মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    মানুষ চেনার গোপন সূত্র (পর্ব ১): আবেগ, আত্মপ্রেম ও মুখোশের মনস্তত্ত্ব

    ব্রোঞ্জের মুখোশ, অর্ধেক অন্ধকারে—মানব প্রকৃতির প্রতীকী ছবিপ্রতীকী ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি।

    মানব প্রকৃতির গোপন সংকেত। প্রখ্যাত মার্কিন লেখক রবার্ট গ্রিনের বিশ্বজয়ী বই ‘দ্য লজ অব হিউম্যান নেচার’ অবলম্বনে স্পেশাল স্টোরিজ বিডি-র বিশেষ আয়োজন। মানব প্রকৃতির অন্ধকার দিক, আবেগ নিয়ন্ত্রণ এবং মানুষের আসল রূপ চেনার উপায় নিয়ে ছয় পর্বের ধারাবাহিক মনস্তাত্ত্বিক ফিচারের আজ পড়ুন প্রথম পর্ব।

    আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ আসে, যাদের কথাবার্তায় থাকে চমক, চোখেমুখে থাকে অফুরন্ত প্রাণশক্তি। আমরা তাদের মোহে পড়ে যাই। কিন্তু যখন ঘুম ভাঙে, তখন দেখা যায় অনেক দেরি হয়ে গেছে। যে সহকর্মীকে আমরা সবচেয়ে বিশ্বস্ত ভেবেছিলাম, সে-ই হয়তো গোপন ঈর্ষায় আমাদের ক্যারিয়ার ধ্বংস করার ছক কষছে। যে নেতাকে আমরা ত্রাতা ভেবেছিলাম, তার আত্মবিশ্বাস আসলে ছিল চরম অযৌক্তিকতা আর অহংকারের মুখোশ। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস সরকারের কথাই ধরুন। মানুষ আশা করেছিল, তিনি দেশের জন্য কিছু একটা করবেন। করেছেনও বটে। তবে দেশের জন্য নয়, তার নিজের জন্য। নিজের প্রতিষ্ঠানের কর ছাড় ও অনুমোদন। দেড় বছর ক্ষমতায় থেকেছেন। বিনিয়োগ স্থগিত, অর্থনীতির বারোটা বাজিয়ে বিদায় নিয়েছেন যার ফল ভোগ করতে হচ্ছে বিএনপি সরকারকে। ড. ইউনূসের মতো মুখোশ পড়া এরকম অসংখ্য মানুষ সমাজে বিদ্যমান।

    শুধু অন্য মানুষ নয়, আমরা নিজেরাও মাঝেমধ্যে নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারাই। হুট করে এমন কোনো কথা বলে ফেলি, যা আমাদের প্রিয়জনের মন ভেঙে দেয়। পরে আফসোস করি। অথবা জেনেশুনে এমন কোনো মানুষের প্রেমে পড়ি বা এমন কোনো ব্যবসায় টাকা ঢালি, যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়।

    কেন এমন হয়? আমরা কেন বারবার একই ভুল করি?

    প্রখ্যাত মার্কিন লেখক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষক রবার্ট গ্রিন তাঁর কালজয়ী বই ‘দ্য লজ অব হিউম্যান নেচার’-এ এই প্রশ্নেরই নির্মম ও বাস্তবসম্মত উত্তর খুঁজেছেন।

    গ্রিনের মতে, আমরা মানুষেরা নিজেদের যতটা যুক্তিবাদী ও সচেতন ভাবি, বাস্তবে আমরা মোটেও তা নই। আমাদের মস্তিষ্কের গভীরে লুকিয়ে আছে কিছু আদিম চালিকাশক্তি। বিবর্তনের প্রায় পঞ্চাশ লাখ বছর ধরে টিকে থাকার লড়াইয়ে আমাদের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক যেভাবে তৈরি হয়েছে, তা আজও আমাদের প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। অনেকে ভাবতে পারেন, আমরা তো এখন ২০২৬ সালে বাস করছি। আমাদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির অভাবনীয় শক্তি। আমরা নিশ্চয়ই সেই আদিম বর্বরতা বা অন্ধ আবেগ কাটিয়ে উঠেছি। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো।

    সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আমাদের নিউজফিডে ভিন্নমতকে ছেঁটে ফেলে। অর্থাৎ একই ধরনের চিন্তার প্রতিধ্বনি বা ‘ইকো চেম্বার’ তৈরির হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ, প্রযুক্তি আমাদের যুক্তিবাদী করার বদলে আমাদের আদিম গোষ্ঠীবদ্ধতা, অন্ধ আবেগ এবং অসহিষ্ণুতাকে আরও উসকে দিচ্ছে।

    রবার্ট গ্রিন মানব প্রকৃতির এই অদৃশ্য চালিকাশক্তিগুলোকে আঠারোটি সূত্রে বেঁধেছেন। আজকের এই প্রথম পর্বে আমরা জানব প্রথম তিনটি শক্তিশালী সূত্র সম্পর্কে—কীভাবে আমাদের আবেগ আমাদের বুদ্ধিকে ছিনতাই করে, কীভাবে আত্মপ্রেম বা নার্সিসিজম আমাদের অন্ধ করে রাখে এবং কীভাবে মানুষ সমাজের মঞ্চে নিখুঁত মুখোশ পরে অভিনয় করে।

    ১. অযৌক্তিকতার সূত্র: আপনার ভেতরের ‘অ্যাথেনা’-কে জাগিয়ে তুলুন

    গল্পটা খ্রিস্টপূর্ব ৪৩২ অব্দের। প্রাচীন গ্রিসের সবচেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্সের আকাশে তখন যুদ্ধের কালো মেঘ। চিরশত্রু স্পার্টা থেকে দূত এসে চরমপত্র দিয়ে গেছে—হয় স্পার্টার শর্ত মেনে নাও, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হও।

    এথেন্সের পাহাড়চূড়ায় প্রায় দশ হাজার নাগরিক জড়ো হলেন সিদ্ধান্ত নিতে। একদল চরম উত্তেজিত হয়ে চিৎকার শুরু করল, স্পার্টাকে এখনই আক্রমণ করা হোক! আরেক দল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না, স্পার্টার স্থলবাহিনী অজেয়, ওদের সব শর্ত মেনে নিয়ে শান্তি চুক্তি করা হোক। পুরো সভায় তখন আবেগ, ভয় আর ক্রোধের আগুন জ্বলছে।

    প্নিক্স পাহাড় থেকে দেখা অ্যাক্রোপলিসপ্নিক্স পাহাড় থেকে অ্যাক্রোপলিস; প্রাচীন এথেন্সের গণসভা এই পাহাড়েই বসত। ছবি: উইকিমিডিয়া কমন্স

    ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। তাঁর নাম পেরিক্লিস। এথেন্সের ইতিহাসে তিনিই একমাত্র নেতা, যিনি কোনো উসকানিমূলক ভাষণ দিতেন না। তিনি ছিলেন শান্ত, ধীরস্থির এবং যুক্তিবাদী।

    পেরিক্লিস নাগরিকদের বললেন, আমরা স্পার্টার শর্ত মানব না, আবার ওদের সাথে স্থলযুদ্ধেও যাব না। আমরা শহরের চারপাশের বিশাল দেয়ালের ভেতরে আশ্রয় নেব। স্পার্টার সেনারা এসে আমাদের ফসলের মাঠ ধ্বংস করুক, আমরা পাল্টা আঘাত করব না। আমাদের শক্তিশালী নৌবাহিনী দিয়ে সমুদ্রপথে আমরা রসদ আনব এবং স্পার্টার উপকূলীয় শহরগুলোতে আঘাত হানব। এভাবে যুদ্ধ দীর্ঘায়িত হলে স্পার্টার অর্থনীতি ভেঙে পড়বে এবং ওরাই শান্তি চুক্তিতে আসতে বাধ্য হবে।

    পেরিক্লিসের আবক্ষ মূর্তিপেরিক্লিসের আবক্ষ মূর্তি, ক্রেসিলাসের মূর্তির পরবর্তী কপি। ছবি: উইকিমিডিয়া কমন্স

    পেরিক্লিসের এই শীতল যুক্তির কাছে নাগরিকদের আবেগ হার মানল। এথেন্স তাঁর পরিকল্পনা মেনে নিল। কিন্তু দুর্ভাগ্যবশত, যুদ্ধের দ্বিতীয় বছরে এথেন্সে ভয়াবহ প্লেগ মহামারি ছড়িয়ে পড়ল। শহরের এক-তৃতীয়াংশ মানুষ মারা গেল এবং পেরিক্লিস নিজেও সেই মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

    পেরিক্লিস চলে যাওয়ার পর এথেন্সের মানুষের ভেতরের আদিম আবেগ আবার জেগে উঠল। তারা ধৈর্য হারিয়ে ফেলল। খ্রিস্টপূর্ব ৪১৫ অব্দে কিছু উচ্চাভিলাষী নেতা প্রস্তাব দিলেন, স্পার্টার মিত্র সিসিলি দ্বীপের ধনী শহর সিরাকিউজ আক্রমণ করা হোক। এতে প্রচুর ধনসম্পদ লুট করা যাবে এবং স্পার্টাকে ভাতে মারা যাবে। প্রবীণ সেনাপতি নিসিয়াস সতর্ক করে বললেন, এটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কিন্তু লোভ আর অহংকারে অন্ধ এথেনীয়রা তাঁর কথা শুনল না। তারা বিশাল নৌবহর নিয়ে উৎসব করতে করতে সিসিলি গেল এবং নগদে মারা খেল।

    ফলাফল ছিল ভয়াবহ। এথেন্সের পুরো নৌবহর এবং হাজার হাজার সৈন্য সিসিলিতে নিশ্চিহ্ন হয়ে গেল। পেরিক্লিসের গড়া স্বর্ণযুগের এথেন্স চিরতরে ধ্বংস হয়ে গেল—শত্রুর কৌশলে নয়, বরং নিজেদের আবেগতাড়িত অযৌক্তিকতার কারণে।

    আমাদের মস্তিষ্ক কেন আবেগের দাস?

    পেরিক্লিস গ্রিক জ্ঞানের দেবী ‘অ্যাথেনা’-কে আদর্শ মানতেন, যিনি ছিলেন শান্ত বুদ্ধি ও বাস্তবজ্ঞানের প্রতীক। রবার্ট গ্রিন বলছেন, আমাদের প্রত্যেকের ভেতরেই একজন ‘অ্যাথেনা’ বাস করে। কিন্তু আমরা তার কণ্ঠস্বর শুনতে পাই না, কারণ আমাদের মস্তিষ্কের গঠনই এমন যে আবেগ সব সময় যুক্তিকে ঢেকে দেয়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

    স্নায়ুবিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্ক তিনটি স্তরে বিভক্ত। সবচেয়ে পুরোনো স্তরটি হলো সরীসৃপ মস্তিষ্ক, যা আমাদের শরীরের স্বয়ংক্রিয় কাজগুলো নিয়ন্ত্রণ করে, দৈনন্দিন গতানুগতিক কাজ যেমন হাঁটা, চলা, খাবার গ্রহণ। অনেক এআইয়ের লাইট মডেলের মতো। এর ওপরে আছে আবেগীয় মস্তিষ্ক বা লিম্বিক সিস্টেম, যা আমাদের ভয়, রাগ, আনন্দ বা ঈর্ষার মতো আবেগ তৈরি করে। আর সবার ওপরে বিবর্তিত হয়েছে যৌক্তিক মস্তিষ্ক বা নিওকর্টেক্স, যা আমাদের ভাষা, যুক্তি এবং গভীর চিন্তাভাবনার কেন্দ্র।

    মস্তিষ্কের তিন স্তরমস্তিষ্কের তিন স্তর—আবেগ আগে, যুক্তি পরে। গ্রাফিক: এসএসবিডি

    সমস্যা হলো, কোনো ঘটনা ঘটলে আমাদের আবেগীয় মস্তিষ্ক সবার আগে রাসায়নিক সংকেত পাঠায়। কিন্তু যৌক্তিক মস্তিষ্ক বা নিওকর্টেক্স থাকে নিষ্ক্রিয়, ফলে রাগক্ষোভ গ্রাস করে ফেলে। আমরা যখন কারও ওপর প্রচণ্ড রেগে যাই, তখন ভাবি লোকটি আমাদের অপমান করেছে বলেই আমরা রেগেছি। কিন্তু মস্তিষ্কের ভেতরের সত্যটি ভিন্ন। হয়তো লোকটির কোনো একটি গুণ দেখে অবচেতন মনে আমাদের ভেতরে ঈর্ষা জন্মেছে। যেহেতু ‘আমি ঈর্ষান্বিত’—এই সত্যটি মেনে নেওয়া আমাদের ইগোর জন্য কষ্টকর, তাই আমাদের মস্তিষ্ক সেই ঈর্ষাকে অনুবাদ করে ‘রাগ’ বা ‘ঘৃণা’ হিসেবে প্রকাশ করে।

    রাগ প্রায়ই ঈর্ষার ছদ্মবেশ; মস্তিষ্ক সত্যিটা লুকাতে আবেগটাই বদলে দেয়।

    রাগ প্রায়ই ঈর্ষার ছদ্মবেশ; মস্তিষ্ক সত্যিটা লুকাতে আবেগটাই বদলে দেয়।

    ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার কথাই ধরুন। কোটি কোটি শিক্ষিত মানুষ, ব্যাংকার এবং বিনিয়োগকারী সেদিন জেনেশুনে ঝুঁকিপূর্ণ আবাসন খাতে টাকা ঢেলেছিলেন। সহজে বড়লোক হওয়ার লোভ নামের আদিম আবেগ তাদের যুক্তিবুদ্ধি কেড়ে নিয়েছিল। সাম্প্রতিক সময়ের ক্রিপ্টোকারেন্সি বা ভুয়া কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপের বুদবুদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়া মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক একই মনস্তত্ত্ব কাজ করেছে।

    ছয়টি অদৃশ্য মানসিক পক্ষপাত

    রবার্ট গ্রিন দেখিয়েছেন, কোনো বড় বিপদ না ঘটলেও দৈনন্দিন জীবনে ছয়টি সূক্ষ্ম মানসিক পক্ষপাত আমাদের ভুল পথে চালিত করে:

    কনফার্মেশন বায়াস: আমরা আগে একটি সিদ্ধান্ত নিই, তারপর সেটিকে সঠিক প্রমাণ করার জন্য বেছে বেছে তথ্য খুঁজি। ইন্টারনেটের এই যুগেও আপনি যেকোনো উদ্ভট ধারণার পক্ষেও ‘গবেষণা’ বা ‘পরিসংখ্যান’ খুঁজে পাবেন। সত্যিকারের বিজ্ঞানী বা যুক্তিবাদী মানুষ প্রথমে সেই তথ্য খোঁজেন, যা তাঁর নিজের বিশ্বাসকে ভুল প্রমাণ করতে পারে। কনভিকশন বায়াস: কেউ যদি প্রচণ্ড উত্তেজিত হয়ে, হাত-পা নেড়ে, নাটকীয় ভঙ্গিতে কোনো কথা বলেন, আমরা ভাবি তিনি নিশ্চয়ই সত্য বলছেন। আর যিনি শান্তভাবে, যুক্তির দুটো দিকই তুলে ধরেন, তাঁকে আমরা দুর্বল ভাবি। বাটপার, অসৎ রাজনীতিবিদ এবং ধূর্ত বিক্রেতারা মানুষের এই দুর্বলতাকেই কাজে লাগায়। অ্যাপিয়ারেন্স বায়াস: আমরা মানুষের বাইরের চাকচিক্য দেখে ভেতরের চরিত্র বিচার করি। সুদর্শন, গুছিয়ে কথা বলা কাউকে দেখলেই আমরা ধরে নিই তিনি নিশ্চয়ই সৎ ও নৈতিক মানুষ।

    গ্রুপ বায়াস: মানুষ দলবদ্ধ প্রাণী। দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় আমাদের তাড়িয়ে বেড়ায়। তাই আমরা ভাবি আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, কিন্তু আসলে আমাদের রাজনৈতিক বা সামাজিক মতামত আমাদের আশপাশের দল বা অনলাইন সার্কেলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্লেম বায়াস: কোনো কাজে ব্যর্থ হলে আমরা কখনোই নিজের ভুলের গভীরে তাকাই না। কারণ নিজের ভুল স্বীকার করলে ইগোতে আঘাত লাগে। আমরা দোষ চাপাই ভাগ্য, পরিস্থিতি বা অন্য মানুষের ঘাড়ে। ফলে একই ভুল আমরা বারবার করতে থাকি। সুপিরিয়রিটি বায়াস: পৃথিবীর প্রায় সব মানুষই মনে করেন, অন্যরা আবেগতাড়িত হতে পারে, কিন্তু আমি সবার চেয়ে বেশি যুক্তিবাদী এবং নৈতিক। এই ভ্রান্ত ধারণাটিই আমাদের অযৌক্তিকতার সবচেয়ে বড় প্রমাণ।

    দৈনন্দিন জীবনের ছয়টি পক্ষপাতদৈনন্দিন জীবনের ছয়টি অদৃশ্য ফাঁদ। গ্রাফিক: এসএসবিডি

    স্বাভাবিক অবস্থায় এই পক্ষপাতগুলো ধীরে ধীরে কাজ করে। কিন্তু এমন পাঁচটি পরিস্থিতি আছে, যা আমাদের আবেগে বারুদের মতো আগুন ধরিয়ে দেয়:

    শৈশবের গোপন ক্ষত: শৈশবে বাবা-মা বা কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা বা অপমান আমাদের অবচেতনে জমা থাকে। বড় হওয়ার পর কেউ সামান্য সমালোচনা করলে বা অবহেলা দেখালে আমাদের ভেতরের সেই শিশুটি আতঙ্কিত হয়ে ওঠে এবং আমরা পরিস্থিতির তুলনায় বহুগুণ বেশি প্রতিক্রিয়া দেখাই। হঠাৎ সাফল্য বা ব্যর্থতা: হুট করে বড় কোনো সাফল্য বা টাকা এলে মস্তিষ্কে ডোপামিনের ঝড় ওঠে। মানুষ নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে এবং কারও সতর্কবার্তা শোনে না। আবার পরপর ব্যর্থতা এলে মানুষ নিজেকে দুর্ভাগা ভেবে হাল ছেড়ে দেয়। অতিরিক্ত মানসিক চাপ: শান্ত অবস্থায় সবাই ভদ্র ও যুক্তিবাদী থাকে। কিন্তু প্রচণ্ড চাপের মুখে পড়লে মানুষের ভদ্রতার মুখোশ খুলে যায় এবং ভেতরের আদিম ভয় বা ক্রোধ বেরিয়ে আসে।

    উসকানিদাতা মানুষ: পৃথিবীতে এমন কিছু ক্যারিশম্যাটিক কিন্তু অস্থির মানুষ আছেন, যাদের সংস্পর্শে এলে কেউ নিরপেক্ষ থাকতে পারে না—হয় মানুষ তাদের অন্ধ ভক্ত হয়ে যায়, নয়তো চরম শত্রু। এরা নিজের ভেতরের অশান্তি অন্যদের মধ্যে ছড়িয়ে দেন। ভিড় বা জনতার প্রভাব: স্টেডিয়ামে, রাজনৈতিক মিছিলে কিংবা ভাইরালের স্রোতে গা ভাসিয়ে দিলে মানুষের ব্যক্তিগত বিচারবুদ্ধি লোপ পায়। আমরা ‘আমরা বনাম ওরা’—এই আদিম বিভাজনে জড়িয়ে পড়ি।

    তাহলে যুক্তিবাদী হওয়ার উপায় কী?

    প্রাচীন গ্রিকরা মন ও আবেগের সম্পর্ককে ‘ঘোড়া এবং সওয়ার’-এর সাথে তুলনা করতেন। ঘোড়া হলো আমাদের আবেগ—যার প্রচণ্ড শক্তি ও গতি আছে। আর সওয়ার হলো আমাদের যুক্তি। সওয়ার ছাড়া ঘোড়া যেমন লাগামহীন হয়ে খাদে পড়ে, তেমনি ঘোড়া ছাড়া সওয়ার এক পা-ও এগোতে পারে না। আমাদের কাজ হলো আবেগকে দমন করা নয়, বরং যুক্তির লাগাম দিয়ে আবেগের শক্তিকে সঠিক পথে চালিত করা।

    এর জন্য তিনটি কাজ করা জরুরি

    প্রতিক্রিয়ার সময় বাড়ান: কেউ অপমান করলে বা কোনো প্রলোভন দেখালে সাথে সাথে উত্তর দেবেন না। রাগের মাথায় লেখা ইমেইল বা মেসেজটি ড্রাফটে রেখে অন্তত চব্বিশ ঘণ্টা অপেক্ষা করুন। সময় বাড়লে আবেগের ধোঁয়াশা কেটে যায়। রাগ বা ক্ষোভ চলাকালীন সময়টুকু সিদ্ধান্ত নেওয়ার সময় নয়।

    মানুষকে প্রাকৃতিক ঘটনার মতো গ্রহণ করুন: আমরা মানুষদের ওপর রেগে যাই, কারণ আমরা চাই তারা আমাদের মতো করে ভাবুক। রুশ সাহিত্যিক আন্তন চেখভের মতো মানুষদের বিচার না করে, তাদের আচরণকে বিজ্ঞানী বা লেখকের কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করুন। ভাবুন, গাছ বা ধূমকেতু যেমন প্রকৃতির নিয়ম মেনে চলে, এই মানুষটিও তার নিজস্ব মনস্তত্ত্ব মেনে চলছে।

    নিজের আবেগের মূল খুঁজুন: যখনই প্রচণ্ড রাগ বা অস্থিরতা অনুভব করবেন, নিজেকে প্রশ্ন করুন—এই রাগের পেছনে কি আসলে আমার কোনো ভয় বা ঈর্ষা লুকিয়ে আছে? নিজেকে প্রশ্ন করলেই আবেগের বিষাক্ত শক্তি অর্ধেক কমে যায়। আমাদের আদিম ইগো সব সময় অন্যের ভুল ধরতে অভ্যস্ত এবং বেশিরভাগ মানুষই আসলে এই ভুলের মধ্যেই থাকে। এমনকি যুক্তিবাদী মানুষ যারা থাকেন তাদেরও চিন্তার চর্চার মধ্য দিয়ে যেতে হয়। চর্চা থেমে গেলে তাদেরও ইগো চেতে ওঠে। স্থায়ী কোনো সমাধান নেই।

    ২. আত্মপ্রেম বা নার্সিসিজমের সূত্র: আপনি কতটা আত্মকেন্দ্রিক?

    আমরা সাধারণত ‘নার্সিসিস্ট’ বলতে এমন কাউকে বুঝি, যে সারাদিন নিজের রূপ বা অর্জন নিয়ে অহংকার করে, সেলফি তোলে আর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জাহির করে। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে নার্সিসিস্ট নয়। আমরা সবাই এই নার্সিসিজম বা আত্মপ্রেমের বর্ণালীতে অবস্থান করি।

    কারাভাজ্জোর আঁকা নার্সিসাসকারাভাজ্জোর ‘নার্সিসাস’ (১৫৯৪–৯৬); নিজের প্রতিবিম্বে ডুবে থাকা আত্মপ্রেমের প্রতীক। ছবি: উইকিমিডিয়া কমন্স

    জন্মের পর প্রতিটি মানুষেরই মনোযোগ ও স্বীকৃতির প্রয়োজন হয়। কিন্তু জগত তো সারাক্ষণ আমাদের মনোযোগ দেবে না। তাই মানসিক ভারসাম্য ধরে রাখতে আমরা নিজেদের ভেতরেই একটি ‘আত্মসম্মানের থার্মোমিটার’ তৈরি করি। যখন বাইরের পৃথিবী আমাদের পাত্তা দেয় না, তখন আমরা নিজেদের ভেতরের এই সত্তাকে ভালোবেসে সান্ত্বনা খুঁজি। এটি হলো স্বাভাবিক বা ‘ফাংশনাল নার্সিসিজম’।

    সবাই কিছুটা আত্মকেন্দ্রিক; বিপদ তখন, যখন অন্যের চোখ ছাড়া নিজের অস্তিত্বই টেকে না।

    সবাই কিছুটা আত্মকেন্দ্রিক; বিপদ তখন, যখন অন্যের চোখ ছাড়া নিজের অস্তিত্বই টেকে না।

    সমস্যা হয় ‘ডিপ নার্সিসিস্ট’ বা চরম আত্মপ্রেমীদের নিয়ে। শৈশবে বাবা-মায়ের অবহেলা বা অতিরিক্ত আদরের কারণে অনেকের ভেতরে সেই আত্মসম্মানের থার্মোমিটার তৈরি হয় না। ফলে তারা নিজেদের শূন্যতা পূরণের জন্য সারাক্ষণ অন্যের মনোযোগের ওপর নির্ভরশীল থাকে।

    সাম্প্রতিক মনস্তাত্ত্বিক গবেষণাগুলো বলছে, স্মার্টফোন ও শর্ট-ভিডিওর এই যুগে মানুষের মনোযোগের পরিধি একদম কমে গেছে। মানুষ এখন দিনে গড়ে পাঁচ-ছয় ঘণ্টা স্ক্রিনে কাটায়। ফলে অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস বা মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার চর্চা হারিয়ে যাচ্ছে। এই ডিজিটাল একাকীত্ব আমাদের ভেতরের চরম নার্সিসিজমকে উসকে দিচ্ছে।

    #তিন ধরনের নার্সিসিজম: স্ট্যালিন, তলস্তয় এবং শ্যাকলটন

    মানুষের আত্মপ্রেম কীভাবে কাজ করে, তা বোঝাতে গ্রিন তিনটি অসাধারণ ঐতিহাসিক গল্প তুলে ধরেছেন:

    চরম নিয়ন্ত্রণকামী নার্সিসিস্ট (জোসেফ স্ট্যালিন): সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন প্রথম দেখায় ছিলেন অসম্ভব অমায়িক ও বিনয়ী। তিনি নিচু পদের কর্মীদের কাঁধে হাত রেখে কথা বলতেন, চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু ক্ষমতা পোক্ত হওয়ার পর তাঁর আসল রূপ বেরিয়ে আসে। তিনি তাঁর সবচেয়ে কাছের বন্ধুদেরও নির্মমভাবে হত্যা করেন। স্ট্যালিনের মতো ডিপ নার্সিসিস্টরা মূলত মানুষের দুর্বলতা খোঁজার জন্যই শুরুতে সহমর্মিতার অভিনয় করে। এদের কাছে অন্য মানুষ হলো নিছকই দাবার ঘুঁটি বা ‘নিজের বস্তুর মতো’। অফিসে বা ব্যবসায় এমন চার্মিং কিন্তু নিয়ন্ত্রণকামী বসের পাল্লায় পড়লে দ্রুত দূরত্ব বজায় রাখাই একমাত্র বাঁচার উপায়।

    নার্সিসিস্টিক যুগল (লিও তলস্তয় ও সোনিয়া): বিখ্যাত রুশ ঔপন্যাসিক লিও তলস্তয় এবং তাঁর স্ত্রী সোনিয়ার দাম্পত্য জীবন ছিল চরম বিষাক্ত। বিয়ের পর আটচল্লিশ বছর ধরে তারা কেবল ঝগড়াই করেছেন। তলস্তয় শেষ বয়সে সব ধনসম্পদ বিলিয়ে দিয়ে সন্ন্যাসী হতে চেয়েছিলেন, যা সোনিয়া মেনে নিতে পারেননি। তারা দুজনেই ছিলেন আত্মকেন্দ্রিক। তারা কখনোই একে অপরের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করেননি। সম্পর্কের ক্ষেত্রে এই সহমর্মিতার অভাবই সবচেয়ে বেশি নার্সিসিজমের জন্ম দেয়।

    স্বাস্থ্যকর নার্সিসিস্ট (আর্নেস্ট শ্যাকলটন): ১৯১৫ সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটনের জাহাজ ‘এন্ডুরেন্স’ অ্যান্টার্কটিকার বরফে আটকে যায়। সাতাশ জন নাবিক নিয়ে তিনি বরফের ওপর আটকা পড়েন। শ্যাকলটন জানতেন, এই ভয়াবহ শীতে খাবার ও আশ্রয়ের অভাবের চেয়েও বড় বিপদ হলো নাবিকদের মানসিকতা। তিনি নিজের ভয় ও হতাশা লুকিয়ে রাখলেন। প্রতিদিন সকালে উঠে তিনি একেকজন নাবিকের অব্যক্ত ভাষা পড়তেন। কে হতাশ হচ্ছে, কার মেজাজ খারাপ—সেটা বুঝে তিনি তাদের কাজ বদলে দিতেন, কাউকে বকাঝকা করতেন না। তাঁর এই ‘গভীর সহমর্মিতা’র কারণেই সেই অসম্ভব পরিস্থিতি থেকে প্রতিটি নাবিক জীবিত ফিরে এসেছিলেন।

    তিন রকম আত্মপ্রেমএকই রোগ, তিন রকম মুখ। গ্রাফিক: এসএসবিডি

    সহমর্মিতা আসলে একটি পেশির মতো।

    আমাদের মস্তিষ্ক মানুষের আবেগ পড়ার জন্য ডিজাইন করা। কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের এই সামাজিক পেশি দুর্বল হয়ে যাচ্ছে। গ্রিনের মতে, সহমর্মিতা বাড়ানোর প্রধান উপায় হলো—কথা কম বলা এবং অন্যের কথা গভীরভাবে শোনা। নিজের ভেতরের বিচারককে থামিয়ে, অপর মানুষের জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি ভাবার চেষ্টা করা। এটি এক দিনে হয় না, পেশির মতোই প্রতিনিয়ত চর্চার মাধ্যমে এটি শক্তিশালী করতে হয়।

    ৩. মুখোশের আড়ালের মানুষ: অব্যক্ত ভাষা ও অভিনয়ের সূত্র

    শেক্সপিয়ার বলেছিলেন, পুরো পৃথিবীটাই একটা মঞ্চ, আর আমরা সবাই এখানে অভিনেতা। কথাটি আক্ষরিক অর্থেই সত্য। আমরা ছোটবেলা থেকেই বাবা-মার কাছ থেকে আদর আদায় করার জন্য বা বকা থেকে বাঁচার জন্য মুখে একরকম ভাব ফুটিয়ে তুলতে শিখি।

    মুখোশ পরাটা দোষ নয়—মুখোশকেই মুখ বলে ভরসা করাটাই বিপদ।

    মুখোশ পরাটা দোষ নয়—মুখোশকেই মুখ বলে ভরসা করাটাই বিপদ।

    কর্মক্ষেত্রে বা সমাজে আমরা পেশাদারিত্বের যে মুখোশ পরি, তা কিন্তু খারাপ কিছু নয়। বরং এটি সমাজের চাকা মসৃণ রাখতে সাহায্য করে। সমস্যা হলো, আমরা অন্য মানুষের এই মুখোশকেই তাদের আসল চরিত্র বলে ধরে নিই। আমরা মানুষের কথার ওপর বেশি জোর দিই। অথচ বিজ্ঞান বলছে, মানুষের যোগাযোগের পঁয়ষট্টি শতাংশই হলো ‘অব্যক্ত ভাষা’ (যেমন—বসার ভঙ্গি, চোখের দৃষ্টি, গলার স্বর)। আর আমরা এর মাত্র পাঁচ শতাংশ ধরতে পারি।

    বিশেষ করে বর্তমানের দূর থেকে কাজ করা বা ভার্চুয়াল মিটিংয়ের যুগে মানুষের আসল রূপ পড়া আরও কঠিন হয়ে গেছে। পর্দার ওপারে থাকা মানুষটির শুধু মুখমণ্ডল দেখা যায়। কৃত্রিম প্রযুক্তির ফিল্টারের কারণে মানুষের আবেগ এখন ভুয়াভাবেও তৈরি করা সম্ভব। তাই মানুষের সূক্ষ্ম প্রতিক্রিয়া পড়ার দক্ষতা এখন আগের চেয়ে বহুগুণ বেশি জরুরি।

    এই দ্বিতীয় ভাষাটি প্রথম চোখে পড়েছিল মিল্টন এরিকসনের।

    ১৯১৯ সালে সতেরো বছর বয়সী মিল্টন এরিকসন পোলিওতে আক্রান্ত হয়ে পুরো শরীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। বিছানায় শুয়ে থাকা ছাড়া তার কোনো উপায় ছিল না। কথা বলতে পারতেন না, শুধু চোখ নাড়তে পারতেন।

    বিছানায় শুয়ে তিনি তাঁর বোনদের কথোপকথন খেয়াল করতে লাগলেন। তিনি দেখলেন, তাঁর এক বোন মুখে বলছে, হ্যাঁ, দারুণ আইডিয়া! কিন্তু তার গলার স্বর এবং ঠোঁটের কোণের বাঁকা হাসি বলছে সে আসলে আইডিয়াটা একদমই পছন্দ করেনি। এরিকসন মানুষের গলার স্বরের ওঠানামা, শ্বাস-প্রশ্বাসের গতি, ঘাড়ের রগ ফুলে ওঠা বা হাতের সামান্য টানটান ভাব লক্ষ্য করতে শুরু করলেন। তিনি আবিষ্কার করলেন মানুষের যোগাযোগের এক ‘দ্বিতীয় ভাষা’।

    পরবর্তীতে সুস্থ হয়ে এরিকসন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী হয়েছিলেন। তিনি রোগীদের কথার চেয়ে তাদের হাঁটার ধরন, বসার ভঙ্গি এবং নার্ভাসনেস দেখে তাদের মানসিক সমস্যা ধরে ফেলতেন।

    তাহলে মানুষের গোপন ভাষা পড়া যায় কীভাবে?

    মানুষ যতই মুখোশ পরুক, তার আসল আবেগ কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যায়ই। রবার্ট গ্রিন এগুলো ধরার কিছু কৌশল দিয়েছেন:

    মুখোশ পড়ার সংকেতমুখোশ পড়ার সংকেত। গ্রাফিক: এসএসবিডি

    পছন্দ ও অপছন্দের সংকেত: কেউ আপনাকে অপছন্দ করলে সে মুখে হাসলেও তার চোখেমুখে এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য বিরক্তি ফুটে উঠবে। একে বলে ‘মাইক্রো-এক্সপ্রেশন’। ভুয়া হাসির সময় মানুষের শুধু ঠোঁট প্রসারিত হয়। কিন্তু সত্যিকারের হাসির সময় চোখের চারপাশের পেশি কুঁচকে যায় এবং চোখের কোণে ‘কাকের পায়ের ছাপের’ মতো বলিরেখা তৈরি হয়। আধিপত্য ও বশ্যতার সংকেত: যারা ক্ষমতাবান বা আত্মবিশ্বাসী, তারা একটু ধীরলয়ে হাঁটে, চোখের পলক কম ফেলে এবং কথার মাঝে অন্যকে থামিয়ে দেওয়ার সাহস রাখে। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষরা নিজেদের শান্ত করার জন্য বারবার নিজের চুল, ঘাড় বা মুখ স্পর্শ করে। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সাথে এক মিটিংয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল লক্ষ্য করেছিলেন, সারকোজি মুখে খুব আত্মবিশ্বাসী কথা বললেও টেবিলের নিচে তার পা ক্রমাগত কাঁপছে। ম্যার্কেল বুঝেছিলেন সারকোজি আসলে নার্ভাস। প্রতারণা ধরার উপায়: কেউ যখন মিথ্যা বলে বা কিছু লুকায়, তখন সে অতিরিক্ত কথা বলে এবং নিজেকে অতি-সৎ প্রমাণের জন্য নাটকীয় অঙ্গভঙ্গি করে। আবার অনেক ধূর্ত প্রতারক মিথ্যা বলার সময় অতিরিক্ত শান্ত বা প্রফেশনাল থাকার ভান করে। তবে প্রতারক ধরার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। অনেক সময় মানুষ নির্দোষ হয়েও নার্ভাসনেসের কারণে তোতলায় বা ঘামতে থাকে। একে সাইকোলজিতে ‘ওথেলোর ভুল’ বলা হয়।

    শুধু অন্যকে পড়া নয়, নিজেকে উপস্থাপনাও একটি শিল্প।

    অন্যকে পড়ার পাশাপাশি সমাজের মঞ্চে আপনাকেও সঠিক অভিনয় করতে হবে। প্রাচীন রোমান সম্রাট অগাস্টাস এর সেরা উদাহরণ। তিনি জানতেন সাধারণ মানুষ কী পছন্দ করে। তাই তিনি ক্ষমতার চূড়ায় থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করার ভান করতেন এবং নিজেকে খুব বিনয়ী হিসেবে উপস্থাপন করতেন।

    অগাস্টাস প্রিমা পোর্তা মূর্তিঅগাস্টাস প্রিমা পোর্তা: ক্ষমতার চূড়ায় থেকেও সাধারণের ভঙ্গি। ছবি: উইকিমিডিয়া কমন্স

    বর্তমান যুগেও এর বিকল্প নেই। আপনার সব আবেগ বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করবেন না। নিজেকে কিছুটা রহস্যময় রাখুন। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আপনার শারীরিক ভাষা এবং গলার স্বর নিয়ন্ত্রণ করতে শিখুন। অতিরিক্ত প্রকাশ আপনাকে সস্তা করে তোলে, আর পরিমিত রহস্যময়তা আপনাকে করে তোলে আকর্ষণীয়।

    চলবে…

    তথ্যসূত্র: রবার্ট গ্রিন, ‘দ্য লজ অব হিউম্যান নেচার’ (ভাইকিং, ২০১৮); থুকিডিডিস, ‘হিস্টরি অব দ্য পেলোপনেসিয়ান ওয়ার’; মিল্টন এইচ. এরিকসনের জীবনী-সূত্র।

    আরও পড়ুন: উল্টে যাওয়া ডিজিটাল বৈষম্য: স্ক্রিন-মুক্ত ধনীর সন্তান, বাকিরা অ্যালগরিদমের হাতে · দ্রিঘাংচু থেকে শেখ হাসিনার পতন: সুকুমার রায়ের চোখে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার ব্যবচ্ছেদ · মেট্রোর সিটে স্মার্টফোনে ডুবে থাকা যাত্রী: ‘ময়মুরব্বি দেখার টাইম কোথায়?’

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments