মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    তিউনিসিয়া বনাম ৫ আগস্ট: অর্থনৈতিক ব্যর্থতা কি কর্তৃত্ববাদের পথ খুলবে?

    তিউনিসিয়ার পতাকা গায়ে জড়ানো মা ও শিশু

    তিউনিসিয়ায় স্বৈরশাসকের পতনের পরও সাধারণ মানুষের অর্থনৈতিক জীবন বদলায়নি · ছবি: সংগৃহীত

    স্বৈরশাসকের পতনের পর মানুষ বেজায় খুশি হয়। রাজপথে আনন্দের জোয়ার আনে। কিন্তু সেই আনন্দ সবসময় বেশিদিন স্থায়ী হয় না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছিল। মানুষ ভেবেছিল দুর্নীতি কমবে, রাজনৈতিক মুক্তির সঙ্গে অর্থনীতির উন্নতি ঘটবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

    ড. ইউনূসের নেতৃত্বে অনির্বাচিত সরকার প্রথম দিকে তো পাঁচ বছর ক্ষমতায় থাকার পাঁয়তারা করে। শেষপর্যন্ত দেড় বছর ক্ষমতায় থাকে, স্বাভাবিকভাবেই বিনিয়োগ প্রায় স্থগিত হয়ে যায়, কর্মসংস্থান কমে যায়। একইসঙ্গে কোনো আইনশৃঙ্খলা না থাকায় বিপুলসংখ্যক মানুষ বিকল্প হিসেবে অটোরিকশা নিয়ে বেড়িয়ে পড়তে বাধ্য হয়। দেশজুড়ে অরাজকতা, মবজাস্টিস, বিনিয়োগহীনতায় দেড় বছর কেটে যায়।

    নিছক গণতান্ত্রিক পরিবর্তনের স্লোগান দিয়ে মানুষের পেটের ক্ষুধা না মেটাতে পারলে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঘটে এবং শেষ পর্যন্ত নাগরিক অধিকারের চরম অবক্ষয় দেখা দেয়।

    পেটে যখন ভাত থাকে না, অর্থনীতির ক্রমাবনতি যখন অব্যাহত থাকে সাধারণ নাগরিকের কাছে তখন গণতন্ত্র কিংবা রাজনৈতিক স্বাধীনতা নিতান্তই অর্থহীন বুলিতে পরিণত হয়। এই নির্মম সত্যটি আজ বাংলাদেশকে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। ঠিক এই একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির সংকট এটাই প্রমাণ করে যে অর্থনৈতিক মুক্তি ও প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার ছাড়া রাজনৈতিক পটপরিবর্তন দীর্ঘস্থায়ী হতে পারে না।

    পেটে যখন ভাত থাকে না, অর্থনীতির ক্রমাবনতি যখন অব্যাহত থাকে সাধারণ নাগরিকের কাছে তখন গণতন্ত্র কিংবা রাজনৈতিক স্বাধীনতা নিতান্তই অর্থহীন বুলিতে পরিণত হয়। এই নির্মম সত্যটি আজ বাংলাদেশকে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। ঠিক এই একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির সংকট এটাই প্রমাণ করে যে অর্থনৈতিক মুক্তি ও প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার ছাড়া রাজনৈতিক পটপরিবর্তন দীর্ঘস্থায়ী হতে পারে না।

    জনগণ অর্থনৈতিকভাবে যত খারাপের মধ্য দিয়ে যাবে, আওয়ামী লীগ তত শক্তিশালী হতে থাকবে, যার কৃতিত্ব আওয়ামী লীগের নয়, পরবর্তী সরকারগুলোর ব্যর্থতা। কারণ সময়ের সঙ্গে ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদী শাসনের স্মৃতি ফিকে হতে থাকবে, যতই দুর্নীতি ও অর্থ পাচারের দায় থাকুক না কেন। এমনকি ইরান যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতিও সাধারণ খেটে খাওয়া মানুষেরা বিবেচনায় নেবে না।

    ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ার সিদি বৌজিদ শহরে ফল বিক্রেতা মোহাম্মদ বৌআজিজি নিজের শরীরে আগুন দেন। সেখান থেকেই ছড়িয়ে পড়েছিল আরব বসন্তের দাবানল। পতন ঘটেছিল চব্বিশ বছরের স্বৈরশাসক বেন আলীর। দেশটিতে নতুন সংবিধান হয়েছিল। নিয়মিত নির্বাচন হয়েছিল। সংসদীয় গণতন্ত্রও দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু সাধারণ তিউনিসীয়ের অর্থনৈতিক ভাগ্য একচুলও বদলায়নি। বিপ্লবের আগে দেশটিতে বেকারত্ব ছিল ১৩ শতাংশ। বিপ্লবের পর তা বেড়ে দাঁড়ায় ১৮.৩ শতাংশে। তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো সারাক্ষণ ক্ষমতার ভাগাভাগি ও রাজনৈতিক বিতর্কে মত্ত ছিল। রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মৌলিক কাজটি তারা পুরোপুরি ভুলে গিয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্ত মানতে গিয়ে সরকার খাদ্য ও জ্বালানির ভর্তুকি কমিয়ে দেয়। এর পুরো আঘাত গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর।

    সংসদে প্রতিদিন নেতাদের বাগ্‌যুদ্ধ চলত। কিন্তু বাজারে খাবারের দাম হু হু করে বাড়ত। সাধারণ মানুষ একপর্যায়ে বিশ্বাস করতে শুরু করল, সংসদীয় ব্যবস্থা কেবল রাজনৈতিক অভিজাতদের আখের গোছানোর হাতিয়ার। পেটে ভাত না থাকলে গণতন্ত্র যে কোনো কাজে আসে না, সাধারণ মানুষের এই তীব্র হতাশাই ২০১৯ সালে কায়েস সাইদ নামের এক সাবেক আইনের অধ্যাপককে ক্ষমতায় এনেছিল। ২০২১ সালের জুলাইয়ে তিনি সংসদ স্থগিত করেন। প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। বিচার বিভাগ ও নির্বাচন কমিশন নিজের নিয়ন্ত্রণে নেন। মাত্র ৩০ শতাংশ ভোটারের উপস্থিতিতে বিতর্কিত গণভোটে একনায়কতান্ত্রিক সংবিধান চাপিয়ে দেন। সেই সময় তিউনিসিয়ার রাজপথে কোনো বড় বিক্ষোভ হয়নি। কারণ ক্ষুধার্ত ও ক্লান্ত মানুষ ভেবেছিল, এই ব্যর্থ সংসদের চেয়ে একজন কঠোর একনায়ক হয়তো তাদের রুটি-রুজির নিরাপত্তা দিতে পারবেন।

    সেই আশাও দ্রুত মিলিয়ে যায়। কায়েস সাইদের আমলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এক থেকে দুই শতাংশে আটকে থাকে। খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় ১০ শতাংশ। গম আমদানির ওপর নির্ভরতা দাঁড়ায় ৭০ শতাংশের ওপরে। টানা কয়েক বছর ধরে চিনি, দুধ, তেল ও চালের মতো নিত্যপণ্য বাজার থেকে কার্যত উধাও হয়ে যায়। প্রায় ৩০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়ে। তরুণদের বেকারত্ব গিয়ে ঠেকে ৩৯ শতাংশে। ২০২৩ সালেই পঁচাত্তর হাজারেরও বেশি তরুণ দেশ ছেড়ে ভূমধ্যসাগরে জীবনের ঝুঁকি নেয়। সলিলসমাধি ঘটে সহস্রাধিক মানুষের। ২০২৪ সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি নেমে আসে মাত্র ২৯ শতাংশে। তরুণদের উপস্থিতি ছিল মাত্র ৬ শতাংশ। তিউনিসিয়ার এই করুণ ইতিহাস প্রমাণ করে, অর্থনৈতিক মুক্তি ছাড়া নিছক ভোটের রাজনীতি বাঁচে না। কিন্তু অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে কর্তৃত্ববাদ বেছে নিলে সেই সংকট আরও ভয়াবহ রূপ নেয়। আজকের বাংলাদেশ হুবহু একই বিপজ্জনক মোহভঙ্গের মুখে দাঁড়িয়ে আছে। তিউনিসিয়ার ঘটনাগুলো এটাই শিক্ষা দেয় যে, অর্থনৈতিক ক্রমাবনতি ঘটলে মানুষ পরিবর্তন ঘটায়। সাধারণ মানুষের কাছে স্বৈরতন্ত্র বা গণতন্ত্র কোনো কিছুই বিবেচনার বিষয় নয়।

    ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দুর্নীতি ও দায়মুক্তির মাধ্যমে প্রতি বছর গড়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। শেয়ারবাজার থেকে লুটপাট হয়েছে লক্ষ কোটি টাকা।

    এই দুর্নীতি কি ৫ আগস্টের পরে থেমেছে? টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ বলছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর—এই এক বছরেই সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে ১২,৬৩৩ কোটি টাকা। সংস্থাটির হিসাবে সেবা খাতে দুর্নীতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেশি বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ মানুষ বলেছেন, ঘুষ ছাড়া সেবা পাননি। আর দুর্নীতির শিকার হয়েও ৬১.৩ শতাংশ পরিবার কোথাও অভিযোগ করেনি। কারণ তাদের বিশ্বাস, অভিযোগ করেও ফল মিলবে না।

    টিআইবির জরিপে এক বছরে সেবা খাতে ঘুষ ১২,৬৩৩ কোটি টাকা

    গ্রাফিক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাতীয় খানা জরিপ ২০২৫

    দুদকের কাগজেও একই চিত্র। সাবেক প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে শতাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে—ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ঘুষ ও অর্থ পাচারের অভিযোগ। কিন্তু তদন্তে গতি আসেনি। ২০২৬ সালের ৩ মার্চ কমিশন পদত্যাগ করার পর প্রায় সাড়ে পাঁচ মাস দুদক ছিল নেতৃত্বহীন। আগস্টে নতুন কমিশন গঠনের পর সেপ্টেম্বরে প্রথম দফায় একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টার তদন্ত চেয়েছেন। টিআইবিও বলছে, ক্ষমতায় যেই থাকুক, দুর্নীতি তদন্ত হওয়া উচিত। মানে দাবিটা রাজনৈতিক নয়, হিসাব চাওয়ার দাবি। কিন্তু শাসক বদলেছে, দায়মুক্তির ব্যবস্থাটা বদলায়নি। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রতিশ্রুতি নতুন সরকারও দিয়েছে। প্রতিশ্রুতির সঙ্গে এখনো বাস্তব অগ্রগতির হিসাব মেলে না।

    এদিকে টাকার দরপতন সাধারণ মানুষের জীবনকে পিষে ফেলছে। আড়াই বছরে ডলারের দাম ৮৪ টাকা থেকে বেড়ে ১২৩ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ১০ শতাংশে তুলে সংকোচনমূলক মুদ্রানীতি চালাচ্ছে। তবু মূল্যস্ফীতি ৮ থেকে ৯ শতাংশের নিচে নামছে না। ভারত বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নামিয়ে আনতে পারলেও বাংলাদেশ পারছে না। এর ফলে সবচেয়ে বড় রক্তক্ষরণ হচ্ছে সাধারণ শ্রমজীবীর জীবনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস শ্রমিকের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে ছিল। অর্থাৎ টানা চার বছর আট মাস ধরে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।

    মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি ও খেলাপি ঋণসহ অর্থনীতির পাঁচ সূচক

    গ্রাফিক: বিবিএস, বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংকের তথ্য

    বিশ্বব্যাংকের অক্টোবরের প্রতিবেদন বলছে, গত এক বছরেই নতুন করে দরিদ্র্যসীমার নিচে নেমেছে ২১ লাখ মানুষ। চার বছরে এই সংখ্যা ৮০ লাখ। আরও ৬.২ কোটি মানুষ, যারা এখন নিম্ন মধ্যবিত্তে আছেন, তাঁরাও অসুস্থতা বা বড় কোনো ধাক্কায় দরিদ্র হয়ে পড়ার ঝুঁকিতে আছেন।

    বিশ্বব্যাংকের হিসাবে দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ

    গ্রাফিক: বিশ্বব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৬)

    একই সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন ২২.৫ শতাংশ, চরম দারিদ্র্যের হার ১০.১ শতাংশ। অর্থাৎ সাড়ে তিন কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ৩.৪ শতাংশ।

    মূল্যস্ফীতিও নামছে না। বিবিএসের তথ্যে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি থেকে টানা ৫৬ মাস শ্রমিকের মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির পেছনে থেকেছে। মানে প্রায় পাঁচ বছর ধরে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে। সংসার চালাতে গিয়ে ঋণ নিতে হয়েছে ৪৭.৪২ শতাংশ পরিবারকে, বলছে বিবিএসের জীবনযাত্রার মান জরিপ। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৪.৪৭ শতাংশে নেমেছে, যা নতুন বিনিয়োগ না হওয়ার স্পষ্ট সংকেত।

    ঢাকার খুচরা বাজারে ফল-সবজির দোকান

    ঢাকার খুচরা বাজারে ফল-সবজির দোকান · ছবি: স্পেশাল স্টোরিজ বিডি

    সংকটটা কেবল পরিসংখ্যানের নয়। বিবিসি বাংলাকে ঢাকার মগবাজারের বাসিন্দা আতিকুর রহমান বলেছেন, বেতনের টাকায় মাস শেষ হয় না, আগের সঞ্চয়ও প্রায় ফুরিয়ে এসেছে। তাঁর প্রশ্নটা সহজ—এভাবে দাম বাড়লে সংসার চালাবেন কীভাবে, ছেলেমেয়ের পড়াশোনার খরচ দেবেন কীভাবে। এই প্রশ্নটাই এখন লাখো ঘরের প্রশ্ন।

    বিশ্বব্যাংক দারিদ্র্য বৃদ্ধির পেছনে ছয়টি কারণের কথা বলেছে—কোভিড মহামারি, জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাব, রাজনৈতিক অস্থিরতা এবং কর ও ভর্তুকি ব্যবস্থার দুর্বলতা। এর মধ্যে শেষ দুটো পুরোপুরি রাজনীতির সিদ্ধান্ত।

    পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক দারিদ্র্য ও জীবিকা জরিপে উঠে এসেছে এক ভয়ংকর চিত্র। জীবনযাত্রার বাড়তি ব্যয় মেটাতে গিয়ে দেশের প্রায় ৪৭.৫ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত। তারা সঞ্চয় ভেঙে ও খাবারের পরিমাণ কমিয়ে কোনোমতে টিকে থাকার চেষ্টা করছে। জাতীয় দারিদ্র্যের হার আবার বেড়ে সাড়ে ২২ শতাংশে ওঠার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের কাছে এখন প্রতিদিনের বেঁচে থাকাটাই একমাত্র যুদ্ধ। এই অবস্থায় তাদের কাছে রাজনৈতিক বয়ান বা তাত্ত্বিক সংস্কারের কোনো আবেদন নেই।

    এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ধীরে ধীরে কর্মী ছাঁটাই হচ্ছে। গ্রাফিকস ডিজাইনারসহ কম্পিউটারভিত্তিক কাজের জায়গাগুলোতে ইতিমধ্যেই লোকবল কমা শুরু হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মূল চালিকাশক্তি বেসরকারি বিনিয়োগ স্থবির। ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার নেমে এসেছে ৪.৪৭ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। উচ্চ সুদের কারণে নতুন ব্যবসা শুরুর পথ বন্ধ। ব্যাংকগুলোও শিল্পে ঋণ দেওয়ার ঝুঁকি নিচ্ছে না। তারা সরকারের ট্রেজারি বন্ডে টাকা খাটিয়ে নিশ্চিত ১০ শতাংশের বেশি লাভ তুলছে।

    সরকারের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিপুল ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাত অর্থহীন হয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জ্বালানি সংকট। গ্যাস ও তেলের দাম বারবার বাড়ানোর ফলে পরিবহন, কৃষি ও কারখানার উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, স্পষ্ট অর্থনৈতিক রূপরেখা না থাকায় দেশে এক গভীর ‘সংস্কার ক্লান্তি’ ভর করছে। বিনিয়োগকারীরা আস্থার অভাবে হাত গুটিয়ে বসে আছেন। উন্নয়ন সহযোগীরাও তাদের আর্থিক প্রতিশ্রুতি কমিয়ে দিয়েছে।

    তিউনিসিয়ার নেতারা এক দশক ধরে সংবিধানের অনুচ্ছেদ আর ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক করেছেন। সাধারণ মানুষের রুটি-রুজির হিসাব কেউ রাখেননি। বাংলাদেশেও সংস্কারের আলোচনা মূলত সংবিধান, বিচার বিভাগ আর প্রশাসনিক কাঠামোতে আবর্তিত হচ্ছে। রান্নাঘরের বাস্তবতা সেখানে প্রায় অনুপস্থিত। এই ফাঁকটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে। তিউনিসিয়ায় সেই শূন্যতা ভরাট করেছিলেন কায়েস সাইদ। বাংলাদেশেও যদি উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও ঋণের চাপ এভাবে চলতে থাকে, তবে সংস্কার নিয়ে মানুষের অনাস্থা বাড়বে। তখন স্থিতিশীলতার নামে নতুন কর্তৃত্ববাদ ফিরে আসার পথ খুলে যাবে। ক্ষুধার্ত মানুষ গণতন্ত্র কেন কোনো তত্ত্বই শোনে না, সে খেতে চায়।

    উদ্ধৃতি: পেটে ভাত না থাকলে গণতন্ত্র অর্থহীন বুলি

    লেখকের বক্তব্য

    গণঅভ্যুত্থান পরিবর্তনের দরজা খুলে দেয়। কিন্তু অর্থনীতি মেরামত না করলে সেই দরজা দিয়েই ফিরে আসে নতুন স্বৈরতন্ত্র। তিউনিসিয়া পনেরো বছরেও হিসাবটা মেলাতে পারেনি। বাংলাদেশের হাতেও সময় বেশি নেই। তাই বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ যাই ঘটুক না কেন, অর্থনীতির ক্রমাবনতি ঠেকাতে না পারলে কখনোই কোনো সরকার স্থায়ী হবে না।

    গণঅভ্যুত্থান পরিবর্তনের দরজা খুলে দেয়। কিন্তু অর্থনীতি মেরামত করতে না পারলে সেই দরজা দিয়েই ফিরে আসে নতুন স্বৈরতন্ত্র। তিউনিসিয়া পনেরো বছরেও সেই কঠিন হিসাব মেলাতে পারেনি। বাংলাদেশের হাতে সময় খুব বেশি নেই।

    তথ্যসূত্র ও রেফারেন্স

    বিশ্বব্যাংক — বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, অক্টোবর ২০২৬

    বিশ্বব্যাংক — বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন, ২০২৫

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো — ভোক্তা মূল্য সূচক, সেপ্টেম্বর ২০২৬

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো — জীবনযাত্রার মান জরিপ ২০২৫

    আরও দেখুন — বাকি ৪টি সূত্র

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ — সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫, জুন ২০২৬

    শ্বেতপত্র কমিটি — বাংলাদেশের অর্থনীতির অবস্থা, ডিসেম্বর ২০২৪

    বাংলাদেশ ব্যাংক — খেলাপি ঋণ সংক্রান্ত প্রতিবেদন, ২০২৫

    বিবিসি বাংলা ও প্রথম আলো — দারিদ্র্য ও মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন, ২০২৬

    আরও পড়ুন: ৫৬ মাসের রক্তক্ষরণ: সচিবালয়ের শীতল সুরক্ষা আর ঘামে ভেজা দুই বাংলাদেশ · নহি যন্ত্র নহি যন্ত্র · পরাশক্তির শুল্ক আগ্রাসন: বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার আসল চ্যালেঞ্জ

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments