Daily Waadaa (ফেসবুক)

    ২৯. ২১ লাখ নতুন দরিদ্র, অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের উদ্বেগ #gdp

    ৩০. CPD calls for realistic measures to curb inflation — bdnews24.com

    ৩১. How Can Bangladesh Increase Domestic Revenues for Development?

    ৩২. Time for urgent, bold reforms

    ৩৩. Analysing the Economic Impacts of Bangladesh's Family Card — ResearchGate

    আরও পড়ুন: পরাশক্তির শুল্ক আগ্রাসন: বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার আসল চ্যালেঞ্জ · বিআরটি প্রকল্প বাতিল: তিন হাজার কোটি টাকার অপচয় ও মেগা ব্যর্থতার ব্যবচ্ছেদ · এনসিটি–ডিপি ওয়ার্ল্ড চুক্তি: চট্টগ্রাম বন্দরের ভেতরের হিসাব ও শ্রমিকদের লড়াই

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments