সুরঞ্জনা
সুরঞ্জনা
জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ;গ্রীক- হিন্দু- ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজনশুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা- নগরীর গায়েকী চেয়েছে? কী পেয়েছে?—গিয়েছে হারায়ে।
বয়স বেড়েছে ঢের নরনারীদের;ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো;তবুও সমুদ্র নীল; ঝিনুকের গায়ে আলপনা;একটি পাখির গান কী রকম ভালো।মানুষ কাউকে চায়—তার সেই নিহিত উজ্জ্বলঈশ্বরের পরিবর্তে অন্য কোন সাধনার ফল।
মনে পড়ে কবে এক তারাভরা রাতের বাতাসেধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথেউতরোল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণেতবুও কাউকে আমি পারিনি বোঝাতেসেই ইচ্ছা সজ্ঞ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়,আরো আলো: মানুষের তরে এক মনুষীর গভীর হৃদয়।
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা।মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসেভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকেআজকের নব সভ্যতায় ফিরে আসে;—তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোলদেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল।
❊ ❊ ❊
যুগান্তর। শারদীয় ১৩৫৪
Comments
Post a Comment